
বিশ্বের অন্যতম মেগাসিটি ঢাকার সফলতা বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই শহরের তাক লাগানো পরিবর্তনই দেশটির মানুষের উন্নত জীবনের স্বপ্ন ও আকাঙ্ক্ষার প্রতীক। ১৯৮০ সালে যে শহরের লোকসংখ্যা ছিল ৩০ লাখ, তা আজ ১ কোটি ৮০ লাখে পৌঁছেছে। এই শহরে মানুষের আগমন দেখে বোঝা যায়, দারিদ্র্য থেকে সমৃদ্ধির পানে যাত্রা করতে তাঁরা কতটা ত্যাগ ও কষ্ট করেছেন।
তবে ঢাকা পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ শহর হলেও এর সম্প্রসারণ হয়েছে বিশৃঙ্খল কায়দায়, অসমভাবে। যথার্থ পরিকল্পনা ছাড়াই ঢাকার বর্ধন ঘটেছে। ফলে এই শহরের সবকিছুতেই যেন চরম ঠাসাঠাসি, যার বাসযোগ্যতা নিম্নমানের। শহরটি আবার বন্যা ও ভূমিকম্পের কাছে অসহায়। ৩৫ লাখ বস্তিবাসী, অস্থায়ী অভিবাসীসহ এই শহরের অনেক মানুষই মৌলিক সেবা পায় না। অবকাঠামোসহ রম্যতার সুযোগও তাদের কম।
অপরিকল্পিত ও অনিয়ন্ত্রিত বৃদ্ধির কারণে এই শহরে অদৃষ্টপূর্ব ভিড় সৃষ্টি হয়েছে। ফলে ১০ বছর আগে যেখানে এই শহরের যানবাহনের গড় গতি ছিল ১০ কিলোমিটার, এখন সেটা ৭ কিলোমিটারেরও নিচে নেমে এসেছে। এই ধারা বজায় থাকলে একসময় এই গতি ৪ কিলোমিটারে নেমে আসবে, অর্থাৎ স্বাভাবিক হাঁটার গতির চেয়েও কম। এই ভিড়ের কারণে দৈনিক ৩২ লাখ কর্মঘণ্টা নষ্ট হয়। এতে প্রতিবছর হাজার হাজার কোটি টাকা নষ্ট হচ্ছে। এই শৃঙ্খলাহীনতার কারণে নগরায়ণের অনেক গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সুবিধাদি নষ্ট হয়ে যায়। স্বাভাবিকভাবেই এতে শহর ও দেশের আয় কমে যায়।
এসব সমস্যার সমাধান আপনাআপনি হবে না। ঢাকার জনসংখ্যা ২০৩৫ সালের মধ্যে দ্বিগুণ হয়ে যাওয়ার কথা, অর্থাৎ তখন তার জনসংখ্যা হবে সাড়ে ৩ কোটি। এই অবস্থায় একদম মৌলিকভাবে নতুন চিন্তা করতে হবে, যার জন্য দরকার যথাযথ পরিকল্পনা, সমন্বয়, বিনিয়োগ ও কর্মোদ্যোগ। এসব ছাড়া ঢাকার শক্তি কখনোই পুরোপুরি উন্মোচিত হবে না। বলা যায়, ঢাকার ভবিষ্যৎ বা নিয়তি নির্ধারণে এটা এক গুরুত্বপূর্ণ সময়।
এখন পর্যন্ত ঢাকার উত্তরাংশে নগরায়ণ হয়েছে। ১৯৮৮ সালের বন্যার পর সরকার যখন বন্যানিয়ন্ত্রণের জন্য পশ্চিমাঞ্চলে বাঁধ নির্মাণ করল, তখন সেদিকেও নগরায়ণ হলো। এসব কারণে শহরের মধ্যাঞ্চলে বিপুল বিনিয়োগ হয়, যেখানে অবকাঠামো নির্মিত হয় ও সামাজিক সেবা লভ্য হয়ে ওঠে। তবে রিয়েল এস্টেটের বিনিয়োগের সঙ্গে অন্যান্য অবকাঠামো ও পরিবহনসেবার সমন্বয় হয়নি।
একইভাবে ঢাকার পূর্বাঞ্চলেও উন্নয়ন কার্যক্রম চলছে, যদিও সেখানে বন্যানিয়ন্ত্রণ বাঁধ নেই। এটা যদি যথাযথভাবে করা যায়, তাহলে বলা যায়, পূর্ব ঢাকার অমিত সম্ভাবনা আছে। কারণ, এই অংশ এখনো মূলত গ্রামীণ, যার কিছু অংশ আবার ঢাকার সবচেয়ে সমৃদ্ধিশালী অংশের একদম হাঁটা দূরত্বে অবস্থিত। সুপরিকল্পিতভাবে পূর্ব ঢাকা গড়ে তোলা গেলে উৎপাদনশীলতা যেমন বাড়বে, তেমনি এর বাসযোগ্যতাও বাড়বে। কিন্তু আগের মতো যেমন-তেমনভাবে এটা করা হলে ঢাকার আয়তন দ্বিগুণ হবে ঠিকই, একই সঙ্গে তার বিশৃঙ্খলাও দ্বিগুণ হবে।