আমি সোভিয়েতদের নমনীয় করতে ব্যর্থ হই
মুক্তিযুদ্ধের বই: এবার বিজয় দিবস সামনে রেখে প্রথম আলোর এই ধারাবাহিক আয়োজনের বিষয় দেশি-বিদেশি লেখকদের লেখা কয়েকটি আলোচিত বই। একাত্তরের মুক্তিযুদ্ধের সময়ের কিছু উল্লেখযোগ্য ঘটনাপ্রবাহ তুলে ধরা হলো এসব বইয়ের নির্বাচিত অংশ থেকে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালে জামশেদ মার্কার ছিলেন মস্কোয় পাকিস্তানের রাষ্ট্রদূত। সে সময় বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে আন্তর্জাতিক কূটনীতির গতিবিধি এবং তৎকালীন সোভিয়েত ইউনিয়নের ভূমিকা আলোচিত হয়েছে তাঁর কোয়াইট ডিপ্লোমেসি: মেমোয়ার্স অব এ পাকিস্তানি ডিপ্লোম্যাট বইয়ে।

১৬ নভেম্বর রুটিন বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত জ্যাকব বিম আমাকে বললেন, তুমি কি জানো, তোমার প্রেসিডেন্ট (ইয়াহিয়া খান) বাংলাদেশের কতিপয় নেতার সঙ্গে আলোচনা করতে রাজি হয়েছেন, যাঁদের সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে এবং আশা করি সেই আলোচনা একটি রাজনৈতিক ফয়সালার দিকে নিয়ে যাবে। রাষ্ট্রদূত বিমকে এই নির্দেশনা দেওয়া হয়েছে যে পেছনের ঘটনাবলি সোভিয়েতদের জানানো হোক, যাতে তারা ভারতীয়দের নিবৃত্ত করে।
আমি অবশ্যই এই অগ্রগতি সম্পর্কে কিছুই জানতাম না এবং বিক্ষুব্ধ হওয়াটাও অস্বাভাবিক নয়। আমরা কী করেছি, কী করিনি সেটাই এর মাধ্যমে পরিষ্কার হলো; বিশেষ করে সরকার ও একজন রাষ্ট্রদূতের মধ্যকার যোগাযোগের বিষয়টি বিবেচনায় নিলে। বিম আমাকে জানালেন, এসব ঘটনা তিনি প্রথম উপপরাষ্ট্রমন্ত্রী কুৎজনেতভকে বলেছেন; তাঁকে দৃশ্যত আমাদের প্রতি সহানুভূতিশীল মনে হলেও দিল্লিকে নিবৃত্ত করার পরামর্শে সাড়া দেননি।
যদিও ১৯৭১ সালের ২১ নভেম্বর পূর্ব পাকিস্তানে ভারতীয় বাহিনীর অভিযান আলোচনার বিষয়টি পেছনে ফেলে দেয়। আমি নিজের উদ্যোগে তিন দিনের জন্য ইসলামাবাদে যাই পরামর্শের জন্য; সেখানে আইএসআইয়ের প্রধান জেনারেল গোলাম জিলানি খানসহ বিভিন্ন জনের সঙ্গে কয়েক দফা বৈঠক করি। জিলানি আমাকে পূর্ব পাকিস্তানের সামরিক ফয়সালার কথাই বলেছিলেন।
মস্কো ফিরে আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশীয় ডেস্কের প্রধান এ এ ফোমিনকে বিষয়টি জানাই এবং সংঘাত ছড়িয়ে পড়ার আগেই যুদ্ধবিরতি ও সেনা প্রত্যাহারের ওপর জোর দিই। কিন্তু ফোমিন ছিলেন আত্মরক্ষামূলক ও পলায়নপর। বৈঠকটিও বন্ধুত্বপূর্ণ পরিবেশে ছিল না। তিনি অবিলম্বে শেখ মুজিবুর রহমানের মুক্তি ও ঢাকায় আওয়ামী লীগের সরকার গঠনের জন্য চাপ দেন এবং পাকিস্তানের গণমাধ্যমে সোভিয়েতবিরোধী প্রচারণা ও সারা দেশে সোভিয়েতবিরোধী বিক্ষোভের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন।
