৩ নভেম্বরের জেল হত্যাকাণ্ড নিয়ে যখনই লিখতে বসেছি, তখনই পেলাম আরও এক মর্মান্তিক খবর। আমাদের সর্বজন শ্রদ্ধেয় অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক স্যারের একমাত্র পুত্র জাগৃতি প্রকাশনীর ফয়সল আরেফিন দীপনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে, শাহবাগে, তাঁরই অফিস কক্ষের ভেতরে। খবরটি শুনে সঙ্গে সঙ্গেই ইথিওপিয়া থেকে স্যারকে ফোন করেছিলাম। পুত্রশোকের এই নিদারুণ বেদনার মধ্যেও প্রথমেই আমার কুশল তিনি জিজ্ঞাসা করলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত তাজউদ্দীন আহমদ মেমোরিয়াল ট্রাস্ট ফান্ডের তৃতীয় বর্ষপূর্তির (২৮ আগস্ট, ২০১৪) স্মারক বক্তব্যের (তাজউদ্দীন আহমদ ও প্রথম বাংলাদেশ সরকার) নির্মোহ উপস্থাপনায় তিনি সত্যান্বেষণের মাধ্যমে স্বাধীনতার বস্তুনিষ্ঠ ইতিহাস সংরক্ষণের কথা বলেছিলেন; ঠিক যেন একই অন্তর্দৃষ্টি থেকেই তাঁর স্বভাবজাত শান্ত অথচ অন্তঃহীন বেদনামিশ্রিত কণ্ঠে উচ্চারণ করলেন উচ্চ আদর্শ প্রতিষ্ঠার মাধ্যমে এমনতর নির্বিচার এবং অমানবিক হত্যাকাণ্ড রোধের কথা।
তিনি বললেন ‘মধ্যযুগীয় বর্বরতা এবং আধুনিক যুগের অনাচার দূর’ এবং ‘স্বাধীনতার অন্যতম অঙ্গীকার, আইনের শাসন ও গণতান্ত্রিক মূল্যবোধকে সমাজে সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠার’ প্রয়োজনীয়তার কথা। তিনি ‘জ্ঞান ও বিবেক বোধসম্পন্ন আলোকিত মানুষ সৃষ্টির’ কথা উল্লেখ করলেন; যাঁদের মাধ্যমে এমনতর অমানবিক ও পাশবিক হত্যাকাণ্ডকে প্রতিহত করা যায় এবং পুত্রশোকের আজীবন বেদনার মধ্যেও কিছুটা সান্ত্বনা পাওয়া যেতে পারে। এ বছরের বইমেলায় লোকচক্ষুর সামনে প্রকাশ্যে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছিল বিজ্ঞান লেখক অভিজিৎ রায়কে। তাঁরই বই প্রকাশ করার শাস্তি হিসেবে ফয়সলকে খুন করা হয়েছে বলে মনে করেন আবুল কাসেম স্যার। খুনি কারা? তারা সেই ধর্মান্ধ এবং অন্ধকারের প্রতিনিধি অপশক্তি, যারা অজ্ঞতা, হিংস্রতা ও ঘৃণাকে বানিয়েছে অনন্ত জ্ঞান ও করুণার আধার স্রষ্টার প্রতিনিধিস্বরূপ।
১৯৭৫ সালের ৩ নভেম্বর, যে ষড়যন্ত্রকারী এবং হত্যাকারীরা রাতের আঁধারে কারাগারের অভ্যন্তরে প্রবেশ করে খুন করেছিল স্বাধীনতাযুদ্ধে নেতৃত্বদানকারী চার জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, মনসুর আলী ও কামারুজ্জামানকে এবং ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু ও তাঁর পরিবারকে, তারাও ছিল সমমানসিকতাসম্পন্ন, অন্ধ অপশক্তি এবং স্বাধীনতাবিরোধী চক্রের অংশ।
