
যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলীয় অঙ্গরাজ্য মিজৌরির সেন্ট লুইসের শহরতলির ছোট্ট শহর ফার্গুসনে পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ তরুণ মাইকেল ব্রাউনের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে যে দাঙ্গা-হাঙ্গামা শুরু হয়েছে, তা প্রায় ১১ দিন ধরে চলেছে। ফার্গুসনের ঘটনাবলি আমেরিকান রাষ্ট্র ও সমাজের এক গভীর ক্ষত এবং এক অমীমাংসিত বিষয়কে সামনে নিয়ে এসেছে। ফার্গুসনের ঘটনার সূত্রপাত যেভাবেই ঘটুক, এখন তা আর কেবল সেই ঘটনার মধ্যে সীমাবদ্ধ নেই, যদিও ভৌগোলিক দিক থেকে বিবেচনা করলে ঘটনাবলি ফার্গুসন বা সেন্ট লুইসেই সীমাবদ্ধ রয়েছে।
ফার্গুসনের ঘটনা কেন ঘটছে, তা বোঝার জন্য প্রতিদিনের, প্রতি মুহূর্তের খবর জানাই যথেষ্ট নয়; একে বৃহৎ পরিসরে দেখা দরকার। এই পরিস্থিতি উদ্ভব হওয়ার পেছনে বিভিন্ন ধরনের কারণ রয়েছে, এ ঘটনার বিভিন্ন দিক রয়েছে। তবে দুটো দিক সম্ভবত বেশি গুরুত্বপূর্ণ। প্রথমত, এ ঘটনা হচ্ছে এ দেশে শ্বেতাঙ্গ ও কৃষ্ণাঙ্গদের মধ্যকার সম্পর্কের একটি প্রতিফলন। দ্বিতীয়ত, পুলিশের আচরণ গত কয়েক বছরে পুলিশি ব্যবস্থার পরিবর্তনের একটি প্রতিক্রিয়া, যাকে আমরা পুলিশের সামরিকীকরণ বলে চিহ্নিত করতে পারি।
১৮৬৩ সালে গৃহযুদ্ধের প্রেক্ষাপটে প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের জারি করা ‘ইমানশিপেশন প্রক্লেমেশন’-এর মধ্য দিয়ে দাসব্যবস্থার অবসান ঘটলেও এবং এর পরে বর্ণবৈষম্য দূরীকরণে বিভিন্ন ধরনের আইনি ও সাংবিধানিক ব্যবস্থা গ্রহণ করা হলেও আমেরিকার সমাজে বর্ণবাদের অবসান হয়নি। শুধু তা-ই নয়, এ বিষয়ে খোলামেলাভাবে আলোচনার মতো অবস্থাও যে তৈরি হয়েছে, তা বলা যাবে না। মার্কিন নীতিনির্ধারক থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত সবাই বর্ণসম্পর্কের প্রশ্ন এড়িয়ে যেতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন। এর অন্যতম কারণ হলো এই যে এখনো সমাজের গভীরে এমন সব প্রবণতা রয়েছে, যেগুলো বর্ণ-সাম্য তৈরির পথে বিরাট বাধা। এগুলো শুধু এ দেশের দক্ষিণের অঙ্গরাজ্যগুলোতেই আছে, এমনটা মনে করা ঠিক নয়, যদিও দক্ষিণে তা সহজেই দৃষ্টিগ্রাহ্য হয়। রাজনীতিবিদেরা কেন একে এড়িয়ে চলেন, তা বিস্তারিত বলার দরকার হয় না। প্রতি দুই বছরে নির্বাচনের মুখোমুখি হওয়া রাজনীতিবিদেরা এ রকম একটি ‘স্পর্শকাতর’ বিষয়ে জোরালো অবস্থান নিয়ে বিপদগ্রস্ত হতে চান না। যখনই বর্ণের প্রসঙ্গটি রাজনীতিতে হাজির হয়েছে, তখনই এই অস্বস্তি প্রকাশিত হয়েছে। ২০০৮ সালের নির্বাচনে বারাক ওবামা প্রেসিডেন্ট পদপ্রার্থী হলে সেই প্রশ্নটি সমাজে নতুন করে নাড়া দিয়েছিল। আশা করা হয়েছিল যে এই সুযোগে জাতি দীর্ঘদিনের ক্ষত সারাতে না পারুক, অন্তত এই অস্বস্তিকর প্রশ্নটি মোকাবিলা করার মতো পরিস্থিতি তৈরি করতে পারবে। কিন্তু তা সম্ভব হয়নি।
