হামলা হয়েছে গণতন্ত্রের ওপর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যাপিটল ভবনের সামনে নিরাপত্তা বাহিনীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের হাঙ্গামা

যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের সন্ত্রাসী হামলার নজিরবিহীন ঘটনা সত্ত্বেও প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের বিজয় কংগ্রেস সত্যায়ন করেছে, মন্ত্রিসভার সদস্যরা সংবিধানের ২৫ সংশোধনী ব্যবহার করে ট্রাম্পকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার কথা বিবেচনা করছেন, সিনেটে ডেমোক্রেটিক পার্টির সবচেয়ে শীর্ষ নেতা চাক শুমার এর প্রতি সমর্থন জানিয়েছেন, আবারও ইমপিচমেন্টের কথা উঠেছে এবং স্পিকার ন্যান্সি পেলোসি বলেছেন, মন্ত্রিসভা তাঁকে প্রেসিডেন্ট পদ থেকে না সরালে তিনি ইমপিচমেন্টের প্রক্রিয়া শুরু করবেন, মন্ত্রিসভার সদস্য ও হোয়াইট হাউসের অনেক কর্মকর্তা পদত্যাগ করেছেন, রিপাবলিকান দলের নেতাদের একাংশ সহিংসতায় উসকানি দেওয়ার জন্য ট্রাম্পকে অভিযুক্ত করেছেন এবং যুক্তরাষ্ট্রে ট্রাম্পের সমালোচনার ঝড় উঠেছে। এই প্রেক্ষাপটেই প্রেসিডেন্ট ট্রাম্প নিয়মতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় এক ভিডিও বার্তায় একেবারে উল্টো সুর শোনা গেছে। কার্যত পরাজয় মেনে নেওয়ার ঘোষণা দিয়ে ট্রাম্প বলেছেন, ২০ জানুয়ারি নতুন প্রশাসন দায়িত্ব নেবে এবং কংগ্রেস ভবনে হামলাকারীদের তিনি এই বলে সতর্ক করেছেন, যাঁরা আইন ভেঙেছেন, তাঁদের বিচার হবে।

কিন্তু গণতন্ত্রের ওপর যে নগ্ন হামলা হয়েছে, তার কি শেষ হয়েছে? বিরূপ প্রতিক্রিয়া ও সমালোচনার মুখে নিয়মতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি কি কেবল কালক্ষেপণের চেষ্টা? এসব ঘটনার প্রভাব এ দেশের রাজনীতি এবং বিশ্বে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তির ওপর কতটা পড়বে?

এই অগণতান্ত্রিক ও সহিংস মানসিকতা যেহেতু রিপাবলিকান দলকে আশ্রয় করে লালিত-পালিত হচ্ছে, সেহেতু তা সহজেই উধাও হয়ে যাবে না।

বুধবারের ঘটনার দীর্ঘমেয়াদি প্রভাব যুক্তরাষ্ট্রের ভেতরের রাজনীতি ও আন্তর্জাতিক ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের মর্যাদার জন্য নেতিবাচক। দেশের রাজনীতির জন্য নেতিবাচক এই কারণে, চার বছর ধরে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে যে বিষোদ্‌গার করা হয়েছে, ট্রাম্পের সমর্থকদের মধ্যে যে ধারণা তৈরি করা হয়েছে যে চারদিকে তাঁদের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র হচ্ছে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে তাঁদের যেভাবে ক্ষুব্ধ করে তোলা হয়েছে এবং সহিষ্ণুতার সংস্কৃতি পদদলিত করে যেভাবে বিভক্তির মানসিকতা ছড়িয়ে দেওয়া হয়েছে, সেগুলো গণতন্ত্রের জন্য হুমকি। এখন তা আরও সহিংস হয়ে উঠছে।

