২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি সকালে ঢাকার পিলখানায় বিডিআর সদর দপ্তরে যে সহিংস বিদ্রোহ শুরু হয়, বিডিআরে দায়িত্বরত ৫৭ জন সেনা অফিসারসহ মোট ৭৪ জন মানুষের প্রাণহানির পর সে বিদ্রোহের অবসান ঘটে পরদিন ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যায়। ঢাকার তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি ২৭ ফেব্রুয়ারি পাঠানো এক গোপনীয় তারবার্তায় এ প্রসঙ্গে লিখেছেন: ‘২৬ ফেব্রুয়ারি শেখ হাসিনা জাতির উদ্দেশে এক টেলিভিশন ভাষণে আধাসামরিক বাহিনী বাংলাদেশ রাইফেলসের বিদ্রোহী জওয়ানেরা আত্মসমর্পণ না করলে তাদের বিরুদ্ধে শক্তি প্রয়োগের হুমকি দিলে বিডিআরের মধ্যকার সামরিক অফিসারদের বিরুদ্ধে জওয়ানদের সক্রিয় বিদ্রোহের অবসান ঘটে।...’২৭ ফেব্রুয়ারি বিকেল পাঁচটা পর্যন্ত ঘটনাবলি পর্যবেক্ষণ করে রাষ্ট্রদূত মরিয়ার্টির মনে হয়েছে, ‘রাজনৈতিক নেতৃবৃন্দ ও সামরিক বাহিনী এমন পরিপক্বতা ও গণতান্ত্রিক রীতিনীতির প্রতি শ্রদ্ধা বজায় রেখে বিদ্রোহ মোকাবিলা করতে সক্ষম হয়েছেন, যেমনটি বাংলাদেশে সচরাচর দেখা যায় না।’ কিন্তু সেনাবাহিনীর ভেতরে প্রচণ্ড আবেগ, সরকার ও ক্ষমতাসীন দলের নেতাদের প্রতি সেনা অফিসারদের ক্রোধ প্রকাশের খবর রাষ্ট্রদূতকে উদ্বিগ্ন করে তোলে। তিনি সেদিনের তারবার্তায় লিখেছেন, সেনাবাহিনী এ পর্যন্ত যে ধৈর্য, সংযম ও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে, সেটা যেন অব্যাহত থাকে, বিদ্রোহীদের ওপর সহিংস প্রতিশোধ যেন না ঘটে, সেটা নিশ্চিত করা সে-মুহূর্তের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। রাষ্ট্রদূত মরিয়ার্টি তাঁর সদর দপ্তরকে লিখেছেন: ‘দূতাবাস এখন মনোযোগ নিবদ্ধ করছে সামরিক বাহিনীর দিকে, এটা নিশ্চিত করতে যে তাদের অনেক অফিসারকে হত্যা করা হয়েছে, এমন একটি বিদ্রোহের প্রতিক্রিয়ায় তাদের আচরণে যেন দায়িত্বশীলতা ও সংযম বজায় থাকে। সরকারের যেসব উপদেষ্টা সামরিক বাহিনীসংক্রান্ত বিষয়াবলি তত্ত্বাবধান করেন, আমরা তাঁদের সঙ্গে যোগাযোগ রাখছি। সেই সঙ্গে যোগাযোগ রাখছি সামরিক বাহিনীর সেসব নেতৃস্থানীয় কর্মকর্তার সঙ্গে, যাঁরা বিদ্রোহীদের ওপর রক্তাক্ত প্রতিশোধ গ্রহণ ঠেকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।’