
নব্বইয়ের দশকের গোড়ার দিক থেকেই আমরা জানি, বাংলাদেশের পানিতে আর্সেনিকের মাত্রা মারাত্মক রকম বেড়ে গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সে সময়েই বলেছিল, সমস্যাটা এত ব্যাপক যে অবিলম্বে ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হলে লাখ লাখ মানুষ বিষক্রিয়ায় আক্রান্ত হবে। জাতিসংঘের এই সংস্থার ভাষায়, বিশ্বের ইতিহাসে একসঙ্গে এত লোক গণবিষক্রিয়ায় আক্রান্ত হওয়ার অন্য কোনো উদাহরণ নেই।
এরপর প্রায় ২৫ বছর পেরিয়ে গেছে, সরকার ও বিভিন্ন আন্তর্জাতিক সাহায্য সংস্থার উদ্যোগে নানা রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। সমস্যাটা মূলত গ্রামাঞ্চলে, সেখানে পুরোনো টিউবওয়েলের পানিতে আর্সেনিকের মাত্রা বেশি, লোকে যাতে সে পানি পান না করে, সে জন্য লাল রং দিয়ে ক্ষতিগ্রস্ত টিউবওয়েলগুলো চিহ্নিত করার ব্যবস্থা নেওয়া হয়েছে। অবস্থার উন্নতি হয়েছে, কিন্তু সংকট কাটেনি। অনেক গ্রামেই বিকল্প পানির ব্যবস্থা না থাকায় মারাত্মক জেনেও অনেক মানুষকে এখনো সেই বিষযুক্ত পানিই পান করতে হচ্ছে।
সমস্যাটা যে কতটা ব্যাপক, সম্প্রতি তার একটা হিসাব দিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। কয়েক মাস ধরে বাংলাদেশের নানা গ্রামগঞ্জ ঘুরে এই সংস্থা প্রায় সোয়া শ পাতার যে ঢাউস রিপোর্ট দিয়েছে তাতে বলা হয়েছে, আর্সেনিকযুক্ত পানি পানের ফলে বাংলাদেশে এখনো প্রতিবছর প্রায় ৪৩ হাজার মানুষ মারা যাচ্ছে। প্রতিবছর প্রায় দুই কোটি মানুষ আর্সেনিকযুক্ত পানি পানের ফলে কোনো না কোনোভাবে আক্রান্ত হচ্ছে।
আন্দাজে ঢিল ছোড়েনি হিউম্যান রাইটস ওয়াচ। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এমন পাঁচটি গ্রামে তারা শতাধিক মানুষের সঙ্গে কথা বলেছে, আর্সেনিকযুক্ত এমন প্রায় সোয়া লাখ টিউবওয়েলের ওপর যে উপাত্ত রয়েছে, তা পরীক্ষা করে দেখেছে। এ ছাড়া সরকারি-বেসরকারি নীতিনির্ধারক ও বিজ্ঞানীদের সঙ্গেও কথা হয়েছে।
সরকারি কর্তাব্যক্তিদের এক কথা, বাংলাদেশে আর্সেনিক নিয়ে কোনো সমস্যা নেই। ইতিমধ্যে যে ব্যবস্থা নেওয়া হয়েছে, তার ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে এসেছে। দেশের নীতিনির্ধারকেরা উল্টো হিউম্যান রাইটস ওয়াচকে মিথ্যাচারের জন্য অভিযুক্ত করেছেন।
যে দলটি এই প্রতিবেদন প্রস্তুত করে, তার প্রধান রিচার্ড পিয়ারহাউেসর সঙ্গে আমি বাংলাদেশে তাঁর অভিজ্ঞতা নিয়ে কথা বলেছি। যেভাবে বাংলাদেশের সরকারি নেতৃত্ব পুরো ব্যাপারটাকে সোজা মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে, তাতে তিনি বিস্মিত হয়েছেন। শুধু সরকার নয়, শহুরে মানুষেরাও এ নিয়ে কোনো রা করে না, পত্রপত্রিকায় এ নিয়ে কালেভদ্রে লেখালেখি হয়। এর কারণ রিচার্ডের কথামতো, সমস্যাটা তো শহুরে বাবুদের নয়। শহরে