যখন আমি তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ পূর্ব পাকিস্তানের ভারতীয় আগ্রাসনের বিষয়ে আলোচনায় ফিরিয়ে আনতে সক্ষম হলাম, তখন ফোমিন পাকিস্তান-ভারত সীমান্ত অত্যন্ত উত্তেজনাকর, এ কথা স্বীকার করে বললেন, সোভিয়েত ইউনিয়ন আশা করে যে পশ্চিম পাকিস্তানের সীমান্তে কোনো অঘটন ঘটবে না। আমার জবাব ছিল, আমরা আশা করি পূর্ব ও পশ্চিম উভয় সীমান্তেই শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে।
দূতাবাসে ফিরে এসেই ওয়্যারলেসের মাধ্যমে শুনতে পাই যে সীমান্তে ব্যাপক আকারে উত্তেজনা শুরু হয়ে গেছে। উপমহাদেশে যখন যুদ্ধ চলছিল, আমি নিরলসভাবে সোভিেয়ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে চলেছি। কখনো আমাকে সেখানে তলব করা হয় পাকিস্তানে সোভিয়েতবিরোধী বিক্ষোভের প্রতিবাদ জানাতে, কখনো সোভিয়েত নাগরিকদের নিরাপদে বের হয়ে যাওয়ার ব্যাপারে সহায়তার অনুরোধ করতে। আমি বলতে পারব না যে বৈঠকগুলো মধুর না তিক্ত হবে। কিন্তু সোভিয়েতরা সব সময় সৌজন্য ও সদাচরণের উঁচু মান রক্ষা করে চলতেন। যেসব বৈঠক আমার উদ্যোগে হতো, অবশ্যই রাজনৈতিক উদ্দেশ্যে, আমি চেষ্টা করতাম অন্তত সোভিয়েতদের অনমনীয় মনোভাবকে কিছুটা নমনীয় করতে। বলা বাহুল্য, আমার সেই চেষ্টা পুরোপুরি অসফল হয়েছিল। এবং সোভিয়েতদের আধিপত্যবাদী স্বার্থের কাছে আমার দেশের স্বার্থ বিকিয়ে যাওয়ায় অসহায় দর্শকের ভূমিকা নেওয়া ছাড়া আমার কিছুই করার ছিল না।
যখন পূর্ব পাকিস্তানে যুদ্ধ চালিয়ে যাওয়ার লক্ষ্যে সোভিয়েত ইউনিয়ন নিরাপত্তা পরিষদে ভেটো প্রয়োগ করল, তখন তা আমাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে তাদের ‘কুখ্যাত’ সিদ্ধান্তের কথাই মনে করিয়ে দেয়। দখলদার নাৎসি বাহিনী পুরোপুরি ধ্বংস না হওয়া পর্যন্ত লাল ফৌজ ওয়ারশতে তাদের অভিযান চালিয়ে যেতে থাকে। এ ক্ষেত্রে পোলিশ প্রতিরোধ বাহিনীর দুটি প্রধান ত্রুটি ছিল যে প্রথমত তারা মস্কোপন্থী ছিল না, দ্বিতীয়ত ওয়ারশ দখলে তারা সোভিয়েত বাহিনীকে সহায়তা করেছিল।
পূর্ব পাকিস্তানে যুদ্ধ চলাকালে আমি কানাডা, যুক্তরাষ্ট্র, চীন, যুক্তরাজ্য, তুরস্ক, ইরান, ফ্রান্স, আলজেরিয়া, আফগানিস্তান, শ্রীলঙ্কাসহ উল্লেখযোগ্য বন্ধু দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখতাম। কিন্তু তাদের পক্ষে সোভিয়েত পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো কিছু পাওয়া অসম্ভব ছিল, তাদের রক্ষণশীল ভারতপন্থী নীতির বার্তা ছাড়া। উদ্দেশ্য চরিতার্থ হয়ে যাওয়ার পর সোভিয়েতরা শান্তি রক্ষার বড় প্রবক্তা হলো, তখন তাদের মনোভাব হলো যেকোনো বিষয়ে, যে কারও সঙ্গে তারা আলোচনা করতে প্রস্তুত।
