আরপিও পরিবর্তনের আত্মঘাতী সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর কয়েক দিন পরেই ঈদুল ফিতর। মাসজুড়ে ধর্মপ্রাণ মুসলমানরা রোজা রেখেছেন। প্রতি ঈদ উদ্যাপনের চিত্র প্রায় অভিন্ন থাকে। তবে এবারের ঈদে দেশের মানুষ উৎকণ্ঠার মধ্যে কাটাবেন। কারণ, আগামী নির্বাচন নিয়ে উত্তপ্ত হয়ে ওঠা রাজনৈতিক অঙ্গন। দুই প্রধান রাজনৈতিক শক্তির ঈদ-পরবর্তী সময়ে একে-অপরকে দেখে নেওয়ার যে হুংকার ছেড়েছে, তাতে জনগণ উদ্বিগ্ন হতেই পারে। পরিস্থিতি আগের চেয়েও ঘোলাটে। অনেকটা ২০০৬-০৭-এর পথে হাঁটছে। রোজার মাসেই চার দিন সহিংস হরতাল দেখেছি। ঈদের পর দেশ কোন পথে যাবে, তা বলা কঠিন।অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতার সঙ্গে পরোক্ষভাবে জড়িয়ে পড়ছে আন্তর্জাতিক অঙ্গন। ওয়াশিংটন, লন্ডন আর দিল্লিতে রাজনীতিবিদদের দৌড়ঝাঁপ দৃশ্যমান। অনেকের মনে প্রশ্ন, আগামী নির্বাচন আদৌ হবে কি না?এ প্রশ্নগুলো এমন সময়ে উঠেছে যখন খোদ নির্বাচন কমিশনই তাদের কিছু অবিবেচক সিদ্ধান্তের কারণে বিতর্কিত হয়ে পড়েছে। একই সঙ্গে তারা নির্বাচনব্যবস্থা নিয়ে অহেতুক বিতর্কের জন্ম দিয়েছে। বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া প্রকাশ্যে এই নির্বাচন কমিশন সম্পর্কে বিরূপ মন্তব্য করেছেন। তাঁর কথার প্রতিধ্বনি পাওয়া গেল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের কণ্ঠেও। নির্বাচন কমিশন সংসদ নির্বাচন সামনে রেখে কোন পথে হাঁটছে, এটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এই কমিশন পাঁচটি সিটি করপোরেশনের নির্বাচনের পর কিছুটা বাহবা পেয়েছিল, বিশেষ করে ভোট গ্রহণ ও ফলাফলের বিচারে। কিন্তু প্রাক-ভোট যে নির্বাচনী পরিবেশ, সে পরিবেশকে নিয়ন্ত্রণে রাখতে তাদের খুব বেশি প্রয়াস দিতে দেখা যায়নি। এসব নির্বাচনে সরকারের ইতিবাচক ভূমিকাই ছিল মুখ্য। আচরণবিধির ব্যাপক লঙ্ঘনের পরও নির্বিকার থেকেছে নির্বাচন কমিশন। এমনও খবর প্রকাশিত হয়েছে যে আচরণবিধি নিয়ন্ত্রণ করার প্রচেষ্টায় মাঠপর্যায়ের কর্মকর্তারা কমিশনের সাপোর্ট বা সহযোগিতা তো পাননি বরং উল্টো অনেকে দায়িত্ব পালন করতে গিয়ে তিরস্কৃত হয়েছেন। গাজীপুরের ঘটনা নিয়ে কমিশনে তোলপাড়ের বিশদ বিবরণ পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছিল। তার পরও নির্বাচন কমিশনকে আস্থায় রাখতে চেয়েছে সাধারণ জনগণ। তবে ইদানীং নির্বাচন কমিশন তাদের সাংবিধানিক দায়িত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ সংসদীয় নির্বাচনের নিয়ামক আইন ‘গণপ্রতিনিধিত্ব আদেশ’ বা Representation of Peoples Order (RPO) সংস্কারের নামে যেসব পদক্ষেপ নিয়েছে বা নিতে যাচ্ছে, তা গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর থেকে বিতর্কের ঝড় বয়ে যাচ্ছে।