
এক বর্ণাঢ্য ও সার্থক জীবনের যবনিকা টেনেছেন বিচারপতি মোস্তাফা কামাল। তিনি বিচিত্র প্রতিভার অধিকারী ছিলেন। তবে মূলগতভাবে তিনি আইনের শাসনের চিন্তক ছিলেন। তিনি কতটা সংগীতপিপাসু, সেটা বাইরে থেকে বোঝা যেত না। গরুর গোশতও ভালো রাঁধতেন। প্রজ্ঞামণ্ডিত রসবোধ ছিল প্রখর। তাঁর অসাম্প্রদায়িক আধুনিক দৃষ্টিভঙ্গি ছিল অনুসরণীয়। প্রিন্স চার্লসের সঙ্গে তোলা তাঁর একটি অন্তরঙ্গ আলোকচিত্র প্রধান বিচারপতির বাসভবনে দেখেছিলাম। তাঁর স্বনামধন্য ভাই মুস্তাফা জামান আব্বাসীর মতে, ‘পিতার গান সব তাঁর জানা, সুর গায়কিসমেত, হতে পারতেন আরেক আব্বাসউদ্দীন।’ তাঁর গদ্য স্নিগ্ধ, দ্যুতিময়। তিনি ছিলেন বিচক্ষণ বাগ্মী। ইয়াজউদ্দিন সংবিধান মানলে তিনি গত মেয়াদে প্রধান উপদেষ্টা হতেন। এক–এগারোর আগে রংপুরে বেড়াতে গেছেন। ব্রিটিশ ও ভারতীয় হাইকমিশন থেকে তিনি ফোন পেয়েছিলেন, তাঁকে ঢাকায় আনতে নাকি হেলিকপ্টার যেতে পারে। ফোনে আমাকে এসব বলে হেসেছিলেন তিনি।
১৯৯৫ সালে তাঁর সঙ্গে আমার প্রথম পরিচয়। তখন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন নিয়ে রাজপথ সবে তপ্ত হতে শুরু করেছে। আমার নিজের প্রথম বই প্রকাশিত হয়েছে, নাম সংবিধান ও তত্ত্বাবধায়ক সরকার বিতর্ক। এতে আমি বিশ্বের অন্যান্য দেশের নির্বাচনকালীন সরকারব্যবস্থার তুলনা করেছিলাম। এই সরকার নিয়ে ভারতের তিনটি হাইকোর্টের রায় ছিল। একটি পরিচ্ছেদের শিরোনাম ছিল ‘তত্ত্বাবধায়ক সরকার কি সংবিধানের মৌলনীতির পরিপন্থী?’ কোনো উপসংহারে আমি পৌঁছাইনি। কোনো দিকে ঝোঁক প্রকাশ পায়নি। কাঁচা ও অক্ষম হাতে লেখা সেই বইয়ে অবশ্য সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ ও অপসারণ নিয়েও আলোচনা ছিল। তিনি তখন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারক।
অধ্যাপক তালুকদার মনিরুজ্জামানের পরামর্শে দুরু দুরু বক্ষে আমি তাঁর কক্ষে প্রবেশ করেছিলাম। আমি ভাগ্যবান ছিলাম যে, তিনি প্রেসক্লাবে আয়োজিত ওই বইয়ের আলোচনা সভায় প্রধান অতিথি হয়ে এসেছিলেন। সেখানে দেওয়া তাঁর ভাষণের অন্যতম উক্তি ছিল সংসদে পাস হলেই হবে না, সংবিধান সংশোধনী প্রশ্নে শেষ কথা সুপ্রিম কোর্টের। ত্রয়োদশ সংশোধনী বাতিল বিতর্ক বয়ে আনলেও তাঁর ভবিষ্যদ্বাণী ফলেছে বৈকি!
