আশরাফ গনি এবং আফগানিস্তানের পরিণতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তালেবানের নিয়ন্ত্রণে কাবুল
ছবি: এএফপি

তালেবানের কাবুল দখলের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন আশরাফ গনি। তবে আফগানিস্তানের প্রেসিডেন্ট পদ থেকে এখনো পদত্যাগের ঘোষণা দেননি তিনি। কাবুল থেকে কিছু বুদ্ধিজীবী জানালেন, তিনি যেকোনো দিন আন্তর্জাতিক বিচার আদালতে যেতে পারেন এবং তাঁকে আফগানিস্তানের গণতান্ত্রিক প্রেসিডেন্ট ঘোষণা করে তাঁর অবস্থান পুনরায় দাবি করতে পারেন। আন্তর্জাতিক আইনজীবীদের সহায়তায় আন্তর্জাতিক বিচার আদালতে একটি লড়াইয়ের জন্য তাঁর প্রচুর পরিমাণ অর্থেরও প্রয়োজন। এ জন্য হয়তো তিনি তাঁর সঙ্গে আফগানিস্তান থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে গেছেন।

এখন কাবুল একটি সম্পূর্ণ অনিশ্চিত শহরে পরিণত হয়েছে। মানুষ অনেক কিছুই অনুমান করছে। আমেরিকান প্লেনে গত সোমবার যে আফগানদের পরিবহন করা হয়, তাঁদের অনেককে কান্দাহার ও কাতার বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদেরও ভবিষ্যৎ সেখানে অনিশ্চিত। রাশিয়া, চীন ও অন্যরা তালেবান সরকারের দ্রুত স্বীকৃতি দেবে না। তাঁরা অন্তত তিন-চার মাস নবগঠিত সরকারের কার্যক্রমের জন্য অপেক্ষা করবে।

তালেবান বড় বড় রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা ও মুজাহিদ নেতাদের বাড়িতে ও বাসভবনে যাচ্ছে। তারা সব অস্ত্র, দামি গাড়ি ও অন্যান্য বড় ধরনের যানবাহন সেখান থেকে নিয়ে যাচ্ছে। এ উপায়ে তালেবান তাদের হাতে সব অস্ত্র ও গোলাবারুদের দখল নিতে চাচ্ছে। তালেবান এখনো উত্তর–পূর্বঞ্চলীয় পানশীর প্রদেশ স্পর্শ করেনি। তারা সেখান থেকে কিছু বিরোধিতা আশা করছে। মুদ্রার অন্য দিকে কিছু মানুষ তালেবানের নামে অস্ত্র নিয়ে কাবুলের কিছু ধনী লোকের বাড়ি তল্লাশি করছে এবং তাঁদের বাড়ি থেকে মূল্যবান জিনিসপত্র নিয়ে যাচ্ছে। এটি আমার একজন সহকর্মীও নিশ্চিত করেছেন, যিনি এ ঘটনার শিকার।

আমার অন্য এক সহকর্মী, যাঁর উচ্চস্তরের তালেবান নেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ আছে, তিনি স্বীকার করেছেন যে তালেবান এলোমেলোভাবে দেশের বড় বড় কারাগার খুলে দিয়ে একটি বড় ভুল করেছে এবং সব কারাবন্দীকে ছেড়ে দেওয়া একটা ভুল হয়েছে। এই বন্দীদের মধ্যে ছিলেন দায়েশ বা আইএস কর্মী, দেশের কুখ্যাত অপরাধী, ডাকাত, ছিনতাইকারী ও অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীর লোক। এই লোকেরা তালেবানের পাশাপাশি দেশের সাধারণ মানুষকেও ভবিষ্যতে কষ্ট দেবে। এখন তালেবানও তাদের মধ্যে কাউকে কাউকে খুঁজছে। চুরি করতে গিয়ে ধরা পড়লে তাকেও প্রকাশ্যে মারধর করা হচ্ছে। কাবুলে তালেবানের সঙ্গে অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীও রয়েছে। সুতরাং তালেবান শিগগিরই ভবিষ্যতে কোনো বিদ্রোহ এড়াতে তাদের অনেককেই নিরস্ত্র করতে চাচ্ছে। কিন্তু কীভাবে এটা করবে, তা এখনো অনিশ্চিত।

তালেবান নেতা স্বীকার করলেন, এলোমেলোভাবে দেশের বড় বড় কারাগার খুলে দিয়ে একটি বড় ভুল করেছে। ছেড়ে দেওয়া কারাবন্দী মধ্যে ছিলেন দায়েশ বা আইএস কর্মী, দেশের কুখ্যাত অপরাধী, ডাকাত, ছিনতাইকারী ও অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীর লোক। এই লোকেরা তালেবানের পাশাপাশি দেশের সাধারণ মানুষকেও ভবিষ্যতে কষ্ট দেবে।

