আর কত দিকে আগুন জ্বলতে দেখব?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাঁওতাল বস​ি​ততে পুলিশের উপস্থিতিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে
সাঁওতাল বস​ি​ততে পুলিশের উপস্থিতিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে

এখন সাঁওতালদের সবই কম। তাদের জমি কম, রক্ত কম লাল, চোখের পানি কম নোনা, অত্যাচার-নির্যাতনও যেন তাদের গা সওয়া। কমই যদি না হবে, তাহলে এত সহ্য করে কীভাবে? বাঙালির পক্ষে বাঙালি থাকে, মুসলমানের ডাক আরেক মুসলমানে শোনে, হিন্দু ও খ্রিষ্টানদেরও সহায়-শক্তি আছে দেশে-বিদেশে। কিন্তু সাঁওতালদের কিছুই নেই। এক গ্রামের সাঁওতাল উচ্ছেদ হলে আরেক গ্রামের সাঁওতালেরা তাদের আশ্রয় দিতে ভয় পায়। যদি আশ্রয় দেওয়ার দায়ে তাদের ওপরও হামলা-গ্রেপ্তার নেমে আসে? এত ‘নেই’-এর মধ্যেও খুব করে ‘আছে’ তাদের গায়ের রং, চেহারার ধাঁচ আর সাঁওতালি ভাষার বুলি। এই থাকাতেই মস্ত বিপদ। হোটেল-রেস্তোরাঁয় তাদের পাতে কেউ খায় না। তাদের কোনো যুবকের স্বজাতির বাইরের কাউকে ভালোবাসা মানে মৃত্যু ডেকে আনা। তাদের মর্যাদা ও সম্পত্তি দুটোই যেন লুটপাটের বিষয়। যে পাকিস্তান রাষ্ট্র তাদের জমি কেড়েছিল, একাত্তর সালের ২৮ মার্চ রংপুর ক্যান্টনমেন্ট ঘেরাও করতে গিয়ে তাদের হাতেই শয়ে শয়ে জীবন দিয়েছিল সাঁওতালেরা।

দুই.

সাঁওতালেরা এই ভূখণ্ডের প্রাচীনতম অধিবাসী। বাঙালির ইতিহাসে সাঁওতালের উত্তরাধিকার মিশে আছে। উত্তরবঙ্গে একসময় তাদের বিপুল জমি ছিল। কিন্তু শিক্ষা-দীক্ষা না থাকায়, ব্যক্তিগত সম্পত্তির কায়দাকানুন না বোঝায় ধীরে ধীরে সব চলে গেছে। দিনাজপুর, রংপুরের বড় বড় শিক্ষাপ্রতিষ্ঠান, চিনিকল ইত্যাদি সেই পাকিস্তান আমল থেকেই সাঁওতালদের জমি অধিগ্রহণ করে প্রতিষ্ঠা করা হয়েছে। ফুলবাড়ীর বুকচিতে দেখেছি, দিনাজপুরে সরেজমিনে দেখেছি জমি দখল নিয়ে অজস্র সাঁওতাল কৃষকের অভিযোগ। গত বছর ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহের ১৬০তম বছর পূর্তি উপলক্ষে দিনাজপুর শহরের সাঁওতাল সমাবেশে এক স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীর সঙ্গে কথা হয়। তিনি অনুসন্ধানের ভিত্তিতে দাবি করলেন, ৮০ শতাংশ সাঁওতালি জমি নিয়েই গন্ডগোল চলছে।

গোবিন্দগঞ্জ ও ঘোড়াঘাট একসময় সাঁওতাল ও পাহাড়িয়া জাতি-অধ্যুষিত এলাকা ছিল। বাগদা সরেন নামে এক সাঁওতাল জমিদারও ছিলেন। জমিদারি ব্যবস্থা উচ্ছেদের পর ১৯৫৫ থেকে ১৯৫৬ সালের মধ্যে গোবিন্দগঞ্জের ১৫টি সাঁওতাল আর ৫টি বাঙালি গ্রাম উচ্ছেদ করে ১৮৪২ দশমিক ৩০ একর জমি অধিগ্রহণ করে পাকিস্তান সরকার। জমির মালিকদের ভাষ্য, সরকার জমির কোনো মূল্য দেয়নি। কেবল জমির শস্য, বসতবাড়ির গাছপালা, কুয়া ও ঘরবাড়ির একটা মূল্য ধরে দেয়। তা-ও মাত্র ৮ লাখ ৭ হাজার ৩১৮ টাকা! এর ছয় বছর পর ভূমিহারাদের সঙ্গে সরকারের একটা চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিপত্রে উল্লেখ করা হয় অধিগ্রহণকৃত জমি আখ চাষের বদলে অন্য উদ্দেশ্যে ব্যবহার করা হলে সরকার ওই জমি পূর্বতন মালিকদের ফেরত দেবে।

