আলোচনায় নেই জঙ্গি দমন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জঙ্গি হামলায় বিধ্বস্ত গুলশানের হোলি আর্টিজান বেকারি
জঙ্গি হামলায় বিধ্বস্ত গুলশানের হোলি আর্টিজান বেকারি

গুলশানের হোলি আর্টিজান বেকারিতে নারকীয় জঙ্গি হামলার প্রায় দুই বছর হতে চলল। সেই ঘটনায় সারা দেশের মানুষ হতবাক হয়েছিল। এমন ঘটনা বাংলাদেশেও সম্ভব—এ কথা জানতে পেরে আমরা বাক্‌রুদ্ধ হয়েছিলাম। ভেবেছিলাম, সেই ঘটনার পর আত্মানুসন্ধানের যে জোয়ার উঠেছিল, তার প্রভাবে জঙ্গিবাদ নিঃশেষ হবে। বাস্তবে সে কথা সত্য প্রমাণিত হয়নি, এখনো মাঝেমধ্যে জঙ্গি হামলার খবর মিলছে। ব্যাপারটা এখন এত নিত্যনৈমিত্তিক হয়ে পড়েছে যে এই অবস্থাকে ‘নরমাল’ ধরে নিয়ে এ নিয়ে আমরা আর তেমন মাথা ঘামাই না। জঙ্গিবাদ নিয়ে আমাদের এই অবজ্ঞা আমার কাছে কম উদ্বেগজনক নয় বলে মনে হয়।

হোলি আর্টিজানের পর দেশের সরকার ও রাজনৈতিক নেতৃত্ব থেকে শুরু করে নাগরিক সমাজের বিভিন্ন প্রতিনিধি সমস্যা মোকাবিলায় যৌথভাবে হাত লাগানোর প্রয়োজনীয়তা স্বীকার করেছিলেন। কী করা যায়, তা নিয়ে দেশজুড়ে আলাপ-আলোচনাও শুরু হয়েছিল। রেডিও-টিভিতে দিন-রাত বিশেষ ঘোষণা দিয়ে পরামর্শ দেওয়া হতো, নিজের ছেলেমেয়েরা কী করছে, ইন্টারনেটে কার সঙ্গে যোগাযোগ করছে, সে বিষয়ে নজরদারি করুন। খোঁজ রাখুন, আপনার ছেলেমেয়েরা কোনো গোপন জঙ্গি দলের খপ্পরে পড়েছে কি না। কেউ কেউ এখনো সেই পরামর্শ দেয়, কিন্তু এর পেছনে যে গরজ ছিল, এখন তা আছে বলে মনে হয় না। অথচ সমস্যা যে মেটেনি, বরং তা ক্রমশ বিস্তৃত হচ্ছে, তার নানা আলামত আমাদের নজরে আসছে। এপ্রিলের শুরুতে ঢাকায় এক নারী জঙ্গিকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। তিনি ঢাকার পান্থপথে হোটেল ওলিও ইন্টারন্যাশনালে বোমা বিস্ফোরণের ঘটনায় জড়িত হিসেবে অভিযুক্ত। তাঁর বিরুদ্ধে গত বছর ১৫ আগস্টের ওই বোমা হামলায় অর্থ জোগান দেওয়ার অভিযোগ উঠেছে। তিনি সদ্য বিবাহিতা, দেশের সেরা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, বিদেশের বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের অভিজ্ঞতাও তাঁর রয়েছে। এমন একজন নারী কেন সব ছেড়েছুড়ে মানুষ হত্যার কাজে জড়িয়ে পড়েন? হোলি আর্টিজানেও আমরা একই অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি, তখনো সেই প্রশ্ন উঠেছিল। এর উত্তর না জানলে জঙ্গিবাদ দমনে সব চেষ্টা অন্ধকারে ঢিল ছোড়া ছাড়া আর কিছুই হবে না।

