
আজ ৩০ ডিসেম্বর দেশের ২৩৪টি পৌরসভার নির্বাচন হতে যাচ্ছে। প্রচারণা শেষ হলেও বিভিন্ন স্থানে উত্তেজনা রয়েছে। অতীতের ধারাবাহিকতায় পরিবর্তন এনে এবার মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে দলীয় ভিত্তিতে। প্রায় সব ক্ষেত্রে আছে প্রধান প্রধান দল। এ অবস্থায় নির্বাচনটি একটি নতুন মাত্রা পেয়েছে। একটি দল নির্বাচনকালে সেনা নিয়োগের দাবি জানালেও নির্বাচন কমিশন তা নাকচ করে দিয়েছে।
উল্লেখ করতে হয়, পৌরসভা একটি স্থানীয় সরকার সংস্থা। জাতীয় নির্বাচনে সেনা নিয়োগ আমাদের প্রশাসনিক ঐতিহ্য থাকলেও স্থানীয় নির্বাচনে বিরল ব্যতিক্রম ব্যতীত তা নেই। আর সামরিক বাহিনীকে তলব করা হয় আইনশৃঙ্খলা ব্যবস্থায় বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য। তারা মূলত স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করে। ব্যাপকভিত্তিক জাতীয় নির্বাচন পরিচালনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংখ্যা অপ্রতুল হয়ে যায়। তাই সহায়ক শক্তি হিসেবে সামরিক বাহিনীর প্রয়োজনীয়তা উপেক্ষা করা যায় না। পৌরসভার নির্বাচন জাতীয় নির্বাচন থেকে কলেবরে অনেক ছোট। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ ধরনের নির্বাচন পরিচালনার সামর্থ্য রাখে। অসুবিধা ভিন্ন ধরনের। সর্বত্র না হলেও কোথাও কোথাও তারা ক্ষেত্রবিশেষে নিষ্ক্রিয় বা পক্ষপাতদুষ্ট। বেসামরিক প্রশাসনের হালও একই। গত প্রায় দেড় দশকে বিষয়টি এ পর্যায়ে চলে এসেছে। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের অপ্রতিহত প্রভাব অনেকটা প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। তদুপরি নির্বাচন কমিশনের ভূমিকা বিষয়টিকে আরও জটিল করে তুলছে।
নির্বাচন কমিশনের মৌলিক ক্ষমতা সংবিধানপ্রদত্ত। আইনেও রয়েছে তাদের প্রভূত ক্ষমতা। আর আইনের আওতায় প্রণীত হয় সে ক্ষমতা প্রয়োগের বিধিমালা। তেমনি একটি গুরুত্বপূর্ণ বিধিমালা, আচরণবিধি নামে ব্যাপকভাবে পরিচিত। সে বিধিতে প্রার্থী ও তার কর্মী-সমর্থকদের নির্বাচনী প্রচারণাসহ সংশ্লিষ্ট বিষয়াদি উল্লেখ থাকে। পৌরসভা নির্বাচনের জন্যও রয়েছে এ রকম একটি আচরণবিধি। এটা ভঙ্গ করলে শাস্তির বিধানও আছে। আচরণবিধি যদি সুষ্ঠুভাবে প্রয়োগ করা যায়, তাহলে সে নির্বাচনে অনিয়মের আশঙ্কা অনেকাংশে হ্রাস পায়। সদিচ্ছা আর দৃঢ়তা থাকলে এটা অসম্ভবও নয়। এ দেশেই অতীতে তা হয়েছে। কিন্তু এখন দিনে দিনে এটা না মানার প্রবণতা বেড়েই চলছে। বিধিনিষেধ অবজ্ঞা করে পার পেয়ে গেলে এমনটাই হওয়ার কথা। আর এর প্রভাব পড়তে বাধ্য নির্বাচনকালীন আইনশৃঙ্খলা ব্যবস্থাসহ ভোট গ্রহণ আর ফলাফল প্রকাশ পর্যন্ত। আলোচিত নির্বাচনে আচরণবিধি প্রার্থী ও তাঁর সমর্থকেরা ভেঙেছেন। ক্ষেত্রবিশেষে মৃদু ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে মন্ত্রী ও সাংসদেরা যখন তা করেছেন, তার নগণ্য কয়েকটি ক্ষেত্রে কৈফিয়ত তলব আর দুঃখ প্রকাশের মাধ্যমেই