আমার মা আসমা কিবরিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসমা কিবরিয়া
আসমা কিবরিয়া

গত ৯ নভেম্বর আমার মাকে হারিয়েছি। তবু এত দুঃখের মধ্যে কখনো কখনো এই সৃজনশীল ব্যক্তির কিছু প্রাণবন্ত স্মৃতি মনে করে আমি উদ্দীপিত হই। আমি শোকাহত, তথাপি তাঁর সুসজ্জিত চাদরে ঢাকা জীবন সব সময় আমাকে অনুপ্রেরণা জোগাবে।
আসমা কিবরিয়ার জন্ম ১৯৩৭ সালের ১৮ জানুয়ারি। বাবার নাম আলী আহমেদ। তিনি ছিলেন নামকরা সরকারি কর্মকর্তা। আসমার জন্মের সময় তিনি ফরিদপুরে কর্মরত ছিলেন। তাঁর মায়ের নাম মন্নুজান রানী। তিনি সে যুগে নারী জাগরণের পথিকৃত বেগম রোকেয়ার সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে লেখাপড়া করেন। মন্নুজান তাঁর উদারতা, বিশেষ করে বাংলার দুর্ভিক্ষের সময় দানশীলতা এবং গরিব-দুঃখীদের জন্য নিঃস্বার্থ কাজের জন্য সুপরিচিত ছিলেন।
ছোটবেলা থেকে আসমা ছবি আঁকায় তাঁর পারদর্শিতা দেখান। যদিও শিল্পীসুলভ দক্ষতার প্রকাশ ঘটে অনেক পরে। আমার বাবা শাহ এ এম এস কিবরিয়ার উৎসাহে ওয়াশিংটন ডিসিতে করকরান স্কুলের অ্যাবস্ট্রাক্ট চিত্রকলা নিয়ে অধ্যয়ন শুরু করেন। পরবর্তী সময়ে পুরতির ছায়াবাদী চিত্রশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন। আমার বাবা পেশাগত কূটনীতিক হওয়ায় তাঁকে সুদূর জাকার্তা থেকে নিউইয়র্ক পর্যন্ত বিভিন্ন শহরে থাকতে হয়। নানান দেশে অবস্থানকালে স্থানীয় পরিবেশের চিত্র অঙ্কনের বিষয়গুলো তাঁকে প্রবলভাবে আকর্ষণ করে। এই বিষয়গুলো থেকে তিনি গভীর আগ্রহ নিয়ে শিক্ষা গ্রহণ করেন। তাঁর জীবদ্দশায় বাংলাদেশ এবং সারা বিশ্বে তিনি একাধিক সার্থক চিত্র প্রদর্শনী করেন। তাঁর চিত্রকলার একটি লক্ষণীয় দিক ছিল আকর্ষণীয় রঙে বাংলাদেশের প্রকৃতি ও গ্রাম৵ জীবনের ছবি তুলে ধরা। ২০০৫ সালে স্বামী গ্রেনেড হামলায় মারা যাওয়ার পর শোকাহত আমার মা কিছুদিন চিত্রাঙ্কন থেকে বিরত থাকেন। পরবর্তী সময়ে মনের প্রশান্তির জন্য তিনি আবার ছবি আঁকায় ফিরে আসেন।
ছবি আঁকা ছাড়াও লেখালেখির প্রতি মায়ের প্রবল আগ্রহ ছিল। দেশ-বিদেশে অবস্থানকালে বৈচিত্র্যময় অভিজ্ঞতা তাঁর লেখনীতে প্রকাশ পায়। ভেবে কষ্ট পাই যে মা তাঁর লেখা অসমাপ্ত রেখে গেছেন। কিন্তু যতটুকু কাজ তিনি সমাপ্ত করতে পেরেছেন, আশা করি সময়ের সঙ্গে আমরা তা প্রকাশ করার উদ্যোগ নেব।
আসমা ছিলেন কয়েক প্রজন্মের সাহায্যকারী, শান্তির পথপ্রদর্শক। তিনি ছিলেন একাধারে সবার প্রিয় মাতামহী, খালা, মামি, বোন ও বন্ধু। বহু মানুষের জন্য তিনি সাহস ও মানসিক শক্তি প্রদানের উৎস। তিনি এমন এক বয়োজ্যেষ্ঠ, যিনি সবাইকে একত্র করতে পারতেন এবং সবাই তাঁর ওপর নিশ্চিন্ত ভরসা করতে পারত। জীবনের নীতিগত দিক বজায় রেখে তিনি সুপরামর্শ দিতেন।