চিনিকল কর্তৃপক্ষের দুর্নীতি ও অব্যবস্থাপনার দরুন ৩১ মার্চ ২০০৪ সালে কারখানার উৎপাদন বন্ধ হয়ে যায়। এরপর বিভিন্ন সময় চালু ও বন্ধ হওয়ার মধ্যে থাকছে এই রাষ্ট্রীয় চিনিকল। অন্যদিকে বিপুল পরিমাণ জমি তামাক, ধান ও ভুট্টা চাষের জন্য বাণিজ্যিকভাবে ইজারা দেওয়া আছে। জমির আদি মালিক সাঁওতাল ও বাঙালিদের আপত্তি এখানেই। যেহেতু চিনিকল ঠিকঠাক চলছে না এবং আখের বদলে অন্য শস্য চাষ হচ্ছে, সেহেতু তাঁরা চুক্তির শর্ত অনুযায়ী জমি ফেরত চান। এদিকে সংসদীয় কমিটি বলেছে বিষয়টি আপস-মীমাংসার মাধ্যমে নিষ্পত্তির কথা। কিন্তু গাইবান্ধা জেলা প্রশাসন জমি ফেরত দেওয়ার বদলে ওই এলাকায় ‘বিশেষ অর্থনৈতিক অঞ্চল’ করার প্রস্তাব দিয়েছে সরকারের কাছে। অথচ প্রস্তাবিত কৃষিজমি সুরক্ষা ও ভূমি ব্যবহার আইন ২০১৬ অনুযায়ী কোনোভাবেই কৃষিজমিতে শিল্পাঞ্চল করা যাবে না। এমনকি বিশেষ অর্থনৈতিক অঞ্চল আইনেও অনুরূপ কথা আছে। সুতরাং গোবিন্দগঞ্জের আদিবাসী সাঁওতালেরা আইনের পথেই ছিল। তাদের উচ্ছেদ, গুলি, ঘরবাড়ি পোড়ানো ও বিতাড়নের অধিকার তাই সরাসরি জুলুম ছাড়া আর কিছু নয়।

বাংলাদেশে বর্তমানে ভূমি দখল ও অধিগ্রহণের বিরাট আয়োজন চলছে। সরকার করছে যত, ভূমিদস্যুরা করছে তার চেয়েও বেশি। দরিদ্র আদিবাসী কৃষকদের উদ্বাস্তু করে, জীবিকা কেড়ে নিয়ে দরিদ্র বাড়ানো এবং কৃষিজমি নষ্ট করে খাদ্যনিরাপত্তার হুমকি সৃষ্টি কেমনতর উন্নয়ন? এক কূল ভেঙে আরেক কূল গড়ার এই উন্নয়ন ভারসাম্যহীন। আমেরিকায় একসময় স্বর্ণশিকারিরা সোনার সন্ধানে দিগ্‌বিদিক ছোটাছুটি ও গোলাগুলি করত। এর নাম হয়েছিল গোল্ড রাশ। বাংলাদেশে এখন চলছে ল্যান্ড রাশ তথা ভূমিগ্রাসের ছিনিমিনি খেলা। পার্বত্য চট্টগ্রামে ভূমি সমস্যা নিরসনে একটা ভূমি কমিশন সরকার গঠন করেছে। সমতলের আদিবাসীদের জমির ব্যাপারে অনুরূপ কমিশন গঠনের অঙ্গীকার আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারেও ছিল।

পাকিস্তান সরকার করেছিল চুক্তি, আওয়ামী লীগ সরকার করেছে অঙ্গীকার; কিন্তু কথা রাখার দায় নেয়নি কেউই। তার বদলে আগুন জ্বালানো হয়েছে। আর কত দিকে আগুন জ্বলে উঠতে দেখব আমরা?

ফারুক ওয়াসিফ: সাংবাদিক ও লেখক।

faruk.wasif@prothom-alo.info