আর কত শিশুহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল শনিবার প্রথম আলোর অনলাইন ও প্রিন্টে ছাপানো দুটি খবর পড়ে বেদনাহত হয়ে পড়ি। দুটিই শিশুহত্যার খবর। অনলাইনের খবরটি এ রকম: জয়পুরহাটের কালাই উপজেলার পৌর এলাকায় গতকাল সকালে তাওহীদ শামীম শুভ নামের দ্বিতীয় শ্রেণিতে পড়া এক শিশুকে হত্যা করা হয়েছে। তার লাশ বাড়ি থেকে কিছুটা দূরে খড়ের গাদায় পাওয়া গেছে। শিশুটি গত শুক্রবার থেকে নিখোঁজ ছিল। পরিবারের সন্দেহ, তাকে অপহরণ করা হয়েছিল।

প্রিন্টে ছাপানো খবরটিতে বলা হয়, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের অস্ত্রোপচারকক্ষের বাইরে জুতা রাখার তাক থেকে এক মেয়েশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে হাসপাতাল পুলিশ ফাঁড়ির সদস্যরা তোয়ালে-মোড়ানো লাশটি উদ্ধার করেন। পুলিশের ধারণা, মেয়েশিশুটির বয়স প্রায় দুই বছর। হাসপাতালের ভেতরেই কেউ বা কারা মেয়েটিকে শ্বাসরোধে হত্যা করে লাশটি এভাবে জুতার তাকে ফেলে রেখে যায়।

কী নির্মম এসব হত্যাকাণ্ড! দ্বিতীয় শ্রেণিতে পড়া একটি শিশু কার কী এমন ক্ষতি করেছে যে তাকে হত্যা করার প্রয়োজন পড়ল। আর দুই বছরের মেয়েটিরই-বা দোষ কী। সে কার কী এমন অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছিল যে তাকে মেরে ফেলতে হলো!

শিশু সুরক্ষায় দেশে সরকারি বেসরকারি পর্যায়ে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। দেশে শিশু আইন আছে, শিশুনীতি আছে। কিন্তু এসব আইন বা নীতি কোনো কাজেই আসছে না শিশুদের। সামগ্রিক পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যাবে শিশুর প্রতি সহিংসতার দৃশ্যমান কোনো পরিবর্তন হয়নি। এ দেশে শিশুরাই সবচেয়ে বেশি অরক্ষিত। তাদের সুরক্ষার কোনো ব্যবস্থাই এখানে গড়ে ওঠেনি। শিশুদের সঙ্গে যা খুশি তা-ই করা হচ্ছে। শিশুদের মারধর করা, অপহরণ করা, ধর্ষণ করা, হত্যা করা—এগুলোই এখন নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। যেখানে-সেখানে পাওয়া যায় শিশুর লাশ।

প্রথম আলোর ২৫ ফেব্রুয়ারির খবর, এ বছরের প্রথম দেড় মাসে সারা দেশে বিভিন্নভাবে ৪৫ শিশু খুন হয়েছে। ২৬৯টি সংগঠনের মোর্চা বাংলাদেশ শিশু অধিকার ফোরামের পরিসংখ্যানে এ তথ্য দেওয়া হয়েছে। এ হিসাব অনুযায়ী প্রথম দেড় মাসে প্রতিদিন গড়ে একটি করে শিশু খুন হয়েছে। ভাবা যায় এ রকম পরিস্থিতির কথা! কিন্তু আমাদের দেশের জন্য এটাই সত্যি।

তুচ্ছ সব কারণে শিশুদের মেরে ফেলা হচ্ছে। দোষ না করলেও তাদের খুন হতে হচ্ছে। স্ত্রী স্বামীর ওপর রাগ করে বাপের বাড়ি চলে গিয়েছিলেন। তিনি তিন শিশুকন্যাকেও ফেলে রেখে যান। আর এই রাগে স্বামী তিন কন্যাসন্তানকে বঁটি দিয়ে কেটে হত্যা করেন। স্বামীর যুক্তি হচ্ছে, তাঁর স্ত্রী তার তিন মেয়েকে খুবই ভালোবাসেন। মেয়েরা মারা গেলে স্ত্রী কষ্ট পাবেন। এই কষ্ট দেওয়ার জন্যই তিন মেয়েকে হত্যা।

ঘটনাটি ঘটেছে গত বছরের মে মাসে কক্সবাজারের চকরিয়া উপজেলায়। ভাই-ভাবি আর তাঁদের একমাত্র কন্যাশিশুর সুখের সংসার দেখে হিংসা হতো বোনের। তাই ভাইয়ের মেয়েকে মেরে ফেলেন ওই বোন। এ ঘটনা ২০১৪ সালে চাঁদপুর জেলার। প্রতিবেশী এক ব্যক্তির সঙ্গে সম্পর্ক হয়েছে এক গৃহবধূর। তাঁকেই বিয়ে করবেন বলে সিদ্ধান্ত নেন। কিন্তু ঘরে যে ১০ বছরের ছেলে রয়েছে। তাকে কী করবেন। সহজ সমাধান হচ্ছে মেরে ফেলা। তা-ই করা হলো। এ ঘটনা ২০১৩ সালে খোদ রাজধানীতে ঘটেছে। এ রকম আরও বহু উদাহরণ দেওয়া যাবে।

একই ধরনের ঘটনা যখন বারবার ঘটতে থাকে, তখন সেই ঘটনার গুরুত্ব সবার কাছে কমতে থাকে। এমনকি পত্রিকার পাতায়ও স্থান পায় না। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, শিশুহত্যার ঘটনাও আমাদের কাছে স্বাভাবিক হয়ে আসছে। কেউ আর এতে তেমন বিচলিত হচ্ছে না। গা-সহা হয়ে যাচ্ছে সবার কাছে। তা-ই যদি না হবে, তাহলে এত শিশু খুন হচ্ছে আর রাষ্ট্র নির্বিকার হয়ে বসে আছে কেন? কেন শিশুর হত্যাকারীদের কোনো শাস্তি হয় না এ দেশে। হত্যাকারীদের যদি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যেত, তাহলে শিশুহত্যার ঘটনা নিশ্চিতভাবেই কমতো। সাম্প্রতিক সময়ে কেবল সিলেটের রাজন ও খুলনার রাকিব—এই দুই হত্যা মামলার রায় ছাড়া আর কোনো উদাহরণ তো আমাদের সামনে নেই। ওই দুই শিশুহত্যা মামলার রায়ে মোট ছয়জনকে ফাঁসির আদেশ দেওয়া হয়। কিন্তু সে আদেশ এখনো কার্যকর হয়নি। কিন্তু আর তো বসে থাকা চলে না। রাজন ও রাকিব হত্যা মামলার আসামিদের দণ্ড দ্রুত কার্যকর করতে হবে। সব শিশুহত্যার বিচার করতে হবে। হত্যাকারীদের কঠোর দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এর কোনো বিকল্প নেই।
রোকেয়া রহমান: সাংবাদিক