
আমাকে মেঝের ওপর শুতে হতো। ঘরে একটা দরজাবিহীন টয়লেট ছিল। দিনরাত ২৪ ঘণ্টা এক সেনাসদস্য আমাকে পাহারা দিত। এপ্রিল মাস থেকে ১০ আগস্ট পর্যন্ত সেনা পাহারায় আমাকে ওখানে রাখা হয়। প্রতিদিন সকালে ওখান থেকে ১০ কিলোমিটার দূরে ঝেলাম নামের এক জায়গায় জিজ্ঞাসাবাদ করার জন্য আমাকে নেওয়া হতো। জিজ্ঞাসাবাদের পর তারা আমাকে আবার রেস্টহাউসে নিয়ে আসত।
কখনো কখনো তারা আমাকে ২৪ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করত, কখনো কখনো টানা দুই দিন-রাত ধরে চলত জিজ্ঞাসাবাদ। যতক্ষণ জিজ্ঞাসাবাদ চলত, ততক্ষণ আমাকে দাঁড়িয়ে থাকতে হতো। তখন আমাকে খাবারও দেওয়া হতো না। তবে তারা আমাকে শারীরিকভাবে নির্যাতন করেনি।
যারা জিজ্ঞাসাবাদ করত, তারা আমাকে একই প্রশ্ন বারবার করত। তারা অভিযোগ করত, ‘শেখ মুজিব, কর্নেল ওসমানী ও আপনি দেশ ভাঙার জন্য পূর্ব পাকিস্তানে বসে ষড়যন্ত্র করেছেন। আপনার ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টার ছিল অভিযানের সদর দপ্তর।’ তাদের আরও অভিযোগ ছিল এ রকম, ‘আপনারা ছাত্র ও ইপিআরের সহায়তা নিয়ে পাকিস্তানি সেনাদের সব অস্ত্র কেড়ে নিতে চেয়েছিলেন। আপনি ভারত সীমান্তের সব খুঁটি সরিয়ে সেখান থেকে অস্ত্র আনতে চেয়েছিলেন। সে জন্য আপনি ভারতীয় পূর্বাঞ্চলীয় কমান্ডের একজন কমান্ডারের সঙ্গে খুলনায় বৈঠক করেছেন। আপনি পূর্বাঞ্চলীয় কমান্ডকে আপনার পরিকল্পনা জানিয়েছিলেন, তাদের সহায়তা চেয়েছিলেন। শুধু অস্ত্র ও গোলাবারুদ নয়, আপনি তাদের বলেছিলেন, আপনাদের ভারতে সামরিক প্রশিক্ষণের দরকার হবে। চট্টগ্রামের সব অবাঙালিকে গ্রেপ্তার করার পরিকল্পনা ছিল আপনার, আর প্রতিরোধ করলে তাদের আপনি হত্যাও করতেন।’
ইন্টার সার্ভিস ইনটেলিজেন্স (আইএসআই) ও পাকিস্তানি সেনা গোয়েন্দা সংস্থা আমাকে জিজ্ঞাসাবাদ করেছে। আমি সব অভিযোগ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছি। আগস্টের প্রথম সপ্তাহে কর্নেল আনজুম ও মোখতার আমাকে ঝেলামে নিয়ে যায়। তারা বলল, ‘কর্নেল ইয়াসিন নামের এক বাঙালি সামরিক কর্মকর্তা আমাদের বলেছেন, আপনি শেখ মুজিবসহ অন্যান্য আওয়ামী নেতা ও ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের কমান্ডারের সঙ্গে দেখা করেছেন। ভারত কীভাবে আপনাদের সহায়তা করতে পারে, সে ব্যাপারে আপনি এসব বৈঠক করেছেন।’
একপর্যায়ে তারা বলে, ‘সেনাবাহিনী যেহেতু আপনার কাছ থেকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিতে ব্যর্থ হয়েছে, সেহেতু আমরা আপনাকে বিশেষ পুলিশের কাছে হস্তান্তর করার সিদ্ধান্ত নিয়েছি।’
