আমার সন্তান যেন জীবনের দাম বুঝতে শেখে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড় দামি কথা বলেছিলেন ঢাকার মোহাম্মদীয়া সুপার মার্কেটের দোকানি মো. কালাম।

দুজন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী বনানীর একটি হোটেলে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ আনার পর গণমাধ্যম আর সামাজিক যোগাযোগ মাধ্যমে তখন তোলপাড় চলছে। নিত্যদিনের ধর্ষণের ঘটনার প্রতিও নজর পড়েছে।

তখন ১৫ মে প্রথম আলো ডট কমে মানুষের নিরাপত্তাভীতি আর ক্ষোভের কথা নিয়ে একটি প্রতিবেদন বেরোয়। সেখানে কালাম বলেছিলেন, এমন অপরাধ না করার জন্য সন্তানদের ছোটবেলা থেকে শিক্ষা দেওয়া উচিত। তাঁর কথা, ‘মানুষকে সম্মান করা শেখাইতে হয় ঘর থেকে।’

কালাম কত সহজভাবে বলেছেন, আদতে প্রশ্নটা নারী-পুরুষ নির্বিশেষে অন্য মানুষকে সম্মান করার। প্রশ্নটা নিজেকে সম্মান করারও।

কবি সুফিয়া কামালের একটা আশীর্বাদ সব সময় মনে পড়ে। ১৯৯৬ সালের মার্চ–এপ্রিলে নিয়মিত তাঁর কাছে যেতাম, তাঁর হাতের রান্নার কথা জানতে। দেশজুড়ে তখন লাগাতার বিক্ষোভ আর হরতাল। কবি অসুস্থ। কিন্তু আমার অর্বাচীন আবদারে রাজি হয়েছিলেন।

ধানমন্ডি ৩২ নম্বর সড়কে গাছগাছালির ছায়ায় ঢাকা ‘সাঁঝের মায়া’র একতলায় পেছনের চাতালঘেঁষা ঘরটিতে ছোট বিছানাটায় কবি শুয়ে–বসে থাকতেন। আমি পাশে বসে তাঁর কথা রেকর্ড করতাম। বিদায় নেওয়ার সময় রোজই শীর্ণ ছোট্ট সাদা হাতে আমাকে ছুঁয়ে তিনি আশীর্বাদ করতেন, ‘মান-ইজ্জতের সাথে থেকো।’

প্রায় দিনই কবির কাছে আরও মানুষজন আসতেন। তাঁকে দেখতে, তাঁর পরামর্শ নিতে। বসে বসে দেখতাম, কাছের-দূরের সব মানুষের জন্য কী অপরিসীম দরদ ও বিবেচনা তিনি হৃদয়ে লালন করেন। ছোটখাটো মানুষটির প্রতিটি আচরণে তা ফুটে উঠত। তিনি সত্য আর সততাকে ভালোবাসতেন। নরম মনের এই মানুষটি মানুষের প্রতি দরদি থাকতেন, কিন্তু মানুষের অন্যায়-অবিচারের বিরুদ্ধে দৃঢ় ও ন্যায্য অবস্থান নিতেন। তাঁকে দেখে বুঝতাম, নিজে মান-ইজ্জতের সঙ্গে থাকার আসল অর্থ অন্যকে যথার্থ মান-ইজ্জত দেওয়া।

প্রশ্নটা অপরের ইচ্ছা-অনিচ্ছা, আনন্দ-বেদনা, মান-অপমানকে নিজের হৃদয়ে অনুভব করতে পারার। যার সঙ্গে মতে মেলে না, এমনকি যার কাজ মানুষের জন্য অকল্যাণকর, তার মনটাও বুঝতে চেষ্টা করতে হয়। হৃদয়ে করুণা আর দরদ না থাকলে ন্যায্য হওয়া যায় না। ধনী বাবার ছেলে অথবা ফুটপাতের পিতৃপরিচয়হীন মেয়ে, প্রতিটি মানবশিশুই জীবনে সমান অধিকারের দাবি নিয়ে জন্ম নেয়। তারপর সুযোগ আর পরিস্থিতি জীবনে জীবনে প্রভেদ তৈরি করে। আমরা যার যার খোপে জীবন চালাই। নিজের সম্ভাবনাগুলো বিকাশের অধিকার আর সুযোগের দাবি কিন্তু সবারই সমান থাকে। মানুষ হতে চাইলে অপরের সেই দাবিটা মান্য করতে হয়। পরস্পরের জন্য জায়গা ছাড়তে হয়।

