
চারদিকে ঘোলা পানি থইথই করছে। মধ্যে মধ্যে কয়েকটা টিনের ঘর, কলাগাছ, শজনে কিংবা ভেন্নাগাছ নিয়ে এক-একটা মানববসতি জবুথবু ভেসে আছে। এই রকম কয়েকটা বসতি মিলিয়ে ছাড়া ছাড়া একটা গ্রাম চরখাটিয়ামারি। বগুড়া জেলার সোনাতলা উপজেলার পাকুল্লা ইউনিয়নে যমুনা নদীর এক চরের মধ্যে এই গ্রামখানা জেগে উঠেছে।
শনিবার নৌকাযোগে আমরা যখন চরখাটিয়ামারির একগুচ্ছ ঘরের উপকণ্ঠে পৌঁছাই, তখন দুপুর। আমাদের ছইবিহীন ছোট্ট নৌকাটি প্রথমে নারীদের নজরে পড়ে; তাঁরা কাদাপানি মাড়িয়ে একে একে আমাদের দিকে এগিয়ে আসেন। কিছু সময়ের মধ্যে আমাদের নৌকার চারপাশে নারী, পুরুষ ও শিশুদের ভিড় জমে উঠল। বন্যায় যে ৫৭ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সরকার ঘোষণা করেছে, এই মানুষেরা তাদেরই দলে। এঁরা নৌকায় চড়ে ভদ্রলোকেরা আসছেন দেখতে পেলেই সেদিকে ছুটে যান। কারণ, তাঁরা শুনেছেন সরকার তাঁদের জন্য ত্রাণ-সাহায্যের ব্যবস্থা করেছে।
কিন্তু কাছে এসে তাঁরা দেখতে পেলেন আমাদের নৌকায় কোনো ত্রাণ-সাহায্য নেই। নিশ্চয়ই হতাশ হলেন, কিন্তু তাঁরা আমাদের ছেড়ে চলে গেলেন না। তাঁদের সঙ্গে আমাদের আলাপ শুরু হলো।
ত্রাণ-সাহায্য পেয়েছেন কি না জানতে চাইলে এক নারী বললেন, ‘কেউ পাছে, কেউ পায়নি।’ আরেক নারী বললেন একবার ১০ কেজি চাল পেয়েছেন। সেই সঙ্গে এ–ও বললেন যে বলা হয়েছে ১০ কেজি, কিন্তু তিনি মেপে দেখেছেন ৭ কেজি। যে কজন সৌভাগ্যবান নারী ও পুরুষ ত্রাণের চাল পেয়েছেন, তাঁরা প্রত্যেকেই বললেন তাঁদেরও ওই একই অভিজ্ঞতা হয়েছে। তখন শুক্কুর আলি নামের মধ্যবয়সী এক পুরুষ বললেন, ‘বন্যাত্ হামাকের যে ক্ষতি হছে, সেই ক্ষতিপূরণ তো দিবার পাবা লয়, কিন্তু কিছু সাহায্য তো করা লাগবি, তাই দেক। কিন্তু তাও যুদি মারে খায়, তালে হামরা বাঁচি ক্যাংকা করে?’
বড়ই করুণ জিজ্ঞাসা। উত্তর দিতে পারি না। আমাদের সরকার বাহাদুর দেশকে খাদ্যে ‘স্বয়ংসম্পূর্ণ’ করেছে বলে গর্ব করে। কিন্তু এই স্বয়ংসম্পূর্ণ খাদ্যের দেশে দরিদ্র মানুষেরা কী খেয়ে জীবন ধারণ করে, সেই খোঁজ রাখে না। সরকারের হয়ে আমি চরখাটিয়ামারির মানুষগুলোকে জিজ্ঞাসা করলাম, ‘আপনারা কী খেয়ে বেঁচে আছেন?’
তাঁরা আমার প্রশ্ন শুনে এমন করুণভাবে হাসলেন, যেন লজ্জা পেয়েছেন। আমি এক নারীর মুখের দিকে সরাসরি তাকিয়ে জিজ্ঞাসা করলাম, ‘আজ আপনি কী খেয়েছেন?’
