গত বছর প্যারিসে আইএসের সন্ত্রাসী হামলার পর একদিন আমার এক ছাত্র ক্লাসের শেষে এসে আমাকে জিজ্ঞেস করল: ‘ড. দেলোয়ার! বাংলাদেশের অবস্থান আইএসের লোকজনের কাছ থেকে কত দূর?’ এই প্রশ্ন দ্বারা সে আসলে জানতে চাইছিল মধ্যপ্রাচ্যের যেসব দেশে আইএস আছে, সেখান থেকে বাংলাদেশের দূরত্ব কত। এই প্রশ্নের উত্তরে আমি তাকে বললাম, ধরো, এখান (আলাবামা অঙ্গরাজ্যের মবিল শহর) থেকে ব্রাজিল। তখন সে প্রত্যুত্তরে বলল, ‘তাহলে তোমার দেশের লোকজন আর আইএসের লোকজন একই ধরনের না?’ উত্তরে আমি বললাম, না। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান এবং তারা সহনশীল। ওই দেশের সমাজ অসাম্প্রদায়িকতার এক অনন্য উদাহরণ। তুমি দেখো, বাংলাদেশের প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেত্রী, সংসদের স্পিকার, বেশ কয়েকজন মন্ত্রী হচ্ছেন নারী। অন্য কোনো মুসলিম দেশে তুমি কি এমন উদাহরণ আর দেখেছ?
এসব প্রশ্ন শুনে অনেকে হয়তো বিশ্ববিদ্যালয়–পড়ুয়া এই আমেরিকান ছাত্রের বিদ্যার বহর দেখে অবাক হবেন! কিন্তু আমার আট বছরের আমেরিকার প্রবাসজীবনে এমন ঘটনা অনেক দেখেছি! একুশ শতকে ইন্টারনেটের বদলে গোটা পৃথিবী হাতের মুঠোয় চলে এলেও বিশ্বের ব্যাপারে আমেরিকার অনেক নাগরিকের জ্ঞান সীমিত। আমার এই ছাত্র চাইলেই গুগলে সার্চ দিয়ে বাংলাদেশ সম্পর্কে অনেক তথ্য জানতে পারত। হয়তো সে জানবেও। তবু সে আমার কাছ থেকে নিশ্চিত হতে চাইছিল যে বাংলাদেশ আইএস–অধ্যুষিত অন্যান্য অনেক মুসলিম দেশের মতো নয়।
শুধু এই ছাত্রই নয়, আমেরিকার অনেক বিশ্ববিদ্যালয়ে আমার যাওয়ার এবং ক্লাসে ছাত্রদের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে। অনেক সময় পরিচয়ের প্রথমে আমি বলেছি যে আমি বাঙালি এবং তাদের জিজ্ঞেস করেছি বাংলাদেশের অবস্থান কোথায়? আমার এই প্রশ্নের উত্তরে কেউ বলেছে বাংলাদেশ মধ্যপ্রাচ্যে, আবার কেউ বলেছে ডানে, কেউ বলেছে বাঁয়ে অবস্থিত। অবাক করার মতো বিষয় হচ্ছে, এদের অনেকেই হয়তো মেইড ইন বাংলাদেশের পোশাক পরে, কিন্তু কখনো হয়তো জামার উল্টো দিকের ট্যাগে চোখ বুলিয়ে বাংলাদেশের নামটি দেখেনি।
>বাংলাদেশের বর্তমান এই পরিস্থিতির দ্রুত উন্নতি ঘটবে এবং বাংলাদেশ তার হাজার বছরের ঐতিহ্যের পথ ধরে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে আমেরিকাসহ সারা বিশ্বে আবার মাথা উঁচু করে দাঁড়াবে
দুই.
এ বছরের গ্রীষ্মে আমার ছাত্রদের নিয়ে দুই সপ্তাহের জন্য বাংলাদেশে শিক্ষাসফরে আসার কথা ছিল। বিশেষ করে, এ সফরের উদ্দেশ্য ছিল বাংলাদেশে দারিদ্র্যবিমোচন এবং নারীর ক্ষমতায়নে এনজিওগুলোর কার্যক্রম সম্পর্কে অবহিত হওয়া। সারা বিশ্বে বাংলাদেশের এ দিকটি নিয়ে অনেক গবেষণা হয়েছে এবং শিক্ষা-স্বাস্থ্যসহ সামাজিক উন্নয়নের নানা দিকে বাংলাদেশের অর্জন প্রশংসিত হচ্ছে। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট সম্প্রতি বাংলাদেশ সফরের সময় দারিদ্র্যবিমোচনে বাংলাদেশের ভূয়সী প্রশংসা করে বলেছেন, দারিদ্র্যবিমোচনে বাংলাদেশ বিশ্বের কাছে উদাহরণ সৃষ্টি করেছে। বাংলাদেশের দারিদ্র্য দূরীকরণের এই আন্দোলনে বেসরকারি এনজিওগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার একটি গ্রামে বেড়ে ওঠার ফলে অনেক এনজিওর কার্যক্রম সম্পর্কে আমার প্রত্যক্ষভাবে জানার সুযোগ হয়েছে। তাই আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি যে আজকে বাংলাদেশে নারী জাগরণ এবং রাজনীতিতে নারীর সক্রিয়ভাবে অংশগ্রহণের পেছনে এসব এনজিওর অবদান প্রশংসনীয় বটে। তাইতো বিশ্বের অনেক বড় এবং উন্নয়নশীল দেশের কাছেই আমরা মাথা উঁচু করে বলতে পারি যে সেসব দেশের অনেক আগেই আমাদের দেশে রাষ্ট্রের শীর্ষ পদে নারী রাজনীতিবিদ ক্ষমতায় আসীন হয়েছেন।
যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে পিএইচডির ছাত্র থাকাকালীন বাংলাদেশে আমেরিকান বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের একটি দল নিয়ে পরপর দুবার এ রকম একটি প্রোগ্রামে বাংলাদেশে গিয়ে দেখেছি, আমেরিকান সেসব ছাত্রছাত্রী বাংলাদেশের এনজিওগুলোর কর্মকাণ্ড দেখে অভিভূত হয়েছে। যেখানে অনেকেই আসার আগে বাংলাদেশের ব্যাপারে ভীত ছিল, সেখানে বাংলাদেশ থেকে চলে যাওয়ার সময়ে অনেকের চোখ ছিল বাংলাদেশকে ভালোবাসার জলে সিক্ত। সে সফর শেষে ফিরে গিয়ে কেউ কেউ আবার বাংলাদেশে ফিরে এসেছে এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কাজ করছে। আমেরিকায় আমার ছাত্রজীবনের এই অভিজ্ঞতার আলোকেই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় যোগ দিয়ে বাংলাদেশের এসব ইতিবাচক দিক তুলে ধরার জন্য আমার ছাত্রদের নিয়ে বাংলাদেশে আসতে চেয়েছিলাম।
কিন্তু বিধি বাম! আমাদের আসার কয়েক মাস আগে থেকেই বাংলাদেশে একের পর এক সন্ত্রাসী হামলায় প্রগতিশীল এবং মুক্তমনা ব্লগার, লেখক ও বুদ্ধিজীবীরা আক্রান্ত হচ্ছিলেন। যে বর্বর কায়দায় উগ্র ধর্মান্ধরা ব্লগারদের কুপিয়ে হত্যা করছিল, তা আইএসের বর্বর হত্যাকাণ্ডের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এসব ঘটনা ফলাও করে আমেরিকানসহ অন্যান্য আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচারিত হয়েছে। যেদিন গুলশানে সন্ত্রাসী হামলা হয়, সেদিন সিএনএনসহ আমেরিকার শীর্ষ সংবাদমাধ্যমগুলো সারা দিন এই সংবাদ দেখিয়েছে। আমার ধারণা, এ ঘটনার ফলে যারা আগে বাংলাদেশের নামও জানত না, তারা বাংলাদেশকে জেনেছে এবং দুর্ভাগ্যক্রমে তা নেতিবাচকভাবে জেনেছে।
সেদিন আমার বিশ্ববিদ্যালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা আমাকে বাংলাদেশের বর্তমান অবস্থা জিজ্ঞেস করে দুঃখের সঙ্গে বললেন, ‘সংবাদমাধ্যমে পড়ে জানতে পারলাম, বাংলাদেশে যা ঘটেছে, তা খুবই অস্বাভাবিক। যারা ঢাকায় জঙ্গি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, তাদের অনেকেই বিত্তশালী-শিক্ষিত পরিবারের এবং ইংরেজি মাধ্যমে পড়াশোনা করা।’ তাঁকে আমি বাংলাদেশের বর্তমান অবস্থা অবহিত করে বললাম, ‘বাংলাদেশের ধর্মীয়ভাবে সহনশীল সমাজে ধর্মান্ধতা দীর্ঘভাবে ঠাঁই পাবে না এবং বেশির ভাগ মানুষ জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার ফলে জঙ্গি নিধনে প্রশাসনের অভিযান সফল হচ্ছে এবং তা অব্যাহত আছে।’ আমার এই উত্তর প্রবীণ এই আমেরিকান অধ্যাপককে বাংলাদেশের ভবিষ্যতের ব্যাপারে হয়তো আশ্বস্ত করেছে। উচ্চশিক্ষিত একজন নাগরিক হিসেবে তিনি মার্কিন সংবাদমাধ্যমে বাংলাদেশ সম্পর্কে প্রকাশিত বা প্রচারিত সংবাদকে যাচাই করার তাগিদ অনুভব করেছেন। কিন্তু বেশির ভাগ সাধারণ মার্কিন নাগরিক গণমাধ্যমে বাংলাদেশ সম্পর্কে জঙ্গিবাদ, ধর্মান্ধতা ও মৌলবাদ নিয়ে যে সংবাদ প্রকাশিত হয়, তা-ই বিশ্বাস করবে। এসব সাধারণ নাগরিকের বিদেশের সংবাদ পাওয়ার অন্য কোনো বিকল্প ব্যবস্থা বা উদ্যম নেই।
আমরা আশা করি, বাংলাদেশের বর্তমান এই পরিস্থিতির দ্রুত উন্নতি ঘটবে এবং বাংলাদেশ তার হাজার বছরের ঐতিহ্যের পথ ধরে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে আমেরিকাসহ সারা বিশ্বে আবার মাথা উঁচু করে দাঁড়াবে।
দেলোয়ার হোসেন আরিফ: যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ আলাবামার ডিজিটাল সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক।