
এই প্রথম যুক্তরাষ্ট্রের কোনো প্রধান রাজনৈতিক দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে নিজের মনোনয়ন নিশ্চিত করেছেন হিলারি ক্লিনটন। এ ঘটনা আমেরিকায় ‘ঐতিহাসিক’ ও নারীদের জন্য এক বিশাল অর্জন হিসেবে চিহ্নিত হয়েছে। হিলারি নিজে এই অর্জনকে এক ঐতিহাসিক মাইলফলক হিসেবে ব্যাখ্যা করেছেন।
আমেরিকায় প্রথম হলেও সরকারে ও রাজনীতিতে শীর্ষ ভূমিকা বিশ্বের অনেক দেশেই দীর্ঘদিন থেকে নারী পালন করে আসছেন। দক্ষিণ এশিয়ার অধিকাংশ দেশে অনেক আগে থেকেই ক্ষমতার শীর্ষে নারী। বিশ্বের প্রথম নারী রাষ্ট্রপ্রধান শ্রীলঙ্কার শ্রীমাভো বন্দরনায়েকে প্রথম ক্ষমতায় আসেন ১৯৬০ সালে। ভারতে ইন্দিরা গান্ধী ১৯৬৬ সালে প্রথমবারের মতো সে দেশের সরকারের নেতৃত্ব গ্রহণ করেন। পাকিস্তানে বেনজির ভুট্টো প্রথমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হন ১৯৮৮ সালে। বাংলাদেশের প্রথম নারী সরকারপ্রধান খালেদা জিয়া দায়িত্বভার গ্রহণ করেন ১৯৯১ সালে। এই তালিকায় সর্বশেষ যুক্ত হয়েছেন মিয়ানমারের অং সান সু চি, নামে সরকারপ্রধান না হলেও এখন তাঁর হাতেই সে দেশের সরকারের সব ক্ষমতা ন্যস্ত।
ইউরোপ ও লাতিন আমেরিকার অনেক দেশেও দীর্ঘদিন থেকে ক্ষমতার শীর্ষে নারী। জাতিসংঘের হিসাবে, এই মুহূর্তে রাষ্ট্রপ্রধান অথবা সরকারপ্রধান হিসেবে ক্ষমতায় আছেন এমন নারীর সংখ্যা ১৮। তা সত্ত্বেও হিলারির অর্জনকে খাটো করে দেখার কোনো উপায় নেই। ১৯৮৪ সালে ডেমোক্রেটিক দলের ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে জেরালডিন ফেরারো ওয়ালটার মন্ডেলের নির্বাচন-সঙ্গী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাস্ত হন। তারপর এই প্রথমবারের মতো প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার যোগ্যতা অর্জন করলেন হিলারি।
বিশ্বের সবচেয়ে খ্যাতনামা এই নারী অন্তত দুই দশক ধরে সংবাদের শিরোনাম হয়ে আছেন। জনমত জরিপ সংস্থা গ্যালপ ২০ বছর ধরে ‘বিশ্বের সবচেয়ে প্রশংসিত নারী’র যে বার্ষিক তালিকা প্রকাশ করে আসছে, তাতে প্রতিবছরই শীর্ষে থেকেছেন হিলারি। ১৯৯২ সালে তাঁর স্বামী বিল ক্লিনটন যখন প্রথমবারের মতো প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে প্রবেশ করেন, সে সময় আমেরিকার সেরা ১০০ আইনজীবীর একজন ছিলেন হিলারি। তাঁর যোগ্যতা ও অভিজ্ঞতার প্রতি ইঙ্গিত করে বিল ক্লিনটন সে সময় বলেছিলেন, ‘দেশের মানুষ একজনের স্থলে একই দামে দুজনকে পেল।’
২০০৮ সালে, পরপর দুই দফা সিনেটর হিসেবে দায়িত্ব পালনের পর হিলারি ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট পদের প্রার্থিতার জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁর প্রার্থীপদ নিশ্চিত, এ কথা তাঁর দলের প্রায় সবাই বিশ্বাস করতেন। কিন্তু সে বছর সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে মাত্র দুই বছর মার্কিন সিনেটের সদস্য হিসেবে কাটানো শিকাগোর ‘কমিউনিটি অর্গানাইজার’ বারাক ওবামা তাঁকে পরাস্ত করে আমেরিকার প্রথম আফ্রিকান-আমেরিকান হিসেবে প্রেসিডেন্ট পদে নির্বাচিত হন।