তালেবান ইতিমধ্যেই লোগারসহ বিভিন্ন প্রদেশে তাদের অধিদপ্তর স্থাপন করেছে, যেখান থেকে আমি কিছু নির্ভরযোগ্য তথ্য পেয়েছি। এই অধিদপ্তর থেকে তালেবান কোনো ভয় ছাড়াই তাদের অফিস ও কাজে যোগ দিতে সরকারি কর্মকর্তাদের আমন্ত্রণ জানাচ্ছে। তারা এই অধিদপ্তরগুলো থেকে নির্দেশনাও দিয়েছে যে মেয়েরা স্কুলে যেতে পারবে এবং এ বিষয়ে কোনো সমস্যা হবে না। কিন্তু তাদের ১২ ক্লাসের পর শিক্ষা গ্রহণের কোনো সুযোগ নেই, সেটিও বলা হচ্ছে। লোগার প্রদেশকে আরও শক্তিশালী করার জন্য এবং তাদের অধিদপ্তরে যোগদান করতে সারা দেশ থেকে আরও বেশি তালেবানকে স্বাগত জানাচ্ছে। তালেবান কাবুলের সব মন্ত্রণালয়ে এখন প্রবেশ করছে এবং আজ সকাল থেকে কয়েকটি মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ–আলোচনা শুরু করেছে। যদিও কিছু মন্ত্রী ইতিমধ্যেই দেশের বাইরে আছেন।

এখন এখানে সব টেলিভিশন চ্যানেল বন্ধ হয়ে আছে। আমার টেলিফোনও দিনের অর্ধেক সময়ে নেটওয়ার্ক বন্ধ থাকে। এখানে প্রায় ১০-১২ বাংলাদেশি এখনো আছেন। দুজন বিশেষজ্ঞ আইওএমের জন্য কাজ করছেন, একজন কর্ম মন্ত্রণালয়ের জন্য টিম লিডার হিসেবে কাজ করছেন, দুজন ব্যক্তি ইউএনডিএসএসের সঙ্গে কাজ করছেন, একজন ব্যক্তি এখনো ব্র্যাকে এবং অন্যরাও সঙ্গে আছেন।

এদিকে ক্ষমতা ভাগাভাগি নিয়ে ভেতরে-ভেতরে বড় ধরনের লড়াইয়ের আশঙ্কাও দেখা যাচ্ছে। সবাই এ ক্ষমতার কেকের একটা অংশ পাওয়ার চেষ্টা করছে। আবদুল্লাহ আবদুল্লাহ, হামিদ কারজাই, বিসমিল্লাহ মোহাম্মদী ও অন্যরা এই কেকের এক টুকরা পাওয়ার জন্য টানাটানি করছে। কিছু প্রভাবশালী রাজনীতিবিদ পাকিস্তানের উদ্দেশে দেশ ত্যাগ করেছেন। তাঁরা পাকিস্তানি সরকারের সঙ্গে লবি করে তাঁদের অংশ পাওয়ার চেষ্টা করছেন। এভাবে আফগানিস্তানের ভবিষ্যতের জন্য পাকিস্তান একটি বড় চাবিকাঠি হয়ে উঠছে। যদিও সরকারের চিত্র কী হবে, তা এখনো অনিশ্চিত। আশরাফ গনি যেভাবে দেশ ত্যাগ করেছেন, তাতেও তালেবান উদ্বিগ্ন।

প্রাথমিকভাবে আমরা বুঝতে পারছি, তালেবানকে সব রাজনৈতিক দল, তাদের নিজেদের লোক, সাবেক মুজাহিদিন নেতা, ধর্মীয় নেতা, দেশের কিছু বুদ্ধিজীবীসহ অন্যদের নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন করতে হবে। এমনকি তারা সরকারে যোগদানের জন্য কিছু প্রভাবশালী নারীকেও অন্তর্ভুক্ত করবে। এ নীতির মাধ্যমে তারা বিশ্বকে দেখাবে, তারা মধ্যপন্থী ও বিশ্বের সমর্থন চায়। আমরা এটাও শুনছি, তারা কোনো অন্তর্বর্তীকালীন সরকার গঠন করবে না। তারা পূর্ণাঙ্গ সরকারের জন্য যাবে। এ খেলা অদূর ভবিষ্যতে আমাদের আরও আগ্রহ দেবে। শুধু আমাদের অপেক্ষা করতে হবে।

মৃদুল কান্তি বিশ্বাস আফগানিস্তানে বেসরকারি খাতের উন্নয়ন উপদেষ্টা হিসেবে কাজ করছেন।