আশা যাদের একমাত্র ভেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবরা ও শাতিলায় যুদ্ধাপরাধ হয়েছে। ১৯৮২ সালের সেপ্টেম্বর মাসে ইসরায়েলের লেবানিজ খ্রিষ্টান মিত্ররা ১ হাজার ৭০০ বেসামরিক মানুষকে কচুকাটা করেছিল এখানে, আর ইসরায়েলি সেনারা তা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে, যারা ফিলিস্তিনি শিবির ঘেরাও করে রেখেছিল। জায়গাটা ছিল ভীতির, পরবর্তীকালে তা হয়ে যায় স্মৃতির। সেই গণকবরটি এখনো আছে, গাছের সারির পেছনে কাদার স্তূপের নিচে সেই হতভাগ্য মানুষেরা শুয়ে আছেন, এখন যে গাছের সারির নিচে বসে সিরীয় শরণার্থীরা সস্তা শার্ট ও ডিভিডি বিক্রি করে। কিন্তু আজকের সাবরা ও শাতিলার সঙ্গে এক লজ্জা জড়িয়ে আছে, ৩৪ বছর আগে যা কল্পনাও করা যেত না।
এই শিবিরে মাদকের কারবার শুরু হয়েছে, সঙ্গে হচ্ছে খুনোখুনি। তবে সবচেয়ে বিয়োগান্ত ব্যাপার হচ্ছে, সেখানে বেশ্যাবৃত্তি শুরু হয়েছে। মাদকের ব্যবসা করছে মূলত সিরীয়রা, ফিলিস্তিনিরা নয়। সাবরা ও শাতিলার কেউই নিজের দুঃখ লুকিয়ে রাখে না। ওই হত্যাকাণ্ড, বেঁচে
যাওয়া মানুষের আকুতি ও শিয়া আমাল জঙ্গিদের দ্বারা ঘেরাও হয়ে থাকার পরও ফিলিস্তিনিরা ভেঙে পড়েনি, যদিও এই জঙ্গিরা ইসরায়েলিদের চেয়ে ফিলিস্তিনিদেরই বেশি মেরেছে। কিন্তু আজ তাদের দুঃখের গভীরতা বুঝতে তেমন বেগ পেতে হয় না।
যেখানে শরণার্থীরা থাকে, মাফিয়ারা সেখানেই হাজির হয়। লোভী ও নিষ্ঠুর মানুষেরা এই দুঃখের মধ্যেই নিজের অবস্থার উন্নতি করার চেষ্টা করে, ১৯৯২-৯৫ সালে বসনিয়ায় যা ঘটেছিল। ফিলিস্তিনিরা ১৯৪৮ সালে সাবরা ও শাতিলায় এসেছিল, ১৯৮২ সালের নির্বিচার হত্যাকাণ্ড ও তাদের সেখানে আসার ৭০ বছর পর মাদক ও বেশ্যাবৃত্তি শুরু হয়েছে। আবার সেটার মাত্রা এত বেশি নয় যে তা মানুষের চোখে পড়তে পারে। খুবই কমসংখ্যক ফিলিস্তিনি নারী পারিবারিক সম্মানের জন্য শিবির ত্যাগ করেছেন। শিবিরের রাজনৈতিক কর্মকর্তার ভাষ্যমতে, তাঁরা বৈরুতের উত্তরে চলে গেছেন।