আরও সেনা অফিসারদের লাশ উদ্ধার হওয়ার সঙ্গে সঙ্গে সেনাবাহিনীর ভেতরে আবেগ-উত্তেজনা বৃদ্ধি পাচ্ছিল, মার্কিন দূতাবাস এটা লক্ষ করে। পরদিন ২৮ ফেব্রুয়ারি রাষ্ট্রদূত মরিয়ার্টি আরেকটি গোপনীয় তারবার্তায় লেখেন: ‘২৫-২৬ ফেব্রুয়ারি বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) সদর দপ্তরে বিদ্রোহ চলাকালে সংঘটিত নৃশংসতার ব্যাপকতা স্পষ্ট হয়ে ওঠার সঙ্গে সঙ্গে সেনাবাহিনীর ভেতরে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেনাবাহিনীর প্রধান জেনারেল মইন উ আহমেদ সেনাবাহিনীর অভ্যন্তরের উদ্বেগে সাড়া দিতে ২৭ ফেব্রুয়ারি গভীর রাত পর্যন্ত কাজ করেন। প্রধানমন্ত্রীর বাসভবনে দুই ঘণ্টাব্যাপী এক বৈঠকে মইন ও তাঁর জ্যেষ্ঠ সামরিক সহকর্মীরা সংকটের ব্যাপারে সরকারের আচরণ সম্পর্কে সেনা কর্মকর্তাদের অভিযোগ শেখ হাসিনাকে অবহিত করেন। ওই আলোচনায় উপস্থিত ছিলেন—এমন গোপনীয় সূত্র আমাদের জানিয়েছে, মইনের প্রস্তাবগুলো হাসিনা তাৎক্ষণিকভাবে মেনে নেন। প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে: বাংলাদেশ সরকার তাৎক্ষণিকভাবে কিছু পদক্ষেপ নেবে এবং বিডিআর পুনর্গঠনের লক্ষ্যে একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করবে।’ কিন্তু সরকারের পক্ষ থেকে অনেক পদক্ষেপ নেওয়ার পরও সেনাবাহিনীর কর্মকর্তাদের একটা বড় অংশের মধ্যে তীব্র আবেগ কাজ করছিল। তখনো তাঁরা মনে করছিলেন, বিদ্রোহ শুরুর সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রীর উচিত ছিল সামরিক আক্রমণ চালিয়ে বিদ্রোহ দমনের নির্দেশ দেওয়া। বিশেষত মধ্যম ও জুনিয়র স্তরের সেনা কর্মকর্তাদের মধ্যে কাজ করছিল প্রতিশোধস্পৃহা তৃষ্ণা। তা ছাড়া, বাংলাদেশের রাজনীতির চিরাচরিত স্বভাব এরই মধ্যে ফিরে এসেছে, এই ঘটনাকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা লোটার মতলব হয়ে উঠেছে দৃশ্যমান। বিএনপির পক্ষ থেকে একটা বিবৃতি প্রকাশ করা হয়েছে, যা তার আগের অবস্থানের বিপরীত। ১ মার্চ রাষ্ট্রদূত লেখেন: ‘বিদ্রোহের ব্যাপারে সরকারের আচরণকে তীব্রভাবে প্রশ্নবিদ্ধ করে প্রধান বিরোধী দল একটি বিবৃতি প্রকাশ করার ফলে রাজনৈতিক উত্তাপ আরও বৃদ্ধি পেয়েছে। সংকটের শুরুর দিকে জাতীয় ঐক্যের যে ডাক জোরালোভাবে উচ্চারিত হয়েছিল, তা দলীয় রাজনীতিকে বা সেনাবাহিনীর প্রতিশোধস্পৃহাকে পরাস্ত করতে পেরেছে বলে মনে হয় না।’১ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেনানিবাসে যান। রাষ্ট্রদূত লিখেছেন: ‘শেখ হাসিনার সরকার বাংলাদেশ রাইফেলসের বিদ্রোহ দমন করার তিন দিন পর তিনি প্রায় ৫০০ সেনা কর্মকর্তার সামনে বক্তব্য দেন, যাঁরা আধাসামরিক সীমান্তরক্ষা বাহিনীর জওয়ানদের হাতে নিজেদের সহকর্মীদের হত্যাযজ্ঞের ঘটনায় এখনো শোকগ্রস্ত। সেনা অফিসাররা মনে করেন, বিদ্রোহী জওয়ানদের সাধারণ ক্ষমার প্রস্তাব দেওয়া, তাঁদের বেতন-ভাতাসংক্রান্ত ক্ষোভ-অভিযোগের প্রতি সমর্থন ব্যক্ত করা এবং বাংলাদেশ রাইফেলসের নেতৃত্বের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আমলে নেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার পরিবর্তে হাসিনার উচিত ছিল তাৎক্ষণিকভাবে বিদ্রোহীদের ওপর সামরিক আক্রমণ পরিচালনার নির্দেশ দেওয়া।’