আমের আপন গন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তত দিনে আমাদের চুপি চুপি কাঁচা আম খাওয়ার দিন শেষ। এবার টসটসে পাকা আম চাই। চোখ সব সময় আমগাছের পাতায় পাতায়। গাছে গাছে নানা স্বাদের নানা আকৃতির আম ঝুলছে। কোন গাছটির আম কখন পাকবে, কোন আমে পোকা আছে, কোনটা বেশি টক, কোনটা মিষ্টি—সে খবর আমাদের ভালোই জানা। আবার এ খবরও আমরা জানতাম, কোন গাছের আমগুলোর বোঁটা নরম। সামান্য বাতাসেই টুপটাপ ঝরে পড়বে গাছতলায়। শুধু কি তাই, স্কুল থেকে ফেরার পথে যতগুলো আমগাছ আছে, সবগুলোর স্বাদই আমাদের জানা। পথের ধারের আমগাছগুলোর এক মাসের মালিকানা আমাদেরই থাকত। আম-কাঁঠালের মৌসুমটা এভাবেই কেটে যেত আমাদের।সারা দেশে আমগাছ যতটা সহজলভ্য, লিচু ততটা নয়। স্বাদের দিক থেকেও আম অতি উঁচু মানের। এ কারণেই সেই প্রাচীনকাল থেকেই আম জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। উৎপাদনের দিক থেকে আমরা একেবারে ভালো কোনো অবস্থানে না থাকলেও আমাদের গ্রামের আমগুলো আদর্শ শ্রেণীর। এ আমের সঙ্গে আমাদের নাড়ির যোগাযোগ। আমরা এসব আম খেয়েই বড় হয়েছি। শহরে হরেক রকম আম আমাদের খুব একটা মন ভরাতে পারে না। আহা, গ্রামের সেই আমগুলোর স্বাদ, গন্ধ! এমন দিনে আম্মা আম কাটতে বসতেন। আমরা তাঁর চারপাশ ঘিরে বসতাম। আম চুষে খেতে গিয়ে কত দিন ভেতরের পোকা খেয়েছি, তার ঠিক নেই। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, আম মুখে পুরেই আমরা বলে দিতে পারতাম, কোন আমটা কোন গাছের। রসুই ঘরের পাশের গাছটির আম খেতে কেমন কিংবা ঘরের পেছনের বা পুকুরপাড়ের আমগুলোর স্বাদ-গন্ধ কেমন। এমনকি কোন কোন আম দুধের সঙ্গে খাওয়া যাবে, এসবও। আমাদের ঘরের পেছনে একটি অল্পবয়সী আমগাছ ছিল। বয়স কম হলেও আমগুলো বরাবরই আমাদের নাগালের বাইরে থাকত। এ গাছটির আম পাকার সময়টা এখনো স্পষ্ট মনে পড়ে। জ্যৈষ্ঠ মাসের শেষভাগ থেকে দু-একটি করে পাকতে শুরু করত। গাছের নিচে ঢালু জায়গায় নালার মধ্যে বৃষ্টির টলটলে পানি জমে থাকত। সেখানেই ঝরে পড়ত আমগুলো। আমরা সেখান থেকে কুড়াতাম। গাছের নিচে দাঁড়ালে স্বচ্ছ পানিতে স্পষ্ট দেখা যেত। অপূর্ব তার রং। এমন স্নিগ্ধ সোনারঙের আম আমি আর কোথাও দেখিনি। নিশ্চিত করে বলা যায়, যাঁদের ছেলেবেলা কেটেছে গ্রামে, এই শহুরে আম কখনোই তাঁদের মন ভরাতে পারে না। কয়েক বছর আগের কথা। বৈশাখ মাস শেষ হবে হবে করছে। আমার এক বন্ধু আর আমি রিকশায় চেপে মতিঝিল যাচ্ছি। হঠাৎ করেই আমার বন্ধু রিকশা থামাল। তারপর তড়িঘড়ি করে নেমে ফুটপাতের দিকে ছুটল। আমিও গেলাম তার পিছু পিছু। ভেবেছিলাম, হয়তো কোনো জরুরি বিষয়। কিন্তু আশ্চর্য হয়ে লক্ষ করি, ওর এ ছোটাছুটি শুধু আম কেনার