
বাংলাদেশে দুর্নীতির প্রকোপ যে ক্রমবর্ধমান, সে সম্পর্কে সন্দেহ করার কোনো কারণ নেই। কিন্তু মানি লন্ডারিংও যে ব্যাপকভাবে বেড়ে চলেছে, সেটা অনেকেরই হয়তো জানা নেই। মানি লন্ডারিং বা কালোটাকা ধৌতকরণ (বা সাদা করা) হচ্ছে দুর্নীতিকে হালাল করা, জায়েজ করা বা লুকিয়ে ফেলার তাবৎ ধুরন্ধর প্রক্রিয়া, যেগুলোকে আমাদের দেশের দুর্নীতিবাজদের বহুল ব্যবহৃত ফন্দি বলা চলে। মানি লন্ডারিংকে ‘অবৈধ অর্থ বৈধকরণ’ বলাই বেশি যৌক্তিক। উইকিপিডিয়াতে ‘ডার্টি মানি’ কথাটি ব্যবহার করা হয়েছে কালোটাকা বোঝাতে। সরকার ১০ শতাংশ কর পরিশোধ করে কালোটাকা সাদা করার ব্যবস্থা প্রতিবছরের বাজেটে বহাল রেখে চলেছে। যদিও এই খাতে সরকার বেশি রাজস্ব পায় না, তবু এটা চালু রাখার মাধ্যমে কালোটাকার মালিকদের যে অত্যন্ত কার্যকর ছত্রচ্ছায়া প্রদান করা হচ্ছে, সে ব্যাপারে সন্দেহ নেই। এর মাধ্যমে সরকার কালোটাকার প্রতি যে নমনীয়, সে সিগন্যালটা যথাস্থানে পৌঁছে যাচ্ছে।
দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংস্থা বার্লিনভিত্তিক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের কান্ট্রি র্যাং কিং মোতাবেক ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত পরপর পাঁচবার বাংলাদেশ ‘করাপশন পারসেপশন ইনডেক্স’ (সিপিআই)-এর ভিত্তিতে বিশ্বচ্যাম্পিয়ন ঘোষিত হওয়ার পর ২০০৬ সালে সামান্য ব্যবধানে ওই ন্যক্কারজনক প্রতিযোগিতায় বিশ্বচ্যাম্পিয়নশিপ থেকে রেহাই পেয়েছিল। ২০০৪ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের সময় দুর্নীতি দমন কমিশন (দুদক) গঠন করা হলেও ওই সরকার দুদককে পুরোপুরি অকার্যকর করে রেখেছিল। এরপর ২০০৭-২০০৮ সালে সামরিক বাহিনী-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুদক এবং সামরিক বাহিনী নিয়ন্ত্রিত দুর্নীতিবিরোধী ‘জাতীয় কমিটি’র জোরদার প্রয়াসের ফলে দুর্নীতিবাজ রাজনীতিক ও ব্যবসায়ীদের আইনের আওতায় আনায় গতি সঞ্চার হয়েছিল, যদিও রহস্যজনকভাবে ওই তৎপরতা থেকে আমলাদের এবং সামরিক কর্মকর্তাদের রেহাই দেওয়া হয়েছিল।
২০০৯ সালে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট ক্ষমতাসীন হওয়ার পরপরই দুর্নীতি দমন কমিশনের স্বাধীনতা, গতিশীলতা, কার্যকারিতা ও সাংগঠনিক শক্তি নিজেদের জন্য বিপজ্জনক হতে পারে—এই বিবেচনা থেকে সুপরিকল্পিতভাবে দুদকের প্রাতিষ্ঠানিক ক্ষমতাকে দুর্বল করে ফেলা হয়েছে। যে অর্ডিন্যান্সটি তত্ত্বাবধায়ক সরকার দুদকের জন্য জারি করেছিল, সেটা আর সংসদে উত্থাপনই করা হয়নি, ফলে সেটা নিয়মানুযায়ী বাতিল হয়ে গেছে। পরে যে আইনটি পাস করা হয়েছে, সেটা দুদককে ‘নখদন্তহীন ব্যাঘ্রে’ পরিণত করে ফেলেছে বলে দুদকের সাবেক ও বর্তমান দুজন চেয়ারম্যানই অভিযোগ করে চলেছেন। ফলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতির সূচকে বাংলাদেশের অবস্থান এখনো একেবারেই নিচের দিকে (মানে খুবই খারাপ) রয়ে গেছে। বরং, গত বছর আগের বছরের তুলনায় বাংলাদেশের অবস্থান এক ধাপ খারাপ হওয়ার খবরটি কিছুদিন আগে মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করেছিল। একই সঙ্গে অভিযোগ করা হচ্ছে, দেশে যে ‘প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্ট’ রয়েছে, সেটাও কার্যকরভাবে কালোটাকা সাদা করাকে দমন করার ক্ষমতা রাখে না।
দু-একজন গবেষক দাবি করছেন, কালো অর্থনীতির আয়তন ইতিমধ্যে বৈধ অর্থনীতির প্রায় ৭৫ শতাংশ ছাড়িয়ে গেছে। তাঁদের গবেষণাপদ্ধতি সম্পর্কে ভালো ধারণা না থাকায় এ সম্পর্কে মন্তব্য করতে চাই না। আমলাতান্ত্রিক দুর্নীতি, চোরাচালান, কালোবাজারি, মাস্তানি, চাঁদাবাজি, ঠিকাদারির নামে পুঁজি লুণ্ঠন, রাজনৈতিক নেতা-পাতিনেতা-কর্মীদের লুটপাট কিংবা মন্ত্রী-সাংসদদের মার্জিন-শিকার—এগুলোই কালোটাকার প্রধান উৎস, এটা মোটামুটি সবার জানা। সরকারের এনবিআর অবশ্য বৈধ পথে অর্জিত করযোগ্য আয়ের ওপর প্রযোজ্য আয়কর, সম্পদ কর বা ক্যাপিটাল গেইন ট্যাক্স না দিলেই তাকে ‘কালোটাকা’ আখ্যায়িত করে থাকে। আইনের দৃষ্টিতে এই সংজ্ঞা ঠিকই আছে। জমিজমা, প্লট, অ্যাপার্টমেন্ট, বাড়ি, দোকানপাট ইত্যাদি বেচাকেনায় সঠিক দাম লুকানোর কালচার এ দেশে গেড়ে বসে আছে সরকারের কর ফাঁকি দেওয়ার জন্য। অতএব, এ ক্ষেত্রে কালোটাকা সৃষ্টি হওয়াটাই নিয়ম। কিন্তু দুর্নীতির অর্থনীতির দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণের ফোকাস হওয়া উচিত অবৈধ পথে অর্জিত কালোটাকা, নয়তো আসল সমস্যাকে আড়াল করার সুযোগ সৃষ্টি হবে। দেশের অভ্যন্তরে কালোটাকা ধারণ করার কতগুলো বহুল প্রচলিত পদ্ধতি রয়েছে দেশে দেশে। নগদ টাকায় কালোটাকা জমানো এখনো হয়তো সবচেয়ে বহুল প্রচলিত পদ্ধতি। সোনা-হীরা-চুনি-পান্নার অলংকার, জায়গাজমি, প্লট, অ্যাপার্টমেন্ট, বিল্ডিং, শপিংমল বা দোকানের বেনামি মালিকানা, বাস-ট্রাকের বেনামি মালিকানা—এগুলো এখনো কালোটাকার পরিচিত গন্তব্য দেশে দেশে। ওপরে উল্লিখিত গন্তব্যগুলোর মধ্যে যেগুলো সহজে অন্যের দৃষ্টিগোচর হয়, সেগুলোর জন্য চলনসই ‘লিগ্যাল কভার’ দিতে মানি লন্ডারিং প্রয়োজন হতে পারে।
কিন্তু বাংলাদেশের এক কোটি প্রবাসী অভিবাসী মানি লন্ডারিংকে একেবারেই সহজ করে দিয়েছেন। বিদেশে অবস্থানকারী একজন বাংলাদেশি তাঁর প্রবাসের আবাসস্থলে বা কর্মস্থলে কী কাজ করছেন বা আদৌ উপার্জনশীল কিছু করছেন কি না তা জানার আইনি ব্যবস্থা এ দেশের সরকারগুলো গড়ে তোলার কথা চিন্তাই করতে পারবে না। কারণ, এ ধরনের তথ্য সংগ্রহের ব্যাপারটা যেমনি স্পর্শকাতর, তেমনি এহেন তথ্যের সত্য-মিথ্যা যাচাই করা দুরূহ। আর দেশের অর্থনীতিতে প্রবাসীদের রেমিট্যান্স যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, তাই এ ধরনের প্রশ্ন জিজ্ঞেস করাটাই হয়রানি বলে বিবেচিত হবে। কিন্তু প্রত্যেক প্রাপ্তবয়স্ক প্রবাসীর যেহেতু ফরেন এক্সচেঞ্জ অ্যাকাউন্ট খোলার সুযোগ রয়েছে, তাই ওই অ্যাকাউন্টের মাধ্যমে যত অর্থই দেশে প্রেরিত হোক, সেগুলো বিনা প্রশ্নে গ্রহণ করতেই হচ্ছে ব্যাংকগুলোকে।
