আশা জাগানিয়া তিনটি খবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পয়লা বৈশাখের সকালে প্রথম আলোর শেষ পৃষ্ঠায় প্রকাশিত একটি প্রতিবেদন পড়ে মনে খুব আনন্দ পেয়েছি। তিনটি খবর স্থান পেয়েছে প্রতিবেদনটিতে। প্রথমটি হচ্ছে বাল্যবিবাহ করতে এসে প্রশাসনের আসার খবর পেয়ে বিয়ের আসর থেকে পালিয়েছেন দুই বর। সিরাজগঞ্জ ও বগুড়ার আদমদীঘিতে এ ঘটনা ঘটে।

দ্বিতীয় খবরটি হচ্ছে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় আইন অমান্য করে বাল্যবিবাহ নিবন্ধনের দায়ে এক কাজিকে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

তৃতীয় খবরটি হচ্ছে বাল্যবিবাহ ঠেকানোর সাহস দেখানোয় ময়মনসিংহের নান্দাইল উপজেলার ঘাসফুল সংগঠনের সাত সদস্যকে পুরস্কৃত করা হয়েছে। তিনটি খবর মনে সত্যিই আশা জাগিয়েছে। খবরগুলো পড়ে মনে হয়েছে, সেদিন আর বেশি দূরে নয়, যেদিন আমরা বলতে পারব, ‘গোটা বাংলাদেশ এখন বাল্যবিবাহমুক্ত’। কী চমৎকার ব্যাপারই না ঘটবে তখন!

ভাবুন তো একবার সেই দিনটির কথা, যখন কোনো মেয়েকে বাল্যবিবাহের ফলে শিক্ষা থেকে ঝরে পড়তে হবে না। সব মেয়ে পড়ালেখা করে নিজ পায়ে দাঁড়াবে। কর্মশক্তিতে যোগ দেবে। অবদান রাখবে পরিবার এবং দেশের উন্নতিতে। ভাবুন তো সেই দিনটির কথা, যখন কোনো মেয়েকে আর অল্প বয়সে সন্তানের মা হতে হবে না। জন্ম দেবে না কোনো অপুষ্ট বা অপরিণত শিশুর। পড়বে না তারা স্বাস্থ্যঝুঁকি বা মৃত্যুঝুঁকিতে। ভাবুন সেই দিনটির কথা, যেদিন দেশের কোনো মেয়েকে আর কেউ বোঝা ভাববে না। প্রতিটি মেয়ে হবে মা-বাবার সম্পদ। এখন যেমন প্রায় সবাই পুত্রসন্তান কামনা করে, কিন্তু তখন কামনা করবে কন্যাসন্তান। বাল্যবিবাহের বিরুদ্ধে সবাই যদি রুখে দাঁড়ায়, তাহলে এমন দিন আমরা খুব শিগগির দেখব—এতে কোনো সন্দেহ নেই।

আমাদের দেশের যত বড় বড় সমস্যা রয়েছে, এর মধ্যে একটি হচ্ছে বাল্যবিবাহ। বাল্যবিবাহের কুফলের কোনো শেষ নেই। এর কারণে মেয়েরা পড়ালেখা থেকে ঝরে পড়ছে। অল্প বয়সে মা হচ্ছে। বয়স কম হওয়ার কারণে তারা সন্তান ঠিকভাবে লালনপালন করতে পারে না। পড়ালেখা না করার কারণে শিশুর যত্ন, পুষ্টি, সংক্রামক ব্যাধি, টিকা দেওয়া ইত্যাদি সম্পর্কে স্বাভাবিকভাবে তারা জানে খুবই কম। ফলে তাদের শিশুরা অপুষ্টিসহ নানা রোগব্যাধিতে ভুগে থাকে। পড়ালেখা থেকে ঝরে পড়ার কারণে তারা কর্মশক্তিতে যোগ দিতে পারে না। ফলে পরিবার বা দেশের উন্নতিতে তারা কোনো অবদান রাখতে পারে না

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সেভ দ্য চিলড্রেন গত বছরের অক্টোবর মাসে ‘গার্লস অপরচুনিটি ইনডেক্স’ প্রকাশ করে। এই সূচকে বাংলাদেশের অবস্থান ১৪৪টি দেশের মধ্যে ১১১তম। এতে দেখা যায়, দক্ষিণ এশিয়ায় একমাত্র আফগানিস্তানের অবস্থান বাংলাদেশের নিচে। বাল্যবিবাহের হার, কিশোরী মাতৃত্ব, মাতৃমৃত্যু, পুরুষের তুলনায় সংসদে নারী সাংসদদের সংখ্যা এবং স্কুল শেষ করার হারের ভিত্তিতে এই সূচক নির্ধারণ করা হয়। শিশু সুরক্ষায় বিশ্বব্যাপী নিয়োজিত এই উন্নয়ন সংস্থার মতে, বাংলাদেশের মেয়েদের পিছিয়ে থাকার প্রধান কারণ বাল্যবিবাহ।

তবে এখন মেয়েরা নিজেরাই নিজেদের বাল্যবিবাহ বন্ধ করছে। প্রশাসনও আগের তুলনায় তৎপর। কোথাও বাল্যবিবাহ হচ্ছে শুনলেই তা বন্ধ করতে ছুটে যাচ্ছে। এতে করে মনে আশা জাগছে যে এ দেশে বাল্যবিবাহ বলে আর কোনো শব্দ থাকবে না। এ রকম হলে তখন এ দেশের মেয়েদের আর পিছিয়ে থাকতে হবে না। তখন সেভ দ্য চিলড্রেনের গার্লস অপরচুনিটি ইনডেক্সে বাংলাদেশের অবস্থান থাকবে ওপরের দিকে। বাংলাদেশের নিচে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শুধু আফগানিস্তান নয়, আরও অনেক দেশের নাম থাকবে।
রোকেয়া রহমান: সাংবাদিক