হরতাল, অবরোধ, সমাবেশ প্রতিবাদের গণতান্ত্রিক ভাষা হলেও দিন দিন তা চরম সহিংসতায় রূপ নিচ্ছে, বিঘ্নিত করছে অন্যের মানবাধিকার, যা গণতান্ত্রিক চেতনার সঙ্গে সাংঘর্ষিক। অন্যদিকে সরকারও এসব কর্মসূচি বন্ধে সহিংসতার আশ্রয় নিচ্ছে। এই রাজনৈতিক বর্বরতার অন্যতম শিকার হচ্ছে এ দেশের অসংখ্য নিষ্পাপ শিশু এবং এ দেশবাসী প্রত্যক্ষ করছে রাজনীতির এক কদর্য চেহারা। অস্থির রাজনৈতিক পরিস্থিতি একদিকে যেমন শিশুদের শিক্ষাকে করেছে চরমভাবে বিপর্যস্ত, তেমনি অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের প্রলোভন দেখিয়ে রাজনৈতিক সহিংসতায় ব্যবহার করা হয়েছে যথেচ্ছভাবে। যদিও দুই প্রধান রাজনৈতিক দল তাদের নির্বাচনী ইশতেহারে রাজনীতিতে শিশুদের ব্যবহার না করার অঙ্গীকার করেছিল কিন্তু কথা রাখেনি কেউ। এ দুই দলের রাজনৈতিক কর্মকাণ্ড এবং পিকেটিংয়ে শিশুদের ব্যবহার করা হয়েছে বারবার।
আর সহিংসতায় শিশুদের মানবঢাল হিসেবে ব্যবহার করেছে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো। ২০১৩ সালের এপ্রিল-মে মাসে বগুড়া, গাইবান্ধা, ঠাকুরগাঁও, রাজশাহী ও সাতক্ষীরায় এ রকম ঘটনা দেখা গেছে, যা পত্রিকার সংবাদে এসেছে। শুধু তা-ই নয়, পিকেটারদের ফেলে রাখা ককটেল বিস্ফোরণেও আহত হয়েছে অনেক শিশু। পঙ্গু হয়েছে, এমনকি মৃত্যুবরণ করেছে।
২০১৩ সালে প্রথম আলোতে প্রকাশিত সংবাদ থেকে জানা যায়, মাত্র ২৬ দিনে ১৫টি শিশু ককটেলের আঘাতে গুরুতর জখম হয়েছে। এসব অনাকাঙ্ক্ষিত ঘটনা চরমভাবে বিঘ্নিত করেছে তাদের শিক্ষাজীবনকে। এর প্রমাণ মেলে যখন ককটেলে ডান হাতের তিনটি আঙুল উড়ে যাওয়া ১০ বছরের তোফাজ্জাল কাঁদতে কাঁদতে বলছিল, ‘আমি পরীক্ষা দেব কীভাবে?’ (২১ নভেম্বর ২০১৩, প্রথম আলো) শিশুদের ওপর ক্রমাগত ঘটে যাওয়া এসব ঘটনার পরিপ্রেিক্ষতে সরকার রাজনীতিতে শিশুদের ব্যবহার নিষিদ্ধ করেছে। তার পরও থেমে নেই সহিংসতা। সম্প্রতি ৭ জানুয়ারি ২০১৫ রাজনৈতিক দলের অবরোধ চলাকালীন পিকেটারদের বোমার আঘাতে ক্ষতবিক্ষত হয়েছে শাহরিয়ার হৃদয় (১৫) ও মিনহাজুল ইসলাম অনিক (১৫)। শাহরিয়ার ও অনিক দুজন এসএসসি পরীক্ষার্থী কিন্তু সহিংসতার ছোবলে সম্পূর্ণ অনিশ্চিত হয়ে পড়েছে তাদের ভবিষ্যৎ।
এভাবে আমাদের সমাজের একটি শিশুকে বরণ করতে হচ্ছে পঙ্গুত্ব। গত বছর জাতিসংঘ শিশু অধিকার সনদের ২৫ বছর পূর্তি হয়েছে। এ সনদে প্রথম স্বাক্ষরকারী ১০টি দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম। এ সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে বাংলাদেশ এই বলে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে যে সব শিশু সম-অধিকার ভোগ করবে এবং নিরাপদ পরিবেশে বেড়ে উঠবে। কিন্তু সহিংস রাজনৈতিক পরিস্থিতির কারণে বারবারই এই প্রতিশ্রুতি ভঙ্গ হচ্ছে। ১৪ জানুয়ারি ২০১৫ রংপুরে পেট্রলবোমায় পুড়ে ছাই হয়েছে কিছু মানুষ, যেখানে একটি শিশু ছিল।