এ টি এম শামসুল হুদার নির্বাচন কমিশন মেয়াদ শেষ করার আগে বিভিন্ন দল ও গোষ্ঠীর সঙ্গে আলোচনার পর স্বাধীন নির্বাচন কমিশনকে আরও কার্যকর ও শক্তিশালী করার জন্য আরপিওতে বেশ কিছু ধারার সংযোজন ও বিদ্যমান ধারাগুলোর সম্প্রসারণের প্রস্তাব দিয়েছিল। সেসব প্রস্তাবের ধারে-কাছেও যায়নি বর্তমান কমিশন। উপরন্তু ২০০৮ সালে সংস্কারের অংশ হিসেবে আরপিওতে সংযোজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারা যেগুলো নির্বাচন কমিশনের হাতকে শক্তিশালী করার কথা, একতরফাভাবে বাদ দিয়ে আরপিও পরিবর্তনের সুপারিশ করেছে তারা। এই সংশোধনের পক্ষে অবস্থান নিয়েছেন খোদ প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমেদ। এর মধ্যে গুরুত্বপূর্ণ ধারাটি হলো আরপিওর ৯১ই। এতে নির্বাচনী প্রচারণার সময় থেকে ভোট গ্রহণের পরের দিন পর্যন্ত গুরুতর অসদাচরণ অথবা উপর্যুপরি আচরণবিধিসহ অন্যান্য নির্বাচনী আইন অথবা নির্বাচনী প্রচারণা ইত্যাদিতে বিশৃঙ্খলা সৃষ্টি করার দায়ে নির্ধারিত পদ্ধতিতে প্রার্থিতা বাতিলের নির্বাচন কমিশনকে ক্ষমতা দেওয়া হয়েছিল। এই ধারায় প্রার্থীর শাস্তি হলেও কেবল দুজন প্রার্থীর একজন বাদ পড়লে ওই আসনের জন্য পুনঃ তফসিল ঘোষণা করে সাজাপ্রাপ্ত প্রার্থীর বদলে অন্য প্রার্থীকে সুযোগ দেওয়া, যাতে কোনো দল নির্বাচন থেকে বাদ না পড়ে। এই সংযোজন করা হয়েছিল বিএনপির সুপারিশে। এখানে উদ্ধৃত করা হয়েছিল আরপিওর ধারা ১৭, যেখানে কোনো বৈধ প্রার্থীর মৃত্যুর কারণে ওই আসনে পুনঃ তফসিলের কথা রয়েছে। উল্লিখিত ধারা ৯১(ই) আরপিও অন্তর্ভুক্ত করার প্রথম প্রয়াস নেওয়া হয়েছিল ২০০১ সালে এম এ সাঈদের নির্বাচন কমিশনের সময়। এর সঙ্গে রাজনৈতিক দলের নিবন্ধনও বাধ্যতামূলক করা হয়েছিল। এ দুটি ধারাই ওই সময়ের তত্ত্বাবধায়ক সরকার অধ্যাদেশের মাধ্যমে অন্তর্ভুক্ত করলেও বড় দলগুলোর চাপে, বিশেষ করে তৎকালীন আওয়ামী লীগ ও সমমনা দলের চাপে ধারাটি বাতিল এবং নিবন্ধনের ধারাটিকে ঐচ্ছিক করা হয়। ওই সময়ে নির্বাচন কমিশন এ ধারাটি যুক্ত করতে পারেনি, যা ২০০৮ সালে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে প্রথমে ধারা ১৯-এর সঙ্গে