আমি অন্যায্য সুযোগ নিলে অন্যে বঞ্চিত হয়, আমিও কিন্তু হই। অন্যকে অকারণে আঘাত করে, অন্যায় করে, অন্যায়কে সহ্য করে, নিজের জীবনে শান্তি–সম্মান পাওয়া যায় না। প্রশ্নটা তাই ভালোবেসে পরস্পরকে বিকশিত করে সৎ সাহসী সমমর্মী হয়ে আনন্দে বাঁচতে শেখার। শেখার শুরুটা হতে হয় নিজের ঘরে, ছোটবেলায়।

সেই সন্তানেরা মহা হতভাগ্য, যাদের বাবা-মায়েরা তাদের হাতে ধরে ফাঁস হওয়া প্রশ্নপত্রের সমাধান কিনতে নিয়ে যান। মহা হতভাগ্য তারা, যাদের বাবা-মায়েরা তাদের অন্যায়-অপরাধকে সস্নেহ প্রশ্রয়ে অথবা নির্বিকার উপেক্ষায় ডালপালা মেলতে দেন। দুর্ভাগা সন্তানদের সংখ্যা অগুনতি হয়ে যায়, যদি প্রশ্ন করি কজন বাবা-মা নারীকে পুরুষের সমান মূল্যবান বলে ভাবতে শেখান?

চলচ্চিত্রকার লেজলি আডউইন দিল্লির ‘নির্ভয়া’ ধর্ষণ ও হত্যার ঘটনাকে কেন্দ্র করে ইন্ডিয়া’স ডটার নামে ছবি বানিয়েছেন। ২০১৫ সালের নভেম্বরে তিনি ঢাকায় সাহিত্য সম্মেলন লিটফেস্টে এসেছিলেন। তাঁর মুখে শুনেছি, ছবিটা বানানোর সুবাদে তিহার জেলে শিশু ধর্ষণের দায়ে বন্দী একজনের সঙ্গে তাঁর কথা হয়েছিল। লেজলি জানতে চেয়েছিলেন, নিজের হাঁটুর সমান মেয়েটার সঙ্গে কীভাবে তিনি ওই নির্মম কাজটা করতে পারলেন। পুরুষটি বলেছিলেন, সে তো ছিল রাস্তার ভিখিরি একটা মেয়ে, তার জীবনের আবার কী দাম!

নির্ভয়াকে ধর্ষণকারীদের একজন এবং তাঁদের দুই উকিল ছবিতে সাক্ষাৎকারে ভালো মেয়ে বনাম খারাপ ও বেয়াড়া মেয়ের প্রসঙ্গ টেনে ধর্ষণের জন্য নারীকেই দায়ী করেছেন। বলেছেন, মেয়ে কখনো ছেলের সমান না। এক উকিল বলেছেন, মেয়ে মানেই ছেলের চোখে যৌনচিন্তা জাগাবে। তাঁদের কথাবার্তায় মেয়েদের প্রতি নগ্ন অবজ্ঞা আর তাচ্ছিল্য। ‘নির্ভয়া’র ধর্ষণকারীরা শ্রমজীবী, দরিদ্র। বনানীতে ধর্ষণের অভিযুক্ত ব্যক্তিরা ক্ষমতাবান, ধনী। কাগজে মামলার বিবরণ বলছে তঁাদের ভাবনার জগৎটা এক।

লেজলি বলেছিলেন, ধর্ষণকারী পুরুষ মনে করে মেয়েদের কোনো দাম নেই। তাদের ধর্ষণ করা যায়। এভাবে ভোগ করাটা পুরুষের অধিকার। ছবিটা বানাতে গিয়ে তাঁর সবচেয়ে বড় অনুধাবন হয়েছে এই যে, ধর্ষণকারীরা দানব না। তারা সাধারণ মানুষ। তারা এই পিতৃতান্ত্রিক সমাজেরই ফসল, যে সমাজ ছোট থেকে শেখায় মেয়েরা পুরুষের চেয়ে নিকৃষ্ট, কম দামি। নারীর প্রতি বৈষম্যের এই ছাঁচ দুনিয়াজুড়েই কি পুরুষ কি নারীর মনে কমবেশি গেড়ে বসে আছে। এ ছাঁচ নারীর অধিকার আর স্বাধীনতার সীমা বেঁধে দেয়। সীমা পেরোলেই সে খারাপ বা বেয়াড়া। এমনকি ধর্ষণযোগ্য।