২০০২ সালে এ দেশে ‘প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্ট’ পাস হয়েছে এবং ২০০৯ সালে এবং ২০১২ সালে তা সংশোধনও করা হয়েছে। এই আইনে ‘নো ইউর ক্লায়েন্ট’ (কেওয়াইসি) এবং ‘সাচপিসাশ ট্রানজেকশন রিপোর্ট’ (এসটিআর) চালু করা হলেও বিদেশ থেকে প্রেরিত রেমিট্যান্স নিয়ে বেশি ঘাঁটাঘাঁটি এখনো ব্যাংকগুলো করতে চায় না। বাংলাদেশে ২০১৩-১৪ অর্থবছরে বৈধ পথে ১৪ দশমিক ৪৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে, বর্তমান অর্থবছরে তা নিশ্চিতভাবে ১৫ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। একই সঙ্গে হুন্ডি প্রক্রিয়ায় সাত-আট বিলিয়ন ডলার বা তারও বেশি রেমিট্যান্স হুন্ডিচক্রে প্রবেশ করছে বলে গবেষকেরা প্রাক্কলন করছেন। এই ডলারগুলো দেশে আসতেও পারে, না-ও আসতে পারে।
আইএলও সম্প্রতি এক প্রাক্কলনে প্রতিবছর ৫ দশমিক ৭ বিলিয়ন ডলার অবৈধ পথে বাংলাদেশে আসার খবর দিয়েছে। পাঠকদের জানাতে চাই, এই সাত-আট বিলিয়ন ডলারের একটা অংশ বিদেশে পঁুজি পাচারের জন্য ব্যবহৃত হয়, আরেকটা অংশ চোরাচালানের মূল্য পরিশোধের জন্য চোরাচালানিরা কিনে থাকে। বিদেশভ্রমণ, বিদেশে চিকিৎসা, বিদেশে ছেলেমেয়েদের পড়াশোনার ব্যয়নির্বাহের জন্যও হুন্ডি ডলারের বড়সড় অংশ ব্যবহৃত হয়। আর একটা অংশ মানি লন্ডারিং করে দেশের দুর্নীতিবাজেরা তাদের কালোটাকাকে বৈধ করার জন্য ব্যবহার করে যাচ্ছে। অনেকেই হয়তো বিশ্বাসই করতে চাইবেন না, যে ১৪-১৫ বিলিয়ন ডলার বৈধ রেমিট্যান্স আসছে বলে দাবি করা হচ্ছে, তার একটা অংশ আসলে দেশের অভ্যন্তরে সৃষ্টি হওয়া দুর্নীতিজাত কালোটাকা, যা প্রবাসীদের রেমিট্যান্সের সহায়তায় পরিচালিত হুন্ডি-প্রক্রিয়ার মাধ্যমে রং বদলে ফেলতে সক্ষম হচ্ছে। মানে, দেশের অভ্যন্তরীণ কালোটাকা ধোলাইয়ে হুন্ডি-প্রক্রিয়া দেদার অপব্যবহৃত হচ্ছে। কয়েকটা উদাহরণের সাহায্যে প্রক্রিয়াগুলো ব্যাখ্যা করা যাক:
১. পুরো সরকারি প্রশাসন দুর্নীতিতে নিমজ্জিত, তবু দুর্নীতিতে চ্যাম্পিয়ন বিভাগগুলোকে নজির হিসেবে উল্লেখ করছি। ধরুন, একজন কাস্টমস অফিসার, আয়কর অফিসার, ভ্যাট অফিসার বা পুলিশ অফিসার কোনো শহরে একটা পাঁচতলা বাড়ি বানাতে চান, যেটার মালিকানা তাঁর নামে হলে তিনি বিপদে পড়বেন। তাঁর এক ভাই হয়তো মধ্যপ্রাচ্যে অভিবাসী এবং তাঁর ফরেন এক্সচেঞ্জ অ্যাকাউন্ট আছে। এখন যদি ওই দুর্নীতিবাজ কর্মকর্তা হুন্ডি চক্রের