শুধু তা-ই নয়, লাল টেপ মোড়ানো বোমাকে খেলার বল ভেবে সেটি কুড়িয়ে খেলতে গিয়ে অসংখ্য শিশু মর্মািন্তক মৃত্যুবরণ করেছে, ঘটেছে তাদের অঙ্গহানি। ২০১৩ সালে সারা বছরই এ ধরনের মর্মস্পর্শী ঘটনার খবর ছিল। ২০১৫ সালের জানুয়ারি থেকেই আবার শুরু হয়েছে হিংস্র রাজনীতির নির্লজ্জ চর্চা। যার ফলে শত-সহস্র শিশুর শিক্ষাজীবন ব্যাহত হচ্ছে।
এই নির্মমতা আর হিংসার মধ্যে বেড়ে উঠছে যে শিশুরা, তারা কী শিখবে এই জাতির কাছ থেকে? তাদের জন্য আমরা কী আদর্শ রেখে যাচ্ছি, তা এখন ভেবে দেখার সময় এসেছে। রাজনৈিতক সহিংসতায় বারবার প্রাণ দিচ্ছে সাধারণ মানুষ, প্রাণ হারাচ্ছে নিষ্পাপ শিশুরা। শুধু ক্ষমতায় যাওয়ার কিংবাÿ ক্ষমতায় টিকে থাকার রাজনীতির কারণে তাদের প্রাণ দিতে হচ্ছে। এটা মানবাধিকারের চরম লঙ্ঘন। এটি চলতে পারে না। বিশেষ করে কোনো শিশু কখনো রাজনৈতিক স্বার্থ চরিতার্থের হাতিয়ার হতে পারে না অথবা রাজনৈতিক সহিংসতার লক্ষ্যবস্তু হতে পারে না। মনে রাখতে হবে, শিশুরাই আমাদের বর্তমান, শিশুরাই আমাদের ভবিষ্যৎ। বর্তমান প্রজন্মকে যদি আমরা একটি সুস্থ সমাজ উপহার দিতে না পারি, যদি শুদ্ধ রাজনৈতিক চর্চা শেখাতে না পারি, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মও সুস্থভাবে বেড়ে উঠবে না।
অফুরন্ত সম্ভাবনা নিয়ে যে শিশুরা জন্মগ্রহণ করেছে, বেড়ে ওঠার আগেই তারা নিঃশেষ হয়ে যাবে—এটি কোনো সভ্য সমাজের কাম্য হতে পারে না। তাই চাইল্ড রাইটস অ্যাডভোকেসি কোয়ালিশন ইন বাংলাদেশ এ ধরনের ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে, সেই সঙ্গে কোনোভাবেই যেন আমাদের রাজনৈতিক কোন্দলের শিকার শিশুরা না হয়, সেদিকে সরকারসহ সব রাজনৈতিক মহলের আশুদৃষ্টি কামনা করছে।
চাইল্ড রাইটস অ্যাডভোকেসি কোয়ালিশন ইন বাংলাদেশ–এর পক্ষে এই নিবন্ধনটি লেখা হয়েছে। এই কোয়ালিশনের অন্তর্ভুক্ত সংস্থাগুলো হলো আইন ও সালিশ কেন্দ্র (আসক), সেভ দ্য চিলড্রেন, অ্যাকশনএইড বাংলাদেশ, চাইল্ড রাইটস গভর্ন্যান্স অ্যাসেমব্লি, এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন-এডুকো, জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, টেরে ডেস হোমস— নেদারল্যান্ডস, বাংলাদেশ শিশু অধিকার ফোরাম এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।
গীতা চক্রবর্তী: সিনিয়র ডেপুটি ডিরেক্টর, শিশু অধিকার ইউনিট, আইন ও সালিশ কেন্দ্র।