আমেরিকা, নির্বাচনের ফল মানতে শেখো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনে একদল হারবে, একদল জিতবে, এটাই নিয়ম। তুমি যাকে ভোট দিয়েছ, তাকে যোগ্য ভেবেই ভোট দিয়েছ; অন্যরা যাকে ভোট দিয়েছে, তারাও তাকে যোগ্য ভেবেছে বলেই দিয়েছে; তোমার মতটা যদি গুরুত্বপূর্ণ হয়, তাহলে ওর মতটাও গুরুত্বপূর্ণ। তুমি নিজেকে শিক্ষিত ভাবছ, আধুনিক ভাবছ, আদর্শবান ভাবছ; তুমি ভাবছ ও অশিক্ষিত, ও গণতন্ত্র বোঝে না, মহান আমেরিকার মৌলিক মূল্যবোধ বোঝে না, ওর ভোটের দাম কেন আমার ভোটের দামের সমান হবে, আমার ভোটের মূল্য ওর চেয়ে বেশি হওয়া উচিত, এটাই অগণতান্ত্রিক মানসিকতা, হে (ই) আমেরিকা, অন্যের মতকে শ্রদ্ধা করতে শেখো। ভোটের ফল মেনে নাও।
ব্যালট-যুদ্ধে হেরে গিয়ে রাজপথে জিতে ফয়সালা করতে যেয়ো না। মোটের ওপর ভোট বেশি পেয়েছেন হিলারি, তা পেতেই পারেন, তোমাকে আইনের শাসন মেনে নিতে হবে, তুমি নিয়ম করেছ ২৭০টা ইলেক্টোরাল ভোট যে পাবে সে-ই জিতবে, এটা এখন তোমাকে মেনে নিতে হবে। আমাদের বাংলাদেশে এ রকম হয়েছে তো, একটা দল সংসদে বেশি আসন পেয়েছে, কিন্তু মোটের ওপরে ভোট পেয়েছে কম, কিন্তু আমরা তার হাতে ক্ষমতা তুলে দিতে কোনো রকমের গড়িমসি করিনি তো। বরং আমরা দেখেছি, আমাদের দিক থেকে কী ভুল হয়েছে যে জনগণ আমাদের ভোট দিল না। পরে আমরা নিজেদের সংশোধন করেছি, এবং জনগণের দুয়ারে গেছি, বেশি আসন পেয়েছি, ক্ষমতার হাতবদল ঘটেছে। তোমরাও তা-ই করো।
আর ভাবিয়া করিয়ো কাজ, করিয়া ভাবিয়ো না। ধরেই নিয়েছিলে, হিলারি ভোটে জিতে গেছেন। কেন ধরতে গেলে? আমার এক খালা আছেন, তিনি তাঁর যদি জ্বর আসি আসি করে, ঠান্ডা লাগে, আশপাশের সবাইকে গরম কাপড় পরিয়ে দেন। আমরা যত হাত-পা ছুড়তে থাকি, খালা খালা, আমার গরম লাগছে, তিনি বুঝবেন না, তিনি বলবেন, না না, আজ ভারী ঠান্ডা পড়েছে, খুব শীত, শীতের কাপড় পর। আমেরিকার জরিপকারী প্রতিষ্ঠানগুলো, এবং সব কটা গণমাধ্যম নিজেরা ভেবেছে ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার যোগ্য নন, তাঁকে কেন লোকে ভোট দেবে; তাই তারা ভেবেছে, ভোটাররাও সবাই তা-ই ভাবছে, কাজেই ট্রাম্প প্রেসিডেন্ট পদে নির্বাচিত হবেন, তা কী করে হয়! হ্যালো, আমেরিকান গণমাধ্যম, হ্যালো নিউইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, সিএনএন, দয়া করে নিজের মতটাকেই মানুষের মত বলে ভাববে না, প্রচার করবে না। আমরা কেউই অন্তর্যামী নই, সিএনএনও নয়।
আমেরিকা, আপনারা গা ঝাড়া দিন। হাসুন। এরই মধ্যে ট্রাম্প জোকস দিয়ে ইন্টারনেট ভরে গেছে। রোজ অসংখ্য
ট্রাম্প জোকস তৈরি হবে। পৃথিবীর মানুষ হাসবে। মানুষকে হাসানো মহৎ কাজ। হাসলে স্বাস্থ্য ভালো থাকে। লাফটার ইজ দ্য বেস্ট মেডিসিন।
আপনাদের একটা পুরোনো কৌতুক মনে করিয়ে দিই।
একবার সিএনএনের সংবাদদাতা গেছেন একটা রেড ইন্ডিয়ান শিবিরে। গিয়ে দেখতে পেলেন, রেড ইন্ডিয়ানরা শীতের প্রস্তুতি নিচ্ছে ব্যাপকভাবে। তারা গাছের ডাল সংগ্রহ করছে।
