আরেক কিস্তি আহা রে! উহু রে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রানা প্লাজা। ফাইল ছবি
রানা প্লাজা। ফাইল ছবি

কিছু ঋণ আছে, যা শোধ করতে পয়সাপাতি তেমন লাগে না। ‘আহা রে! উহু রে!’ দিয়ে শোধ করা যায়। তা-ও হররোজ দিতে হয় না। দিতে হয় কিস্তিতে। বাৎসরিক কিস্তি। পাঁচ বছর আগে রানা প্লাজায় ‘গণহত্যা’ চালানোর পর পোশাককর্মীদের কাছে আমাদের যে ঋণ জমেছিল, তার পঞ্চম কিস্তি আমরা অতি সফলভাবে এ বছর শোধ করেছি। ডিফল্টার হইনি। এ বছরও প্রচুর ফুল কিনে শ্রদ্ধা জানানো হয়েছে। সংবাদপত্রে পর্যাপ্ত ‘আহা রে! উহু রে!’ হয়েছে। হাত-পা খুইয়ে বেঁচে থাকা বেকার শ্রমিকদের গ্রামের বাড়ি গিয়ে খুঁজে খুঁজে বের করা হয়েছে। তাঁদের মর্মস্পর্শী সাক্ষাৎকার নেওয়া হয়েছে। আমাদের পারফরম্যান্সে তাঁরা খুশির চোটে বাকবাকুম করছেন।

এই পাঁচ বছরে সফলভাবে আমরা হতাহত শ্রমিকদের পরিবার এবং আমাদের বিদেশি কমপ্লায়েন্স বন্ধুদের বোঝাতে পেরেছি, এটি ছিল স্রেফ দুর্ঘটনা। দুর্ঘটনায় মানুষের হাত তো দূরের কথা, ঠ্যাং পর্যন্ত থাকে না-প্রথম আলোর প্রথম পাতায় দুই পা হারানো রেবেকার ছবি দেখার পর এমন চিরায়ত বাণী অস্বীকার করব, সেই সাহস আমার নেই।

তারপরও বিল্ডিং ধসের ঘটনাকে ‘দুর্ঘটনা’ না বলে পণ্ডিতি করে ‘গণহত্যা’ কেন বললাম? বললাম এই কারণে যে ওই ভবনের অনুমতি ছিল সাততলার। করা হয়েছিল নয়তলা। পিলারে ফাটল ছিল। সেখানে কাজ চালিয়ে গেলে ভবন ভেঙে পড়তে পারে বলে প্রকৌশলীরা জানিয়েছিলেন। সে-সংক্রান্ত নিষেধাজ্ঞাও টাঙানো ছিল। জান হারানোর ভয়ে অনেক শ্রমিক কাজ করতে চাননি। তাঁদের কাউকে চাকরি খোয়ানোর, কাউকে ঠ্যাঙানি দেওয়ার ভয় দেখিয়ে ঢোকানো হয়েছিল। পরে দড়াম করে শব্দ হলো। বসে পড়ল ভবন। টেলিভিশন প্রথমে স্ক্রলে নিউজ দেখাল। এরপর লাগাতার লাইভ শো। পত্রিকায়, টেলিভিশনে, ফেসবুকে, ব্লগে, মাইকে, জনসভায়, মিছিলে-সবখানে সবাই চেঁচাতে লাগল ‘দুর্ঘটনা! দুর্ঘটনা’! জোর করে ধরে এনে হাজার হাজার মানুষ মারা এবং পঙ্গু করার ঘটনা হয়ে গেল ‘দুর্ঘটনা’।

বিজিএমইএ থেকে ঢাকাই সিনেমার নায়িকাদের কোটিপতি বাবাদের মতো ‘চৌধুরী সাহেবেরা’ বেরিয়ে এলেন। তাঁরা ইংরেজি-বাংলা মিলিয়ে পোশাকশ্রমিকদের উদ্দেশে যা বললেন, তার সিনেমাটিক তরজমা হলো, ‘আইন নিজের হাতে তুলে নেবেন না। আইনে আস্থা রাখুন। কেউ ছাড় পাবে না।’ আইন ‘নিজস্ব গতি’ নামক একটি ম্যাগনেটিক গতিতে চলে। সেই গতিতে মামলা হলো। চোরের মায়ের গলা এবং আইনের হাত সাধারণত লম্বা হয়ে থাকে। সেই লম্বা হাতে টপাটপ আসামিদের ধরা হলো।

অন্যদিকে আন্তর্জাতিক বাজারে বিদেশি বায়ারদের বাংলাদেশের কারখানার পরিবেশ নিয়ে ফালাফালি দেখে বুঝতে পারছিলাম, আমার ছাদেক চাচা খালি খালি বলতেন না, ‘মিসকিনের দুশমন মিসকিন’। বাংলাদেশের প্রতিদ্বন্দ্বীরা চিল্লাচিল্লি লাগিয়ে বলতে লাগল, এই দেশে কমপ্লায়েন্স গার্মেন্টস নেই। এই দেশে কেউ কাজ দেবেন না।