সেই পরাজয় হিলারির বুকে নিদারুণ শেলের মতো বিঁধেছিল। প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচনে আমেরিকা প্রস্তুত, এমন সম্ভাবনা আমেরিকার লাখ লাখ নারীর মধ্যে উৎসাহের সঞ্চার করে। তা সত্ত্বেও হিলারি যে পরাজিত হন, তার পেছনে নিজের অতিমাত্রায় আস্থা ও স্বামী বিল ক্লিনটনের মেয়েদের সঙ্গে বিভিন্ন কেলেঙ্কারি প্রভাব ফেলেছিল সন্দেহ নেই। কিন্তু তার চেয়েও বড় কারণ ছিল, ডেমোক্রেটিক পার্টির শীর্ষ নেতৃত্বের দ্বিচারিতা। সিনেটের নেতা হ্যারি রিড থেকে নাগরিক অধিকার আন্দোলনের নেতা জন লুইস—যাঁরা একসময় হিলারির প্রার্থিতার প্রতি শক্ত সমর্থন জানিয়েছিলেন, তাঁরা প্রথমে গোপনে, পরে প্রকাশ্যে বারাক ওবামার প্রতি সমর্থন জ্ঞাপন করেন। এমনকি একাধিক নারী রাজনীতিক, যেমন সিনেটর ক্লেয়ার ম্যাককস্কল, বিল ক্লিনটনের কেলেঙ্কারির অজুহাতে হিলারির বিরুদ্ধাচরণ করেন।
তিনি আর কোনো দিন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না—এমন কথা হিলারি ২০০৮ সালের বিপর্যয়ের পর একাধিকবার বলেছেন। ‘ভবিষ্যতে প্রেসিডেন্ট পদে আমার প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা কার্যত শূন্য,’ এ কথা হিলারি নিজে ২০০৮ সালের অক্টোবরে ফক্স নিউজ টেলিভিশনকে বলেছিলেন।
হিলারি তাঁর সিদ্ধান্ত বদলিয়ে কেন ২০১৬ সালের প্রেসিডেন্ট পদের প্রার্থিতার জন্য প্রতিদ্বন্দ্বিতা করলেন, সে কথা আমরা এখনো জানি না। হিলারির ঘনিষ্ঠ বন্ধুদের কেউ কেউ ওবামার সঙ্গে তাঁর নিকট-সম্পর্কের কথা বলেছেন। তিনি কেবল ওবামার পররাষ্ট্রমন্ত্রী হিসেবেই দায়িত্ব পালন করেননি, তাঁর অন্যতম পরামর্শকদের একজন ছিলেন। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথম দিকে যিনি ওবামার প্রতি হাত বাড়িয়ে দেন, তিনি হলেন হিলারি। নির্বাচনের প্রস্তুতির জন্য তিনি ওবামার দ্বিতীয় দফা শাসনকালে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনে অস্বীকার করেন। সে সময় ওবামা তাঁকে প্রতিদ্বন্দ্বিতায় উৎসাহিত করেন, এ কথা অনেকেই বলেছেন।
১৯৯২ থেকে বিল ক্লিনটন ও হিলারির হোয়াইট হাউসে প্রবেশের পর থেকেই এই দম্পতি এ দেশের দক্ষিণপন্থী তথ্যমাধ্যম ও রাজনীতিকদের অব্যাহত আক্রমণের শিকার হয়েছেন। হিলারি তাঁর স্বামীর কেলেঙ্কারিতে সাহায্য করেছেন—এমন অভিযোগ করেছেন তাঁরা। হোয়াইট হাউসের অন্যতম কৌঁসুলি ও ক্লিনটনদের নিকট বন্ধু ভিন্স ফস্টার ১৯৯৩ সালে আত্মহত্যা করেন। দক্ষিণপন্থী তথ্যমাধ্যম দাবি করে, তাঁকে হত্যা করা হয়েছে এবং বিল ও হিলারি সে হত্যাকাণ্ড ঘটাতে মুখ্য ভূমিকা পালন করেছেন। এই অব্যাহত রাজনৈতিক হামলার কারণে হিলারি একসময় অভিযোগ করেছিলেন, তাঁর বিরুদ্ধে এক ‘ব্যাপক দক্ষিণপন্থী ষড়যন্ত্র’ কাজ করছে।
বারবার আঘাত পেয়েও নুয়ে পড়েননি হিলারি। সেটাই সম্ভবত তাঁর সেরা চারিত্রিক বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য তিনি পেয়েছেন তাঁর মায়ের কাছ থেকে। হিলারি নিজে জানিয়েছেন, যখন তাঁর ১৪ বছর বয়স, স্কুলে তাঁর চেয়ে গায়ে-পায়ে অনেক বড় এক মেয়ে সর্বদা হেনস্তা করত। একদিন মাকে কেঁদে পড়ে সে কথা জানালে হিলারির মা তাঁকে দুহাতে টেনে তুলে বলেন, ‘আমার এই ঘরে ভিতুদের কোনো স্থান নেই। তোমাকে যদি কেউ এক ঘুষি দেয়, তাকে পাল্টা ঘুষি দেবে, তারপর বাসায় ফিরবে।’
সেই ১৪ বছরের হিলারি এখন ৬৮ বছরের পরিণত নারী। প্রেসিডেন্ট পদে নির্বাচনে সিদ্ধান্ত গ্রহণের পর এবারও তিনি সিনেটর বার্নি স্যান্ডার্সের কাছ থেকে অপ্রত্যাশিত রকম প্রবল প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হয়েছেন। কিন্তু নুয়ে পড়েননি, ভীত হবেন না বলে মাকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সে কথা তিনি রেখেছেন।
হাসান ফেরদৌস: যুক্তরাষ্ট্রে প্রথম আলোর বিশেষ প্রতিনিধি।