আমার শোভা ভাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাঁ দিক থেকে আমার বাবা, সানু ভাবি, শোভা ভাই ও আমার মা
বাঁ দিক থেকে আমার বাবা, সানু ভাবি, শোভা ভাই ও আমার মা

বিশিষ্ট শিক্ষাবিদ ও ইতিহাসবিদ আজিজুর রহমান মল্লিক সাধারণভাবে পরিচিত ছিলেন ড. এ আর মল্লিক নামে। তিনি আমার আব্বা আবদুল মান্নান খানের ফুফাতো বোনের ছেলে। আমি তাঁকে তাঁর ডাকনাম শোভা ভাই বলে ডাকতাম। টাঙ্গাইল জেলার আগতাড়াইল গ্রামের মিঞাবাড়ি আমার দাদাবাড়ি, আর শোভা ভাইয়ের নানাবাড়ি। শোভা ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেন। প্রায় প্রতি গরমের ছুটিতে আমরা পরিবারের সবাই মিলে রাজশাহীতে শোভা ভাইয়ের বাড়িতে আম খেতে যেতাম। নানা কাজে শোভা ভাইকে অহরহ ঢাকা আসতে হতো। ওয়ারীর ২১ নম্বর পদ্মনিধি লেনের আমাদের বাড়িটি তাঁর আগমনে আনন্দে পরিপূর্ণ হয়ে উঠত। তখনকার দিনে আমাদের বাড়ি ছিল আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবদের এক মিলনকেন্দ্র।

আমি যখন ক্লাস ফোরে পড়ি, তখন শোভা ভাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রজেক্ট ডাইরেক্টর হলেন। তিনিই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য। আমাদের বাড়িতে বসেই বিখ্যাত স্থপতি মাজহারুল ইসলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক পরিকল্পনা এবং এর বিশদ আলোচনা করেছেন। শোভা ভাই সমস্ত নিয়োগ ঢাকায় বসে করতেন। তখন বহু জ্ঞানী-গুণী ব্যক্তির আনাগোনা হতো আমাদের বাড়িতে। আম্মা স্বতঃস্ফূর্তভাবে সবার জন্য রান্নাবান্না করতেন। শোভা ভাই গরুর মাংস ও মিষ্টি খেতে খুবই ভালোবাসতেন, কিন্তু সবজি একেবারে পছন্দ করতেন না। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যখন ডাক্তারের নির্দেশে সবজি খেতে বাধ্য হলেন, তখন ঢাকায় এলে ডাইনিং টেবিলে খেতে বসে আম্মাকে সহাস্যে বলতেন, ‘দেন, আপনার বাপের বাড়ির খাবার দেন।’ আদি মরণচাঁদ মিষ্টান্ন ভান্ডার আমাদের বাড়ির কাছে থাকায় অত্যন্ত খাঁটি রসগোল্লা পাওয়া যেত, সেকি অতুলনীয় স্বাদ! প্রায়ই দেখা যেত শোভা ভাই দুই হাতে দুটো রসগোল্লা নিয়ে খাচ্ছেন, একেবারে শিশুদের মতো। এমনকি মাঝরাতে ঘুম ভেঙে গেলেও খেতেন। সকালে উঠে ফ্রিজের সামনে রস পড়ে থাকতে দেখলে আম্মা মুচকি হেসে বলতেন, ‘এ আমার বড় ছেলের কাজ।’ চোখে বরাবরই অনেক পাওয়ার। শুয়ে শুয়ে খবরের কাগজ পড়ার সময় ব্লেড দিয়ে না দেখে পায়ের নখ কাটতেন। ফলে, যা হওয়ার তা-ই হতো, প্রচুর রক্তক্ষরণ হতো। কিন্তু শিশুসুলভ লজ্জা মেশানো হাসিতে আমাদের দিকে তাকাতেন। আমরাও এই সুযোগে বকাঝকা করতাম। শার্টের হাতা থেকে আরম্ভ করে সব বোতামই লাগিয়ে দিতে হতো। কলারের বোতাম নিজে কোনো দিনই লাগাতে পারতেন না। টাকাপয়সার হিসাব রাখতে পারতেন না। বাড়ি ফিরেই ওয়ালেটটা আমাদের হাতে দিয়ে স্বস্তি পেতেন।

সেসব দিনে শোভা ভাইকে প্রায়ই বিশ্ববিদ্যালয়ের কাজে দেশের বাইরে যেতে হতো। পোশাক-আশাক থেকে আরম্ভ করে টাকাপয়সা সব গুছিয়ে দিতে হতো। গ্যালিস পরতে ভালোবাসতেন, কিন্তু প্রতিনিয়ত গ্যালিসের কথা মনে করিয়ে না দিলে হাসিমুখে বকুনি দিতেন। আমার সব থেকে ভালো লাগত যখন রাজনৈতিক আলোচনা চলত আমাদের বাড়ির বসার ঘরে। প্রয়াত এ এফ সালাউদ্দীন আহমেদ, ফজলুল হালিম চৌধুরী, মো. সিরাজুল ইসলাম, সামসুল ইসলাম, আলী আশরাফ এবং আরও অনেক গুণীজন আসতেন। গল্প চলত গভীর রাত পর্যন্ত, আমি মোড়ায় বসে তাঁদের গল্প শুনতাম। ১৯৬৪-এর দাঙ্গা, ১৯৬৫-এর ভারত-পাকিস্তানের যুদ্ধ, ১৯৬৬-এর ছয় দফা আন্দোলন, ১৯৬৯-এর গণ-অভ্যুত্থান-ওই সময়কার রাজনৈতিক আলোচনা আমাকে ভীষণভাবে নাড়া দিত। সত্তর দশকের প্রথম দিকে আমি স্কুলের গণ্ডি পার হচ্ছি। জওহরলাল নেহরুর গ্লিম্পস অব দ্য ওয়ার্ল্ড পড়ছি এবং জন এফ কেনেডির পরিবার সম্বন্ধে জানার ইচ্ছা প্রবল হচ্ছে। শোভা ভাই যখন তাঁদের গল্প বিস্তারিতভাবে বলতেন, তখন আমি গোগ্রাসে সেসব গল্প গিলতাম।