হোলি আর্টিজানের ঘটনার পর একটি প্রধান কাজ হওয়া উচিত ছিল, যারা জঙ্গিবাদের সঙ্গে জড়িত, তাদের মানসিক অবস্থা বোঝা। শিক্ষিত, মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েরা কেন মানুষ মারতে অস্ত্র তুলে নিচ্ছে, সেই কারণটা বোঝা। এই কাজ শুধু নিরাপত্তা বিশেষজ্ঞদের হাতে ছেড়ে দিলে আমাদের প্রশ্নের উত্তর মিলবে না। এর জন্য দরকার ‘সাইকোলজিক্যাল প্রোফাইল’ বা মনোগঠন নির্মাণে অভিজ্ঞ এমন বিশেষজ্ঞদের নিয়োগ করা। শুধু বিশেষজ্ঞ নয়, অভিভাবকদেরও এ কাজে সংযুক্তির প্রয়োজন, তাঁরাই বিশেষজ্ঞদের ধরিয়ে দিতে সাহায্য করতে পারেন কেন, কীভাবে এসব ছেলেমেয়ে পথহারা হলো। এই কাজটি হয়েছে কি না বা হয়ে থাকলে কতটুকু হয়েছে, আমাদের জানা নেই। কর্তৃপক্ষের উচিত তা জানানো, অন্যথায় তাদের ফিরিয়ে আনার পথ অভিভাবক হিসেবে আমাদের অজ্ঞাত থেকে যাবে।

ইউরোপ ও আমেরিকার অনেক দেশেই নিরাপত্তা বিশেষজ্ঞদের পাশাপাশি সমাজবিজ্ঞানী ও মনোবিশারদেরা একযোগে কাজ করছেন জঙ্গিবাদের রহস্য উদ্ঘাটন করতে। সবটা এখনো স্পষ্ট নয়, তবে কিছু কিছু জট খোলা শুরু হয়েছে। মার্কিন গবেষক এমি চুহা তাঁর নতুন বই পলিটিক্যাল ট্রাইবস-এ এই প্রশ্নে নতুন আলো নিক্ষেপ করেছেন। তাঁর বিশ্বাস, যারা জঙ্গিবাদে জড়িত, তারা কেউ সোশিওপ্যাথ—সোজা বাংলায় খুনে নয়। এদের কাজের পেছনে রয়েছে একটি গ্রুপ বা দলীয় আনুগত্য। জিহাদি বাহিনীর সদস্যরা সবাই একটি পরিবারের মতো, এই পরিবার থেকেই তারা অনুপ্রেরণা পায়, হত্যার মতো ভয়াবহ ঘটনার সপক্ষে যুক্তি খুঁজে নেয়।

জঙ্গিবাদের একটি আন্তর্জাতিক প্রেক্ষাপট অবশ্যই আছে, কিন্তু ইরাকে অথবা ফিলিস্তিনে বিদেশি জবরদখলের প্রতিবাদে বাংলাদেশ বা পাকিস্তানের কাউকে নিজের দেশে বোমা ফাটাতে হবে, তা যৌক্তিক মনে হয় না। দরিদ্র বলে জঙ্গি হব, সে কথাও ধোপে টেকে না। আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেন মিলিয়নিয়ার ছিলেন, আইসিস প্রধান বাগদাদি পিএইচডি ডিগ্রিধারী।

চুহা লিখেছেন, একদম স্বাভাবিক পরিবারের ছেলেমেয়েরা যে জঙ্গিবাদে জড়িয়ে পড়ছে, তার পেছনে রয়েছে একধরনের ‘ট্রাইবাল’ মনোভাব। জিহাদি ট্রাইব বা গোষ্ঠীর সদস্য হওয়ায় এদের অনেকের স্বাভাবিক চেতনা ঢাকা পড়ে যায়, তাদের বিমানবিকীকরণ ঘটে। এই গোষ্ঠীচেতনার কারণেই তারা বিশ্বকে, বিশ্বের বাস্তবতাকে বিকৃতভাবে তাদের নিজের নতুন বিশ্বাসের আয়নায় নিজের মতো করে দেখে। দলের প্রচারিত আদর্শের সঙ্গে বিনা বাক্যে সহমত পোষণের জন্য যে চাপ থাকে, তার কারণে খুন বা বোমাবাজির মতো অভাবিত ঘটনা ঘটাতেও তারা বিনা দ্বিধায় সম্মত হয়। ব্যক্তিগত আত্মপরিচয় যখন দলীয় আত্মপরিচয়ে পরিণত হয়, তখন গ্রুপ আনুগত্য থেকেই জিহাদি যুবক অথবা যুবতী হিংসাত্মক কাজে লিপ্ত হয়, মস্তক কেটে নেওয়ার মতো ঘটনা উদ্‌যাপনে তারা কোনো বিকৃতি খুঁজে পায় না।

