
একাত্তরের ৭ মার্চের পর থেকেই পাকিস্তানি শাসকেরা ছক আঁটতে বসেছিল বাঙালিদের জেগে ওঠা রুখতে। তারা ঠিকই বুঝেছিল, শুধু রাজনীতি নয়, বাঙলির উত্থানপর্বে সংস্কৃতি ছিল এক বড় শক্তি, যা মানুষের মনের দিগন্তটা অনেক আগে থেকেই প্রসারিত করেছিল। সংস্কৃতির আলো যাঁরা জ্বালান, তাঁদের চিহ্নিত করতে তারা ভুল করেনি। জাতির শিক্ষকদের, পেশাজীবীদের, নাট্যকার-গীতিকার-সুরস্রষ্টা এবং সংস্কৃতিকর্মীদের একটা বিরাট তালিকা তারা তৈরি করেছিল। এর কিছুটা ছিল রাও ফরমান আলীর ডায়েরিতে, বাকিটা নানা জায়গায়, তবে প্রধানত তাদের মাথায়। তাদের এ বিষয়ে কোনো অস্পষ্টতা ছিল না। শিক্ষা-সংস্কৃতির আলো যাঁরা জ্বালান, তাঁদের নির্বাপিত করে দাও; ব্যস, এ জাতি কখনো উঠে দাঁড়াতে পারবে না। এ জন্যই ২৫ মার্চ রাতে তারা বিশ্ববিদ্যালয়ে হামলা করেছে। যুদ্ধের নয় মাস তারা সাংবাদিক, ডাক্তার, প্রকৌশলীদের তাদের বন্দুকের নিশানা করেছে।
শেষ অভিযানটা তারা চালিয়েছে ১৪ ডিসেম্বর আলবদর-আলশামসের সহযোগিতায়। বাংলাদেশের মেধাবী, আলোকিত মানুষগুলোকে নির্মমভাবে হত্যা করে তারা বাংলাদেশের পিঠে শেষ ছুরিটা মারতে চেয়েছে। এ শুধু পরাজিতের গ্লানি ভোলার ব্যাপার ছিল না, এ ছিল পরাজিতের শেষ চালটি চালায়। তারা জানত, বাংলাদেশে তাদের পতাকা আর ওড়াতে পারবে না, কিন্তু বাংলাদেশের পতাকা যেন দেশের মেধা আর সৃজনশীলতার মহিমায় আরেকটু উজ্জ্বল না হয়, সেটি তারা নিশ্চিত করতে চেয়েছিল। একই সঙ্গে কিছু যে বশংবদ তারা তৈরি করেছিল, যারা এ দেশেই জন্ম নেওয়া বাঙালি, তাদের মাথার ভেতরে তাদের পতাকাটা গেঁথে রেখে এর একটা স্থায়িত্ব দিতে চেয়েছে। প্রথম প্রচেষ্টায় তারা ব্যর্থ হয়েছে, দ্বিতীয়টিতে মোটামুটি সফল। অথবা হয়তো না। এই ডিসেম্বর তো আমাদের জানান দিচ্ছে, যে সাফল্য তারা আশা করেছিল, তা ততটা অর্জন করা সম্ভব হয়নি তাদের পক্ষে। যারা নিজেদের করোটিতে পাকিস্তানের পতাকা উল্কি এঁকে বসিয়ে দিয়েছে, তাদের সংখ্যা কমছে। আরও কমবে। একসময় এরা নির্মূল হয়ে যাবে, সন্দেহ নেই।
সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি মিলান কুন্ডেরার একটি উপন্যাস পড়িয়েছি, দ্য বুক অব লাফটার অ্যান্ড ফরগেটিং। সেখানে কুন্ডেরা লিখেছেন, ক্ষমতার বিরুদ্ধে যুদ্ধ করাটা স্মৃতিকে বাঁচিয়ে রাখার একটি যুদ্ধও বটে। এবং সেই যুদ্ধে ‘লাফটার’-হাসি এক বিরাট অস্ত্র। পাকিস্তান রাষ্ট্র সেই ১৯৪৮ সাল থেকেই আমাদের সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো সংস্কৃতি-সাহিত্য, জীবনচর্চা, ইতিহাস ও আত্মগরিমা ভুলিয়ে দিতে চেয়েছিল। তারা আমাদের ভাষার স্মৃতি মুছে ফেলতে চেয়েছে, আমাদের ইতিহাসের স্মৃতিকে প্রশ্নবিদ্ধ করতে চেয়েছে, আত্মগরিমার স্মৃতিকে অসম্পূর্ণ কিছু চিত্রকল্পে সীমাবদ্ধ রাখতে চেয়েছে। তারা পারেনি, কারণ আমরা আমাদের হাসি দিয়ে তাদের সব প্রয়াসকে হাস্যকর প্রমাণ করেছি।
সেই গানটার কথা মনে পড়ে, ‘হাসিমুখে যারা দিয়ে গেল প্রাণ’। এই হাসি বীরের, এই হাসি যারা ঘাড়ে-মাথায় অনেক উঁচু, তাদের। আমরা শেষ হাসিটা হেসেছি একাত্তরের বিজয় দিবসে। যেদিন পাকিস্তানি সমরযন্ত্র বারুদের গোলার পরিবর্তে অপমানিত কান্না ফোয়ারা ছুটিয়েছে। সত্যকে কোণঠাসা করা যায়, পরাজিত করা যায় না। বীরের বুকে ছুরি বসানো যায়, তাদের চোখের হাসি কেড়ে নেওয়া যায় না। আজও যখন আমার শিক্ষকদের দেখি, যাঁরা একাত্তরে ২৫ মার্চ থেকে নিয়ে ১৬ ডিসেম্বরের মধ্যে মহাপ্রস্থানের পথে গেছেন, হাতে আলোর মশাল নিয়ে, তাঁদের হাসিমুখ দেখি, যে মুখে বাঙালি জাতির আত্মগরিমা যেন জয়নুলের তুলিতে আঁকা। জ্যোতির্ময় গুহঠাকুরতা, রশিদুল হাসান, জি সি দেব, সন্তোষ গুপ্ত, গিয়াসুদ্দিন আহমেদ—কত উজ্জ্বল নাম, কত শাণিত চোখ, আঁধারচেরা দৃষ্টি।
পাকিস্তানিরা তাদের হিসাবে একটি ভুল করেছিল—ভূস্বামী, ব্যবসায়ী আর উচ্চপদস্থ আমলাসমৃদ্ধ পাকিস্তানি এলিট সরকার। তারা বুঝতে পারেনি, আমাদের এই আলোকিত মানুষগুলোকে কেউ এলিট শ্রেণি আসেননি, এসেছেন বিশাল বাংলা থেকে, এর গ্রামগঞ্জ থেকে। তাঁরা একেকজন বাতিঘর ছিলেন নিঃসন্দেহে, কিন্তু তাঁরা যাদের পথ দেখিয়েছেন, তারাও তাঁদের অনুসরণে প্রস্তুত ছিল। তাঁরা যে শূন্যতা রেখে গেছেন, সেটি ভরাট করার জন্য তাঁরা বাঙালিদের প্রস্তুতও করে গেছেন। এ জন্য জাতি মেধাশূন্য হয়নি, বরং শহীদদের দেখানো পথে চলতে চলতে একসময় মেধার জায়গাটাতে একটা বড় উত্থান ঘটিয়েছে। আজ, স্বাধীনতার এত দিন পর বাঙালি যে কত দূর এগিয়েছে, তা পাকিস্তানিরাও বুঝেছে। তারা এখন জানতে চায়, নারীশিক্ষায় আমরা কীভাবে তাদের সক্ষম করতে পারি, সামাজিক নানা সূচকে এগিয়ে যেতে তাদের সাহায্য করতে পারি, বিদ্যুৎ উৎপাদনে উন্নতির পথে যেতে তাদের সহায়তা করতে পারি।