বনানীতে ধর্ষণের অভিযোগকারী মেয়ে দুটি বড়লোক বন্ধুর জন্মদিনের দাওয়াতে সন্ধ্যার পর হোটেলে গিয়েছিলেন। তা নিয়ে স্বজন আর বন্ধুরা এখন তাঁদের দায়ী করছেন (প্রথম আলো; ২১ মে, ২০১৭)। অনলাইনে ধর্ষণের প্রতিবাদের পাশাপাশি মেয়ে দুটিকে ধিক্কার দেওয়া নোংরা মন্তব্যও কিন্তু অনেক। বৈষম্য তথা অসম-অধিকারের মানসিকতা একেবারে গোড়ার গলদ।

আমরা সর্বদিকে একটা অসহনীয় অসম নির্দয় দুনিয়া গড়ে তুলেছি। আমাদের সন্তানেরা দেখছে এবং শিখছে অন্যের মাথায় পা দিয়ে যেনতেন প্রকারে নিজের আকাঙ্ক্ষা তৃপ্ত করা, ওপরে ওঠা বা টিকে থাকা জায়েজ। ঈর্ষা, বিভেদ, অন্যকে তুচ্ছ ভাবা, খোপবন্দিতা আর অন্ধতা বাড়ছে। জীবনের দাম কমছে। ধর্ষণ, সহিংসতা, নিষ্ঠুরতা, ঘৃণা, মাদকের বিস্তার, রাক্ষুষে লোভ, ভিন্ন মতবিশ্বাসের মানুষকে উড়িয়ে-পুড়িয়ে দেওয়ার উগ্র অসহিষ্ণুতা—সবেরই গোড়ায় আছে অন্য মানুষের এবং নিজের জীবনকেও দাম না দেওয়া।

লেজলির গড়া ‘সমান বলে ভাবুন’ (থিংক ইক্যুয়াল) নামের একটি উদ্যোগ ‘সাম্য অধ্যয়ন’ নামে স্কুল পর্যায়ের একটি শিক্ষাক্রম তৈরি করেছে। এটা সৃজনশীলভাবে শিশুদের হৃদয়ে সমতা, সমমর্মিতা, দায়িত্ব, ন্যায্যতা আর সম্মানসহ নৈতিক ও মানবাধিকারের মূল্যবোধগুলো গেঁথে দিতে চেষ্টা করবে। জীবনে আর সমাজে সেগুলো প্রয়োগের জন্য তাদের যুক্তি-বুদ্ধি আর মানসিক শক্তিকে তৈরি করবে।

স্নায়ুবিজ্ঞানের মতে নাকি তিন থেকে পাঁচ বছর বয়সের মধ্যে শিশুর ধারণা আর আচরণ গড়ার সুযোগ সবচেয়ে বেশি থাকে। উদ্যোক্তারা তাই দুনিয়াজুড়ে স্কুলের প্রথম দিন থেকে এ শিক্ষাক্রম চালু করতে চান। এ বছর কয়েকটি দেশের কিছু স্কুলে সবচেয়ে ছোটদের শিক্ষাক্রমটি শুরু হওয়ার কথা। (http://www.thinkequal.com)