সমাজের গভীরে লুকিয়া থাকা প্রবণতা হিসেবেই নয়, আইনি ব্যবস্থার মধ্যেও এই মানসিকতার প্রতিফলন রয়েছে, যা বর্ণ-সাম্যের অনুকূল নয়। তার প্রাতিষ্ঠানিক রূপও তৈরি হয়েছে। এ দেশের বিচারব্যবস্থা, বিশেষ করে ফৌজদারি ব্যবস্থা এমন রূপ নিয়েছে যে তাকে বাইরে থেকে কৃষ্ণাঙ্গদের জন্য প্রতিকূল বলে মনে না হলেও মর্মবস্তুর দিক থেকে তা অনেকাংশেই তাদের বিরুদ্ধে। এই বিষয়টি অত্যন্ত শক্তিশালীভাবে গবেষণার মাধ্যমে তুলে ধরা হয়েছে ২০১০ সালে প্রকাশিত মিশেল আলেকজান্ডারের লেখা দ্য নিউ জিম ক্রো: ম্যাস ইনকারনেশন ইন দি এইজ অব কালার ব্লাইন্ডনেস গ্রন্থে। গ্রন্থটিতে মানবাধিকারকর্মী, আইনজীবী ও আইনবিষয়ক গবেষক মিশেল আলেকজান্ডার দেখান যে যুক্তরাষ্ট্রে বর্ণ বা জাতিগোষ্ঠীর মতো এমন এক পদসোপানমূলক ব্যবস্থার পুনর্জন্ম হয়েছে, যার পরিণতিতে লাখ লাখ কৃষ্ণাঙ্গ বা আফ্রিকান আমেরিকান কারাগারে আটক রয়েছে। এতে করে তারা কার্যত দ্বিতীয় শ্রেণির নাগরিকে পরিণত হয়েছে। ষাটের দশকে নাগরিক অধিকার আন্দোলনের মধ্য দিয়ে যা অর্জিত হয়েছিল, আজ তা থেকেই এই নাগরিকেরা বঞ্চিত। মিশেল আলেকজান্ডার দেখান যে সত্তরের দশক থেকে যুক্তরাষ্ট্র মাদকদ্রব্য ব্যবহারের বিরুদ্ধে যে অভিযান চালাচ্ছে, যাকে ‘ওয়ার অন ড্রাগ’ বলে বর্ণনা করা হয়, তার মাধ্যমে কৃষ্ণাঙ্গদের সমাজকেই ধ্বংস করে দেওয়া হচ্ছে। এ দেশের ফৌজদারি বিচারব্যবস্থা যদিও কাগজপত্রে বর্ণান্ধ, কার্যত তা হয়ে দাঁড়িয়েছে ভিন্ন বর্ণের মানুষকে সাময়িকভাবে নিয়ন্ত্রণের ব্যবস্থা। এই কথাগুলো আমরা ভালোভাবে উপলব্ধি করতে পারব যদি কতকগুলো তথ্যের দিকে তাকাই: যুক্তরাষ্ট্রের কারাগারে বন্দী ২৩ লাখ মানুষের মধ্যে ১০ লাখই কৃষ্ণাঙ্গ; শ্বেতাঙ্গদের তুলনায় কৃষ্ণাঙ্গদের আটকের হার ছয় গুণ বেশি। দেশের জনসংখ্যার ৩০ শতাংশ হচ্ছে অশ্বেতাঙ্গ, কিন্তু কারাগারে বন্দীদের ৬০ শতাংশই হলো অশ্বেতাঙ্গ। প্রতি ১৫ জন কৃষ্ণাঙ্গের একজন এবং প্রতি ৩৬ জন হিস্পানিকের একজন কারাগারে আটক আছে, কিন্তু শ্বেতাঙ্গদের ১০৫ জনের একজনকে এই দুর্ভাগ্য বইতে হয়। এসব কারণেই আমরা দেখতে পাই যে দেশের বিচার ও আইনি ব্যবস্থার ওপর কৃষ্ণাঙ্গদের
আস্থা কম।
ফার্গুসনের ঘটনার পর বিশিষ্ট গবেষণা ও জনমত জরিপ প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টার ১৪ থেকে ১৭ আগস্ট এক জরিপ চালিয়েছে। তাতে ঘটনা তদন্তের ব্যাপারে আস্থার প্রশ্নে শ্বেতাঙ্গ ও কৃষ্ণাঙ্গদের মধ্যে যে বিরাট ফারাক আমরা দেখতে পাই, তা কোনো বিস্ময়ের বিষয় নয়। ৭৬ শতাংশ কৃষ্ণাঙ্গ উত্তরদাতা বলেছে যে তদন্ত ন্যায্য হবে বলে তারা মনে করে না। মোট ৪৫ শতাংশ বলেছে যে তদন্তের ব্যাপারে তাদের একেবারেই আস্থা নেই। অন্যদিকে ৫২ শতাংশ শ্বেতাঙ্গ তদন্তের ব্যাপারে মোটামুটি বা ভালোভাবেই আস্থাশীল। আইনি ব্যবস্থার পাশাপাশি পুলিশের আচরণ নিয়েও বিভাজনটি বর্ণভিত্তিক। কৃষ্ণাঙ্গদের মধ্যে ৬৫ শতাংশ মনে করে পুলিশ বাড়াবাড়ি করেছে, শ্বেতাঙ্গদের মাত্র ৩২ শতাংশ এ রকম মনে করে। কিন্তু এই ধারণা কেবল অতীত ইতিহাসের কারণে নয়; ফার্গুসনের পুলিশের মধ্যে কৃষ্ণাঙ্গদের সংখ্যাও এর কারণ—যে শহরে ৭০ শতাংশ মানুষ কৃষ্ণাঙ্গ, সেখানে ৫৩ জন পুলিশের মাত্র ৩ জন কৃষ্ণাঙ্গ।