কিন্তু রাষ্ট্রদূত মরিয়ার্টি মনে করেন, প্রধানমন্ত্রী সে রকম নির্দেশ দিলে আরও বেশি রক্তপাত হতো। তিনি লিখেছেন: ‘অধিকাংশ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বিদ্রোহের শুরুতে; সংবাদমাধ্যম ও আন্তর্জাতিক মহল মনে করে, আরও রক্তপাত যে এড়ানো গেছে, তার কৃতিত্ব হাসিনার।’প্রচণ্ড বিক্ষুব্ধ সেনা অফিসারদের সঙ্গে ১ মার্চ সেনানিবাসে প্রধানমন্ত্রী হাসিনার ওই সাক্ষাৎকে ‘অত্যন্ত ঝুঁকিপূর্ণ’ বলে বর্ণনা করে রাষ্ট্রদূত মরিয়ার্টি লেখেন: ‘হাসিনা সেনাবাহিনীর অফিসারদের মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নেন কিছু অন্যান্য পদক্ষেপ গ্রহণের পর। সেগুলো হলো: হত্যাকাণ্ডগুলোর দায়ে সন্দেহভাজন বিদ্রোহীদের অবিলম্বে বিচার করার লক্ষ্যে একটি বিশেষ ট্রাইব্যুনাল গঠন, বিদ্রোহের ঘটনা তদন্ত করার জন্য একটি তদন্ত কমিটি গঠন এবং নিহত সেনা কর্মকর্তাদের পরিবারগুলোর জন্য নগদ অর্থ অনুদান প্রদান। কিন্তু এসব পদক্ষেপ সেনানিবাসকে শান্ত করতে পারেনি। (টীকা: হাসিনার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারেক আহমেদ সিদ্দিকী দূতাবাসের কর্মকর্তাকে বলেন, হাসিনার মন্ত্রিসভা তাঁকে ওই সভায় না যাওয়ার পরামর্শ দিয়েছিল। টীকা শেষ।) তারেক সিদ্দিকী ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী—এই দুজন ঘনিষ্ঠ আস্থাভাজন ব্যক্তিকে সঙ্গে নিয়ে হাসিনা প্রায় ৫০০ সামরিক অফিসারের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হন এবং সেখানে তিনি বারবার গালাগালির (ভারবাল অ্যাবিউজ) শিকার হন। তারেক সিদ্দিকী আমাদের বলেন, ওই সমাবেশে তিনি অনেক কট্টর আওয়ামী লীগবিরোধী অফিসারকে শনাক্ত করতে পেরেছেন, যাঁদের অনেকেই হাসিনাকে ‘আলোচ্য বিষয়ের’ বাইরে টেনে নেওয়ার চেষ্টা করেন। তিনি বলেন, অত্যন্ত উত্তপ্ত বাক্যবিনিময়ের পর মোনাজাতের মাধ্যমে বৈঠক শান্তভাবে শেষ হয়। তবু তিনি বলেন, হাসিনার যে কোনো ক্ষতি করা হয়নি, তাতে [তারেক সিদ্দিকী] বিস্মিত হয়েছেন।‘...কয়েকজন সেনা অফিসার সরকারের দুজন ঊর্ধ্বতন কর্মকর্তার অপসারণের দাবি তোলেন, যাঁরা বাংলাদেশ রাইফেলসের বিদ্রোহীদের সঙ্গে সংলাপের নেতৃত্ব দিয়েছিলেন। তাঁরা হলেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবীর নানক। বিশেষভাবে উত্তেজিত কিছু অফিসার চেয়ার ভাঙচুর করেন এবং নিজেদের মাথা দেয়ালে ঠোকেন বলে জানা যায়। অন্যরা দাবি করেন, বিডিআরের বিদ্রোহীদের বিচার অবিলম্বে শুরু করতে হবে এবং যারা দোষী সাব্যস্ত হবে, তাদের প্রকাশ্যে ফাঁসিতে ঝোলাতে হবে।’