আমার বাবার স্মৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবার ফিরে এল ১৪ নভেম্বর। ইতিহাসে এই দিনটিতে কত ঘটনাই না লেখা আছে। কিন্তু আমার কাছে, আমাদের কাছে ১৪ নভেম্বর জীবনের সবচেয়ে কালো দিন। শুধু আমার বা আমার পরিবারের কাছে নয়, বোধ হয় বাংলাদেশের জঙ্গিবাদবিরোধী প্রত্যেক মানুষের কাছেই ১৪ নভেম্বর কালো দিবস। আজ থেকে সাত বছর আগে ২০০৫ সালে এই দিনে দেশের দক্ষিণের জেলা ঝালকাঠিতে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) সদস্যদের বোমা হামলায় নিহত হয়েছিলেন দুজন বিচারক। জগন্নাথ পাঁড়ে আর সোহেল আহমদ। তাঁদের অপরাধ ছিল, তাঁরা মুক্তিযুদ্ধের মাধ্যমে প্রতিষ্ঠিত বাংলাদেশের আইন অনুযায়ী বিচারকাজ পরিচালনা করতেন। এ ঘটনায় সারা দেশে তোলপাড় শুরু হয়। নজর পড়ে জঙ্গিবাদের উৎসগুলোতে। আটক হন জেএমবির শীর্ষনেতারা। বিচারে তাঁদের ফাঁসিও হয়। সবার জন্য হয়তো ঘটনা এ পর্যন্তই। কিন্তু আমার জন্য নয়।আমার বাবা জগন্নাথ পাঁড়ে যখন মারা যান তখন আমি মাত্র পৌঁনে তিন বছরের শিশু। সবেমাত্র বুঝতে শিখেছি বাবার আদর কী। তখনই আমার সব শেষ। এর পরের সব ঘটনা আমার আর আমার পরম মমতাময়ী মায়ের। লড়াইটা মূলত তাঁর। স্বামীছাড়া সংসারে টিকে থাকার লড়াই। তিনি আমাকে মানুষ করতে কী অমানুষিক পরিশ্রম করেন, তা বাইরের কেউ হঠাৎ বুঝতে পারবে না। কিন্তু আমি বুঝি। পরশু মায়ের কাছে আবদার করেছিলাম, মা আজ অফিসে যেয়ো না। মা আমার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইলেন। তারপর বুকে চেপে বললেন, ‘অফিসে না গেলে তুমি বাবার মতো হবে কী করে!’ আমি তাকিয়ে রইলাম। মা চলে গেলেন। এভাবে প্রতিদিন ঘুম ভাঙতে না ভাঙতেই মা চলে যান অফিসে, আর সারা দিন আমি বাড়িতে। এটা আমার মামার বাড়ি। দাদু মুকুল মুখার্জি আর দিদা মন্দিরা মুখার্জিই আমার খেলার সঙ্গী। সব আবদার মেটানোর আশ্রয়। তার পরও রাতের বেলা যখন টেলিভিশনে ‘খেলা’ নামের সিরিয়ালে বাবার নানা ভূমিকা দেখি, দীর্ঘশ্বাস আটকে রাখতে পারি না। স্কুলে সবার বাবা আছে। আমার বাবা নেই। সবাই বাবার সঙ্গে পূজায় ঘুরতে বেরোয়, আমি চুপ করে ঘরে বসে থাকি। এবার বিজয়া দশমীর দিন সকালে আমার মা যেন বাড়ি থেকে পালিয়ে গেলেন আমাকে নিয়ে। বিকেলে সবাই দেবীর কপালে সিঁদুর দেবে, ওই সময় বাড়িতে সবাই হল্লা করবে, মিষ্টি খাবে। প্রতিবছর আমি আর মা শুধু নীরবে চোখের জল ফেলি। মা বললেন, ‘চল বাবাই, এ বছর এসব দেখব না। বিকেলটা অন্য কোথাও কাটিয়ে আসি।’ বাবার ছবিটি মামার বাড়িতে ঘরে ঢোকার মুখে টাঙানো আছে। প্রথম প্রথম লোকে ছবিটির দিকে তাকিয়ে অনেক কথা বলত। এখন আর তেমন কিছু কেউ বলে না। ছবিটির সঙ্গে ফিকে হচ্ছে সবার স্মৃতি। কিন্তু আমি কেন কিছুতেই ভুলতে পারি না! এখনো মনে পড়ে বিচারকের পোশাক পরা আমার বাবাকে। কত আদরই না করতেন তিনি আমায়। বুকের ওপর তুলে ছোট্ট আমাকে ওপরে ছুড়ে দিয়ে আবার চেপে ধরতেন। তারপর মাকে ডেকে বলতেন, ‘দেখ, আমার ছেলে আমার থেকে অনেক বড় হবে।’ মা সে কথা প্রতিদিন আমাকে স্মরণ করিয়ে দেন, ‘তোমাকে বাবার মতো হতে হবে, বাবাই।’ হ্যাঁ, বাবা আমি তোমার মতো হব। তা না হলে মায়ের সব কষ্ট যে বৃথা যাবে। তুমি আমায় ওপর থেকে আশীর্বাদ কর। তবে দেশবাসীর কাছে আমার একটা আরজি আছে। ১৪ নভেম্বরকে কেন তারা ‘জঙ্গিবিরোধী দিবস’ হিসেবে পালন করে না! এমন একটা দিন থাকা উচিত, বলে প্রায়ই আমার দাদু বলেন। কেউ যাতে আর জঙ্গিবাদের থাবায় আমার মতো, সোহেল চাচ্চুর ছেলে ইফতির মতো বিনা অপরাধে পিতৃহারা না হয়, সেই অঙ্গীকার ব্যক্ত করারও একটা দিন হতে পারে এটি। জঙ্গিবিরোধী চেতনা নির্মাণে দুই বিচারক বোধ হয় শহীদের মর্যাদাই পেতে পারেন। আমরা তো তা-ই মনে করি। আর সেই গর্ব বুকে নিয়েই সব কষ্ট চেপে বড় হচ্ছি বাংলাদেশকে আরও সুন্দর ভবিষ্যৎ উপহার দেব বলে।বি.দ্র. আমি গুছিয়ে লিখতে পারি না বলে আমার দাদু মুকুল মুখার্জি বাবাকে নিয়ে আমার লেখাটি লিখে দিয়েছেন। এই লেখার মাধ্যমে দাদু আমাকে আমার বাবার কাছাকাছি একটু হলেও নিয়ে গেলেন। এ জন্য আমি তাঁর কাছে কৃতজ্ঞ।শ্রেষ্ঠ অর্ঘ্য পাঁড়েনিহত জগন্নাথ পাঁড়ের ছেলে