‘এত্তিকোনা পান্তা আছিল। তাই সগলি মিলে ভাগ কর্যা খাছি।’
সগলি মিলে মানে পরিবারের সবাই মিলে। তাঁর পরিবারের ছয়টা পেট। আগের রাতে আধা কেজি চাল ফুটিয়ে ভাত রান্না করেছিলেন। রাতে সবাই মিলে অর্ধেকটা খেয়েছেন, অবশিষ্ট ভাতে পানি ঢেলে রেখেছিলেন। সকালে সেই পান্তাভাত আবার সবাই ভাগ করে খেয়েছেন।
জানতে চাইলাম, ‘পান্তা খেয়েছেন কী দিয়ে?’
হেসে বললেন, ‘আলনাই খাছি, নবন দিয়ে।’ মানে শুধু নুন দিয়ে পান্তাভাত খেয়েছেন। পাশ থেকে এক মধ্যবয়সী লোক বললেন, ‘জীবনই বাঁচে না, তরকারি পামো কুন্টি? আলনাই খাওয়া লাগে।’
আরেক নারী বললেন, তাঁর পরিবার হাতে বানানো রুটিও খেয়েছে ‘আলনাই’।
এই চরখাটিয়ামারি গ্রামের ১২০টা পরিবারের প্রায় ৭০০ মানুষ এখন এভাবে শুধু নুন-ভাত খেয়ে বেঁচে আছে। এই দুরবস্থা শুধু তাদের একার নয়, সারিয়াকান্দির বিভিন্ন বন্যাদুর্গত জনপদ ঘুরেও আমি এই একই চিত্র দেখতে পেলাম। ‘খাদ্যে স্বয়ংসম্পূর্ণ’ এই দেশে ‘পর্যাপ্ত ত্রাণ-সাহায্য’ বরাদ্দকারী আমাদের সরকার বাহাদুরের কর্তাব্যক্তি ও জনপ্রতিনিধিরা সশরীরে গিয়ে খোঁজ নিয়ে দেখুন, তাঁদের ঘোষিত ২৭টি বন্যাদুর্গত এলাকার কতজন বন্যার্ত মানুষের জীবনধারণের চিত্র চরখাটিয়ামারির চেয়ে উন্নত।
চরখাটিয়ামারির মানুষেরা এবারের বন্যায় বিপর্যস্ত না হলে যতটুকু ভালো থাকতেন, সেটাকেও ভালো থাকা বলা যেত না। আমাদের নৌকা ঘিরে দাঁড়িয়ে থাকা মানুষেরা সেই দুঃখের কথাও আমাদের বললেন। তাঁদের কারও একরত্তি জমি নেই। তাঁরা ঘর তুলেছেন অন্যের জমিতে; এই অন্য মানুষেরা সোনাতলা সদরে, বগুড়া টাউনে, ঢাকায় বা অন্য কোনো শহরে কিংবা বিদেশে থাকেন। তাঁরা এই সব ভূমিহীন মানুষকে তাঁদের জমিতে বাস করতে দিয়েছেন দয়া করে। কিন্তু নির্দয় মানুষও এখানে আছেন। সে কথা জানা গেল মুখভর্তি সাদা দাড়ি–গোঁফে ঢাকা এক বৃদ্ধের কথা থেকে। তিনি এখানকারই এক জমিওয়ালার জমিতে ঘর তুলেছেন, সে জন্য তাঁকে দিতে হয়েছে ২০ হাজার টাকা। এই টাকার বিনিময়ে ওই বৃদ্ধের পরিবার ওই জমিতে বাস করতে পারবে পাঁচ বছর, পাঁচ বছরের মাথায় আবার ২০ হাজার টাকা দিতে হবে। দিতে না পারলে তাঁকে পরিবারসুদ্ধ ওই জমি থেকে ঘর তুলে নিয়ে চলে যেতে হবে। তিনি দুই বছর পার করেছেন আর তিন বছর পর ২০ হাজার টাকা কোথায় পাবেন, কীভাবে ঘর রক্ষা করবেন, সেই দুশ্চিন্তা এখনই শুরু হয়ে গেছে।