কিন্তু পাকিস্তানিরা তাদের পতাকা বয়ে নিতে যাদের হাতে দিয়ে গেল, তাদের ভেতরটাতে এই এত বছরে কেন আলো পড়ল না, কেন তারা বাংলাদেশ নিয়ে গর্ব করতে চায় না অথবা পারে না, এ বিষয়টি আমাকে ভাবায়। হয়তো আমরা আমাদের শিক্ষাকে সবার কাছে পৌঁছাতে পারিনি, হয়তো সংস্কৃতির হাওয়া সবার মনের ভেতর বইয়ে দিতে পারিনি। অথবা হয়তো ১৯৭৫ সালের পর অনেক বছর যঁারা দেশটা শাসন করেছেন, তাঁরা এদের নিজের কাজে ব্যবহার করেছেন। এবং এটি করতে গিয়ে কুন্ডেরা কথিত স্মৃতি মুছে ফেলার পুরোনো খেলাটিই জারি রেখেছেন, কিছু কিছু সম্পাদনা এবং কাটছাঁট করে। তবে এ প্রয়াস দীর্ঘস্থায়ী হয়নি। মানুষ জাগে, তাদের মতো করে। মানুষকে জোর করে যেমন ঘুম পাড়ানো যায় না, কোন সংকেতে, কোন গানে তারা জাগবে, তাও ঠিক করে দেওয়া যায় না। এ বছর শহীদ বুদ্ধিজীবী দিবসে আগের অস্পষ্টতা আর অবশিষ্ট নেই। স্মৃতি মোছার যন্ত্রটি যাঁরা চালাতেন, তাঁরা কেউ কেউ আছেন, কিন্তু সেই যন্ত্রে মরিচা পড়তে শুরু করছে, যন্ত্রীদের পুরোনো পদ্ধতিটাও আর চলবে না।
২. স্মৃতি-বিস্মৃতির প্রসঙ্গে শহীদ বুদ্ধিজীবী দিবস সম্পর্কে একটি কথা বলা যায়, এ দিবসটি একুশে ফেব্রুয়ারির মতো। এখন আর একটি দিনে সীমাবদ্ধ নেই। এখন মানুষ এই শহীদদের প্রতিদিন স্মরণ করে। না, নাম ধরে নয়, তাঁদের দেখানো পথে নানা অর্জনের মধ্য দিয়ে। শহীদ সেলিনা পারভীনকে ভোলা যায় না, যখন অসংখ্য নারীকে দেখা যায় মিডিয়ার জগতে, প্রতিবাদী ভূমিকায়। তারা সবাই তার উত্তরসূরি, শহীদ মুনীর চৌধুরীকে দেখা যায় বাংলাদেশের অসংখ্য নাট্যকার, অভিনেতা ও অনুপ্রেরণাদায়ী শিক্ষকদের মধ্যে। শহীদ আলীম চৌধুরীকে আমি দেখি অসংখ্য নিবেদিতপ্রাণ চিকিৎসকের মধ্যে।
আর দুই দিন পর যখন বিজয় দিবসে সারা দেশ ভেঙে পড়ে রাস্তায়-পার্কে-উদ্যানে; তখন যে উৎসব হয়, যে উদ্যাপন হয়, সে তো ওই শহীদদেরই আত্মত্যাগের, তাঁদের মহিমায়, তাঁদের উদাহরণের! বাংলাদেশের পতাকায় তাঁরা রং ছড়িয়েছেন; যখন বাংলাদেশের পতাকা কোথাও ওড়ে, তাঁরা সেখানে থাকেন, একাত্তরের শহীদদের মতো, বাহান্নর ভাষাশহীদদের মতো, বাংলাদেশের ২৩ বছরের পাকিস্তান পর্বের নানা সংগ্রামের শহীদদের মতো। আলো ছড়ানো যেসব মানুষ ১৪ ডিসেম্বর অন্তর্ধান করলেন, তাঁদের কাছে যদি একটি প্রশ্ন রাখা যেত, কীভাবে তাঁদের স্মরণ করতে হবে, তাঁরা নিশ্চয় বলতেন, বাংলাদেশটাকে বিজয়ের পথে এগিয়ে নিতে নিতে, তার চলার ছন্দে, তার অর্জনের আনন্দে।
এই দিনে এই প্রিয় মানুষগুলোকে আমাদের ভালোবাসা। এই ভালোবাসা প্রতিদিনের।
সৈয়দ মনজুরুল ইসলাম: কথাসাহিত্যিক। অধ্যাপক, ইংরেজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।