নভেম্বরের শুরুতে যখন ভারত-পাকিস্তান উত্তেজনা চরম পর্যায়ে, তখনই ভারতীয় সেনাপ্রধান জেনারেল শ্যাম ম্যানেকশ মস্কোয় আসেন। সোভিয়েত-ভারত মৈত্রী চুক্তির ৯ নম্বর ধারার আলোকে (যাতে তৃতীয় কোনো দেশ দ্বারা কোনো পক্ষ আক্রান্ত বা আক্রান্ত হওয়ার হুমকি আছে মনে করলে অন্য পক্ষের সহায়তা নেওয়ার কথা আছে) তিনি তাঁর প্রতিপক্ষের সঙ্গে আলোচনা করেন। একদিন সন্ধ্যায় ম্যানেকশ উর্দি পরা সোভিয়েত জেনারেলদের সঙ্গে নিয়ে ব্যালে দেখতে গেলেন, আমি ও আমার স্ত্রী ডায়নাও সেখানে যাই একই উদ্দেশ্যে। যেহেতু ম্যানেকশ আমাদের পারিবারিক বন্ধু, সেহেতু তাঁর সঙ্গে দেখা করার সুযোগ খুঁজছিলাম। শ্যাম আমাদের দেখে খুব উৎফুল্ল হলেন এবং আমরা একে অপরকে জড়িয়ে ধরলাম। যখন দুই দেশ যুদ্ধে লিপ্ত, তখন পাকিস্তানের রাষ্ট্রদূত ও ভারতীয় সেনাপ্রধানের এই সখ্য আমন্ত্রকদের মনোযোগ কাড়ে। যদিও আমরা কথা বলছিলাম একান্ত ব্যক্তিগত বিষয়ে এবং মাতৃভাষা গুজরাটিতে, শ্যামের হিন্দিভাষী সফরসঙ্গীরা ঠিকই তা সোভিয়েত কর্মকর্তাদের জানিয়েছেন।
পরদিন সকালে ফোমিনের সঙ্গে বৈঠকের শেষ পর্যায়ে তিনি গেল সন্ধ্যায় আমার ও শ্যামের সাক্ষাতের কথা উল্লেখ
করে জিজ্ঞেস করলেন, ‘তোমাদের মধ্যে কী কথা হয়েছে’? এবং কপট হাসি হাসলেন। আমি জবাব দিলাম, ‘তোমার বন্ধুরা কি তোমাকে বলেননি?’
পূর্ব পাকিস্তানের যুদ্ধ ও টালমাটাল অবস্থায় সোভিয়েত কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে আমাকে যথাসম্ভব তাদের মনোভাব নমনীয় করার চেষ্টা চালিয়ে যেতে হয়েছে। কিন্তু আমি যখন ক্রেমলিন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক করতে যাই, তখন টের পাই যে সেখানে আমার উপস্থিতি কতটা প্রান্তিক। ১১ ডিসেম্বর ফোমিনের সঙ্গে বৈঠককালে আমাকে ফরমান আলীর প্রস্তাব ( যুদ্ধবিরতি) সম্পর্কে জানানো হয়, যে বিষয়ে আমি তখন পর্যন্ত কিছু জানতাম না। আমি অবিলম্বে টেলিগ্রাম করে বিষয়টি মন্ত্রণালয়ে জানালাম। কিন্তু তাদের পক্ষ থেকে সাড়া মেলেনি। এরপর আমি ফোমিনের কাছ থেকে ফলোআপ রিপোর্ট পেলাম যে রাও ফরমান আলী যে প্রস্তাব দিয়েছেন, সেটি মূলত প্রেসিডেন্টের নির্দেশক্রমে। একই সময়ে আরেকটি বৈঠকে ফিরুবিন নিরাপত্তা পরিষদে পেশ করা পোলিশ প্রস্তাব সম্পর্কে আমাকে অবহিত করেন এবং এটি গ্রহণ করার সুপারিশ করেন। আমি এটি সম্পর্কেও কিছু জানতাম না বলে মতামত দিইনি। অশ্রুসজল ভাষণের পর কাগজপত্র ছিঁড়ে নিরাপত্তা পরিষদ অধিবেশন থেকে জুলফিকার আলী ভুট্টোর বেরিয়ে আসার পর অবশ্যই এই প্রস্তাবটি তীব্র বিতর্কের জন্ম দেয়।
