প্রথম আলোর ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে হোটেল সোনারগাঁওয়ে পলান সরকারের ওপর একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়। পলান সরকার গ্রামের মেঠোপথ ধরে মানুষের কাছে বই পৌঁছে দেন। এই খবরটি ২০০৭ সালের ১৭ ফেব্রুয়ারি প্রথম আলোয় প্রকাশিত হওয়ার পর অনেক আলোড়ন সৃষ্টি করেছিল। মাত্র কয়েক মিনিটের এই প্রামাণ্য চিত্রটি দর্শককে আবেগাপ্লুত করে তোলে।
আমাদের দেশে এ রকম অসংখ্য ফেরিওয়ালা রয়েছেন। যাঁদের কেউ হয়তো সংবাদমাধ্যমে আসেন, কেউ আসেন না। এ রকম একজন কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের তরুণ শিক্ষার্থী বিশ্বজিৎ বর্মণ। তিনি রামখানায় ‘আশার আলো পাঠশালা’ বলে একটি প্রতিষ্ঠান খুলেছেন। এ প্রতিষ্ঠানে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাঠদান করা হয়। সেই প্রতিষ্ঠানে গিয়ে জানতে পারলাম, সেখানে যারা প্রথমে পড়তে এসেছিল তাদের ময়লা শরীর থেকে দুর্গন্ধ ছড়াত, মাথার চুল ছিল জটবাঁধা। বিশ্বজিৎ তাদের জন্য সাবান কিনে দিয়েছেন। নিজে প্রাইভেট পড়িয়ে অর্থ উপার্জন করে সেই অর্থে তাদের খাতা-কলম কিনে দিতে শুরু করেন। এখন প্রতি বিকেলে ১২০ জন শিক্ষার্থী পড়তে আসে। তাদের মা-বাবা রাত ১০টায় এসে পাঠশালা থেকে তাদের নিয়ে যান। রাতে বৃদ্ধদের শিক্ষাকার্যক্রমও তিনি পরিচালনা করেন। বিশ্বজিৎ তাঁদের সংগঠনের লক্ষ্য সম্পর্কে বলেন, ‘আমরা শিক্ষায়, মাদক বন্ধে, বাল্যবিবাহ রোধে রামখানা ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই।’
কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের একটি প্রত্যন্ত গ্রাম মণ্ডলের হাট। সেখানকার তরুণদের সুস্থ বিকাশের কথা চিন্তা করে কয়েকজন তরুণ গড়ে তোলেন সচেতন শিক্ষার্থী সংঘ (সশিস)। তাঁরা একটি পাঠাগারও প্রতিষ্ঠা করেছেন। এই পাঠাগার ঘিরে একদল তরুণ একত্র হয়েছেন। যাঁরা শুধু নিজেরা লেখাপড়া করেন না, তাঁদের গ্রামের তুলনামূলক দরিদ্র শিক্ষার্থীদের বই কিনে দেওয়া, বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরামর্শসহ প্রয়োজনে তাঁদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য যাওয়া-আসার অর্থেরও ব্যবস্থা করেন তাঁরা। কিছুদিন আগে সেখানে একটি অনুষ্ঠানে গিয়েছিলাম। পাঠাগারের সুবিধাভোগী ছেলেরা অকপটে বলেছেন, ওই পাঠাগারের সংগঠকদের সহযোগিতা ছাড়া তাঁদের লেখাপড়া সম্ভব হতো না। ওই অনুষ্ঠানে কয়েক শ শিক্ষার্থী এবং অভিভাবক ছিলেন। যাঁদের দেখলেই বোঝা যায় তাঁরা মাঠে কাজ করেন। এসব অভিভাবকের সঙ্গে কথা বলে দেখেছি, তাঁরা কত ভালোবাসেন, স্নেহ করেন এসব তরুণ শিক্ষার্থীকে।
২০০৫ সালে কয়েকজন তরুণ শিক্ষার্থী কুড়িগ্রাম জেলার উলিপুরে প্রতিষ্ঠা করেন ছোঁয়া ফাউন্ডেশন। এই ফাউন্ডেশন ২০১০ সালে গ্রামীণফোনের ‘বিজয়ের গল্প বলি’ অনুষ্ঠানে সেরা উদীয়মান সংগঠনের পুরস্কার লাভ করে। বর্তমানে তারা দুস্থদের পাশে দাঁড়ানো ছাড়াও ‘ছোঁয়া ফাউন্ডেশন রেসিডেনসিয়াল স্কুল’ পরিচালনা করে। এ স্কুলে ৫০ জন দরিদ্র শিক্ষার্থী বিনা পয়সায় উপকরণ সুবিধাসহ লেখাপড়ার সুযোগ পায়।
কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার বৈদ্যের বাজারে রয়েছে অনার্স ক্লাব নামের একটি সংগঠন। তারাও এলাকার গরিব মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাসহায়ক সব রকম উপকরণ নিয়ে এগিয়ে আসে। বলা যায়, ওই এলাকার সাধারণ গরিব শিক্ষার্থীদের নিয়তি হয়ে উঠেছেন ওই ক্লাবের সদস্যরা। মাদকবিরোধী, জঙ্গিবিরোধী নারী উত্ত্যক্তবিরোধী অনেক কর্মসূচি তাঁরা গ্রহণ করে থাকেন।
কুড়িগ্রাম জেলার উপকণ্ঠে হলোখানা ইউনিয়নের ধরলা তীরবর্তী গ্রাম আরাজি পলাশবাড়ি। সেখানেও তরুণ শিক্ষার্থীদের কর্মকাণ্ড রীতিমতো অবাক করার মতো। আপন ভাইবোন নন, কিন্তু গ্রামের অসহায় শিক্ষার্থীদের পাশে তাঁরা যেভাবে দাঁড়িয়েছেন, তাতে করে মনে হবে আপন ভাইবোনের চেয়েও যেন তাঁরা অধিক কিছু। তাঁদের প্রত্যক্ষÿ সহযোগিতায় বেশ কিছু শিক্ষার্থী লেখাপড়া করছে। যে কেউ বিপদে পড়লে ওসব তরুণের কাছেই প্রথমে ছুটে আসেন পরামর্শের জন্য। তাঁরা তিনটি পাঠাগার প্রতিষ্ঠা করেছেন। সেই পাঠাগার ২৪ ঘণ্টাই খোলা থাকে। এ বছর গণিত অলিম্পিয়াডে তাঁদের যত্নে বেড়ে ওঠা এবং প্রথম আলোর অদম্য মেধাবী বৃত্তিপ্রাপ্ত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, পক্ষাঘাতগ্রস্ত পিতার সন্তান লেলিন সরকার সেরা ১০ জনে থাকার যোগ্যতা অর্জন করেছেন। সংগঠনের প্রতিষ্ঠাতা সংগঠক সোনালী ব্যাংক শাহজালাল বিমানবন্দর শাখার সিনিয়র অফিসার মোজাহেদুল ইসলাম শামীম বলেন, ‘কম্পিউটারে প্রিন্ট করা এক পিঠ নষ্ট হওয়া কাগজও অফিস থেকে সংগ্রহ করে এলাকার শিক্ষার্থীদের জন্য পাঠাই। ওরাকলের যে সংগঠকেরা কর্মজীবনে প্রবেশ করেছি, তারা উদ্যোগ নিয়ে হলোখানা ইউনিয়নের নয়টি ওয়ার্ডে নয়টি পাঠাগার প্রতিষ্ঠা করব।’ তাঁদের চেষ্টায় এখন ঠেলাগাড়ির চালকের ছেলে আর্মি অফিসার, কৃষকের মেয়ে শিক্ষক, দরজির ছেলে ব্যাংকার।
রংপুরের কাউনিয়ায় আমসা (ইউনিভার্সিটি-মেডিকেল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন) বলে একটি সংগঠন আছে। এই সংগঠনের সংগঠকদের প্রধান কাজই হচ্ছে সার্বিক যত্ন নিয়ে এলাকার শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির উপযোগী করে তোলা। তাদের লক্ষ্য এলাকার লোকজনকে শিক্ষিত করে গড়ে তোলা। রংপুরের গঙ্গাচড়া উপজেলাতেও রয়েছে দরিদ্র শিক্ষার্থীবান্ধব তরুণদের একটি সংগঠন।
দেশে যখন ছাত্রসংগঠনগুলোর কিছু শিক্ষার্থী তারুণ্যে কালিমা লেপন করার কাজ করছে, অনেক তরুণ যখন নেশার কালো পৃথিবীতে ঢুকে গেছে, অনেক তরুণ যখন ব্যক্তিকেন্দ্রিকতায় নিমজ্জিত, তখন একদল তরুণ একত্র হয়ে ভালো কাজ করার চেষ্টা করে চলেছেন। এসব তরুণের হাত ধরে একদিন বাংলাদেশ এগিয়ে যাবে অনেক দূর। শুধু নিজে ভালো হলেই ভালো থাকা যায় না। সমাজ ভালো হলে সবাই মিলে ভালো থাকা যায়। আর এই দেশকে ভালো করার দায়িত্ব শুধু সরকারের নয়। আমাদের প্রত্যেকের দায়িত্ব রয়েছে দেশকে এগিয়ে নেওয়ার।
উল্লিখিত সংগঠনগুলো হতে পারে আমাদের কাছে একেকটি দৃষ্টান্ত। এই কাজ করার জন্য অনেক অর্থের প্রয়োজন হয় না। শুধু কয়েকজন তরুণের যৌথ চেষ্টা থাকলেই এটা করা সম্ভব। চলুন আমরা দেশের প্রতিটি গ্রামে নিজেদের উদ্যোগে একটি করে সংঘ গড়ে তুলি, যেখানে তরুণেরা স্বপ্ন বিনিময় করবেন এবং অসহায় মানুষের সহায় হবেন। তাহলে আমরাও হতে পারি আলোর ফেরিওয়ালা। গ্রামে গ্রামে আলোর ফেরিওয়ালা থাকলে দেশ আলোকিত হবেই।
তুহিন ওয়াদুদ: শিক্ষক, বাংলা বিভাগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।
[email protected]