আমেরিকার রাজনৈতিক অবক্ষয় কাটবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের নির্বাচনে ভোট গ্রহণের দৃশ্য
যুক্তরাষ্ট্রের নির্বাচনে ভোট গ্রহণের দৃশ্য

নভেম্বরের ৮ তারিখে হিলারি ক্লিনটনকে হারিয়ে ডোনাল্ড ট্রাম্পের চোখ–ধাঁধানো বিজয় দেখিয়ে দিল, আমেরিকান গণতন্ত্র এখনো গুরুত্বপূর্ণ, এক অর্থে ক্রিয়াশীল। ট্রাম্প ভোটারদের মধ্যকার অবহেলিত ও লঘু প্রতিনিধিত্বশীল অংশকে দারুণভাবে আন্দোলিত করতে সফল হয়েছেন। তারা হলো শ্বেতাঙ্গ শ্রমিকশ্রেণি। তিনি তাদের চাওয়াকে দেশের শীর্ষ অগ্রাধিকারের জায়গায় উঠিয়ে এনেছেন।
তাঁকে এখন বাস্তবে করে দেখাতে হবে, যদিও বিপত্তি রয়ে গেছে সেখানেই। তিনি আমেরিকার রাজনীতির দুটি সত্যিকার সমস্যাকে চিহ্নিত করেছেন: ক্রমবর্ধমান বৈষম্য, বয়স্ক শ্রমিকশ্রেণি, যার কঠিন শিকার এবং সুসংগঠিত স্বার্থবাহী গোষ্ঠীর হাতে রাজনৈতিক ব্যবস্থা কবজা হয়ে যাওয়া। দুর্ভাগ্যজনকভাবে সমস্যাগুলো সমাধানের কোনো পরিকল্পনা তাঁর আছে বলে মনে হয় না।
বৈষম্য বাড়ার প্রথম ও বড় কারণ প্রযুক্তির এগিয়ে যাওয়া। দ্বিতীয় কারণ হলো বিশ্বায়ন। এ কারণে যুক্তরাষ্ট্রের শ্রমিকেরা বিশ্বের বিভিন্ন দেশের কোটি কোটি শ্রমিকের সঙ্গে প্রতিযোগিতার মুখে পড়ে গেছে। ট্রাম্প শিল্পকারখানা ও কয়লা খাতের মতো চাকরিগুলো যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনার যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা–ও মাত্রাছাড়া। আর সেটা করতে চেয়েছেন নাফটার মতো বিদ্যমান বাণিজ্য চুক্তিগুলো নিছক পুনর্বিন্যাস কিংবা পরিবেশ আইন শিথিল করার মাধ্যমে। মনে হয় তিনি জানেন না, উৎপাদনী খাতের কর্মসংস্থান কমে এলেও ২০০৮-এর মন্দার পরও যুক্তরাষ্ট্রের উৎপাদনী খাত বাস্তবে আরও প্রসারিত হয়েছে। সমস্যা হলো, যুক্তরাষ্ট্রের ভেতরের উৎপাদনগুলো চলছে খুবই উঁচুমাত্রার স্বয়ংক্রিয় কারখানাগুলোতে। পাশাপাশি কয়লা খাতের সংকোচনের কারণ বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামার পরিবেশরক্ষা নীতি নয়, ফ্র্যাকিং পদ্ধতিতে প্রাকৃতিক গ্যাস আহরণ প্রযুক্তির বিপ্লবের কারণে।
এসব প্রবণতা উল্টে দিতে ট্রাম্প প্রশাসনের নীতি কী হতে পারে? তিনি কি করপোরেট আমেরিকার মাধ্যমে নতুন প্রযুক্তি প্রবর্তনের ধারায় বাঁধ বসাবেন? যেসব মার্কিন বহুজাতিক কোম্পানি বিদেশি বাজারে ব্যবসা করে রাজস্ব নিয়ে আসে, তিনি কি তাদের বিদেশে কারখানা বসানো নিষিদ্ধ করার চেষ্টা করবেন? তাঁর হাতে একমাত্র সত্যিকার যে নীতিগত উপায় আছে, তা হলো নিবর্তনমূলক শুল্ক আরোপ করা। তার মানে এমন এক বাণিজ্যযুদ্ধে জড়িয়ে পড়া, যার পরিণামে রপ্তানি খাতের অ্যাপল, বোয়িং ও জিইর মতো বড় কোম্পানিগুলো থেকে অনেকে চাকরি হারাবে।