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর আগে মধ্যম আয়ের দেশ হওয়ার ব্যাপারটা ঢাকার নগর সম্প্রসারণের ওপর অনেকাংশে নির্ভরশীল। বর্তমান ধারায় চললে পূর্ব ঢাকাও বর্তমান ঢাকার মতো নিম্ন উৎপাদনশীল ও চরম ভিড়ভাট্টার শহর হবে। তবে বন্যা ও ভূমিকম্পের ঝুঁকি তার অনেক বেশি থাকবে। এখনকার ঘনবসতিপূর্ণ ঢাকার অবকাঠামো সংস্কার করার চেয়ে পূর্বাঞ্চলে শহর পরিকল্পনা ও নির্মাণের ব্যয় অনেক কম, যার লক্ষ্য হবে ভবিষ্যৎমুখী। তবে পূর্ব ঢাকা ঘনবসতিপূর্ণ হওয়ার আগেই এটা করতে হবে। এখন কাজ করার সময় এসেছে।
‘ঢাকা টুওয়ার্ড ২০৩৫’ সম্মেলনে ঢাকার উন্নয়নের সঙ্গে জড়িত মন্ত্রণালয় ও সংস্থাগুলোর সঙ্গে সারা পৃথিবীর বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। বর্তমান পরিস্থিতি তুলে ধরার পাশাপাশি তাঁরা ঢাকার ভবিষ্যতের রূপরেখাও পেশ করেছিলেন। সম্মেলনে ঢাকার উন্নয়ন নিয়ে ব্যাপক আলোচনা হয়। একই সঙ্গে বিশ্বের অন্য যেসব গুরুত্বপূর্ণ শহর নগর ব্যবস্থাপনায় বৈপ্লবিক সফলতা পেয়েছে, সেগুলো এখানে পর্যালোচনা করা হয়েছে।
উদাহরণ হিসেবে বলা যায়, সাংহাই শহরের জনসংখ্যা যে ৬০ লাখ থেকে ২ কোটি ৪০ লাখে পৌঁছাল, তার সঙ্গে শহরটির সেবার প্রাপ্তি, অর্থনৈতিক কার্যক্রম, বাসযোগ্যতা ও যোগাযোগব্যবস্থাও উন্নত হয়েছে। এই সফলতার মূল কারণ হলো, পূর্ব সাংহাইয়ের (পুডং) উন্নয়ন এবং শহরের বাকি অংশের সঙ্গে তার আত্তীকরণ। এই ‘অলৌকিক’ পুডং-কাণ্ডের মধ্য দিয়ে সাংহাই স্রেফ ২৫ বছরে বৈশ্বিক শহরে রূপান্তরিত হয়েছে। সাংহাইসহ অন্যান্য শহরের অভিজ্ঞতা থেকে বোঝা যায়, সফলতার জন্য পরিষ্কার দৃষ্টিভঙ্গি দরকার। সরকারি সংস্থা, বেসরকারি বিনিয়োগকারী, নাগরিক, উন্নয়ন সংস্থা—সব প্রতিষ্ঠানকেই এই দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে হবে। এর সমর্থনে থাকবে সতর্ক পরিকল্পনা ও ঠাসা বাস্তবায়ন।
এ বিষয়ে আসন্ন শরৎ মৌসুমে প্রতিবেদন প্রকাশ করা হবে। তার আগে এই সম্মেলনের মাধ্যমে আমরা ঢাকার ভবিষ্যৎ উন্নয়নের চারটি চিত্র উপস্থাপন করেছি, যা নির্ভর করবে তার বর্তমানের সিদ্ধান্তের ওপর। পূর্ব ঢাকায় বাঁধ নির্মাণ এবং পরিকল্পনা ও জোন নির্মাণবিষয়ক আইন প্রণয়ন ও প্রয়োগের মাধ্যমে এটা নিশ্চিত করতে হবে। সম্মেলনে আমরা যেসব সিমুলেশন (অনুকরণ, যেমন বিমান চালনা প্রশিক্ষণের জন্য মাটিতে থাকা অবস্থায় বিমানে প্রশিক্ষণ দেওয়া) করলাম তাতে দেখা গেল, ঢাকার নগর উন্নয়নের লক্ষ্যে কৌশলগত মনোভঙ্গি গ্রহণ করা হলে কত বড় পরিবর্তন ঘটানো সম্ভব। ঢাকাকে স্পন্দমান ও বাসযোগ্য শহর বানানোর সুযোগ এখনই নিতে হবে, যাতে বেশি দেরি না হয়ে যায়।
অনুবাদ: প্রতীক বর্ধন।
কুইমিয়াও ফ্যান: বিশ্বব্যাংকের বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর।
মার্টিন রমা: বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রধান অর্থনীতিবিদ।