মানুষগুলোর এমন দুর্দশা আগে ছিল না। একসময় তাঁদের নিজেদের ভিটেমাটি ছিল, অনেকেরই জমিজমা ছিল। কিন্তু সবকিছু বিলীন হয়ে গেছে সর্বগ্রাসী যমুনার গর্ভে। আর এখন পরের জমিতে যেখানে ঘর তুলেছেন, সেখানেও প্রতি বর্ষায় বন্যা ছাড়াই ঘরবাড়ি ডুবে যায়, তখন তাঁদের আশ্রয় নিতে হয় উঁচু কোনো বাঁধের ওপর। সেখানেই তাঁদের সন্তানসন্ততি ও গরু-ছাগল নিয়ে দু-তিন মাস মানবেতর জীবনযাপন করতে হয়।
যদি ঘর ছাড়তে না–ও হয়, তবু বর্ষায় জীবন বড় কষ্টের। এক নারী বললেন, ‘পানিত পচা লাগে।’ হাতের হাড্ডিসার আঙুলগুলো ফাঁক করে চারদিকে মেলে ধরে দেখালেন: আঙুলের ফাঁকে ফাঁকে ঘা। তাঁর দেখাদেখি অন্যরাও হাতের আঙুলগুলো মেলে ধরলেন।
‘আপনাদের অসুখ-বিসুখ হলে চিকিৎসা করান কোথায়?’ আমি জিজ্ঞাসা করি। এক নারী বলেন, ‘বড়ি কিনে আনে খাই।’
‘স্বাস্থ্যকেন্দ্রে যান না?’
‘আর যাই না। গেলে কয় অষুধ নাই, যাও, শ্যাষ হয় গেছে। আর যদি অষুধ থাকে, তালে কয় ট্যাকা বার করো।’
‘বাচ্চাদের অসুখ হলে কী করেন?’
‘বড়ি খিলাই। শুতে থাকতে থাকতে ভালো হয়া যায়।’
কথায় কথায় জানা গেল, শুকনো মৌসুমে চোর-ডাকাতের উপদ্রব বেড়ে যায়। গরু-ছাগল চুরি হয় খুব বেশি। বৃদ্ধ শুক্কুর আলী বললেন, ‘হামাকেরে কোনো মৌসুমেই শান্তি না। গরমকালে গরমের অত্যাচারে ঘুমাতে পারি না, রাত্রে উঠে বসে থাকা নাগে।’
আমাদের নৌকার চারপাশে ঘিরে থাকা শিশুদের সঙ্গে কথা বলে জানতে পাই, তারা স্কুলে যায়, যদিও স্কুলটা দূরে। তাদের নামগুলো সুন্দর: শিমুলি, শারমিন, ছিফাতবাবু, সুমন, সিয়াম, হাইবা (হাবিবা), শাকিলবাবু, মুনিরুল, জাহিদা, মমতাজ, জুঁইফুল, সাথিমণি...। তারা কিংবা তাদের মা-বাবারা আমাদের তাদের নামগুলো বলেন বেশ উৎসাহের সঙ্গে। কারণ, তাঁরা দেখতে পাচ্ছিলেন, আমি তাদের নামগুলো আমার নোটবুকে লিখে নিচ্ছিলাম। তাঁরা ভেবেছিলেন, যাদের নাম লেখা হচ্ছে তারা সাহায্য পাবে।
কিন্তু আমরা যখন বললাম, আমরা তো আপনাদের সাহায্য দিতে পারব না, তখন একাধিক নারী বলে উঠলেন, ‘নাগব না, নাগব না। আল্লার কাছে দোয়া করি, আপনারা ভালো থাকেন।’
বলি, ‘সরকারের কাছে আপনারা কিছু চান না? আপনাদের জন্য আমরা সরকারকে কী বলব? কী চাইব?’
এক পুরুষ বললেন, ‘প্রতিবছর হামাকের ঘরবাড়ি ডুবে যায়, এটাই তো বড় সমস্যা।’
সঙ্গে তিন-চারজন সমস্বরে বলে উঠলেন, ‘হয় হয়, ঘরবাড়ি ডুবে যায়।’
আগের জন বললেন, ‘হামরা এই সমস্যার সমাধান চাই, কিন্তু পাই না তো।’
আরেকজন বললেন, ‘হামরা প্রত্যেক বছর মরি, আবার বাঁচে উটি। এই বাঁচা-মরা বড়ই কষ্টের। হামরা এডার সমাধান চাই।’
মশিউল আলম: সাহিত্যিক ও সাংবাদিক।