১৯৮২ সালের সেই হত্যাকাণ্ডের চাক্ষুষ সাক্ষী হিসেবে বেঁচে যাওয়া মানুষগুলোর সঙ্গে কথা বলার জন্য আমি প্রায়ই এই স্মৃতি ও তাড়নার জায়গায় যাই। আমার বৈরুতের বাসভবন থেকে সাবরা ও শাতিলার দূরত্ব খুব বেশি হলে দুই মাইল। ১৯৮২ সালে এই শিবিরে পাঁচ হাজার ফিলিস্তিনি বাস করত, আর এখন তা দাঁড়িয়েছে তিন হাজারে। কিন্তু বৈরুতের একটি স্থানীয় পত্রিকায় প্রকাশিত এক নিবন্ধ আমার দৃষ্টি আকর্ষণ করেছে। নিবন্ধে বলা হয়েছে, মোটরসাইকেলে আসা দুজন ইসলামপন্থী গুলি করে এক মধ্যবয়সী ফিলিস্তিনিকে হত্যা করেছে। তার মানে কি এই যে সাবরা ও শাতিলাকেও আইএসের রোগে পেয়েছে? সে ক্ষেত্রে আইএস তো বৈরুতে হাজির হয়েছে।
আমি সেখানে যাওয়ার পরই শুনলাম, সংবাদপত্রের ওই খবরটি ঠিক নয়। লেবাননের সরকার দাবি করেছে, হত্যাকারীরা ইসলামপন্থী। এ কথা বলে তারা আসলে কৃতিত্ব নেওয়ার চেষ্টা করেছে, তারা তেমন একজনকে গ্রেপ্তার করেছে। আরব সরকারগুলো পৃথিবীকে একযোগে এ কথা বলার চেষ্টা করছে যে আজকাল তারা আইএসের বিরুদ্ধে লড়ছে। তারা আশা করছে, এতে পশ্চিমা দেশগুলো তাদের সেনাবাহিনীকে আরও অস্ত্র দেবে। কিন্তু আমি আবিষ্কার করলাম, এই গল্পটিও সত্য নয়।
আহমাদ হাজিনেহ্ একজন ভালো মানুষ ছিলেন, অপরাধী নয়। তিনি নিজের লোকজনকে খুবই কম দামে পরিষ্কার পানি ও বিদ্যুৎ সরবরাহ করতেন। কিন্তু স্থানীয় মাফিয়ারা তাঁকে চাপ দিল, যাতে তিনি ফিলিস্তিনিদের কাছ থেকে আরও টাকা সংগ্রহ করতে পারেন। তিনি রাজি না হলে মাফিয়ারা তাঁকে খুন করে।
কিন্তু আমি ও ডেমোক্রেটিক ফ্রন্টের সুহেলি নাতুর যখন এই বিশ্রী গন্ধযুক্ত রাস্তায় হাঁটছিলাম, তখন আমরা একদম আদিম ক্রোধের শিকার হই। একজন মধ্যবয়সী মানুষ আমার হাতে ক্যামেরা দেখে লোহার দরজা সশব্দে খুলে বের হলেন। তাঁর মুখ কালো হয়ে এসেছিল, মুখের রেখাগুলো স্পষ্ট হয়ে উঠেছিল। তিনি চিৎকার দিয়ে উঠলেন, ‘আপনারা কোন সাহসে আমাদের ছবি তুলছেন?’ তাঁর পাশে আরেক লোক রাগে কাঁপতে কাঁপতে বলে ওঠেন, ‘আমাদের অপমান করার সাহস আপনারা কোত্থেকে পান? আপনারা জানেন, এখানে প্রচুর ইঁদুর ও চিকা আছে, আমরা এখানে দুর্গন্ধ, মলমূত্র ও ময়লা-আবর্জনার মধ্যে থাকি, তার সঙ্গে আছে চোর-ছ্যাচ্চর, মাদক ও বেশ্যাবৃত্তি।’ বেশ্যাবৃত্তির লজ্জা তাঁর মুখে দেখতে পেলাম।