নিরাপত্তা পরিষদকক্ষে ঢোকার আগেই পাকিস্তান প্রতিনিধিদল পোলিশ প্রস্তাবটি নাকচ করার সিদ্ধান্ত নেয়। আমার ধারণা, দুটি কারণে এই সিদ্ধান্ত সঠিক ছিল। প্রথমত, সেই উত্তেজনাকর সময়ে কারও পক্ষে ধীরস্থিরভাবে ভাবনার সুযোগ ছিল না। দ্বিতীয়ত, ভুট্টোর মতো ব্যক্তির, যঁার সাহস ও রাষ্ট্রনায়কোচিত ব্যক্ত্বিত্ব আছে, এ ধরনের প্রস্তাব নিয়ে এগোতে পারতেন। তিনি নিরাপত্তা পরিষদে যে কাগজপত্র ছিঁড়েছেন, তা পোলিশ প্রস্তাব ছিল না, ছিল তাঁর ভাষণের খসড়া বা নোট। কিন্তু সেটি করে তিনি চরম নাটকীয়তার
জন্ম দিয়েছেন।
এখন দেখা যাক খসড়া প্রস্তাবের মূল কথা কী ছিল। (জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ডকুমেন্ট এস/১০৪৫৩/রেভ,১, পোল্যান্ড; রিভাইজড ড্রাফট রেজল্যুশন, অরিজিনাল ইংলিশ, নিরাপত্তা পরিষদ ১৬১৪তম অধিবেশন, ১৫ ডিসেম্বর ১৯৭১)। এতে অবিলম্বে যুদ্ধবিরতি এবং পূর্ব পাকিস্তানে আওয়ামী লীগ সরকার প্রতিষ্ঠা ও সেনাবাহিনী প্রত্যাহার ও পশ্চিম পাকিস্তানিদের প্রত্যাবাসনের কথা বলা হলেও কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়নি। কীভাবে সেটি করা হবে তার রূপরেখাও ছিল না। এই প্রস্তাব গ্রহণ করার অর্থ হতো একটি আন্তর্জাতিক ফোরামে পাকিস্তান সরকারকে তার দেশের বৃহৎ অংশের দখলদারি আনুষ্ঠানিকভাবে মেনে নেওয়া এবং অনুমোদন করা, ইতিহাসে যার নজির নেই। যাই হোক, ১৫ ডিসেম্বর ১৭০০টায় যুদ্ধবিরতি ঘোষণা করা হয় এবং পরদিন পাকিস্তানি সেনাবাহিনী আত্মসমর্পণ করে।
অগৌরবের আত্মসমর্পণের পর ইয়াহিয়া খান ক্ষমতা ছাড়তে বাধ্য হন এবং নিউইয়র্ক থেকে উড়ে এসে ভুট্টো প্রেসিডেন্ট ও প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে শপথ নেন। স্বাভাবিকভাবেই ভারত বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় এবং সোভিয়েতদের উৎসাহে পূর্ব ইউরোপীয় কয়েকটি দেশও তাকে অনুসরণ করে। এরপর কমনওয়েলথভুক্ত কিছু দেশ বাংলাদেশকে স্বীকৃতি দিলে ভুট্টো দ্রুত তার প্রতিক্রিয়া জানান। তিনি সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেন এবং কমনওয়েলথ থেকে পাকিস্তানের সদস্যপদ প্রত্যাহার করে নেন। বাংলাদেশকে অনিবার্য স্বীকৃতি দেওয়ার কারণে সোভিয়েতের বিষয়েও ভুট্টো সেই ধরনের সিদ্ধান্ত নিতে পারতেন। কিন্তু আমি ভয়ের কারণ দেখিনি এ কারণে যে দূরদর্শী ভুট্টো সোভিয়েত ইউনিয়নের গুরুত্ব উপলব্ধি করেছেন এবং আমাদের সমস্যা সমাধানে দেশটিকে অন্তর্ভুক্ত করার উপায় ভেবেছেন। ক্ষমতা গ্রহণের পর খুব বেশি সময় না নিয়েই তিনি মস্কোর আতিথ্য গ্রহণের আগ্রহ প্রকাশ করেন।
ইংরেজি থেকে অনূদিত
কোয়াইট ডিপ্লোমেসি: মেমোয়ার্স অব অ্যান অ্যাম্বাসাডর অব পাকিস্তান, জামশেদ মার্কার, অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস, ২০১০|