তো কলের পানি রয়েছে, সে পানি মোটের ওপর নিরাপদ। গ্রামে, সেখানে যারা সবচেয়ে প্রান্তবর্তী, বিকল্প পানি সংগ্রহের কোনো সুযোগ যাদের নেই, এর ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় তারাই। নতুন টিউবওয়েল বসাবে, সে ক্ষমতাও তাদের নেই। বাংলাদেশ এমনিতে গরমের দেশ, গ্রীষ্মে প্রবল খরতাপের ভেতর তাদের কাজ করতে হয়, ঘন ঘন পানি পান না করে উপায় নেই। অন্য কোনো পানি নেই, ফলে ওই বিষমাখা পানি পান করেই তাদের পিপাসা মেটাতে হয়।
সরকার যে সমস্যা সমাধানে চেষ্টা করছে না, তা নয়। মুশকিল হলো, অন্য সবকিছুর মতো এখানেও সরষের ভেতর রয়েছে ভূত। প্রতিবছর বাজেটে নতুন টিউবওয়েলের জন্য কাঁড়ি কাঁড়ি টাকা বরাদ্দ হচ্ছে, নতুন টিউবওয়েল বসানোও হচ্ছে। কিন্তু সেসব যাচ্ছে প্রধানত সেই সব এলাকায়, যেখানে ক্ষমতাবানেরা অথবা তাঁদের সমর্থকেরা বাস করেন। রিচার্ডের চোখে ‘সুশাসনের’ অভাবের কারণেই এমন হচ্ছে। এর ফলে যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, তারা সুপেয় পানির সুযোগ থেকে বঞ্চিত হয়ে থাকছে। ফলে এক বিশাল জনসংখ্যার জন্য এই সমস্যা ১৫ বছর আগে যেমন ছিল, এখনো তাই।
আর্সেনিকযুক্ত পানি খাওয়ার ফলে নানা রকম চর্মরোগ হয়, বাহ্যত সেটিই সমস্যার বহির্গত লক্ষণ। কিন্তু সব দেশের বিজ্ঞানীরাই একমত, আর্সেনিক আসলে বিষ, দীর্ঘদিন ধরে এই পানি খাওয়ার ফলে ক্যানসারের মতো কঠিন ও দুরারোগ্য অসুখ হতে পারে। চর্মরোগ হলে সেটা চোখে দেখে ব্যবস্থা নেওয়া যায়। কিন্তু জটিল পরীক্ষা-নিরীক্ষা ছাড়া ক্যানসার প্রমাণ করা কঠিন। গ্রামের মানুষের চিকিৎসার সুযোগ সীমিত, হাতে এমন পয়সা নেই যে শহরে এসে ডাক্তার দেখাবে। ফলে ধুঁকে ধুঁকে মরা ছাড়া তাদের অন্য কোনো পথ নেই।
রিচার্ড আমাকে তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে একটি উদাহরণ দিয়েছেন। ‘আমার সঙ্গে গ্রামের এক মহিলার কথা হলো। ধরো, তার নাম দুপুর। শেষবারের মতো গর্ভবতী হওয়ার পর সে লক্ষ করে, তার গায়ে কেমন ছোপ ছোপ দাগ ফুটেছে। ভীতসন্ত্রস্ত হয়ে সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারের পরামর্শ নিতে গেল। ডাক্তার বললেন, আর্সেনিক আছে এমন পানি খাওয়া চলবে না। কিন্তু বললে কী হবে, যেখানে সে থাকে তার আশপাশে নিরাপদ এমন কোনো টিউবওয়েল নেই। ফলে বিষাক্ত সেই পানি না খেয়ে তার অন্য কোনো পথ নেই। একা দুপুর
নয়, তার আট মাস বয়সী মেয়েকেও সেই পানিই খেতে দিচ্ছে। দুপুর বলেছে, কোথাও কোনো সরকারি টিউবওয়েলের খোঁজ পেলে আমি যত দূরেই হোক, সেখান থেকে পানি সংগ্রহ করে আনতাম।’