১ নভেম্বরে স্ত্রী সৈয়দা জোহরা তাজউদ্দীনের সঙ্গে জেলে শেষ সাক্ষাতের সময় তাজউদ্দীন আহমদ জানিয়েছিলেন তাঁদের বাঁচিয়ে রাখা হবে না। একই সময়ে বন্দী তাজউদ্দীন আহমদ জেল প্রাঙ্গণে শতাধিক মৌসুমি ফুলের চারাগাছ লাগানোর কাজটি সম্পন্ন করেছিলেন
উন্নত সমাজের সঙ্গে অনুন্নত সমাজের মূল ফারাক হলো জ্ঞান ও অজ্ঞানতার। উন্নত সমাজে কোনো মতকে প্রতিষ্ঠা করার জন্য সাধারণত যুক্তি-বুদ্ধিকে প্রয়োগ করা হয় এবং তার বিপরীত মত প্রতিষ্ঠার জন্যও একই ভাবে যুক্তি-বুদ্ধিকে প্রাধান্য দেওয়া হয়। বুদ্ধিবৃত্তির চর্চা তো স্রষ্টার আরাধনাস্বরূপ। মধ্য যুগের অন্ধকারাচ্ছন্ন ইউরোপে ইসলাম ধর্ম রেনেসাঁ বা নবজাগরণের পথিকৃৎ হয়েছিল জ্ঞানের বাতিঘর হয়ে। বহুমুখী জ্ঞানের অধিকারী ইসলামি আইনের পণ্ডিত ইবনে রুশদ (আভে রোঁশ) যুক্তিনিষ্ঠ মুক্তচিন্তার মশাল হয়ে ইউরোপের বিদ্বৎসমাজে আলোড়ন তুলেছিলেন। আধুনিক সমাজ ও রাষ্ট্রবিজ্ঞানের জনকরূপে অভিহিত ইবনে খালদুন বিভিন্ন দেশ ঘুরে বৈচিত্র্যময় জাতি ও সংস্কৃতিকে বিশ্লেষণ করেছিলেন এবং রাষ্ট্রের উত্থান-পতনের কারণ নির্ণয় করেছিলেন। গণিতবিশারদ আল-খোয়ারি জমি আল-জাবর ও আল-মোকাবিলা পুস্তকে বীজগণিতের সূত্রপাত ঘটিয়েছিলেন। এ ধরনের উন্নত চেতনাসম্পন্ন চিন্তাবিদেরা বিরুদ্ধ মতবাদকে ভয় করতেন না বরং তাঁকে জানতে সচেষ্ট হতেন, বিশ্লেষণ এবং খণ্ডন করতেন বুদ্ধিবৃত্তি চর্চার সংস্কৃতিকে লালন করে।
কোরআন শরিফে বর্ণিত হয়েছে ‘জ্ঞান ও উৎকৃষ্ট উপদেশসহকারে তোমার প্রতিপালকের প্রতি আহ্বান করো এবং সৌন্দর্যমণ্ডিত আচরণের মাধ্যমে তাদের বোঝাও।’ (১৬-২৫) অন্যত্র বলা হয়েছে, ‘পরম করুণাময়ের সত্যিকারের দাসরা পৃথিবীতে হাঁটে বিনয়সহকারে। অজ্ঞ লোকেরা যখন তাদের আহ্বান করে, তারা বলে “শান্তি”।’ (২৫-৬৩)। একই সঙ্গে এটাও লক্ষণীয় যে আমাদের দেশের মূল ধারার অধিকাংশ বুদ্ধিজীবীই ধর্মের বিষয়টি এড়িয়ে চলেন। ধর্মের মানবিক ব্যাখ্যা প্রদান থেকে তাঁরা বিরত থাকেন। এর ফলে এই শূন্যস্থানটিতে আসন গেড়ে বসে ধর্মের সংকীর্ণ ও অপব্যাখ্যাকারী। বিজ্ঞানমনস্কতা এবং মুক্তচিন্তার সঙ্গে ধর্মের যে সংঘাত নেই, এই ব্যাপারটি মূলধারার আলোচনায় তেমন উঠে আসে না। অন্যদিকে পাশ্চাত্যে বিজ্ঞানের অগ্রগতির ফলে সব ধর্মের নির্যাস আধ্যাত্মিক জ্ঞানের বিষয়টি, যা আত্মোপলব্ধির মাধ্যমে অতীন্দ্রিয় জগতের সন্ধান দেয় এবং সমাজে ভারসাম্যতা আনে, তা আরও সুস্পষ্ট হয়ে উঠছে।