নেট ঘাঁটলে স্কুল ইত্যাদি প্রতিষ্ঠানে নীতিশিক্ষার নানা বিবরণ-বিজ্ঞাপন চোখে পড়ে। যুক্তরাষ্ট্রের হার্ভার্ড গ্র্যাজুয়েট স্কুল অব এডুকেশনের শিক্ষক শিশুশিক্ষাবিদ রিচার্ড ওয়েইসবোর্ডের একটা লেখায় পড়লাম, নৈতিক মূল্যবোধগুলো শিশুরা জেনে যায়। কিন্তু অনেকের জন্যই মূল সমস্যা হচ্ছে, রোজকার জীবনে সেগুলো মেনে চলা। তাই সন্তানকে সেগুলোর প্রতি গভীর ভালোবাসা (কমিটমেন্ট) গড়ে তুলতে সাহায্য করা দরকার। কিছু কৌশল: ঘরের কাজে সন্তানের সাহায্য নেওয়া; বাবা-মা, পরিচিত-অপরিচিত সবাইকে শ্রদ্ধা-সম্মান করতে জোর দেওয়া; মূল্যবোধগুলো কেন গুরুত্বপূর্ণ তা নিয়ে আলাপ করা।

কখনো দলছুট হওয়ার ভয়, চরম লজ্জা, ঈর্ষা বা দখলদারির কারণে শিশু নীতিবিচ্যুত হতে পারে। বিধ্বংসী আবেগগুলো সামাল দিতে শিখতে হয়। বন্ধুকে বাঁচাতে মিথ্যা কথা বলার মতো উভয়সংকটের পরিস্থিতি আসতে পারে। শিশুকে নিজের কাজের নৈতিক যুক্তি বিচার করতে শেখানো দরকার। দরকার নানা দিক থেকে বিষয়কে দেখতে শেখানো। নীতিতে অটল থাকা বা অন্যের দায়িত্ব নেওয়ার জন্য নিজেকে অনেক কিছু ছাড়তে হতে পারে। সেই মনের জোর শিশুর মধ্যে তৈরি করা দরকার। রিচার্ডের লেখাগুলো পাবেন https://www. psychologytoday.com/ blog/ the-parents-we-mean-be ঠিকানায়।

রবীন্দ্রনাথ ‘নিয়মিত প্রত্যহ খানিকটা করিয়া সালসা খাওয়ানোর মতো খানিকটা নীতি-উপদেশ’-এর পাখিপড়াকে আপদ হিসেবে দেখেছিলেন, ‘…জীবনের আরম্ভে মনকে চরিত্রকে গড়িয়া তুলিবার সময় উপদেশ নহে, অনুকূল অবস্থা এবং অনুকূল নিয়মই সকলের চেয়ে বেশি আবশ্যক।’ তাঁর বিশ্বাস ছিল, ঘরে বা চার দেয়ালের স্কুলে ‘সর্বাঙ্গীণ মনুষ্যত্বের ভিত্তিস্থাপন’ হবে না। প্রকৃতির খোলা উদারতার মধ্যে শিক্ষার আশ্রমে সম্মিলিত সাদাসিধা জীবনে জ্ঞানচর্চার পরিবেশে শিশুর হৃদয়মন শক্তি ও পুষ্টি শুষে নেবে। সহজ আনন্দে পূর্ণ বিকশিত হবে। (রবীন্দ্রনাথ ঠাকুর, ‘শিক্ষাসমস্যা’)

আমার মেয়েটা স্কুলের পর একা একা ফ্ল্যাটবন্দী থাকে। টিভি আর কম্পিউটারের আকর্ষণটা তার বড়। আমরা একসঙ্গে থাকি সন্ধ্যার পর আর ছুটির দিনে। তখনো আমি ব্যস্ত। কখনো–সখনো আমরা একসঙ্গে কিছু একটা করি, ছাদের বাগানে উঠি। ভোরে লেকপাড়ে হাঁটার মতো নানা নিয়ম ঠিক করি, ভুলেও যাই। তবে আমরা দুজন অনেক গল্প করি।

ভাবনা হয়, ছোট্ট মেয়েটাকে কোন পৃথিবীতে মানুষ হয়ে বাঁচার কি চ্যালেঞ্জের মধ্যে ছুড়ে দিচ্ছি? মানুষ হওয়া এক আমৃত্যু সাধনা। ও যেন হৃদয়ে তার বীজটুকু বুনতে পারে—জীবনের দাম বুঝতে শেখে। ওর পাশে থাকার উপায় শিখতে চাই আর ভাবি, ‘গুরু আমার মনের ময়লা যাবে কেমনে!’

কুর্‌রাতুল-আইন-তাহ্‌মিনা: সাংবাদিক।