শক্তিশালী কায়েমি স্বার্থগুলোর হাতে যুক্তরাষ্ট্রের সরকারের কবজা হয়ে যাওয়া আসলেই এক বড় সমস্যা। এর কারণে যে রাজনৈতিক অবক্ষয় চলছে, তা নিয়ে আমি লিখেছি ফরেন অ্যাফেয়ার্স পত্রিকায় প্রকাশিত ‘আমেরিকান পলিটিক্যাল ডিকেএ অর রিনিউয়াল’ শীর্ষক প্রবন্ধে। ট্রাম্প কী করবেন এ ব্যাপারে? তার প্রাথমিক সমাধান হলো, তিনি স্বয়ং, যেহেতু তিনি এতই ধনী যে তাঁকে ঘুষ দিয়ে কেনা যাবে না। এটা কোনো টেকসই সমাধান না। তা ছাড়া ঘটনা এই, আপন সুবিধার জন্য প্রশাসনকে হাত করার ইতিহাস তাঁর নিজেরই রয়েছে।
তিনি ফেডারেল সরকারের কর্মকর্তাদের বেসরকারি লবিস্ট (তদবিরকারী) হিসেবে নিয়োগের ব্যাপারেও কিছু বিধিনিষেধ আরোপের প্রস্তাব করেছেন। এতে করে হয়তো সমস্যার গায়ে কিছুটা আঁচড় লাগলেও লাগতে পারে, কিন্তু সমস্যার মূল কারণের নড়চড় এতে হবে না। সেই সমস্যা হলো, রাজনীতিতে বিপুল পরিমাণের অর্থ ঢুকে পড়া। এ ব্যাপারে তাঁর কোনো বাস্তব পরিকল্পনা নেই। কিছু করতে হলে তাঁকে অনিবার্যভাবে সুপ্রিম কোর্টের ‘বাকলি বনাম ভালিও’ এবং ‘সিটিজেনস ইউনাইটেড’-বিষয়ক রায়গুলো বাতিল করতে হবে। এসব রায়ে যুক্তি দেওয়া হয়, অর্থ একধরনের বাক্স্বাধীনতা। সুতরাং, একে সাংবিধানিকভাবে সুরক্ষা দিতে হবে।
আমেরিকার অবক্ষয়িত রাজনৈতিক ব্যবস্থা সারানো যেতে পারে কেবল বাইরে থেকে আসা কোনো শক্তিশালী ধাক্কায় এর বর্তমান ভারসাম্য ভেঙে ফেলার মাধ্যমে। সত্যিকার নীতিগত সংস্কার বাস্তবায়ন সে পথেই সম্ভব। ট্রাম্পের বিজয় যদিও এ ধরনের একটা ধাক্কা বটে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সমাধানের বেলায় তাঁর একমাত্র নিদান হলো প্রচলিত জনতুষ্টিবাদী কর্তৃত্ববাদ। তিনি বলছেন, ‘আমাকে বিশ্বাস করো, আমি সেই জাদুকরি নেতা, আমিই তোমাদের সব সমস্যার দায়িত্ব নিচ্ছি।’ ইতালির রাজনৈতিক ব্যবস্থার বেলায় সিলভিও বারলুসকোনি যে ধাক্কা চালিয়েছিলেন, সে ঘটনার করুণ পরিণতি হয়েছিল এটাই: সত্যিকার সংস্কারের সুযোগটাই নষ্ট হয়ে যাওয়া।
ফরেন অ্যাফেয়ার্স পত্রিকা থেকে নেওয়া, ইংরেজি থেকে অনুবাদ ফারুক ওয়াসিফ।
ফ্রান্সিস ফুকুয়ামা: মার্কিন রাষ্ট্রবিজ্ঞানী, তাঁর আলোচিত বই দ্য এন্ড অব হিস্টরি অ্যান্ড দ্য লাস্ট ম্যান।