৫ মার্চ পাঠানো এক তারবার্তায় মরিয়ার্টি মন্তব্য করেন, বিক্ষুব্ধ সেনা কর্মকর্তাদের মুখোমুখি হয়ে শেখ হাসিনা ব্যক্তিগত সাহসিকতার পরিচয় দিয়েছেন এবং এতে কিছুটা কাজ হয়েছে।১ মার্চ পর্যন্ত পরিস্থিতি অনিশ্চিত ছিল, সে সময় মরিয়ার্টির মনে হয়েছে, বিদ্রোহ তদন্তের কাজে সততা ও অপরাধীদের বিচার নিশ্চিত করতে কারিগরি সহযোগিতা দিয়ে যুক্তরাষ্ট্র সরকার পরিস্থিতি শান্ত করার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সেদিন, অর্থাৎ ১ মার্চ সকালে দক্ষিণ এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী রিচার্ড বাউচার পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের তরফ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেন। শেখ হাসিনা তখন ইঙ্গিত দেন, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কারিগরি সহযোগিতা চাওয়া হবে। পরদিন ২ মার্চ তদন্তকাজে যুক্তরাষ্ট্র সরকারের কারিগরি সহযোগিতা চেয়ে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাছান মাহমুদ রাষ্ট্রদূত মরিয়ার্টির হাতে একটি আনুষ্ঠানিক চিঠি দেন।২ মার্চের তারবার্তায় রাষ্ট্রদূত লেখেন, বিডিআর বিদ্রোহ কেন, কাদের দ্বারা হয়েছে, কারা এর পেছনে ছিল, এসব নিয়ে জল্পনা-কল্পনায় ভরে উঠেছে বাংলাদেশ। সব পক্ষেরই একটা করে ষড়যন্ত্রতত্ত্ব আছে এবং সেগুলো ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বয়ং জাতীয় সংসদের অধিবেশনে বলেছেন, বিডিআর বিদ্রোহ ছিল ‘সম্পূর্ণভাবে পূর্বপরিকল্পিত’ (কমপ্লিটলি প্রিপ্ল্যান্ড)। কিন্তু কারা কী উদ্দেশ্যে এটা ঘটিয়েছে, সে ব্যাপারে কোনো তথ্য-প্রমাণ কোনো পক্ষই হাজির করেনি। সরকার, সেনাবাহিনী ও পুলিশ তিন কর্তৃপক্ষের তরফ থেকে তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়। আর পাশাপাশি চলতে থাকে ষড়যন্ত্রতত্ত্বের প্রচার, সবাই এক ‘অদৃশ্য হাতে’র কথা বলছে। এই পরিবেশে রাষ্ট্রদূত মন্তব্য লেখেন, তদন্ত কমিটিগুলোর কাজ প্রভাবিত হবে। এ ছাড়া তদন্তে যদি প্রমাণিত হয় তেমন কোনো অদৃশ্য হাত ছিল না, তাহলে জনগণের মনে হবে তদন্ত সৎভাবে করা হয়নি, সত্য ধামাচাপা দেওয়া হয়েছে।একাধিক তারবার্তায় রাষ্ট্রদূত মরিয়ার্টি লিখেছেন, বিডিআর বিদ্রোহের পেছনে তাঁরা কোনো বহিঃশক্তির হাতের প্রমাণ পাননি। তাঁর ধারণা, বিদ্রোহের প্রধান কারণ ছিল বিডিআর জওয়ানদের বেতন-ভাতা, চাকরির সুযোগ-সুবিধাসংক্রান্ত বঞ্চনাবোধ ও তা থেকে জমে ওঠা ক্ষোভ। (শেষ)প্রথমা থেকে প্রকাশিত বই উইকিলিকসে বাংলাদেশ অবলম্বনেমশিউল আলম: সাংবাদিক [email protected]