জন্য। দুই টুকরি আম নিয়ে ফুটপাতে বসেছে এক মাঝবয়সী বিক্রেতা। আমগুলো সব লোকাল। মানে বিশেষ কোনো জাতের আম নয়। গ্রামে স্বাভাবিকভাবে যেসব আম হয়, সেগুলো। টক বা বিস্বাদ হবে ভেবে আমি ঢাকা থেকে কখনো এ আম কিনিনি। সেদিন সিদ্ধান্ত পাল্টালাম। ওর দেখাদেখি আমিও কিছু আম কিনলাম। বন্ধু হেসে বলল, খেয়ে দেখিস, অন্য রকম মজা পাবি। বাসায় গিয়ে খেয়ে দেখি, সত্যি সত্যি অন্য রকম মজা। বিচিত্র ঘ্রাণ! খেতে খেতে আমার শৈশব এসে উপস্থিত। ছেলেবেলায় বাড়িতে যেসব আম খেয়েছি, হুবহু সে সব আমের গন্ধ। সত্যি মন ভরে গেল। অনেক কিছু হারিয়ে গেলেও গ্রীষ্মের ছুটি এখনো টিকে আছে। তবে আগের মতো আর প্রাণময় নয়। তখন এ ছুটি মানেই নানাবাড়ি বেড়াতে যাওয়ার এক অপূর্ব সুযোগ। আমাদের ছেলেবেলা তো বেশি দিন আগের কথা নয়। এই তো সে দিনের কথা। তখন গ্রীষ্মের ছুটিকে কেন্দ্র করে আমাদের মধ্যে একধরনের বিশেষ আনন্দ কাজ করত। কখন ছুটি হবে, কখন বেড়াতে যাব। নিজের বাড়িতে যতই আম খাই, নানাবাড়িতে না খেলে অতৃপ্তি থেকে যায়। নানাবাড়িতে কাচারি ঘরের সামনে একটা বিশাল শিমুলগাছ ছিল। এত বড় শিমুলগাছ আমি কোথাও দেখিনি। তখনো বিটিভির উপকেন্দ্রগুলো হয়নি। ভালো ফ্রিকোয়েন্সির জন্য ওই গাছের ওপরে টেলিভিশনের অ্যান্টেনা লাগানো হতো। তখন সাদা-কালো টেলিভিশনের যুগ। বিটিভিই একমাত্র ভরসা। যতদূর মনে পড়ে, প্রতি মঙ্গলবার রাতে মালা শাড়ির স্পন্সরে বিশেষ নাটক হতো। আশপাশের অনেকেই আসত নাটক দেখতে। টেলিভিশনটা ঘুরিয়ে দেওয়া হতো উঠানের দিকে। যা-ই হোক, সে শিমুলগাছটির গোড়ায় একটি মাঝারি আকৃতির আমগাছ ছিল। এ আমে কোনো পোকা হতো না। পাকা আমগুলোও দেখতে কালচে রঙের ছিল। দেখে মনে হতো, এখনো পাকেনি! কিন্তু আমগুলো যেমন সুগন্ধি, তেমনি মিষ্টি। নানা গোটা মৌসুম এ আম দুধ দিয়ে খেতেন। আমরাও সে আম-দুধ-ভাতের কিঞ্চিৎ ভাগ পেতাম। নানা সব সময় খাটে বসে খেতেন। আমরা দুধভাত খাবার সময় খাটের সামনে জলচৌকি দিয়ে দাঁড়াতাম। তখন তিনি আম-দুধ মেশানো ভাত আমাদের মুখে পুরে দিতেন। মাত্র ৩০ বছরের ব্যবধানে সেই শিমুলগাছ আর আমগাছ স্মৃতি হয়েই বেঁচে আছে।এখন বাজারে কত বিচিত্র আমের ছড়াছড়ি। ল্যাংড়া, চৌসা, কোহিতুর, লক্ষ্মণভোগ, হিমসাগর, আম্রফালি, ক্ষিরসাপাতি—আরও কত কী। অবশ্য আমের বিচিত্রতায় এ অঞ্চল অনেক আগে থেকেই সমৃদ্ধ। মোগল শাসকদের কোনো এক হর্টিকালচারিস্ট আমের শতাধিক ভ্যারাইটি উদ্ভাবন করেছিলেন। কালক্রমে এসব আম এ উপমহাদেশসহ পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে পড়েছে। দিন যত গড়াবে, ততই আরও নতুন নতুন আবাদিত জাত আবিষ্কৃত হতে থাকবে। কিন্তু আমার ঘরের কাছের আমগুলোই সব সময় প্রিয় হয়ে থাকবে।