এই অগণতান্ত্রিক ও সহিংস মানসিকতা যেহেতু রিপাবলিকান দলকে আশ্রয় করে লালিত-পালিত হচ্ছে, সেহেতু তা সহজেই উধাও হয়ে যাবে না। রিপাবলিকান পার্টি এর বিরুদ্ধে অবস্থান নিতে পারবে, এমন লক্ষণও দেখা যাচ্ছে না। কেননা, দলের নেতাদের মধ্যে যেমন আদর্শিকভাবে ট্রাম্পের প্রতি সমর্থন রয়েছে, তেমনি রয়েছে ট্রাম্পের বিরোধিতা করলে আগামী নির্বাচনে পরাজিত হওয়ার ভয়। দলের নেতারা এই দক্ষিণপন্থী উগ্রবাদিতার বিরুদ্ধে শক্তিশালী অবস্থা নেবেন কি না, সেটাই নির্ভর করবে আগামী দিনে গণতন্ত্রবিরোধী এই প্রবণতা অব্যাহত থাকবে কি না। বুধবারের পর দলের মধ্যে ট্রাম্পের সমালোচনা হলেও এ ক্ষেত্রে দলের যে বিচ্যুতি, সেটা আলোচনায় জায়গা পায়নি। প্রতিনিধি পরিষদে একটি আপত্তি ভোটে ১২১ জন এবং আরেকটিতে ১৩৮ রিপাবলিকান সদস্যের সমর্থন থেকে বোঝা যায়, দলের এক বড় অংশ এখনো এই মিথ্যাকেই সত্য বলে মনে করে। এটা উদ্বেগের বিষয়।

ট্রাম্পের ক্ষমতার কালে উগ্র দক্ষিণপন্থী সহিংস শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী সংগঠনগুলো বিকশিত হয়েছে, যেমন কিউ আনন ও পাউড বয়েজ। ট্রাম্প ক্ষমতা ছাড়ার পর তারা তাঁর নির্দেশের অপেক্ষায় থাকবে, নাকি আরও বেশি নৈরাজ্যবাদী ও সন্ত্রাসী আচরণ করবে, তা নিশ্চিত করে বলা যায় না। ট্রাম্প রাজনীতির মঞ্চ থেকে সরে যাবেন না। তাঁর দীর্ঘ ছায়া রিপাবলিকান পার্টির ভেতর থাকবে। তাঁর লিগ্যাসি যা টিকে থাকবে, তার একটা বড় অধ্যায় হবে এই সহিংসতা, যাকে অভ্যন্তরীণ সন্ত্রাসবাদ বলেই বর্ণনা করা হচ্ছে।

কিন্তু এটা শুধু রিপাবলিকান পার্টির চ্যালেঞ্জ নয়, দেশ শাসনেরও চ্যালেঞ্জ; সেই অর্থে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের চ্যালেঞ্জ। রাজনীতির বাইরে সিভিল সোসাইটি ও গণমাধ্যম এই চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত কি না, সেটার ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ পথরেখা নির্ভর করবে। অতীতে কিছু গণমাধ্যমের ভূমিকা এই বিষয়ে নেতিবাচক। তদুপরি রয়েছে সামাজিক মাধ্যম।

চার বছর ধরে ‘আমেরিকা ফার্স্ট’ এবং ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’ বলে ট্রাম্প যুক্তরাষ্ট্রকে বিশ্ব সম্প্রদায় থেকে বিচ্ছিন্ন করে ফেলেছেন। যুক্তরাষ্ট্র তার মিত্রদের কাছে এখন আর নির্ভরযোগ্য বলে বিবেচিত হয় না। দেশের ভেতরে অগণতান্ত্রিক আচরণ যুক্তরাষ্ট্রকে এখন আর গণতন্ত্রের রক্ষাকারী বা প্রচারকের জায়গায় রাখবে কি না, সেটা সম্ভবত সবচেয়ে বেশি আলোচিত বিষয়। কিন্তু চার বছরে আন্তর্জাতিক পরিসরে যুক্তরাষ্ট্র যতটা না ক্ষতিগ্রস্ত হয়েছে, তার চেয়ে বেশি হয়েছে বুধবারের এই সন্ত্রাসী তৎপরতায়। এই ঘটনা গণতন্ত্রচর্চায় যুক্তরাষ্ট্রের ব্যর্থতা তুলে ধরেছে। তার ফলে প্রশ্ন উঠছে, যুক্তরাষ্ট্র আর অন্যদের গণতন্ত্রের আদর্শ ও চর্চার কথা বলতে পারে কি না।

