আশা-নিরাশা-দুরাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

কোনো দেশে ক্ষমতাসীন দল ভুল করলে মানুষ বিরোধী দলের দিকে তাকিয়ে থাকে এবং তারা আশা করে, বিরোধী দল তার প্রতিবাদ করবে এবং ক্ষমতায় এসে সরকারের ভুলগুলো শুধরে নেবে। কিন্তু সরকার ও বিরোধী দল যখন পাল্লা দিয়ে ভুল করতে থাকে, তখন সেই ভুলের খেসারত দিতে হয় জনগণকে এবং ভরসা রাখার কোনো জায়গা থাকে না। বাংলাদেশের বর্তমান অবস্থা তেমনই সংকটজনক বলে অনেকের ধারণা।  
দেশের রাজনীতি, গণতন্ত্র, অর্থনীতি, শিক্ষা, উন্নয়ন—সবই যেন চলছে উল্টোপথে। সরকারি দলের নেতাদের কেউ কেউ বলতে চাইছেন, আগে উন্নয়ন হোক; তারপর গণতন্ত্রের বিষয়টি দেখা যাবে। কিন্তু সেই উন্নয়নের চেহারা কী, তার একটি ছোট্ট নমুনা ছাপা হয়েছে প্রথম আলোতে গত বুধ ও বৃহস্পতিবার। ওই প্রতিবেদন থেকে আমরা জানতে পারি যে ঢাকা জেলা পরিষদের নেওয়া ১৩৫টি প্রকল্পের ৭৭ শতাংশের অস্তিত্ব নেই। ১৬ শতাংশের ঠিকানা পাওয়া গেলেও সংশ্লিষ্ট ব্যক্তিরা টাকা পাননি। ৭ শতাংশ প্রকল্পের সুবিধাভোগীরা বরাদ্দের অর্ধেক বা তার চেয়ে কম টাকা পেয়েছেন। এসব প্রকল্পের অনুকূলে বরাদ্দ ৫ কোটি ৯৬ লাখ ৭৫ হাজার টাকার মধ্যে কত ভাগ লোপাট হয়েছে, সহজেই তা অনুমান করা যায়। এটাকে পুকুরচুরি বললেও কম বলা হয়।
আরও বিস্ময়কর যে এই পরিষদের প্রশাসক কোনো ভুঁইফোড় নেতা নন, তিনি সাভার আওয়ামী লীগের অভিজ্ঞ নেত্রী হাসিনা দৌলা। কয়েকবার সংসদ নির্বাচনে লড়ে হেরে গিয়ে সান্ত্বনা পুরস্কার হিসেবে প্রশাসক হয়েছেন। হাসিনা দৌলাও স্বীকার করেছেন যে দুর্নীতি ও অনিয়ম হয়েছে;  তবে তিনি তার সঙ্গে জড়িত নন। তাঁর দাবি, দুর্নীতি করেছেন পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা। সাত বছরের ঝাড়াই-মোছাই করা আওয়ামী প্রশাসনে এখনো বিএনপি-জামায়াতের লোক আছে বলে মনে হয় না। থাকলে সেটি মুক্তিযুদ্ধের চেতনাধারী সরকারের ব্যর্থতা। আর না থাকলে দুর্নীতির পুরো দায় সরকারকেই নিতে হবে।

ভাবুন তো একটি জেলা পরিষদের ১৭৫টি প্রকল্পের ৭০ শতাংশই ভুয়া। তা হলে ৬৪টি জেলার উন্নয়ন প্রকল্পগুলোর হাল কী, অনুমান করা কঠিন নয়। দেশের উন্নয়ন ও  দলের উন্নয়ন এক নয়। দেশের উন্নয়ন হলে তার সুফল জনগণ পায়; আর দলের উন্নয়ন হলে তার সুফল শুধু দলীয় নেতা-কর্মীরা পান। ঢাকা জেলা পরিষদের প্রশাসক ও মনির হোসেন নামের যে ব্যক্তি ১৩৭টি প্রকল্পের চেক নিয়েছেন, তাঁদের বিরুদ্ধে সরকার কী ব্যবস্থা নেয়, সেটি দেখার অপেক্ষায় রইলাম।

২.