বিচারপতি মোস্তাফা কামাল কোচবিহারের গল্প বলতে পছন্দ করতেন। সেখানকার অসাম্প্রদায়িক দিনগুলো তাঁর ব্যক্তিত্ব গঠনে যথেষ্ট প্রভাব রেখেছিল বলে আমি অনুমান করি। ৮১ বছর বয়সে পৌঁছেও তিনি তাঁর ছেলেবেলার কোচবিহারের মহারাজাকে স্মরণ করেন এভাবে: ‘একজন হিন্দু মহারাজা হিসেবে তিনি মুসলমানদের সঙ্গে সুষম ব্যবহার করতেন। হিন্দু-মুসলিম সম্পর্ক এত চমৎকার ছিল, যা আজকের দিনে কল্পনা করা যায় না।’
নজরুলের সঙ্গে আব্বাসী পরিবারের সম্পর্ক কত গভীর ও অতলস্পর্শী, তা আমি তাঁর মহাপ্রয়াণেও অনুভব করলাম। কারণ, মুস্তাফা জামান আব্বাসী তাঁর ভাইয়ের কবরস্থানে দাঁড়িয়ে নজরুলকে বিস্মৃত না হতে সন্তানদের প্রতি তাঁদের পিতার নসিহত স্মরণ করলেন। কবি নজরুল আতাতুর্ক স্মরণে তাঁর নামকরণ করেছিলেন মোস্তাফা কামাল ওরফে দোদুল।
এর ৮১ বছর পর ইেমরিটাস অধ্যাপক আনিসুজ্জামান নজরুলের সেই ‘দোদুল’, যিনি পরে তাঁর ‘দুলু ভাই’ হয়ে ওঠেন, তাঁর জন্মদিনে লিখেছেন, ‘ভিন্নমতের প্রতি সহনশীল থাকা এবং স্বধর্মনিষ্ঠ থেকে অন্যান্য ধর্মের মানুষকে সমদৃষ্টিতে দেখার উদারতা তিনি লাভ করেছেন।...সম্ভবত সৃষ্টির সবকিছুর প্রতি এক প্রেমময় দৃষ্টি তাঁর আছে। অন্যায়কারীর প্রতি ওঁর কঠোরতা এই প্রেমময়তারই অংশ।’ আর বদরুদ্দীন উমর, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওই দুলুকে ‘ইসলামিক ব্রাদারহুডের’ সদস্য এবং সলিমুল্লাহ হল ইউনিয়ন নির্বাচনে ইসলামি গ্রুপের (স্বয়ং উমরও যার সমর্থক ছিলেন) পক্ষে যুগ্ম সম্পাদক নির্বাচিত হতে এবং সর্বোপরি বিদ্রোহী কবির ‘সিন্ধু’ থেকে আবৃত্তি করে পুরস্কৃত হতে দেখেছেন, তিনি লিখলেন, ‘সে নিজ গুণে জীবনে অনেক উন্নতি ও সুনাম অর্জন করেছে। আইনে পাণ্ডিত্যের স্বাক্ষর রেখেছে।’
তাঁর ৮১তম জন্মদিনে ছাপা হয়েছিল স্মারকগ্রন্থ চির উন্নত মম শির। দেশি-বিদেশি ৩১ জন লেখকের রচনায় এখানে ফুটে ওঠে তাঁর কর্মময় বর্ণাঢ্য জীবনের বিচিত্র দিক; সেখানে কিরণমালার মতো বিচ্ছুরিত তাঁর আইনি ও জজিয়তি জীবন। মায়েদের গল্পের স্বপ্নাবিষ্ট ফার্স্টবয় ছিলেন তিনি। ভারতের কোচবিহারের জেনকিন্স স্কুলে আবার সমগ্র পূর্ব পাকিস্তানের মেট্রিকুলেশন ও আইএ পরীক্ষার মেধাতালিকায় তার ছাপ স্পষ্ট। রাষ্ট্রবিজ্ঞানে বিএ অনার্স এবং এমএ দুটোতেই প্রথম শ্রেণিতে প্রথম। বৃত্তি নিয়ে লন্ডনে যাত্রা। ব্যারিস্টার হয়ে দেশে ফেরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইনে শিক্ষকতা। এরপর অ্যাডভোকেট জেনারেল হয়ে ১৯৭৯ সালে হাইকোর্টের বিচারক হন। এখানে এটা বলে রাখি যে, বিচারক থাকাকালে আমি একদিন তাঁর ব্যক্তিগত গ্রন্থাগারে জাতিসংঘের সমুদ্রবিষয়ক নথির সন্ধান পাই।
আওয়ামী লীগ সরকারের একটি অতুলনীয় ও অত্যন্ত প্রশংসনীয় অর্জন হলো সমুদ্রজয়। এই ‘সমুদ্রজয়ের’ পেছনে রয়েছে যে আইন, তা হলো ১৯৮২ সালের আনক্লজ। এই আনক্লজে এমন একটি বিধান অন্তর্ভুক্ত করার দরকার পড়ে, যাতে বাংলাদেশের বিশেষ উপকূলীয় বৈশিষ্ট্য স্বীকৃত হয়। সে জন্য জাতিসংঘের ষষ্ঠ কমিটিতে বহু বছর ধরে আনক্লজের খসড়া তৈরির কাজ চলে। মোস্তাফা কামাল ওই কমিটিতে সমুদ্রে বঙ্গবন্ধু সরকারের গৃহীত নীতির যথার্থতা (সব সরকার মেনেছে) তুলে ধরেছিলেন।