পরদিন সকালে কয়েকটি সামরিক গাড়ি আমাকে ওই রেস্টহাউস থেকে লাহোরে বিশেষ পুলিশের সদর দপ্তরে নিয়ে যায়, যদিও আমার পরিবার ওখানেই থেকে যায়। সেনাবাহিনী আমাকে বিশেষ পুলিশের কাছে হস্তান্তর করে।
পুলিশের পরিদর্শক দুররানি আমাকে গ্রহণ করে মাটির নিচের কক্ষে আটকে রাখেন। তিনি আমাকে বলেন, ‘দুঃখিত ব্রিগেডিয়ার, আমরা আপনাকে মশারি, বালিশ ও বিছানার চাদর দিতে পারব না। এসব ছাড়াই আপনাকে এখানে থাকতে হবে।’
আমাকে যে ১২ নম্বর সেলে আটকে রাখা হয়েছিল, সেটা ছিল অনেকটা বাথরুমের মতো। এটা মূলত কারাবন্দীদের জন্যই বানানো হয়েছিল। সেখানে না ছিল কোনো জানালা, না ছিল পাখা ও ঘুলঘুলি। সেখানে উচ্চ পাওয়ারের একটি বাল্ব সব সময় জ্বালিয়ে রাখা হতো, এতে ঘরটি খুব গরম হয়ে যেত। সেখানে একটি কমোড ছিল। কিন্তু খাবারের ব্যবস্থা ছিল না ওখানে।
আমাকে সেলে বন্দী করার আগে কর্তৃপক্ষ আমার শার্ট ও প্যান্ট খুলে রেখে বন্দীর পোশাক পরতে দেয়। আমার সুটকেসে একটি ওজিফা (ধর্মীয় বই) ছিল। সেটা চাইলে ওরা আমাকে বলল, পরীক্ষা-নিরীক্ষার পর দেওয়া হবে।
প্রথম দিন আমাকে খাবার দেওয়া হয়নি। পুলিশের পরিদর্শক দুররানি দ্বিতীয় দিন আমাকে দেখতে আসেন, কিন্তু সেদিন তিনি আমার সঙ্গে কথা বলেননি। রাতের বেলা এক সিপাহি তিনটি রুটিসহ এক বাটি সবজি নিয়ে আসেন। কিন্তু খেতে বসে দেখলাম, খাবারে এত ধুলাবালু রয়েছে যে মানুষের পক্ষে তা খাওয়া সম্ভব নয়। কিছুক্ষণ পর এক সিপাহি এসে থালাটা নিয়ে যায়। ফলে সারা রাত আমি না খেয়েই ছিলাম।
সকাল বেলা দুররানি বললেন, ‘খাবার খেয়েছেন?’
আমি বললাম, ‘না, খাইনি’।
তিনি বললেন, ‘কেন, আপনাকে খাবার দেয়নি’?
আমি বললাম, ‘আমার ক্ষুধা নেই,’ না খাওয়ার আসল কারণ তাকে খুলে বললাম না।
এরপর তিনি বললেন, ‘আপনাকে তো কিছু খেতে হবে, না খেলে আমরা কিছুই করতে পারব না। এর চেয়ে ভালো খাবার আমরা আপনাকে দিতে পারব না।’ তখন তিনি এক মগ চা ও একটি বড় রুটি আনার আদেশ দিলেন। দরজার নিচের জায়গাটা এত সরু ছিল যে সেখান দিয়ে মগটা ঢোকানো সম্ভব ছিল না, ফলে বাধ্য হয়ে দরজা খুলেই ওটা দিতে হলো।
এরপর বেলা ১১টার দিকে দুররানি দুজন সিপাহি নিয়ে এলেন। সিপাহি দুজন আমার হাত শক্ত করে ধরে ওপরে নিয়ে গেল, যে ঘরে সেনাবাহিনী আমাকে পুলিশের কাছে হস্তান্তর করেছিল।
দুররানি অফিসের কর্তার ভঙ্গিতে উঁচু একটি চেয়ারে বসেন, আর আমি বসি একটা টুলের ওপর। শফি ও সাফদার কাজী নামের দুজন পুলিশ কর্মকর্তা আমাকে জিজ্ঞাসাবাদ করেন। তাঁরা আমাকে অনেক প্রশ্ন করেন। তাঁরা বলেন, ‘আপনি চট্টগ্রামে অনেক অবাঙালিকে হত্যা করেছেন। এ বিষয়ে আপনার বক্তব্য কী?’