বাংলাদেশ হলো পৃথিবীর সপ্তাশ্চর্যের দেশ। এখানে সরকারি দল মনে করে, তাদের ক্ষমতায় থাকাটাই গণতন্ত্র, উন্নয়ন ও প্রগতি রক্ষার একমাত্র উপায়। আর বিরোধী দল ভাবে, সরকারকে হটানোর মধ্যেই দেশ ও দশের কল্যাণ নিহিত আছে। যে দেশে ৪৫ বছর ধরে সরকার ও বিরোধী দল এই অবস্থান থেকে পরস্পরের প্রতি নিয়ত বৈরিতা ও বিদ্বেষ ছড়াতে অভ্যস্ত, সেই দেশে মহৎ কিছু আশা করা দুরাশা মাত্র।

কয়েক দিন আগে প্রথম আলোর সঙ্গে সাক্ষাৎকারে বিআইডিএসের মহাপরিচালক কে এ এস মুরশিদ বলেছিলেন, বাংলাদেশে একটি সমতাভিত্তিক সমাজ থাকায় রাষ্ট্রীয় ক্ষেত্রে আমরা যে সুবিধা নিতে পারতাম, সেই সুবিধা নিতে পারিনি রাজনৈতিক বিভাজনের কারণে। রাজনৈতিক এই বিভাজন এখন প্রায় সব পেশা ও শ্রেণিতে ছড়িয়ে পড়েছে। তিনি বলেছিলেন, সাধারণ মানুষ বাংলাদেশকে এ অবস্থায় নিয়ে এলেও রাজনীতিই বড় বেশি বিভক্তিপ্রবণ। এই বিভক্তি থেকে বেরিয়ে আসতে না পারলে কাঙ্ক্ষিত অর্থনৈতিক উন্নয়ন যেমন হবে না, তেমনি জননিরাপত্তাও মারাত্মক হুমকির মুখে পড়বে। 

যেকোনো দেশে সরকারের প্রধান ও প্রথম দায়িত্ব জনগণের জান ও মালের নিরাপত্তা দেওয়া। আর বিরোধী দলের কর্তব্য হলো, সরকার ভালো কাজ করলে তাকে সমর্থন করা, আর মন্দ কাজ করলে সমালোচনা করা। কিন্তু আমাদের দেশে বিরোধী দল নির্বাচনের পরদিন থেকেই ‘মানি না, মানব না’ বলে মাঠ গরম করতে থাকে। আর সরকারি দল বিরোধী দলের সমালোচনাকেই সরকার ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে প্রচার করতে থাকে। আগে বিরোধী দলের সংসদে বসার যে সুযোগটি ছিল, ২০১৪ সালের পর সেটিও তিরোহিত। এখন সংসদের বিরোধী দল একই সঙ্গে সরকারের অংশীদারও। যাকে বলে একের ভেতরে দুই। আওয়ামী লীগ নেতাদের দাবি, নির্বাচনে না এসে বিএনপি সুবর্ণ সুযোগ হারিয়েছে। বিএনপি নেতারা বলছেন, আওয়ামী লীগের ফাঁদে না দিয়ে তাঁরা  উচিত কাজই করেছেন। কিন্তু জনগণের কী দোষ?

বিএনপি সংসদে না থাকলেও মন্ত্রী ও সরকারি দলের নেতাদের মুখে মুখে আছে। তাঁরা বক্তৃতা শুরু করেন বিএনপি দিয়ে, আর শেষও করেন বিএনপি দিয়ে। এটি কার রাজনৈতিক দেউলিয়াত্ব—বিএনপি, না আওয়ামী লীগের?

৩.

যেকোনো দেশের সুশাসন, গণতন্ত্র ও উন্নয়নের পূর্বশর্ত হলো মানবাধিকার, নাগরিক নিরাপত্তা, গণমাধ্যমের স্বাধীনতা এবং সমাজের সর্বস্তরে আইনের শাসন প্রতিষ্ঠা। বাংলাদেশে অর্থনৈতিক উন্নতি হচ্ছে, মানুষের জীবনযাত্রার মান বাড়ছে, দারিদ্র্য কমছে—এগুলো সবই ঠিক। কিন্তু একই সঙ্গে এই প্রশ্নটি অনিবার্যভাবে আসে তা হলো, এই উন্নয়ন কি যথেষ্ট? এর চেয়ে বেশি উন্নয়ন করার সামর্থ্য কি আমাদের ছিল না? আমরা ডিজিটাল বাংলাদেশ নিয়ে সারা বিশ্বে বড়াই করলাম, আর এখন পরিসংখ্যানে দেখা যাচ্ছে, ১৬ কোটি মানুষের দেশে বেশির ভাগই ইন্টারনেট সুবিধার বাইরে।

কয়েক দিন আগে মার্কিন মুখ্য উপসহকারী মন্ত্রী উইলিয়াম টডের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ঘটনা ঘটার পর নয়, ঘটনার আগাম তথ্য থাকলে সেটি তাঁরা যুক্তরাষ্ট্রের কাছ থেকে নিতে প্রস্তুত আছেন। তাঁর এই বক্তব্যে কি আমাদের গোয়েন্দা সংস্থাগুলোর দুর্বলতা প্রমাণ পায় না? নাশকতার আগাম খবরের জন্য যদি আমাদের বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর ওপর নির্ভর করতে হয়, তা হলে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো কী করছে? ১৯৭৫ সাল, ১৯৮১ সাল কিংবা ২০০৯ সালের ট্র্যাজেডি  প্রমাণ করে না যে আমাদের গোয়েন্দা সংস্থা সত্যি সত্যি সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র আঁচ করতে পারে।

২০০৮ সালের নির্বাচনী ইশতেহারে আওয়ামী লীগ দুর্নীতি ও জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখানো তথা সর্বাত্মক অভিযান চালানোর যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা যে রক্ষিত হয়নি, প্রশাসনে লাগামহীন দুর্নীতি ও জঙ্গিবাদের উপর্যুপরি হানাই তার প্রমাণ। বিএনপি আমলে দাঁও মারা ছিল, এরশাদ আমলে ছিল, আওয়ামী লীগ আমলে সেটি রহিত হয়ে গেছে, এ রকম দাবি কট্টর আওয়ামী লীগ নেতারাও করবেন না। তাঁরা বড়জোর বিএনপি আমলে এর চেয়েও বেশি দুর্নীতি হয়েছে দাবি করে আত্মপ্রসাদ লাভ করতে পারেন। কিন্তু সাধারণ মানুষ মনে করে, সব ক্ষেত্রেই সরকার রেকর্ড সৃষ্টি করেছে।

৪.

কোনো অঘটন ঘটলেই সরকারের মন্ত্রী ও নেতাদের কণ্ঠে বুলন্দ আওয়াজ শুনি। জঙ্গিবাদ ও জঙ্গিগোষ্ঠীকে নিশ্চিহ্ন করা হবে। অপরাধী যে-ই হোক, ধরে কঠিন শাস্তি দেওয়া হবে। কিন্তু প্রতিবারই আমাদের হতাশ হতে হয়। দেশে তৈরি হোক কিংবা বিদেশ থেকে আমদানি করা হোক—পৃথিবীর সব জঙ্গির চরিত্র ও লক্ষ্য যে এক, সে কথা ক্ষমতাসীনেরা বুঝতে চান না। সরকারি দলের নেতারা মুখস্থ বলে যাচ্ছেন, সরকারকে বেকায়দায় ফেলতেই বিরোধী দলের মদদে জঙ্গিবাদীরা একের পর এক হত্যাকাণ্ড ঘটাচ্ছে। কিন্তু জঙ্গিরা যাঁদের টার্গেট করছে, তাঁরা তো সরকার বা সরকারি দলের কেউ নন। তাঁরা মুক্তচিন্তার মানুষ, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, সংস্কৃতির মানুষ, প্রান্তিক ও দুর্বল মানুষ।