এই হামলা কেবল কংগ্রেস ভবনে হয়নি, হয়েছে আদর্শ হিসেবে গণতন্ত্রের ওপরও।

আদর্শিকভাবে চীন ও রাশিয়া গণতন্ত্রের বিকল্প কর্তৃত্ববাদী শাসনের যে মডেল প্রচার করছে, তার জন্য আরও বেশি যুক্তি তৈরি হলো। দেশে দেশে কর্তৃত্ববাদীরা তাঁদের অগণতান্ত্রিক আচরণ ও আদর্শকে বৈধতা দেওয়ার সুযোগ নেবেন। কংগ্রেস ভবনে হামলার এই ছবি তাঁরা অবশ্যই ব্যবহার করবেন। এই নেতিবাচক জায়গা থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে এনে আগের মর্যাদায় প্রতিষ্ঠা করার কাজ, যা বাইডেন প্রশাসনের একটি বড় লক্ষ্য, তাকে ট্রাম্প আরও দুরূহ করে তুললেন। ট্রাম্পের ক্ষমতা থেকে যাওয়ার আগে এটা বাইডেনকে দেওয়া একটা বড় উপহার।

উদার গণতান্ত্রিক পশ্চিমা বিশ্বের জন্য এই ঘটনার বড় শিক্ষা হচ্ছে যুক্তরাষ্ট্রে যদি এমন ঘটনা সম্ভব হয়, তবে তা যেকোনো দেশেই সম্ভব। সে কারণে বিশ্বের অন্যান্য গণতান্ত্রিক দেশের নেতারা এই ঘটনার অকুণ্ঠ নিন্দা জানিয়েছেন। এই হামলা কেবল কংগ্রেস ভবনে হয়নি, হয়েছে আদর্শ হিসেবে গণতন্ত্রের ওপরও। সবার উদ্বেগের বিষয় হচ্ছে, ইতিমধ্যে বিশ্বজুড়ে গণতন্ত্রের ক্ষয়, সর্বনাশা মেরুকরণ, অর্থনৈতিক সংকট এবং করোনাভাইরাসকে কেন্দ্র করে সরকারের ওপর ক্রমবর্ধমান আস্থাহীনতার প্রেক্ষাপটে এই ঘটনা ঘটল।

যুক্তরাষ্ট্র এখন আর গণতন্ত্রের কথা বলতে পারে কি না, এই প্রশ্ন যাঁরা তুলছেন, তাঁরা আশা করি বিস্মৃত হবেন না যে চার বছর ধরে ট্রাম্পের স্বৈরাচারী আচরণের মুখে সাধারণ মানুষের প্রতিবাদ বহাল থেকেছে, সংবাদমাধ্যমগুলো স্বাধীনভাবে তাঁর মুখোশ খুলে ধরেছে, নাগরিকেরা ভোট দিয়ে নিজেদের পছন্দের প্রকাশ ঘটাতে পেরেছেন, নির্বাচনের বৈধতা নিয়ে মিথ্যা মামলা আদালতগুলো খারিজ করে দিয়েছেন এবং কংগ্রেস জনগণের দেওয়া রায়ের পক্ষেই অবস্থান নিয়েছে। আরও বড় বিষয় হচ্ছে যুক্তরাষ্ট্রে গণতন্ত্র সংকটে পড়েছে—এটা অন্যান্য দেশে গণতন্ত্রহীনতার যুক্তি হতে পারে না। যুক্তরাষ্ট্র গণতন্ত্রের পক্ষে বলবে কি না, সেটার ওপর কোনো দেশের গণতন্ত্র বা মৌলিক নাগরিক অধিকারের প্রশ্ন নির্ভর করা ইতিবাচক লক্ষণ নয়। আর যাঁরা যুক্তরাষ্ট্রে গণতন্ত্রের সংকট নিয়ে কথা বলছেন, তাঁদের একাংশের ক্ষেত্রে এর কারণটা গণতন্ত্রের প্রতি মমত্ববোধ নয়, কর্তৃত্ববাদের প্রতি তাঁদের সমর্থনকে জায়েজ করার চেষ্টা।

আলী রীয়াজ যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের ডিস্টিংগুইশড প্রফেসর, আটলান্টিক কাউন্সিলের অনাবাসিক সিনিয়র ফেলো এবং আমেরিকান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের প্রেসিডেন্ট।