ওয়ালমার্ট কিংবা গ্যাপের বিরুদ্ধে মান যাচাই ছাড়া পোশাক তৈরির কাজ দেওয়ার সমালোচনা ওঠার পর তারা বলল, আমরা তো বুঝতে পারিনি, বাংলাদেশিরা এত খারাপ! এরা ফালতু কারখানা দিয়ে সাব-কন্ট্রাক্টে কাজ করায়! তাদের চিৎকার-চেঁচামেচিতে ওয়ার্ক অর্ডার কমে গেল। ভয় পেয়ে ‘বোধে খাটো’ কিছু মালিক তাঁদের কারখানা রংচং করা শুরু করলেন। সময় গড়াল। ‘আহা! উহু!’ চলতে লাগল।

পাঁচ বছর পর...
বিচার শুরুই হয়নি। বিস্তর ‘অনুসন্ধান ও গবেষণা’ শেষে হত্যা ও ইমারত আইনে করা দুটি মামলার অভিযোগ গঠন করা হয়েছিল দুই বছর আগে, ২০১৬ সালের ১৮ জুলাই। কিন্তু আইনের ‘নিজস্ব গতির’ কারণে এবং উচ্চ আদালতের স্থগিতাদেশে অভিযোগ গঠন আটকে গেছে। রাষ্ট্রপক্ষ বলছে, এ কারণে সাক্ষ্য নেওয়া যাচ্ছে না। অল্প কয়েকজন লোকের পকেট ভারী করার জন্য সরকারি হিসাবমতেই (এই দেশে সাধারণত সরকারি হিসাবের সঙ্গে বেসরকারি হিসাবের আকাশ-পাতাল তফাত থাকে) লোক মরেছে ১ হাজার ১৩৮ জন। আহত ও পঙ্গু হয়েছে ২ হাজারের বেশি লোক। সেই মামলার বেশির ভাগ আসামি এখন জামিনে।

ঘটনার পর আমাদের পোশাক কারখানার মালিকেরা ভেবেছিলেন এবার বুঝি পথে বসতে হবে। ভেবেছিলেন, সাহেবরা আইন মানা লোক। কারখানাকে আন্তর্জাতিক মানে নিতে না পারলে কাজ পাওয়া যাবে না। সাহেবরা কয়েক দিন খুব হম্বিতম্বি করলেন। তাঁরা বললেন, ‘তোমাদের পোশাকে শ্রমিকের রক্তের দাগ লেগে আছে। কারখানা ঠিক করো। নয়তো মাল বয়কট করব!’

আমাদের ‘চৌধুরী সাহেবরা’ ওই কয়েক দিন খুব ‘ইয়েস স্যার! ইয়েস স্যার!’ করলেন। এখন দেখা যাচ্ছে, বাংলাদেশ ক্রেতা তো হারায়ইনি, বরং এই খাতে প্রবৃদ্ধি বেড়েছে। সাহেবদের যদি ‘এককথার মানুষ’ হিসেবে ধরি, তাহলে প্রমাণিত হয়, দেশের সব ‘চৌধুরী সাহেব’ তাঁদের কারখানা উন্নত করে আন্তর্জাতিক মানে নিয়ে এসেছেন। তা না হলে তো সাহেবদের কাজ দেওয়ার কথা নয়। কাজ যেহেতু বেড়েছে, সেহেতু বোঝা যাচ্ছে আমাদের কারখানাগুলো এখন কমপ্লায়েন্স। জেনে আরাম পেয়েছি, এই দাবি বিজিএমইএর সহসভাপতি মোহাম্মদ নাসির ইতিমধ্যে করেও ফেলেছেন (প্রথম আলো, ২৪ এপ্রিল)।

আমাদের ওয়ার্ক অর্ডার না কমে বেড়ে যাওয়ার আরও একটি কারণ থাকতে পারে। সেটি হলো ‘সব শেয়ালের এক রা’। মানে শোষক ব্যবসায়ীদের তো দেশ-কাল থাকে না! ব্যবসায়ী ব্যবসাটাই ভালো বোঝেন। বাংলাদেশের চেয়ে সস্তা শ্রমের বাজার যে দুনিয়ায় আর নেই, তা তাঁরাও জানেন, আমরাও জানি। তাই ঘুরেফিরে তাঁদের আমাদের কাছেই আসতে হবে, তা-ও আমরা জানি। মাঝখান থেকে আমাদের কিছু ‘আকাশবাণী’ শোনানো আরকি!

তাহলে পাঁচ বছর পর কী দাঁড়াল? বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) তথ্য বলেছে, এই খাতে ব্যবসা বেড়েছে। কারখানা বেড়েছে। ‘চৌধুরী সাহেব’ বেড়েছে, কিন্তু শ্রমিকের জীবনমান বাড়েনি। বহু কারখানায় নিরাপত্তা ঝুঁকি রয়ে গেছে। রানা প্লাজায় দুই পা হারানো রেবেকা খাতুনেরা গ্রামের বাড়িতে বসে কাঁথা সেলাই করে দেশের হস্ত ও কুটিরশিল্পকে মগডালে তুলে দিচ্ছেন। বিচারের দিকে না গিয়ে আমরা বাৎসরিক কিস্তিতে ‘আহা রে! উহু রে!’ করে পোশাককর্মীদের ঋণ শোধ করছি। এতে আমাদের আত্মগ্লানি কমছে। মাথা হালকা লাগছে। বড় আরাম পাচ্ছি।

সারফুদ্দিন আহমেদ প্রথম আলোর জ্যেষ্ঠ সহসম্পাদক
[email protected]