কিন্তু সুহেলি এর মধ্যে অন্য কিছু আবিষ্কার করেন, ফিলিস্তিনি এক ‘শহীদকে’ উদ্দেশ করে ছাপানো এক পোস্টার। আহমাদ হাজিনেহ্ নামের লোকটিকে সদ্যই খুন করা হয়েছে, যিনি আবু ওয়াসিম নামেও পরিচিতি, যাঁর বাড়ি আমাদের সামনেই, চেঁচামেচি করা লোকটির ঠিক পেছনেই। ওই বাড়ির দরজার মুখে এক তরুণী দাঁড়িয়ে ছিলেন, দুঃখভরা মন নিয়ে তিনি এই মানুষটির চিৎকার-চেঁচামেচি শুনছিলেন।
মৃদু হেসে তিনি বললেন, ‘এখানকার মানুষ খুবই রাগী। হ্যাঁ, আহমেদ হাজিনেহ্ আমার বাবা ছিলেন, তিনি ২৮ জানুয়ারি খুন হয়েছেন। তিনি ভালো মানুষ ছিলেন, সবাইকে সাহায্য করতেন। মাফিয়ারা তাঁকে খুন করেছে। হ্যাঁ, এই শিবিরে মাদক ও বেশ্যাবৃত্তি চলছে। কিন্তু আমার বাবা আমার ভাইবোনদের দেখাশোনা করতেন, তিনি প্রতিদিনই আমাকে বলতেন, আমাকে শিক্ষিত হতে হবে। তিনি আমাকে ইংল্যান্ডের একটি কলেজে পড়তে পাঠিয়েছিলেন। আমি লন্ডন ও নিউক্যাসলে গিয়েছিলাম।’
মেয়েটির নাম নিরমিন হাজিনেহ্, কালো চুলের মেয়েটি তখনো হাসছিলেন আর বাবার কথা বলছিলেন, বাবাকে তিনি খুব ভালোবাসতেন। ‘লন্ডন’, ‘নিউক্যাসল’—আজ থেকে অর্ধ শতক আগে এই জায়গা দুটিতে আমি স্থানীয় দৈনিকের তরুণ সংবাদদাতা হিসেবে কাজ করেছি, সে জায়গা দুটির নাম উচ্চারণ করলে তা আমাদের আবেগ ছুঁয়ে যায়, সেটাও তিনি দেখলেন। ব্যাপারটা যেন এমন যে সাবরা ও শাতিলার
মতো কুৎসিত জায়গায় চমৎকার এক আলো জ্বলে উঠল, মেয়েটির বাবার সরবরাহ করা বিদ্যুতে যে আলো জ্বলেছে তার চেয়েও উজ্জ্বল এই আলো। নিরমিনের ইংরেজি ছিল একদম নিখুঁত। তিনি সুদিনের আশার কথা শোনাতেন। কিছু বিচার এখনো আছে, তাঁর বাবার এক সন্দেহভাজন খুনিকে গ্রেপ্তার করা হয়েছে।
মোহাম্মদ আল-কাসারের বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়েছে, সে এখন বিচারের অপেক্ষায় আছে। হ্যাঁ, নিষ্ঠুরভাবে এ কথা আমার মনে আছে, যে খ্রিষ্টান জঙ্গিরা ইসরায়েলিদের চোখের সামনে নিরমিনের পূর্বপুরুষ ১ হাজার ৭০০ ফিলিস্তিনিকে হত্যা করেছিল, তাদের কারও বিরুদ্ধেই অভিযোগ আনা হয়নি। এরপর আমি বুঝলাম, নিরমিনের বয়স মাত্র ২৬, তাঁর জন্মের সাত বছর আগে ওই হত্যাকাণ্ড ঘটেছিল। আর দীর্ঘ সময় ধরে এই পোড়া জায়গায় তাঁদের পরিচয় ও স্বাভাবিক অবস্থায় প্রত্যাবর্তনের সক্ষমতা ধরে রাখতে ফিলিস্তিনিদের অবশ্যই বেঁচে থাকতে হবে।

দ্য ইনডিপেনডেন্ট থেকে নেওয়া, অনুবাদ: প্রতীক বর্ধন
রবার্ট ফিস্ক: দ্য ইনডিপেনডেন্টের মধ্যপ্রাচ্য প্রতিনিধি।