নিষ্পত্তি হয়েছে। কিছু ক্ষেত্রে তদন্তের দায়িত্ব দেওয়া হচ্ছে স্থানীয় পর্যায়ে। ফলে অনিবার্যভাবে দায়ী ব্যক্তিরা পেয়েছেন দায়মুক্তি। তাঁদের কেউ কেউ আচরণবিধি ভেঙে ক্রমবর্ধমান হারে বিশেষ কোনো কোনো প্রার্থীর পক্ষে প্রচারণা চালিয়েছেন, এমন সচিত্র প্রতিবেদন এসেছে গণমাধ্যমে। ধারণা করা হয়, দু-একটি ক্ষেত্রে কমিশন সূচনাতেই দৃঢ় পদক্ষেপ নিলে এগুলো লক্ষণীয়ভাবে কমে যেত। কিন্তু তারা তা করেনি। বরং একপর্যায়ে অনুরোধ জানাল প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপ করার জন্য। সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারের সহায়তা অত্যন্ত প্রয়োজন, সন্দেহ নেই। সে অর্থে কমিশন সরকারপ্রধানের কাছে তা চাইতেও পারে। তবে আইন তাদের যে ক্ষমতা দিয়েছে, তা প্রয়োগ না করে এমনটা করায় অনেকটা তাদের অসহায়ত্ব বা অনীহাই দৃশ্যমান হচ্ছে। আইন আর বিধি তো তৈরি হয় দলমত আর সামাজিক অবস্থান-নির্বিশেষে সবার জন্য। এরপর দ্রুত ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার কমিশনের। কিন্তু দুই দিনেই চুপসে গেছে তারা।
>পুলিশ, র্যাব আর বিজিবি সক্রিয় ও নিরপেক্ষভাবে কাজ করার সুযোগ পেলেই যথেষ্ট। উপযুক্ত পরিবেশে নির্বাচন কমিশনের সবল নেতৃত্বে এটা সুষ্ঠুভাবে পরিচালনার সক্ষমতা রয়েছে বেসামরিক প্রশাসনের
মাঠপর্যায়ে কমিশনের ক্ষমতা প্রয়োগ করেন রিটার্নিং কর্মকর্তা। পৌরসভা নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ক্ষেত্রবিশেষে অতিরিক্ত জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার কিংবা জেলা নির্বাচন অফিসার। বিতর্ক রয়েছে কমিশনের নিজস্ব কর্মকর্তা বাদ রেখে প্রশাসনের কর্মকর্তাদের নিয়োগ দেওয়া নিয়ে। কেউ দাবি করছেন, সরকারি কর্মকর্তারা সরকারি দলের প্রার্থীদের প্রতি অধিকতর দুর্বল থাকবেন। অক্ষম হবেন প্রয়োজনীয় ব্যবস্থা নিতে। আর কমিশনের কর্মকর্তাদের এভাবে প্রভাবিত হওয়ার আশঙ্কা কম। এখনো তো বেশ কয়েকজন কমিশনের কর্মকর্তা রিটার্নিং কর্মকর্তা আছেন। সেখানে ভিন্ন চিত্র বিরাজ করছে, এমনটা আমরা জানতে পারছি না। ঢাকা ও চট্টগ্রামের তিনটি সিটি করপোরেশনের বিগত নির্বাচন সামগ্রিকভাবেই পরিচালনা করেছেন কমিশনের কর্মকর্তারা। এ স্মৃতি তো এখনো অম্লান। প্রকৃত রোগ নিরূপণ না করে টোটকা চিকিৎসায় ফল দেয় না। যেখানে গোটা নির্বাচন কমিশন নিজেকে পক্ষপাতহীন ও সক্ষম বলে প্রমাণ করতে পারছে না, সেখানে তার কর্মকর্তারা কীভাবে তা হবেন এটা বোধগম্য নয়। প্রকৃতপক্ষে কমিশনের ভূমিকার ওপরই নির্ভর করে তার অধীন রিটার্নিং কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ অন্য সবার ভূমিকা। অতীতের অনেক সফল নির্বাচন জাতিকে উপহার দিয়েছেন সরকারি কর্মকর্তারাই। আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বও পালন করেছে বেসামরিক প্রশাসন। সামরিক বাহিনী দিয়েছে মূল্যবান সহযোগিতা। অবশ্য সামগ্রিক নিয়ন্ত্রণ কমিশনেরই ছিল।