সমন্বয় করা হয়েছিল। পরে বিএনপির আপত্তি আমলে নিয়ে ধারা ১৭-এর সঙ্গে সমন্বয় করা হয়েছিল। ধারা ৯১(ই) সমগ্র আরপিওতে একমাত্র ধারা, যা নির্বাচন কমিশনের হাতে নির্বাচনী প্রচারণায় শৃঙ্খলা বজায় রাখার শক্তি জুগিয়েছিল। পরে অনুরূপ ধারা প্রায় সব স্থানীয় নির্বাচনী আইনেও সংযোজন করা হয়েছিল। এসব ধারা অপরিবর্তিত অবস্থায় বর্তমান সরকার এবং সংসদ পাস করে আইনে পরিণত করে। আইনে পরিণত করার সময় প্রক্রিয়ার কোনো পর্যায়ে প্রশ্ন উত্থাপন বা সংযোজন-বিয়োজন করা হয়নি। এ ধারা প্রয়োগ না হলেও এর অস্তিত্বের কারণে প্রয়োগের মতো পরিস্থিতি, জাতীয় সংসদ থেকে ইউনিয়ন কাউন্সিল নির্বাচন পর্যন্ত ২০০৮ এবং পরবর্তী সময়ে যত নির্বাচন হয়েছে, উদ্ভব হয়নি। অথচ এর বিপরীত চিত্র দেখা গিয়েছিল অতীত নির্বাচনগুলোতেও। ২০০৮-এর আগে বিভিন্ন নির্বাচনের প্রচারকালেই বহু মারাত্মক অপ্রীতিকর ঘটনা ঘটেছে, এমনকি কর্তব্যরত হাকিমদেরও লাঞ্ছিত করা হয়েছিল। কর্তব্যরত হাকিমদের মুখের ওপর জরিমানার চিঠি ছুড়ে মারার মতো ঘটনাও ঘটেছিল। ওই সব ক্ষেত্রে নির্বাচন কমিশনের নীরবে হজম করা ছাড়া কিছুই করার ছিল না। এসব হয়তো বর্তমান নির্বাচন কমিশন আমলে নেয়নি। এই ধারা সংযোজনের প্রেক্ষাপটও এবং ধারা প্রয়োগ না করেও এর প্রভাব হূদয়াঙ্গম করতে পারেনি। হয়তো এ কারণে এই ধারা বাতিল এবং অন্যান্য ধারা শিথিল করার প্রয়াস নিয়েছে। অথবা অন্য কোনো উদ্দেশ্যে নির্বাচন কমিশনের আইন পরিবর্তনের সুপারিশ করে গণতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে দুর্বল করার পথে পা বাড়িয়েছে। কী উদ্দেশ্যে এমন আত্মঘাতী সিদ্ধান্ত নির্বাচন কমিশন নিয়েছে, তা বোধগম্য নয়। আরপিওর এই গুরুত্বপূর্ণ ধারাগুলো একাধিকবার রাজনৈতিক দল, সুশীল সমাজ, জ্যেষ্ঠ সাংবাদিক, দেশের গণ্যমান্য আইনজ্ঞ, এমনকি বহু গণ্যমান্য নাগরিক ও সংস্থা এবং জনগণের সঙ্গে খোলামেলা আলোচনা করে সংযোজন করা হয়েছিল। এই প্রথম নির্বাচনী প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ দিকগুলো অংশীদারির ভিত্তিতে আলোচনার মাধ্যমে নির্ণীত হয়েছিল এবং যেমনটা বলেছি এই সরকারের আমলেই মাত্র প্রায় চার বছর আগে আইনে পরিণত হয়। এই পরিবর্তিত আইনের আওতায় পরবর্তী সময়ে একাধিক উপনির্বাচনও হয়েছিল, এমনকি বর্তমান নির্বাচন কমিশনও বেশ কয়েকটি উপনির্বাচন পরিচালনা করেছে। কাজেই হঠাৎ করে এ ধরনের একতরফা সিদ্ধান্ত দেশের জনসাধারণ, সুশীল সমাজ এবং সিংহভাগ রাজনৈতিক দলকেও হতবাক