আশির দশকে আমি যখন যুক্তরাষ্ট্রে পাড়ি জমাই তখন বিজ্ঞানের বিভিন্ন শাখা, বিশেষত মলিকিউলার বায়োলজি এবং কোয়ান্টাম ফিজিকসের ক্ষেত্রে বেশ কিছু আবিষ্কার আলোড়ন তুলেছিল। বিজ্ঞানী ড. ব্রুস লিপটন, ড. ফ্রেড অ্যালান উলফ, ড. জোন বরিসেনকো, চিকিৎসাবিদ ড. ল্যারি ডসি প্রমুখের গবেষণালব্ধ ফলাফল জ্ঞানের জগতে নতুন মাত্রা সে যুগে প্রদান করেছিল। বিংশ শতাব্দীর শুরুতে বিজ্ঞানী আইনস্টাইন, নিলস বোহর, মাক্স প্ল্যাঙ্ক, নিকোলা তেসলা প্রমুখ বস্তু, শক্তি, আলো এবং আলোর বিভিন্ন মাত্রার স্পন্দন (ভাইব্রেটিং ফ্রিকোয়েন্সি) নিয়ে যে যুগান্তকারী আবিষ্কার এবং নতুন পথ দর্শন করেছেন, তাই প্রাযুক্তিক উন্নয়নের ফলে আরও অগ্রসর হয়ে বিজ্ঞান ও আধ্যাত্মিকতাকে এক সূত্রে গেঁথেছে। আত্মিক উন্নয়নের চাবিকাঠি প্রার্থনা, সুচিন্তা, কৃতজ্ঞতাবোধ, দয়া, দান, ক্ষমাশীলতা প্রভৃতির অনুশীলন যে শরীরের প্রতিটি জীবকোষে, বংশধারায় (ডিএনএ) এবং পারিপার্শ্বিকতায় অসামান্য এবং হিতকারী পরিবর্তন আনতে সক্ষম, তা উল্লেখিত এবং অনুল্লেখিত বিজ্ঞানীদের গবেষণায় প্রমাণিত হয়।
মানব ইতিহাসের অতিপ্রাচীন আধ্যাত্মিক জ্ঞান আরও স্বচ্ছ হয়ে ওঠে ও ব্যাপ্তি লাভ করে বিজ্ঞানের শাণিত স্পর্শে। নব্বইয়ের দশক থেকে এই বর্তমান সময় পর্যন্ত মানবদেহের কার্যক্রম, মন, চেতনা সম্পর্কে যে বৈজ্ঞানিক তথ্যগুলো প্রকাশিত হয়েছে, তা থেকে একটি সত্যই ক্রমান্বয়ে উদ্ভাসিত হয়ে ওঠে যে জাতি–ধর্ম–বর্ণনির্বিশেষে সমগ্র মানবজাতি ও বিশ্বব্রহ্মাণ্ডের উৎস এক অনন্ত মহাশক্তি থেকে। ভূগর্ভের অতল অন্ধকারে হীরা যেমন লুকিয়ে থাকে, তেমনি সব মানব হৃদয়েও লুকায়িত থাকে স্রষ্টার আলো। এই আলোকে তিলে তিলে খনন করে বের করতে হয় আত্মোপলব্ধি ও আত্মপরিশুদ্ধির হাতিয়ার দিয়ে। যাঁরা সেই সাধনা অব্যাহত রাখেন, তাঁরা হন সমাজের পথপ্রদর্শক। তাঁদের অঙ্কিত পদচিহ্ন অনুসরণ করে নবীনেরা খুঁজে পায় আলোকিত পথের সন্ধান।
১ নভেম্বরে স্ত্রী সৈয়দা জোহরা তাজউদ্দীনের সঙ্গে জেলে শেষ সাক্ষাতের সময় তাজউদ্দীন আহমদ জানিয়েছিলেন তাঁদের বাঁচিয়ে রাখা হবে না। একই সময়ে বন্দী তাজউদ্দীন আহমদ জেল প্রাঙ্গণে শতাধিক মৌসুমি ফুলের চারাগাছ লাগানোর কাজটি সম্পন্ন করেছিলেন। যাঁরা মৃত্যু আসন্ন জেনেও মাটিতে রোপণ করেন স্বপ্ন ও সৌন্দর্যের বীজ, তাঁরাই মৃত্যুঞ্জয়ী—আলোর পথের যাত্রী।
আদ্দিস আবাবা, ইথিওপিয়া
শারমিন আহমদ: লেখক, গবেষক, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের কন্যা।