বাংলাদেশে যে ঠিক এ ঘটনাটিই ঘটছে, তা ভাবার যথেষ্ট কারণ রয়েছে। হোলি আর্টিজানের অভিজ্ঞতা স্মরণ করুন। একটি সংগঠিত দল হিসেবেই হাতে গোনা কয়েক যুবক এই নারকীয় হত্যাযজ্ঞে লিপ্ত হন। তাঁদের থামাতে হলে খোঁজ নিতে হবে এই দলের, ধরতে হবে তাঁদের পালের গোদাকে।

আমাদের দেশে সম্ভবত এই দলীয় আনুগত্যের বাইরে আরও একটি কারণ আমাদের বিবেচনায় আনতে হবে। যে জঙ্গিবাদের কথা আমরা বলছি, তার আদর্শগত বা দার্শনিক ভিত্তিভূমে রয়েছে একধরনের ধর্মবিশ্বাস। যে শান্তিবাদী ও সমাজবদ্ধ ধর্মবোধ আমাদের দেশের মানুষকে হাজার বছর ধরে চালিত করেছে, এই ধর্মবিশ্বাস তার চেয়ে আলাদা। বস্তুত এটি একটি নতুন ধর্মবোধ, যার যৌক্তিক প্রেরণা এসেছে ‘আমি বনাম তারা’—এই বিরুদ্ধপূর্ণ মানসিকতা থেকে। এই মানসিকতার প্রভাবে নিজের অনুসৃত মত ও পথকেই একমাত্র সঠিক পথ বলে মনে করা হয়। এই আপসহীন মনোভাবের জন্ম হলো কীভাবে? এর সঠিক উত্তর আমরা এখনো জানি না, তবে এর পেছনে ধর্ম যেভাবে ক্রমশ আমাদের সামাজিক ও নাগরিক জীবনে একটি প্রধান উপাদান হয়ে উঠেছে, তার নিশ্চয় প্রভাব রয়েছে। এখন যুক্তি নয়, সামাজিক সম্মতি নয়, শুধু ধর্মবিশ্বাস থেকেই আমরা নিজেদের অধিকাংশ কর্মকাণ্ডের বিধিসিদ্ধতা অনুসন্ধান করি। একসময় আমাদের যূথবদ্ধ করত সংস্কৃতি, এখন ক্রমশ সংস্কৃতির সেই জায়গাটি ছিনিয়ে নিচ্ছে আচারসিদ্ধ ধর্ম।

এই অবস্থা এক দিনে হয়নি, তা এক দিনে বদলানোও যাবে না। ধর্মের এই নাগরিক চরিত্র নির্মাণের পেছনে একধরনের ‘সামাজিক ইঞ্জিনিয়ারিং’ কাজ করেছে, যাতে অনুঘটক হিসেবে কাজ করেছে মধ্যপ্রাচ্যের পেট্রো ডলার ও বৈধতাসন্ধানী রাজনীতিক। আমরা সাধারণ মানুষ তাতে কিছুটা বুঝে, কিছুটা না বুঝে শামিল হয়েছি।

এই অবস্থা বদলাতে হলেও প্রয়োজন পড়বে এক ভিন্ন ধরনের ‘সামাজিক প্রকৌশল’। কেমন হবে সেই প্রকৌশল, তা নিয়ে ব্যাপক নাগরিক সংলাপের প্রয়োজন, যা শুরু করা দরকার এখনই।

হাসান ফেরদৌস যুক্তরাষ্ট্রে প্রথম আলোর বিশেষ প্রতিনিধি