সৌন্দর্যের প্রতি খুবই অনুরাগী ছিলেন শোভা ভাই। তাঁর সামনে পরিপাটি করে চুল বাঁধতে এবং ফিটফাট করে কাপড় পরতে হতো। আমার অনার্সে ইতিহাস নিয়ে পড়ার পেছনেও তাঁর সিংহভাগ অবদান রয়েছে। ছোটবেলা থেকে ইতিহাসের গল্প শুনতে ও পড়তে ভালোবাসতাম। অনেক সময় রাতে খাওয়া-দাওয়ার পর তাঁর বিভিন্ন দেশ ভ্রমণের অভিজ্ঞতার কথা মন্ত্রমুগ্ধের মতো শুনতাম। একটা ঘটনার কথা বলি। শোভা ভাই আমার মাস্টার্সের মৌখিক পরীক্ষার পরীক্ষক হিসেবে ঢাকা ইউনিভার্সিটিতে এলেন। মাথায় বাজ পড়ল। ভাইয়ের সামনে মুখ খুলব কী করে? সব তো গুলিয়ে যাবে। আমি বেঁকে বসলাম। কিছুতেই তাঁর সামনে বসে ভাইভা দেব না। বিভাগীয় শিক্ষকেরা আমাকে বোঝাতে চেষ্টা করলেন, কিন্তু আমি অনড়। অবশেষে ঠিক হলো প্রখ্যাত ইতিহাসবিদ এ এফ সালাউদ্দীন আহমেদ আমার ভাইভা নেবেন।

শোভা ভাই সব সময় খুব ভোরে ঘুম থেকে উঠতেন এবং আশা করতেন সবাই মিলে তাঁর সঙ্গে বসে টেবিলে নাশতা করব। আর একটা অভিজ্ঞতার কথা না বলে পারছি না। তখনকার দিনে বাড়িতে দেয়ালঘড়িতে সব রোমান হরফ থাকত। আমি তখনো ঘড়ির কাঁটা দেখে সঠিক সময় বলতে পারতাম না। ভাই যখনই বলতেন ঘড়ি দেখে সময় বলার জন্য, আমি দৌড়ে গিয়ে ফোনের ১৪ নম্বরে ডায়াল করে সময় জেনে নিয়ে ছুটে গিয়ে তাঁকে বলতাম। মাঝেমধ্যে বাংলা খবরের কাগজ পড়ে শোনাতে হতো। এটা ছিল আমার জন্য গন্ধমাধব পর্বত পার হওয়ার মতো। প্রায়ই দেখা যেত আমি স্কুলের পড়া বাদ দিয়ে খবরের কাগজ পড়ার অভ্যাস করছি, যাতে করে তাঁর সামনে গড়গড় করে খবরের কাগজ পড়তে পারি। খবরের কাগজ পড়তে গিয়ে হোঁচট খেলে বকা খাওয়ার আশঙ্কাও ছিল প্রচুর।

যখনই রাজশাহীতে বেড়াতে গিয়েছি তখনই দেখতাম শোভা ভাই সকালবেলা গাড়ি নিয়ে বেরিয়েছেন। গন্তব্য বিশ্ববিদ্যালয়। পথের মাঝখানে থেকে প্রায়ই ছাত্রছাত্রী তুলে নিচ্ছেন গাড়িতে, তবে যাদের ক্লাস সকালে প্রথম পিরিয়ডে ছিল তাদেরই। ওখানে অনেক কিছুই শিক্ষণীয় বিষয় ছিল। গুরুজনদের প্রভাব আমার মধ্যে প্রবল এবং ওই ধরনের সব শিক্ষাই আমি আমার পরবর্তী জীবনে, বিশেষ করে আমাদের স্কুলে প্রয়োগ করতে চেষ্টা করেছি এবং এখনো করে চলেছি। তিনি বেঁচে থাকলে, সানিডেইল স্কুল আজ এমন স্তরে এসে দাঁড়িয়েছে দেখলে নিশ্চয়ই যারপরনাই খুশি হতেন।

স্মৃতির ভান্ডার আর চার দেয়ালের মাঝে শোভা ভাই যতটা ব্যাপ্তি নিয়ে বিরাজ করছেন, তার সবটুকুই তাঁকে উজাড় করে দেওয়ার প্রয়াসে। আজ তাঁর জন্য শুধু অফুরান প্রার্থনা-তাঁর বিদেহী আত্মার স্বর্গবাস হোক। এটা আমার চিরন্তন কামনা।

তাজিন আহমদ: সানিডেইল বিদ্যালয়ের অধ্যক্ষ