নির্বাচন আসে, শেষও হয়। রেখে যায় বিচিত্র ধরনের অভিজ্ঞতা। ঘটনাবহুল বাংলাদেশের মানুষ প্রতিনিয়ত পরিচিত হচ্ছে নতুন নতুন পরিস্থিতির সঙ্গে। আবার ভুলেও যায়। তবে এর ফলাফল ভোগ করে তারাই। বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামের দীর্ঘ ধারাবাহিকতার এক সন্ধিক্ষণে আসে ছয় দফা কর্মসূচি। সে ছয় দফার প্রথম দফাতেই ছিল সর্বজনীন ভোটাধিকারের কথা। সে অধিকারের সঙ্গে তো অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত। দুর্ভাগ্য এটা যে নির্বাচনব্যবস্থাকেই আমরা সুষ্ঠু প্রাতিষ্ঠানিক স্থায়ী রূপ দিতে পারিনি। তাই নির্বাচন এলেই আসে নানা পরীক্ষা-নিরীক্ষা আর বাদ-প্রতিবাদ। জাতীয় সংসদ নির্বাচনও এখন নতুন মাত্রা পেয়েছে। ২০১৪ সালের নির্বাচনে একটি দল কারও কারও মতে সম্পূর্ণ অপরিপক্বতার পরিচয় দিয়ে তা বর্জন করে বসে। অপর প্রধান দলটি সে পরিস্থিতিতে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের কার্যকর প্রচেষ্টা না নিয়ে অনেকটাই ওয়াকওভার নিয়ে নেয়। ফলে ৫১ শতাংশ আসনে প্রার্থীরা নির্বাচিত হন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। নির্বাচনটির এক বছর পর বর্জনকারী দলটি প্রায় তিন মাস মেয়াদের একটি নিষ্ফল কিন্তু সহিংস হরতাল–অবরোধের কর্মসূচি দেয়। ফলে জনগণের সঙ্গে তাদের দূরত্ব সৃষ্টি হয় বলে অনেকে মনে করছেন। এটা কার জন্য কতটা ভালো হয়েছে বলা যাবে না। তবে গণতান্ত্রিক ব্যবস্থার জন্য ভালো হয়নি, এটা জোর দিয়ে বলা যায়।
আজকের পৌরসভার নির্বাচনটি দেশের ক্ষমতা পরিবর্তনে কোনো প্রভাব ফেলবে না। এটা নিতান্তই স্থানীয় শাসনসংক্রান্ত একটি সংস্থা। ক্ষমতাও সীমিত। তা সত্ত্বেও এ নির্বাচনগুলোতে যেকোনো মূল্যে জেতার জন্য কিছু কিছু নেতা যে প্রক্রিয়া নিচ্ছেন, তা সুষ্ঠু নির্বাচনের ইঙ্গিত দেয় না। একজন তো শিক্ষকদের সভা ডেকে তাঁদের মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করার জন্য বলেও দিয়েছেন। শিক্ষকেরা নির্বাচন পরিচালনা ব্যবস্থায় জনবলের প্রধান অংশ বটে। হতে পারে এটা বিচ্ছিন্ন বিষয়। আর বিচ্ছিন্ন বিষয়গুলো পুঞ্জীভূত হয়েই তো নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলবে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নির্বাচনের গ্রহণযোগ্যতার মাপকাঠিতেও এসব ঘটনা বিবেচনায় আসবে। এগুলো বিবেচনায় রাখলে পরিবেশ অনুকূল থাকবে। ভোটাররা স্বাধীনভাবে দিতে পারবেন তাঁদের মতামত। আর এ ধরনের স্থানীয় নির্বাচন সুষ্ঠু করতে সেনা নিয়োগের প্রয়োজন আবশ্যক নয় বলে অনেকে মনে করেন। পুলিশ, র্যাব আর বিজিবি সক্রিয় ও নিরপেক্ষভাবে কাজ করার সুযোগ পেলেই যথেষ্ট। উপযুক্ত পরিবেশে নির্বাচন কমিশনের সবল নেতৃত্বে এটা সুষ্ঠুভাবে পরিচালনার সক্ষমতা রয়েছে বেসামরিক প্রশাসনের। এ সম্ভাবনাটিকে কাজে লাগাতে কমিশন সক্ষম ও আন্তরিক কি না, সেটাই দেখার বিষয়।
আলী ইমাম মজুমদার: সাবেক মন্ত্রিপরিষদ সচিব।
[email protected]