আরেকটি মতৈক্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মতামত পাতার নতুন নিয়মিত সাপ্তাহিক আয়োজন নাগরিক কলাম এখন থেকে ছাপা হবে প্রতি মঙ্গলবার। প্রথম আলোর যেকোনো পাঠক জাতীয় ও আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে নিজের মতামত ও প্রতিক্রিয়া জানাতে পারবেন এই কলামে।
অমিত সম্ভাবনার দেশ বাংলাদেশের আছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস, এভারেস্টজয়ী মুসা ইব্রাহীম। আছে বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজার, বিশ্ব ঐতিহ্যের অংশ সুন্দরবন। আছে অত্যন্ত পরিশ্রমী ও মেধাবী জনগোষ্ঠী।
কিন্তু ‘রাজনৈতিক অস্থিতিশীলতা’ আমাদের সব সম্ভাবনা ও স্বপ্নপূরণের পথে প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক দলগুলোর ডাকা টানা অবরোধ ও হরতালে স্থবির হয়ে পড়েছে দেশের অর্থনীতি, মানুষের জীবন ও জীবিকা। সাধারণ মানুষ বিনা কারণে মারা যাচ্ছে, সর্বস্তরের মানুষের মধ্যে চরম আতঙ্ক ও অনিশ্চয়তা বিরাজ করছে। এই হিংসা-বিদ্বেষ-অবিশ্বাসপূর্ণ রাজনীতি দেখে ভাবতে অবাক লাগে এই দেশের মানুষ কীভাবে ১৯৭১ সালে একজোট হয়ে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিল। সেই দেশপ্রেম, ঐক্য ও ত্যাগ-তিতিক্ষা আজ কোথায়?
রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার কারণে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি দেশি-বিদেশি বিনিয়োগকারীরাও এ দেশে বিনিয়োগের ব্যাপারে তাঁদের আগ্রহ হারিয়ে ফেলছেন। দেশের মেধাবী সন্তানদের অনেকেই বিদেশে পড়তে গিয়ে আর ফিরে আসছেন না। কয়েক দশকে যেটুকু এগিয়েছে বাংলাদেশ, প্রতিবছর রাজনৈতিক অস্থিরতার কারণে বারবার পিছিয়ে পড়ছে।
আমাদের নেতাদের শুভবুদ্ধির উদয় হবে কবে? গণতন্ত্রের স্বার্থে, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে আরেকটি মতৈক্য আজ বড় প্রয়োজন। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা এগিয়ে যেতে পারব।
লেখক: গৃহিনী, গোড়ান, ঢাকা।