আবার বাবার হত্যাকাণ্ডের পর মা স্বামী হত্যার সুবিচার পাওয়ার জন্য নিরন্তর চেষ্টা চালিয়ে যান। তাঁর জীবনের শেষ সময় পর্যন্ত তিনি পূর্ণাঙ্গ এবং স্বচ্ছ তদন্তের দাবিতে আন্দোলন করেন। তিনি শুধু যারা সরাসরি হত্যাকাণ্ডে জড়িত ছিল, তাদেরই নয়, এই ঘটনার মূল পরিকল্পনাকারী, নির্দেশদাতা ও অর্থের জোগানদাতাদেরও শাস্তি দাবি করেন। গভীর পরিতাপের বিষয়, তিনি জীবিত থাকাকালে তাঁর এই লক্ষ্যগুলো আদৌ পূরণ হবে কি না, তা তিনি দেখে বা বুঝে যেতে পারেননি। এই জঘন্য অপরাধের এক দশক পর ২০১৫ সালে শাহ এ এম এস কিবরিয়ার বিচার–প্রক্রিয়া অভিযোগপত্র প্রদানের মাধ্যমে শুরু হয়। আমরা আশা করি, এই বিচারের মধ্য দিয়ে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবার নাম সাক্ষীদের সাক্ষ্যের মাধ্যমে প্রকাশ পাবে। এভাবে মূল হোতাদের নামও অভিযোগপত্রে যুক্ত হবে।
আমার মা চেয়েছিলেন কেবল যা সত্য, তা-ই প্রকাশিত হোক। এই চাওয়ার মাশুল তাঁকে নানাভাবে দিতে হয়েছে। তিনি তাঁর সংকল্পে অটল ছিলেন। স্বামী হত্যাকাণ্ডের আংশিক বিচার–প্রক্রিয়া না মেনে নেওয়ায় রাজনৈতিক ব্যক্তিদের অনেকেই তাঁর ওপর ক্ষুব্ধ ও বিরক্ত হন। আমার মা এত কষ্ট পেয়েছেন, যখন দেখেছেন, যাঁদের তিনি আস্থাভাজন বন্ধু মনে করেছিলেন, তাঁরা সহজেই মুখ ঘুরিয়ে নিয়েছিলেন। এ কথা আজও আমাকে পীড়া দেয় যে তাঁর স্বামীর ঘনিষ্ঠজনদের বিশ্বাসঘাতকতা তাঁকে কীভাবে কষ্ট দিত। তিনি মাঝেমধ্যে হতাশ হয়ে আমাকে বলতেন, ‘তোমার বাবা যাদের এত বিশ্বাস করতেন, তাদেরই কোনো ইচ্ছা নেই খুনিদের শনাক্ত করে শাস্তি দেওয়া। তাহলে আমরা ন্যায়বিচার কীভাবে আশা করব?’
আরও কিছু বিষয় মা দেখে যেতে পারতেন। কিন্তু দুর্ভাগ্যবশত তিনি তা পারেননি। তাঁর আরেকটি স্বপ্ন ছিল, তিনি ধানমন্ডির বাড়িতে ফিরে যাবেন, যে বাড়ি কয়েক বছর আগে আবাসিক নিবাস তৈরির জন্য তিনি ডেভেলপারদের কাছে দিয়েছিলেন। তাঁর মৃত্যুর কয়েক দিন আগে হাসপাতালের বিছানায় আমাকে সজল চোখে বলেছিলেন, ‘ধানমন্ডির বাড়িতে ফিরে যাওয়ার বাসনা বোধ হয় আমার আর পূরণ হবে না।’
তবে আমরা যাঁরা রয়ে গেলাম, তঁাদের জন্য শুধু বেদনা এবং অনুশোচনাই একমাত্র স্মৃতি নয়। আমার জানা মতে, অমূল্য জীবনের সৌন্দর্যবোধ তিনি ভালোভাবে বুঝতেন এবং আরও গুরুত্ব দিতেন। ছোটখাটো আনন্দের বিষয়গুলো সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার গুণ তাঁর মধ্যে ছিল প্রবল। যেখানে তিনি যেতেন, সহজেই বন্ধুসুলভ আচরণের মাধ্যমে সবার সঙ্গে মিশে যেতেন। মায়ের শূন্যতা মনে করে যখন আমি অশ্রুসিক্ত হই, সবার সঙ্গে মায়ের জীবনের আনন্দঘন সময়গুলো আমি মনে করি। আজ সকালে উঠে আমার মনে পড়ে যখন আমি ৮ বছরের ছিলাম, হলুদ ও সবুজ রঙের সুতি শাড়ি পরা হাস্যোজ্জ্বল চোখের সুন্দর এক নারী আমাকে শীতের আগমনে রবীন্দ্রসংগীত শেখাচ্ছিলেন
‘পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয়...’
মা আঙুল নাড়িয়ে পায়ে-পায়ে তাল দিয়ে আমাকেও ছন্দের সঙ্গে ছন্দ মেলাতে শেখাচ্ছিলেন। সেদিন অতি আনন্দের সঙ্গে মা ও মেয়ে একসঙ্গে নেচেছিলাম।
ড. নাজলি কিবরিয়া: শাহ এ এম এস কিবরিয়া ও আসমা কিবরিয়ার মেয়ে; অধ্যাপক ও বিভাগীয় প্রধান, সমাজবিজ্ঞান বিভাগ, বোস্টন ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্র।