আমি তাঁর কাছ থেকে এ-সংক্রান্ত বহু মূল নথির ফটোকপি সংগ্রহ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমুদ্র আইন ডেস্কের তৎকালীন প্রধান ব্যারিস্টার এ কে এম মোর্শেদকে দিয়েছিলাম। নানা বিষয়ে লেখা তাঁর প্রবন্ধ একবার আমি সংগ্রহ করেছিলাম। সেটা পরে সংকলিত হয়ে বেরোয় আমার কিছু বলা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর একান্ত আলাপচারিতার বিবরণ একবার আমাকে শুনিয়েছিলেন। প্রধান বিচারপতির পদে মাত্র ছয় মাস থেকেও তিনি এক বিরল জুডিশিয়াল স্টেটসম্যানশিপ দেখান। সুপ্রিম কোর্ট প্রশাসনে তিনি বিরাট রদবদল এনেছিলেন। মার্কিন অ্যাটর্নি মরিস ডি. গাইগার লিখেছেন, ‘এতে সামান্যই সন্দেহ আছে যে বিচারপতি কামালের মেধা ও দক্ষতার কারণে বিশ্বব্যাংকের বিচার বিভাগ সংস্কার প্রকল্পটি একাধিক লক্ষ্য অর্জন করেছে।’ তাঞ্জানীয় বিচারক দানিয়েল আর দেজার চোখে তিনি ‘ন্যায়বিচার প্রতিষ্ঠার এক অক্লান্ত যোদ্ধা’।
মার্কিন নারী আইনজীবী ফিলিস কক্সের মতে, বাংলাদেশে বিরোধ নিষ্পত্তির বিকল্প এডিআর প্রবর্তনের জনক তিনি।
১৯৯৯ সালের ১ জুন প্রধান বিচারপতির অভিষেকে তিনি জবাবদিহি সম্পর্কে যে অভিমত রেখে গেছেন, তা আলোকবর্তিকা হয়ে থাকবে।
‘The legal profession and the judiciary now stand at a cross-road of history. So long the judiciary functioned almost beyond the gaze of public eyes, but with the concept of accountability growing currency by the day the legal profession and the judiciary can no longer function behind and beyond public scrutiny-The people of this country are alert and watchful of every movement of ours.’
মধ্য ডিসেম্বরে একটি লেখা নিয়ে তাঁর সঙ্গে আমার শেষ কথা হয়েছিল। মতি ভাই (প্রথম আলো সম্পাদক মতিউর রহমান) তাঁকে দিয়ে মহানবী (সা.)-এর ওপর প্রকাশিতব্য একটি আকর গ্রন্থের ভূমিকা লেখাতে চেয়েছিলেন। এ জন্য আমরা তাঁর কাছে যাব জেনে তিনি আনন্দিত হয়েছিলেন। সেটা আর হলো না।
তাঁর কাছ থেকে উপহার পাওয়া একটি ফাউন্টেন পেন আমি সযত্নে রেখে দিয়েছি। তাঁর কবরে ফুলের পাপড়ি ছিটাতে গিয়ে চোখ জলে ভরে উঠল। বিশ বছর ধরে আমি তাঁর অনেক পরামর্শ ও বকুনির দান সানন্দে গ্রহণ করেছি। তাঁর পুণ্য স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই।
আজিমপুরে তিনি তাঁর পিতা-মাতার কবরেই চিরনিদ্রায় শায়িত হলেন। গত ৩০ ডিসেম্বরে তিনি তাঁর প্রিয় পিতার মৃত্যুবার্ষিকীতে কবরে গিয়ে বলেছিলেন, ‘৫৫ বছর ধরে দুভাই আপনার কবরে এসেছি, আর কত দিন আসতে পারব জানি না।’ এর ছয় দিন পরই তিনি ফিরে এলেন সেই সমাধিক্ষেত্রে, যেখানে উৎকীর্ণ রয়েছে, ‘কোন দিন আসিবেন বন্ধু কয়া যাও কয়া যাও রে’।
মিজানুর রহমান খান: সাংবাদিক