করেছে। মাত্র কয়েক দিন আগে বিনা মেঘে বজ্রপাতের মতো নির্বাচন কমিশন ধারা ৯১(ই) সম্পূর্ণভাবে বাতিল করার ঘোষণা দিয়েছিল। যুক্তি হিসেবে অনেকগুলো কারণ লিপিবদ্ধ করে বিতরণ করা হয়েছিল। এরই প্রেক্ষাপটে প্রধান নির্বাচন কমিশনার জানালেন যে যেহেতু এই আইন প্রয়োগ হয়নি বা প্রয়োগযোগ্য মনে করেননি, তাই বাতিল করার সুপারিশ করেছেন। প্রধান নির্বাচন কমিশনারের বাচনভঙ্গি এবং অঙ্গভঙ্গিতে মনে হয়নি তিনি এবং তাঁর কমিশনাররা যে কারণ দেখিয়েছেন, সেটি তাঁরা মনেপ্রাণে বিশ্বাস করেন। কাজেই বড় প্রশ্ন হলো, কেন এককভাবে নির্বাচন কমিশন আরপিও সংশোধনের নামে নিজেদের অবস্থানকে দুর্বল করছে? তা হলে কি বিরোধী দলের অভিযোগের ভিত্তি রয়েছে? নির্বাচন কমিশন আরপিওর এই ধারাসহ অন্যান্য ধারা শিথিল করার যে উদ্যোগ নিয়েছে, আমরা মনে করি তা আত্মঘাতী সিদ্ধান্ত। জনগণ, রাজনীতিবিদ এবং ক্ষমতাসীন দল যখন নির্বাচন কমিশনকে শক্তিশালী ভূমিকায় দেখতে চায়, ঠিক সে সময়েই নির্বাচনের মাত্র কয়েক মাস আগে এ ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত নানা ধরনের প্রশ্নের জন্ম দিয়েছে। দুঃখের সঙ্গে বলতে হয়, জনগণ নির্বাচন কমিশনের ওপর আস্থা রাখতে চেয়েছিল কিন্তু বিতর্কিত কর্মকাণ্ডের কারণে এখন কমিশনই তা রক্ষা করতে পারছে না। নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনার সাংবিধানিক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের ওপর জনগণের আস্থা না থাকলে একটি গ্রহণযোগ্য স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া সম্ভব নয়। জনগণের আস্থাই নির্বাচন কমিশনের বড় শক্তি। এ ধরনের আত্মঘাতী কর্মকাণ্ডে ইতিমধ্যে কমিশন বিতর্কিত হতে শুরু করেছে, এর রেশ পড়বে প্রতিষ্ঠানের ওপর। বহু কষ্টে এই প্রতিষ্ঠানকে অন্ধকার গহ্বর থেকে টেনে তোলা হয়েছিল। পুনরায় কিছু আত্মঘাতী সিদ্ধান্তের কারণে অন্ধকারে নিমজ্জিত হোক, তা সচেতন নাগরিকেরা চাইবে না। এমনিতেই দেশের রাজনৈতিক পরিস্থিতি সংঘাতমুখী। রয়েছে অবিশ্বাসের পরিবেশ। কমিশনের অবিবেচক সিদ্ধান্ত পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। এই কমিশনের উচিত হবে সিদ্ধান্ত পরিবর্তন করে পূর্বসূরিদের মতো সব পক্ষের সঙ্গে আলোচনা করে পদক্ষেপ নেওয়া, অন্যথায় এই প্রতিষ্ঠানটির বিশাল ক্ষতি হবে, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করাও হবে দুরূহ। এম সাখাওয়াত হোসেন: সাবেক নির্বাচন কমিশনার ও কলাম লেখক। [email protected]