সহায়তায় তাঁর ওই ভাইয়ের ফরেন এক্সচেঞ্জ অ্যাকাউন্টে কয়েক হাজার ডলারের কয়েকটি রেমিট্যান্স দেখাতে পারেন, তাহলে ওই ব্যাংক অ্যাকাউন্টের লেনদেনের স্টেটমেন্ট পাঁচতলা বাড়ির গ্রহণযোগ্য ‘লিগ্যাল কভার’ দিয়ে দেবে। দুদকের ব্ল্যাকমেল থেকে বাঁচার জন্য ওই রেমিট্যান্সগুলোর দলিলপত্র সহায়ক হবে (যদি ঘুষ দিয়ে ওই কর্মকর্তা পার পেয়ে না যান)! ওই প্রবাসী ভাই হয়তো মধ্যপ্রাচ্যে খুবই ছোট চাকরি করছেন, যঁার হাজার হাজার ডলার পাঠানোর সামর্থ্য নেই, ওই তথ্যটা জানার কোনো প্রাতিষ্ঠানিক ব্যবস্থা যেহেতু বাংলাদেশ সরকারের নেই, তাই প্রবাসী মানেই তো এ দেশে রেমিট্যান্সের ‘সোনার খনি’ বিবেচিত হচ্ছে। এই সুযোগটাই নেওয়া হচ্ছে মানি লন্ডারিংয়ের জন্য। এভাবেই দেশের দুর্নীতিজাত কালোটাকা দেশেই ব্যবহৃত হচ্ছে বৈধ রেমিট্যান্সের আদলে। ‘প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্ট’ কি এ ধরনের অবৈধ অর্থ বৈধকরণ ঠেকাতে পারবে?
২. বাংলাদেশে বাস ও ট্রাকের প্রকৃত মালিকদের বেশির ভাগই দুর্নীতিবাজ পুলিশ অফিসার, ইনকাম ট্যাক্স অফিসার, কাস্টমস অফিসার, ভ্যাট অফিসার, চোরাচালানি ও রাজনীতিবিদেরা—এটা মাঠপর্যায়ের গবেষণায় প্রমাণিত। ওই তালিকায় প্রবাসীদের বড়সড় উপস্থিতি পাওয়া যাচ্ছে, মানে এখানেও মানি লন্ডারিং গেড়ে বসেছে। বাস, ট্রাক, মাইক্রোবাস, অটোরিকশা—এগুলোর ভাড়া থেকে অর্জিত আয় যেহেতু বৈধ আয়, তাই ওই অর্থ পরে যেকোনো দৃষ্টিগোচর বিনিয়োগে খাটালেও তা ‘হালাল’ হয়ে যাচ্ছে।
৩. ঢাকার হাইরাইজ সংস্কৃতির পেছনে মানি লন্ডারিং প্রধান ভরসা। এখানেও বেনামি মালিকানা এবং প্রবাসী আত্মীয় ভালো লিগ্যাল কভার হিসেবে কার্যকর।
৪. বাংলাদেশের ব্যাংক, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ প্রভৃতির মালিকানা কেনার যে হিড়িক পড়েছে, তার সঙ্গেও মানি লন্ডারিং ওতপ্রোতভাবে জড়িয়ে আছে।
৫. ব্যাংকের মেয়াদি আমানত, সরকারের সঞ্চয়পত্রগুলো এবং শেয়ার মার্কেট মানি লন্ডারিংয়ের জনপ্রিয় মাধ্যম।
৬. সিনেমায় লগ্নি করা কালোটাকা সাদা হয়ে যাচ্ছে।
সবশেষে বলব, একটি অর্থনীতি যখন ক্রমেই কালোটাকার সাম্রাজ্যে পরিণত হয়ে যায়, তখন বৈধ-অবৈধ অর্থের ফারাকটা দ্রুত উবে যেতে শুরু করে। আড়াল রাখার আবশ্যকতা ক্রমেই অপসারিত হয়ে যাওয়ায় কালোটাকা প্রকাশ্যে দাপট দেখাতে শুরু করে ওই ধরনের অর্থনীতিতে। কিন্তু কোনো কালোটাকাই পুরোপুরি ঝুঁকিমুক্ত নয়। তাই কালোটাকা নিরাপদ আশ্রয়ের খোঁজে বিদেশে পাড়ি দেবেই। বাংলাদেশ থেকেও পুঁজির পলায়ন দিন দিন বাড়ছে। কিন্তু এতদ্সত্ত্বেও মানি লন্ডারিংয়ের প্রকোপও দিন দিন বাড়ছে এবং সেটা অর্থনীতি ও রাজনীতির দুর্বৃত্তকরণকে ত্বরান্বিত করছে।
মইনুল ইসলাম: অধ্যাপক, অর্থনীতি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।