ফার্গুসনের দাঙ্গার ঘটনা অতীতের অনেকবারের মতোই যুক্তরাষ্ট্রে আবারও বর্ণসম্পর্কের বিষয়কে আলোচনার সামনে নিয়ে এসেছে। বিরাটসংখ্যক মানুষের ধারণা, ফার্গুসনের ঘটনা কেবল আইনি বা পুলিশি ব্যবস্থার বিষয় নয়। সমাজে কৃষ্ণাঙ্গরা যে অসাম্য ও বঞ্চনার শিকার হয়, তাদের যে সামাজিক ও অর্থনৈতিক প্রতিকূলতার মুখোমুখি হতে হয়, সেগুলোই এ ধরনের দাঙ্গার কারণ। কিন্তু এই শিক্ষা নতুন কিছু নয়। ১৯৬৫ সালের গ্রীষ্মকালে নিউইয়র্ক, ফিলাডেলফিয়া, ক্লিভল্যান্ড, লস অ্যাঞ্জেলেস, ডেট্রয়েটসহ অনেক বড় শহরে ছড়িয়ে পড়া দাঙ্গার পরে ক্লিভল্যান্ড শহরের দাঙ্গার তদন্ত রিপোর্টে এ কথাই বলা হয়েছিল। জাতীয় পর্যায়ে প্রেসিডেন্ট লিনডন জনসনের নিয়োগ করা কমিশনও ১৯৬৮ সালে তা-ই বলেছিল। ১৯৯২ সালে লস অ্যাঞ্জেলেসের দাঙ্গার পরে ওয়ারেন ক্রিস্টোফারের নেতৃত্বাধীন কমিশন এর চেয়ে ভিন্ন কিছু বলেনি। কিন্তু এসবের পরেও এ বিষয়ে অগ্রগতি আশাব্যঞ্জক নয়। ফার্গুসনের ঘটনা সেই আলোচনার তাগিদ এবং সেই অর্থে ফার্গুসনের ঘটনা কেবল সেন্ট লুইসের বিষয় নয়, মিজৌরিরও বিষয় নয়; এটি সারা যুক্তরাষ্ট্রের বিষয়।
দাঙ্গা-হাঙ্গামা, বিশেষ করে পুলিশের আচরণ যে আরেকটি বিষয়কে সামনে এনেছে, তা হলো পুলিশের সামরিকীকরণ। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের পর থেকে হোমল্যান্ড সিকিউরিটির আওতায় যুক্তরাষ্ট্রে আইন প্রয়োগকারী বাহিনীর ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। তার সঙ্গে গত কয়েক বছরে যুক্ত হয়েছে পুলিশের কাছে সেনাবাহিনীর ব্যবহার উপযোগী অস্ত্রশস্ত্র সরবরাহ করার ঘটনা। সেনাবাহিনীর অতিরিক্ত অস্ত্রশস্ত্র পুলিশের হাতে তুলে দেওয়ার ফলে পুলিশের শক্তি ও সামর্থ্যই কেবল বেড়েছে তা নয়, পুলিশের মানসিকতারও বদল ঘটেছে। ফার্গুসনে প্রতিবাদ মোকাবিলায় পুলিশের আচরণ ও যে ভাবমূর্তি টেলিভিশন ও অন্য গণমাধ্যমে দেখা গেছে, সেটা তা-ই প্রমাণ করে। যে কর্মসূচির আওতায় এ ধরনের অস্ত্র দেওয়া হয়েছে, সেটা ১৯৯০ সাল থেকে কার্যকর হলেও অনেক বিশ্লেষক মনে করেন যে আফগানিস্তান ও ইরাক যুদ্ধের কারণে এ ধরনের অস্ত্র সেনাবাহিনীর কাছে অতিরিক্ত হয়ে পড়ে; ফলে এগুলো পুলিশকে দেওয়ার ঘটনা কার্যত ঘটেছে গত কয়েক বছরেই। প্রেসিডেন্ট ওবামা ফার্গুসনের ঘটনার পর এই কর্মসূচি নিরীক্ষা করে দেখার নির্দেশ দিয়েছেন। তার ফল কতটা হবে, তা প্রশ্নসাপেক্ষ৷ কেননা, পেন্টাগন ইতিমধ্যেই এই সমালোচনাকে ভিত্তিহীন বলে দাবি করেছে। তার পরও এটা বলা যেতে পারে যে বিষয়টি নিয়ে এখন সাধারণের মধ্যে আলোচনার সুযোগ তৈরি হয়েছে।
আলী রীয়াজ: যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের অধ্যাপক।