আমি বললাম, ‘অবাঙালিদের আমি হত্যা করিনি। আমি চট্টগ্রামের সামরিক আইন প্রশাসক হওয়ার আগেই তারা মারা গেছে। আমার আগে কর্নেল ফাতেমি দায়িত্বে ছিলেন। তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেননি। সেনাবাহিনী অনেক বাঙালিকেও হত্যা করেছে। সে কারণে জেনারেল ইয়াকুব খান ফাতেমিকে সরিয়ে আমাকে ওই পদে বসান। তিনি টেলিফোনে আমাকে দায়িত্ব হস্তান্তর করেন। আমি সামরিক আইন প্রশাসক হওয়ার পর কোনো রাজনৈতিক হত্যাকাণ্ড সংঘটিত হয়নি।’
আমি যখন কথা বলছিলাম, তখন পুলিশ পরিদর্শক শফি লাফিয়ে উঠে আমাকে এত জোরে থাপ্পড় মারে যে আমি টুল থেকে পড়ে যাই। আমি মর্মাহত হই। আমি উঠে দাঁড়িয়ে উর্দু-ইংরেজি মিশিয়ে বলি, ‘তুমি আমার ছেলের বয়সী। আমার র্যা ঙ্ক ও বয়স খেয়াল করো, আল্লাহর দোহাই আমাকে মেরো না।’
তখন দুররানি আমাকে সেলে নিয়ে বলেন, ‘আমি দুঃখিত, কিছু মনে করবেন না।’ আমি শিশুর মতো কাঁদছিলাম। দুররানি বললেন, ‘উদ্বিগ্ন হবেন না, তারা ভবিষ্যতে এ কাজ আর করবে না।’
সেলে নিয়ে যাওয়ার পর আমি পবিত্র কোরআনের গুরুত্বপূর্ণ সূরা ইয়াসিন পড়তে শুরু করলাম। আমার মনে দৃঢ় বিশ্বাস ছিল, কেউ সূরা ইয়াসিন পড়লে কেউ তাঁকে কখনো অপমান করবে না। সূরা পড়ার সময় আমি বারবার আমার মাথা দেয়ালে ঠুকে দিই। যা ঘটছিল আমি তা বিশ্বাস করতে পারছিলাম না। আমি কখনো কল্পনাই করিনি, পুলিশের একজন পরিদর্শক আমার মতো জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাকে থাপ্পড় মারতে পারে। এমনকি সেনা কর্মকর্তারাও তো এমন অসহিষ্ণুতা দেখায়নি। (চলবে)
ইংরেজি থেকে অনূদিত
সূত্র: টরমেন্টিং সেভেন্টি ওয়ান: অ্যান অ্যাকাউন্ট অব পাকিস্তান আর্মি’স অ্যাট্রোসিটিজ ডিউরিং বাংলাদেশ লিবারেশন ওয়ার অব ১৯৭১, সম্পাদক: শাহরিয়ার কবির, ‘আই ওয়াজ পুট ইন আ গানি ব্যাগ অ্যান্ড কেপ্ট ইন দ্য স্কর্চিং সান’, ব্রিগেডিয়ার এম আর মজুমদার (অব.), নির্মূল কমিটি (কমিটি ফর রেজিস্টিং কিলারস অ্যান্ড কোলাবরেটরস অব বাংলাদেশ লিবারেশন ওয়ার অব ১৯৭১), ঢাকা, নভেম্বর ১৯৯৯।
ব্রিগেডিয়ার এম আর মজুমদার (অব.): সাবেক সেনা কর্মকর্তা (১৯২২–২০১১)।