আলোচনার মাধ্যমেই সমাধান করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মনোজ জোশি
মনোজ জোশি

ভারত-চীনের মধ্যে এই হুমকি-পাল্টাহুমকি ও তর্জন-গর্জন সত্ত্বেও এই ব্যাপারটা ভুলে গেলে চলবে না, দোকলামে যা হলো, তাতে কিন্তু চীনা অবস্থানের যুক্তি থাকতে পারে। তিন পক্ষ, অর্থাৎ ভারত, চীন ও ভুটানের অবস্থানগত অস্বচ্ছতার কারণে বিভ্রান্তি ছড়াচ্ছে। নিশ্চিতভাবেই এ কথা বলা যায়, এই মুখোমুখি অবস্থানের কারণে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের প্রয়োজনীয়তা সৃষ্টি হয়েছে।

শুরুতে বলতে হয়, বাতাং লার কাছে তিন দেশের সীমান্তে ভারতের অবস্থান কিন্তু যৌক্তিক নয়। এর কারণ হচ্ছে, চীনের সঙ্গে সিকিমের সীমান্ত ১৮৯০ সালের ইঙ্গ-চীন কনভেনশন অনুসারে নির্ধারিত হয়েছে, যেটা চীন ও ভারতের মধ্যকার একমাত্র স্বীকৃত সীমান্ত। কনভেনশন অনুসারে এই সীমান্ত ‘ভুটান সীমান্তের গিপমোচি পর্বত থেকে শুরু হয়েছে’। চুক্তি অনুসারে এই সীমান্ত গিপমোচি থেকে শুরু হয়ে গিয়েমাচেন যাওয়ার কথা, এরপর তা উত্তরের বাতাং লাতে যাবে।

ভারত এই কনভেনশনের বৈধতা স্বীকার করে নিয়েছে। ভারতের সাবেক প্রধানমন্ত্রী জওয়াহেরলাল নেহরু ১৯৫৯ সালের ২২ মার্চ চীনা প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন, ‘ভারতের আশ্রিত রাজ্য সিকিমের সঙ্গে তিব্বতের সীমান্ত ১৮৯০ সালের ইঙ্গ-চীন কনভেনশনে নির্ধারণ করা হয়েছে, যা যৌথভাবে ভূমিতে চিহ্নিত করা হয়েছে।’

সে বছরের শেষভাগের এক নোটে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ও সিকিমের সীমান্ত মেনে নেয়। তারা বলেছিল, সিকিম সীমান্ত ‘অনেক দিন ধরে আনুষ্ঠানিকভাবে চিহ্নিত করা আছে। আর মানচিত্র ও বাস্তব সীমান্তের মধ্যেও বৈসাদৃশ্য নেই।’

সে কারণে চীনারা সঠিকভাবেই বলেছে, ভারত বাতাং লা ও গিয়েমাচেনের মধ্যবর্তী দোকলামে চীনা সড়ক নির্মাণকারীদের থামাতে সেনা পাঠিয়ে এই চুক্তি লঙ্ঘন করছে। কিন্তু ব্যাপারটা এত সহজ-সরল নয়। অন্যদিকে ব্রিটিশ ও চীনারা যখন সিদ্ধান্ত নেয় গিপমোচি পর্বত থেকে এই সীমান্ত শুরু হবে, তখন তারা ভুটানের সঙ্গে কথা বলেনি। ১৯১০ সালের পর ভুটান আনুষ্ঠানিকভাবে ব্রিটিশদের আশ্রিত রাজ্য হয়। ভুটান ইঙ্গ-চীন কনভেনশন দ্বারা বাধিত নয়, প্রথমোক্ত পক্ষদ্বয় যে সীমান্ত সৃষ্টি করেছে, সেটার দ্বারাও নয়। বস্তুত, ভারত-ভুটান সীমান্ত ২০০৬ সালে আনুষ্ঠানিকভাবে পুনর্নির্ধারিত হয়েছে, আর চীনের সঙ্গে ৪৭০ কিলোমিটার সীমান্ত নিষ্পত্তির প্রক্রিয়ায় আছে।

১৯৫৯ সালের ২৬ ডিসেম্বর চীন এক দাপ্তরিক নোটে উল্লেখ করে, তারা দেখেছে, ভুটানের ক্ষেত্রে ‘তথাকথিত ম্যাকমোহন লাইনের দক্ষিণাংশের উভয় দিকের মানচিত্রে সুনির্দিষ্ট অসামঞ্জস্য আছে। কিন্তু চীনারা নিজস্ব ঢঙে বিগত বছরগুলোতে নিজেদের দাবি বাড়াতে বাড়াতে শুধু কিছু ভূমিখণ্ড দখল করেনি, তারা পূর্ব ভুটানের বেশ বড় একটি অংশ দখল করে ফেলেছে। এখন পর্যন্ত ভুটানের সঙ্গে চীনের ২৪ দফা আলোচনা হয়েছে। এই প্রক্রিয়ায় ভুটান চীনের অনেক দাবি মেনে নিয়েছে। আর এখন চীনের হিসাবেই কেবল ২৬৯ কিলোমিটার সীমান্ত অনিষ্পন্ন অবস্থায় আছে—পশ্চিম ভুটানের দুটি খণ্ড ও দোকলামের ৮৯ বর্গকিলোমিটার, যেটা নিয়েই এখন বিবাদ চলছে।

চীন দাবি করে, দোকলাম মালভূমি চীনের অংশ, যা নিয়ে বিতর্কের অবকাশ নেই। কিন্তু ভুটানে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত ভি নামগিয়েল জুন মাসের শেষ দিকে জনসমক্ষে অভিযোগ করেছিলেন, চীনারা যে সড়ক নির্মাণ করছে, তার গন্তব্য জোম পেরলিতে ভুটান সেনাবাহিনীর শিবিরের দিকে। তিনি আরও বলেছেন, ‘ভুটান জানিয়েছে, এই সড়ক নির্মাণ করে পিএলএ চীন-ভুটানের ঐকমত্য মেনে চলছে না। আমরা তাদের থামতে বলেছি, যাতে বিরাজমান অবস্থার হেরফের না হয়।’

ভুটান কিন্তু এটা ঠিকই বলেছে। ১৯৯৮ সালে দুই দেশের মধ্যে এক চুক্তি হয়, যার ৩ নম্বর ধারায় বলা হয়েছিল, ‘সীমান্তের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সেখানে শান্তি বজায় রাখতে হবে। ১৯৫৯ সালের মার্চ মাসের আগের সীমান্ত বলবৎ থাকবে, আর কোনো পক্ষ এককভাবে সীমান্তের বিরাজমান অবস্থা পরিবর্তনের চেষ্টা করবে না।’ ফলত, এটা পরিষ্কার, চীন এই চুক্তি লঙ্ঘন করছে।

কিন্তু ভুটানও সমালোচনার ঊর্ধ্বে উঠতে পারেনি। ২০০০ সালে বেইজিংয়ে ১৪তম আলোচনার সময় তারা দোকলাম পর্যন্ত সীমান্ত দাবি করে। ভুটানের জাতীয় সংসদের ৭৯তম অধিবেশনের এক প্রস্তাবে বলা হয়, ‘১৪তম আলোচনার সময় ভুটানি প্রতিনিধিদল দোকলাম, সিনচুলুমবা ও ধরমানা অঞ্চলে অধিকতর ভূমি দাবি করেছে। ভুটানের মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে, এই অঞ্চলে ভুটানের দাবি যতটা সম্ভব বাড়ানো যায়, ততটা বাড়াতে হবে।’

ভুটান এই বৈঠকের শেষ দিকে চীনাদের কাছে এসব করে অনুরোধ করেছে, তারা যেন দুই দেশের আয়তনের বৈষম্য মাথায় রাখে। কিন্তু চীনা কর্মকর্তারা ভুটানি প্রতিনিধিদের বলেন, তাঁরা ছাড় দিতে পারবেন না। কারণ, এতে অন্য দেশের সঙ্গে তাঁদের আলোচনায় প্রভাব ফেলবে। সন্দেহ নেই, চীন বিশ্বাস করে, ভারত ভুটানকে এসব করতে উৎসাহিত করেছে।

মূল ব্যাপারটা চীন ও ভুটানকে নিয়ে। ২০০৭ সালের ভারত-ভুটান মৈত্রী চুক্তি অনুসারে উভয় পক্ষ ‘জাতীয় স্বার্থে পরস্পরকে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করতে’ অঙ্গীকারবদ্ধ। কিন্তু এটা তো সামরিক মৈত্রী নয় যে এক পক্ষ স্বয়ংক্রিয়ভাবে আরেক পক্ষকে সহযোগিতা করবে। বিশেষ করে এমন জটিল বিষয়ে, যেমন ভুটানের দোকলাম মালভূমির ওপর দাবি ও ১৮৯০ সালের ইঙ্গ-চীন কনভেনশন মেনে চলতে ভারতের অঙ্গীকারের বিষয়গুলোও বিবেচনায় নেওয়ার প্রয়োজন রয়েছে। মনে হচ্ছে, ভারত এটা মেনে চলছে না।

যুদ্ধের দিকে না গিয়ে ভারত সরকারকে সতর্কতার সঙ্গে পথ চলতে হবে। এই অঞ্চল ভারতের নিরাপত্তার জন্য সংবেদনশীল। কিন্তু তার মানে এই নয় যে ভারত বাস্তবে অস্তিত্বের হুমকি মোকাবিলা করছে না।

অনুবাদ: প্রতীক বর্ধন, ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে নেওয়া।

মনোজ জোশি: নয়াদিল্লির অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের সম্মানিত ফেলো।