সিএনএনের সংবাদদাতা ফোন করলেন তাঁর অফিসে। আবহাওয়ার খবর আছে। এবার শীত পড়বে বেশি। রেড ইন্ডিয়ানরা শুকনো কাঠ জমা করছে।
সিএনএন তাদের আবহাওয়ার পূর্বাভাসে বলল, এবার খুব বেশি শীত পড়বে। এরপর ওই সংবাদদাতা দেখতে পেলেন, রেড ইন্ডিয়ানরা মরিয়া হয়ে শীতের প্রস্তুতি নিচ্ছে। তারা তাদের ঘরবাড়ি নিশ্ছিদ্র করছে। আরও বেশি করে কাঠ কাটছে।
সিএনএনের সংবাদদাতা ফোন করলেন। হ্যালো, হেড অফিস, আবহাওয়ার খবর আছে। এবার শীত পড়বে স্মরণকালের মধ্যে সবচেয়ে বেশি।
এরপর আবার সংবাদদাতা লক্ষ করলেন রেড ইন্ডিয়ানদের প্রস্তুতি। রেড ইন্ডিয়ানদের সরদার সবাইকে ডেকে বলছেন, সব কাজকর্ম স্থগিত। শীতের প্রস্তুতি নাও। আর কোনো কাজ করতে হবে না। কাঠ কাটো। হিটার বানাও।
সিএনএন শীতের ব্যাপারে লাল সংকেত জারি করল।
সংবাদদাতা গিয়ে দেখলেন, রেড ইন্ডিয়ানরা শীতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। রেড অ্যালার্ট। সংবাদদাতা বললেন সরদারকে, আচ্ছা, আপনারা কী করে বোঝেন যে এবার শীত বেশি পড়বে।
সরদার বললেন, আমার বাড়িতে টেলিভিশন আছে। আমি সিএনএনে আবহাওয়ার খবর দেখি। দেখে এসে আমার মানুষদের বলি প্রস্তুতি কেমন হওয়া উচিত।
সারা পৃথিবীতে এটাই প্রচলিত আছে। শীতের প্রস্তুতি কেমন হওয়া উচিত, তা বলে দেবে গণমাধ্যম।
কিন্তু কোনো গণমাধ্যমই নির্ধারণ করে দিতে পারে না, এবার শীত না পড়ে গরম পড়ুক। বা গরমের বদলে এবার নাহয় একটু ঠান্ডা বেশি দিয়ে দেব।
ওটা নিয়ন্ত্রণের ক্ষমতা গণমাধ্যমের নেই।
তেমনি মানুষ কাকে ভোট দেবে না–দেবে, সেটা নিয়ন্ত্রণ করার ক্ষমতাও অন্তত আজকের আমেরিকায় গণমাধ্যমের নেই। মানুষ আসলে কী চায়, তা বুঝতে যে গণমাধ্যম ব্যর্থ হলো, সেই ব্যর্থতা অবশ্যই গণমাধ্যমকর্মীদের স্বীকার করে নিতে হবে।
নির্বাচনের ফল মেনে নিতে না পারা আমেরিকান বন্ধুদের উদ্দেশে বাংলা ভাষার কবি রবীন্দ্রনাথের কবিতা নিবেদন করি:
মনেরে আজ কহ যে,
ভালো মন্দ যাহাই আসুক
সত্যেরে লও সহজে।
... ... ...

আকাশ তবু সুনীল থাকে,
মধুর ঠেকে ভোরের আলো,
মরণ এলে হঠাৎ দেখি
মরার চেয়ে বাঁচাই ভালো।
যাহার লাগি চক্ষু বুজে
বহিয়ে দিলাম অশ্রুসাগর
তাহারে বাদ দিয়েও দেখি
বিশ্বভুবন মস্ত ডাগর।
হিলারি হোন, আর যিনিই হোন, যাঁর জন্য কেঁদেকেটে অশ্রুসাগর বইয়ে দিচ্ছ হে আমেরিকা, তাঁকে ছাড়াও দেখবে আকাশ, তবে নীল আকাশ নীল থাকবে, রোদ জোছনা মধুর থাকবে।
তবে একটা কিন্তু আছে। আকাশ সুনীল থাকতে হবে। ভোরের আলো মধুর হতে হবে। ট্রাম্প নাকি জলবায়ু তহবিলে আর কোনো টাকা দেবেন না। আমেরিকা আগেও এই তহবিলে টাকা দিতে ফাঁকি দিয়েছে। আকাশ কার্বনে ঢেকে সূর্যের আলোতে আলট্রা ভায়োলেট রশ্মি ভরে দিয়ে তো ভালো থাকা যাবে না।
সেটা হলে আবার রবীন্দ্রনাথকেই স্মরণ ও শরণ করতে হয়—
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো।
আনিসুল হক: সাহিত্যিক ও সাংবাদিক।