এই উদাহরণ থেকে একটা জিনিস স্পষ্ট। দুপুর ও দুপুরের মতো অন্যদের আসল সমস্যা আর্সেনিক নয়, দারিদ্র্য। গরিব হলে আপনার অন্য কোনো পথ, ওই আর্সেনিকের পানি খেয়েই আপনাকে ধুঁকে ধুঁকে মরতে হবে। এই বাস্তবতা শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর সব দেশেই, এমনকি আমেরিকায়ও। মিশিগানের ফ্লিন্ট শহরের কথা ধরুন। এই শহরের অধিকাংশ বাসিন্দা কালো ও দরিদ্র। রাজ্যের বাজেট ঘাটতি, পয়সা বাঁচাতে সুপেয় পানির বদলে তাদের অতিমাত্রার সিসাযুক্ত পানি সরবরাহ করা হয়। প্রায় দুই বছর পর ব্যাপারটা ধরা পড়ে। অতিরিক্ত সিসাযুক্ত পানি পানের ফলে শিশুদের মানসিক প্রবৃদ্ধির সমস্যা হয়, নানা রকম অসুখ-বিসুখ দেখা দেয়। এমন একটা ঘটনা কি আমেরিকার শ্বেতপ্রধান কোনো শহরে ঘটতে পারত? সম্ভবত নয়, প্রেসিডেন্ট ওবামা নিজে সে কথা স্বীকার করে ফ্লিন্ট শহরে ‘জরুরি অবস্থা’ ঘোষণা করেছেন। চলচ্চিত্র পরিচালক মাইকেল মোর বলেছেন, এই সমস্যার আসল কারণ বর্ণবাদ। সিএনএনের সঙ্গে এক সাক্ষাৎকারে মোর বলেন, ‘এই সমস্যা যদি অন্য কোনো দেশে ঘটত, আমরাই বলতাম জাতি হত্যা। এই শহরের মানুষ গরিব, তাদের কোনো রাজনৈতিক ক্ষমতা নেই, ফলে দুই বছরের বেশি সময় এ নিয়ে কোনো কথা ওঠেনি। কোনো শ্বেতপ্রধান শহরে এমন ঘটনা ঘটলে তুলকালাম হতো।’
ফ্লিন্ট তার সমস্যা কাটিয়ে ওঠার চেষ্টা করছে, সারা দেশের মানুষ যেভাবে পারে ফ্লিন্টের মানুষের সাহায্যে হাত বাড়িয়ে দিচ্ছে। হাজার হাজার বোতলের পানি পাঠানো হচ্ছে, যাতে এই শহরের শিশুদের ক্ষতিকর পানি না খেতে হয়। প্রায় প্রতিদিন এ নিয়ে পত্রপত্রিকায় লেখালেখি হচ্ছে, নানা শহরে বিক্ষোভ-সমাবেশ হয়েছে, হচ্ছে। মার্কিন কংগ্রেসেও এ সমস্যা নিয়ে শুনানি হয়েছে, খোদ গভর্নরকে এসে জবাবদিহি করতে হয়েছে, কমপক্ষে দুজন কর্মকর্তাকে দায়িত্ব পালনে ব্যর্থতার জন্য অভিযুক্ত করা হয়েছে।
বাংলাদেশে এর কিছুই হয়নি। পত্রপত্রিকায় লেখালেখি যে হয়নি তা নয়, কিন্তু সে লেখা পড়ে সমস্যার গভীরতা টের পাওয়া যায় না। ১৫ বছর আগে নিউইয়র্ক টাইমস বাংলাদেশে লোক পাঠিয়ে, গ্রামে গ্রামে সরেজমিনে তদন্তের পর দেড় পাতাজুড়ে প্রতিবেদন ছেপেছে। আমি আজ পর্যন্ত বাংলাদেশে একটিও অর্থপূর্ণ তদন্ত প্রতিবেদন দেখিনি। কোনো সরকারি কর্মকর্তার চাকরি খোয়ানোর তো প্রশ্ন ওঠে না, এমনকি কেউ এ ব্যাপারে কোনো দায়ভার নিতেও নারাজ।
কারণ তো একটাই—মানুষগুলো বড় গরিব। ওরা যে ক্ষমতার শিকড় ধরে নাড়া দেবে, পেশির সে জোর তাদের নেই। রিচার্ড আমাকে লিখেছেন, এখন যা দরকার তা হলো, নতুন যেসব টিউবওয়েল বসানো হচ্ছে, রাজনীতি বাদ দিয়ে যাদের সবচেয়ে বেশি দরকার, তাদের কাছে পৌঁছে দেওয়া। এমপি সাহেবরা নিজ নিজ এলাকায় টিউবওয়েল বসানোর ব্যবস্থা করছেন, ফলে যাদের তেমন প্রয়োজন নেই, তারাই বেশি সুবিধা পাচ্ছে।
এই অবস্থা কি বদলাবে না? যত দিন গ্রামের ওই মানুষগুলো ফুঁসে না উঠছে, গ্রাম থেকে এসে শহরকে ঘিরে না ধরছে, তত দিন ক্ষমতার ছড়ি এভাবে একদিকেই ঘুরতে থাকবে।
নিউইয়র্ক
হাসান ফেরদৌস: যুক্তরাষ্ট্রে প্রথম আলোর বিশেষ প্রতিনিধি।