আমাদের স্কুলটার কথা মনে হলেই এক অপার্থিব ভালোবাসায় ছেয়ে যায় মন। সেই কবে স্কুলের পড়াশোনা শেষ করেছি, কিন্তু এখনো মনে হয় সেই দিনগুলো মনের আঙিনায় সুরভি ছড়াচ্ছে। এই স্কুলে ১৯৬৩ থেকে ১৯৭০ সাল পর্যন্ত কত না অম্ল-মধুর সময় কেটেছে আমার!আমি ওয়েস্ট এন্ড হাইস্কুলের কথা বলছি। সময় পেরিয়ে যায়, স্কুলের বয়স বাড়ে, কিন্তু আমাদের মনে কোনোভাবেই তা ফিকে হয়ে যায় না। যদিও জানি, এখন ঢাকা মহানগরের ভালো স্কুলগুলোর মধ্যে আমাদের স্কুলটি পড়ে না, কিন্তু এই স্কুলটি যে একসময় পড়াশোনায় ছিল অসাধারণ, সে সত্য তো তাতে মিথ্যা হয়ে যায় না। ১৯৬৪ সালের এসএসসি পরীক্ষায় সম্মিলিত মেধাতালিকায় প্রথম হয়েছিলেন আমাদের স্কুলের শিক্ষার্থী রিজওয়ানুল ইসলাম। একই বছর মাধ্যমিক বৃত্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন ইফতিখার উদ্দিন আহমেদ কাজল, যিনি ১৯৬৬ সালের এসএসসি পরীক্ষায় সম্মিলিত মেধাতালিকায় ১৬তম স্থান অধিকার করেন। এরপর থেকে প্রায় প্রতিবছরই মেধাতালিকায় খুঁজে পাওয়া যেত আমাদের স্কুলের শিক্ষার্থীদের নাম। ১৯৬৮ থেকে ১৯৭২ সাল পর্যন্ত আমাদের স্কুলের ছিল অসাধারণ ফলাফল। আমরা, এই স্কুলের সাবেক শিক্ষার্থীরা মনেপ্রাণে বিশ্বাস করি, আমরা যদি স্কুলের প্রতি সামান্যতম মনোযোগী হই, তাহলে আবার তা উঠে আসবে সেরাদের তালিকায়।১৯২০ সালে, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার এক বছর আগে আমাদের স্কুলটি কাজ শুরু করে। তখনকার ঢাকার একেবারে পশ্চিম প্রান্তে অবস্থান বলে স্কুলটির নামকরণ হয় ওয়েস্ট এন্ড বা পশ্চিম প্রান্তিক উচ্চবিদ্যালয়। একসময় আমাদের স্কুলের শিক্ষক ছিলেন বামপন্থী রাজনীতিবিদ মোহাম্মদ সুলতান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবদুস সামাদ আজাদ, ভাষাসৈনিক গাজীউল হক প্রমুখ। বায়ান্নর ভাষা আন্দোলনের সময় মোহাম্মদ সুলতানের শিষ্যরা ওয়েস্ট এন্ড হাইস্কুল থেকে এসে বিশ্ববিদ্যালয়ের ২১ ফেব্রুয়ারি সভায় যোগ দিয়েছিলেন। এ এক অসাধারণ ঘটনা। ঊনসত্তরের গণ-অভ্যুত্থানে, স্বাধীনতাযুদ্ধের প্রাক্কালে বিভিন্ন আন্দোলনে ওয়েস্ট এন্ড হাইস্কুলের ছাত্ররা প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেন। ঊনসত্তরে আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহারের সময় স্কুলে শহীদ মিনার তৈরি করেন ছাত্ররা।আগেই বলেছি, ষাট ও সত্তরের দশকে আমাদের স্কুলটি সুনামের স্বর্ণশিখরে পৌঁছায়। তার আগে-পরেও স্কুলটি কোনো কোনো সময় ভালো ফলাফল করেছে। তবে ওই সময়টি সোনায় মোড়ানো বলেই আমরা জানি। সে সময় স্কুলের প্রধান শিক্ষক ছিলেন শামসুদ্দীন আহমেদ। তাঁর সুদক্ষ পরিচালনার কথা আমরা ভুলতে পারি না। প্রধান শিক্ষক শামসুদ্দীন স্যার আমাদের কঠোর শাসনের মধ্যে রাখতেন। প্রতিবাদ করলে সুস্পষ্ট ভাষায় বলতেন, ‘পিতা-মাতা শাসন করলে হয় মানুষ, শিক্ষক শাসন করলে হয় সোনা।’ এই সোনাদের অনেকেই আজ সমাজের বিভিন্ন স্তরে প্রতিষ্ঠিত। তাঁদের সম্মাননা দিয়েই আমরা আমাদের স্কুলের অতীত গৌরবকে ফিরিয়ে আনতে চাই। আমার মনে আছে, শামসুদ্দীন স্যারের চেয়ারের মাথার ওপরে লেখা ছিল, ‘মানি ম্যাটার ইজ নট এ ম্যাটার অব ফ্যান্সি’, অর্থাৎ টাকাপয়সা কল্পনার বস্তু নয়। আজ মনে হয়, কথাটা কতই না সত্যি। টাকাপয়সার অবশ্যই প্রয়োজন, কিন্তু তা খরচ করার সময় সামাজিক সেবার কথাটিও মাথায় রাখতে হয়।আমাদের শিক্ষকদের কথাও একটু মনে করিয়ে দিই। সবার নিশ্চয় মনে আছে, আমাদের বাংলার মুনীম স্যার, অঙ্কের নুরুন্নবী স্যার, পদার্থবিজ্ঞানের হাফিজ স্যার, আর বেত হাতে সেই সহকারী প্রধান শিক্ষক আবদুর রশীদ সরকার (নাটু স্যার) অথবা উর্দুর আশেক আলী মজুমদার স্যার (ফুদ্দী স্যার), ড্রয়িংয়ের রব স্যার, ড্রিলের আমির আলী স্যারের (জাপানি স্যার) কথা। ১৯৫৪ ব্যাচের ছাত্র এম খলিলুল্লাহ লিখেছেন, ‘গাজীউল হক ক্লাস টেনে ইতিহাস পড়াতেন। কিন্তু ইতিহাসের ক্লাসে সমকালীন রাজনীতি ও বিভিন্ন গণ-আন্দোলনের কথাই বেশি আলোচিত হতো। একটি ক্লাসে গাজীউল হক স্যার আমাদের “নওজোয়ান” গানটি শিখিয়েছিলেন।’ লেখার অংশটি নেওয়া হয়েছে ২০০১ সালে স্কুলের ৮০ বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত স্যুভেনির থেকে। সে সময় যে মিলনমেলা হয়েছিল, তাতেই ওয়েস্ট এন্ড হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠার সোপান তৈরি হয়েছিল। স্কুলের ৯০ বছর এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের এক দশক পূর্তি উপলক্ষে অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদ সিদ্ধান্ত গ্রহণ করে, এই স্কুলের সাবেক ছাত্রদের মধ্যে যাঁরা দেশ ও দশের সমাজে বিভিন্ন অবদান রেখেছেন, সমাজের একটি স্তরে পৌঁছেছেন এবং আজও এই স্কুলের কথা স্মরণ করেন, তাঁদের একটি অনুষ্ঠানের মাধ্যমে সম্মাননা প্রদান করা হবে। অনুষ্ঠানটি হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। এর জন্য স্কুলের সব সাবেক শিক্ষার্থীকে নিম্নলিখিত বন্ধুদের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।আসুন না আরেকবার সবাই পুরোনো দিনে ফিরে যাই, পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা করার জন্য ২০১১ সালের মার্চের শেষ দিকে অনুষ্ঠেয় স্কুলের নয় দশক পূর্তি এবং স্বাধীনতার ৪০ বছর উপলক্ষে মিলনমেলায় মিলিত হই। যোগাযোগ করি আলী আকবর খান ডলার (৬৮ ব্যাচ, ০১৭১১৬৩১৬২৬) ও মেজবাহ উদ্দিন চৌধুরীর (৬২ ব্যাচ, ০১৭১৫০০৮৯৮২) সঙ্গে। অথবা ই-মেইল করি [email protected] ও [email protected] ঠিকানায়। আসুন, আরেকবার আমাদের স্কুলটিকে নিয়ে স্বপ্ন বুনি। আমাদের স্মৃতির স্কুলটিকে পরিণত করি মেধাবীদের মিলনমেলায়।