প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, মাসওয়ারি হিসাবে গত দেড় বছরে দেশে জঙ্গি হামলা ও হত্যার হার বেড়েছে। গত বছরের প্রথম পাঁচ মাসে চারটি হামলায় ১১ জন নিহত হন। এ বছরের একই সময়ে হামলার সংখ্যা বেড়ে হয়েছে ১৩। নিহত হয়েছেন ১৪ জন। গত বছরের ফেব্রুয়ারিতে ব্লগার অভিজিৎ রায় হত্যার মধ্য দিয়ে জঙ্গি হামলার ঘটনা দেশে-বিদেশে আলোচনায় আসে। তবে ওই বছরের জুন ও জুলাই—দুই মাস হামলা ও হত্যার ঘটনায় বিরতি থাকলেও আগস্ট থেকে আবার শুরু হয়। বছরটির শেষ পাঁচ মাসে ২৫টি হামলায় নিহত হন মোট ১৯ জন। সেই হিসাবে গত বছরের আগস্ট থেকে চলতি মে মাস পর্যন্ত গড়ে চারটি করে জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। কেবল গত মাসেই পাঁচটি হামলায় ছয়জন নিহত হন। সব মিলিয়ে গত ১৬ মাসে ৪২টি হামলায় ৪৪ জন নিহত হয়েছেন।

সম্প্রতি ইতিহাসবিদ মুনতাসীর মামুন এক অনুষ্ঠানে আক্ষেপ করে বলেছেন যে, আওয়ামী লীগ ও বিএনপির মধ্যকার ফারাক ধীরে ধীরে কমে আসছে; আগে হেফাজতে তথা ইসলামি দলগুলোকে বিএনপি ব্যবহার করেছে, এখন আওয়ামী লীগও সেই কাজে বেশ তৎপর।

২০১৩ সালে হেফাজতের তাণ্ডবে সমর্থন দিয়ে যদি বিএনপি গণবিরোধী ও প্রতিক্রিয়াশীল অবস্থান নিয়ে থাকে, ২০১৬ সালে সেই হেফাজতের সঙ্গে আওয়ামী লীগের আপসরফা প্রগতিশীল কাজ হিসেবে বিবেচনা করা যায় না। 

 বাংলাদেশে মানুষের কাছে এখন সবচেয়ে তুচ্ছ হচ্ছে জীবন। কে কোথায় বেঘোরে মারা পড়বে বা ঘাতকের নিশানা হবে, কেউ বলতে পারে না। আবার অতি ক্ষমতাবানদের আক্রোশ যে একজন মানুষের জীবনকে কতটা দুর্বিষহ করতে পারে, তার জ্বলন্ত প্রমাণ নারায়ণগঞ্জের স্কুলশিক্ষক শ্যামল কান্তি ভক্ত। তাঁর পক্ষে এত মন্ত্রী, এত নেতা, এত গণমাধ্যম, এত শিক্ষক; কিন্তু একটি দুঃস্বপ্ন তাঁকে তাড়িয়ে বেড়াচ্ছে।

শিক্ষা মন্ত্রণালয় তাঁর চাকরি ফিরিয়ে দিয়েছে। দেশে থাকার নিশ্চয়তা দিতে পারবে কি?

সোহরাব হাসান: কবি, সাংবাদিক।