আদালত ধর্ষণের দায়ে বাবা রাম রহিম সিংকে অভিযুক্ত করার পর হরিয়ানা রাজ্য সরকার সহিংসতা সামাল দিতে ব্যর্থ হওয়ায় বোঝা গেল, আধুনিক রাষ্ট্র শুকিয়ে গেলে কী হয়। এখানে তিনটি উল্লেখযোগ্য স্তর আছে।
সবচেয়ে দৃশ্যমান স্তরে আছে পাথর নিক্ষেপকারী জনতা, যারা আদতে দাবার বোড়ের মতো, অন্যরা যাদের ব্যবহার করে। তাদের চেয়ে বড় কোনো সামাজিক শক্তি তাদের পরিচালিত করে। এরা যখন সপরিবারে হাজারে হাজারে পঞ্চকুলায় হাজির হলো, তখন এদের মাল-সামাল দেখভাল করেছে বাবার ডেরার মধ্যম সারির নেতারা। তাঁরা মূলত বড় এক প্রকল্পের অংশ, যেটা সম্পর্কে তাঁরা অবগত নন। আবার কিছু লাগামহীন ভক্ত বোমা ফাটানোর মতো বলেছেন যে তাঁদের শ্রদ্ধেয় আধ্যাত্মিক নেতাকে যদি ধর্ষণের অভিযোগে কারাগারে পাঠানো হয়, তাহলে তাঁরা ভারত রাষ্ট্রকে টুকরা টুকরা করে ফেলবেন।
দ্বিতীয় স্তরে এই দাঙ্গাকারীদের সঙ্গে আছেন সমাজের তথাকথিত নেতারা, যাঁরা সর্বসমক্ষে বলেন, ‘বিশ্বাসের ওপর তো ১৪৪ নম্বর ধারা আরোপ করা যায় না।’ এই মানুষদের তালিকায় হরিয়ানার শিক্ষামন্ত্রী রাম বিলাস শর্মাও আছেন। দয়া করে আমাকে ভুল বুঝবেন না। মন্ত্রী কিন্তু পাথর নিক্ষেপকারীদের সঙ্গে বাবার আবেগপ্রবণ সম্পর্কে গুরুত্ব দেননি। এটা নিয়ে তাঁর তেমন মাথাব্যথা নেই। তিনি বরং হাতে পেট্রলের বোতল নিয়ে কোনায় দাঁড়িয়ে থাকা ওই মানুষটির দিকে প্রচ্ছন্ন ইঙ্গিত করছিলেন, অর্থাৎ কয়েকটি গাড়ি পুড়িয়ে দিলে বা তার চেয়েও খারাপ কিছু ঘটলে তেমন কিছু হবে না। এখন মন্ত্রী কি ওই লোকটির সঙ্গে ষড়যন্ত্র করতে পারেন, ব্যাপারটা আমি আপনাদের হাতে ছেড়ে দিলাম।
তবে গভীরতর স্তরটি ডেরা প্রদত্ত আধ্যাত্মিকতা দিয়ে গঠিত। এটা সত্য যে ডেরার অনুসারীরা বাবার কাছ থেকে খ্যাপাটে আধ্যাত্মিকতার সন্ধান পান। লাখ লাখ মানুষ মেসেঞ্জার অব গড ছবিটি দেখেছেন, যেখানে রাম রহিমের ভাঁড়ামোকে অতিমানবীয় আচরণ হিসেবে উপস্থাপন করা হয়েছে। এই মানুষেরাও বিনা প্রশ্নে তাঁর অতিমানবীয় সক্ষমতা মেনে নেয়।
কিন্তু ব্যাপারটা হলো, এই আধ্যাত্মিকতা ডেরা কর্তৃক প্রদত্ত কিছু বাস্তব ও ইতিবাচক দিকের ফ্রন্ট মাত্র: মর্যাদা, সামাজিক সহায়তা, চিকিৎসা-সহায়তা ও খাদ্যনিরাপত্তা। বাস্তবতা হলো, আধুনিক ভারত রাষ্ট্র বা অন্তত তার পাঞ্জাব ও হরিয়ানা শাখা মানুষকে এসব দিতে চায় না।
ভারতের উত্তর–পশ্চিমাঞ্চলে গুরমিত রাম রহিম সিংয়ের ডেরার মতো আরও ১০টি ডেরা আছে। ভারতে তিন হাজারের বেশি ডেরা আছে, এগুলো একই ধরনের সেবা দিয়ে থাকে, অর্থাৎ স্বাস্থ্য নির্দেশনা, মাদকাসক্তি নিরাময়, মর্যাদা প্রভৃতি। আর এসবের সঙ্গে এক অদ্ভুত ধরনের আধ্যাত্মিকতা জড়িয়ে আছে।
পরমজিত এস জজ, রঙ্কি রাম, আমি ও আমার ছাত্ররা পাঞ্জাবের ডেরা সংস্কৃতির এই দিকটি লিপিবদ্ধ করেছিলাম। গুরু মানুষকে শান্তি দেন, তাই মানুষ গুরুর সঙ্গে আবেগের বন্ধনে জড়িয়ে পড়ে। কিন্তু এরপর অর্থময়তা ও শান্তির খোঁজে এরা অদ্ভুত জায়গা ও মানুষের কাছে পৌঁছে যায়। কেউ বারানসি নদীর তীরে বসে থাকে এবং কেউ সাংস্কৃতিক সংগঠনের শাখায় ভর্তি হয়। তবে ব্যক্তিমানুষের শান্তি খোঁজার তরিকাকে কেউ অবজ্ঞা করতে পারে না।
সাধারণ সত্য হচ্ছে, আমজনতার সঙ্গে বাবার যোগসূত্রটা কয়েক পরতের, যেটা দৃশ্যমান ও সহজে ছোটার নয়। অন্যায্য ও অবহেলাপূর্ণ ভারত রাষ্ট্রের সঙ্গে তার সম্পর্কের চেয়ে এটা বেশি শক্তিশালী। এই ডেরাগুলো মানসিক সহায়ের ঊর্ধ্বে উঠে মানুষকে এমন সেবা দেয়, যেটা তার রাষ্ট্রের কাছ থেকে পাওয়া উচিত।
ভারত রাষ্ট্রের তুলনা নেই। সে কখনো কখনো নিপীড়নমূলক হয়ে ওঠে। আবার বর্তমানে যারা নিয়ম ভঙ্গ করছে বা তার কর্তৃত্ব চ্যালেঞ্জ করছে, সে তাদের ওপর কর্তৃত্ব খাটানোর নিয়মতান্ত্রিক কাজটি করছে না। দেখা যায়, রাজনৈতিকভাবে সুবিধাজনক না হলে ভারতের কোনো সরকারই রাষ্ট্রীয় কর্তৃত্ব খাটাতে আগ্রহী নয়। নৈমিত্তিক কাজ হিসেবে রাষ্ট্রীয় কর্তৃত্ব কদাচিৎ প্রয়োগ করা হয়।
এর মধ্যে সরলতা আছে। উদাহরণস্বরূপ বলা যায়, হরিয়ানার মুখ্যমন্ত্রী খাত্তার ও মন্ত্রী শর্মা বলেছেন, সবকিছু সত্ত্বেও বাবার অনুসারীরা বিভিন্ন সরকারি প্রচারণায় ভালো কাজ করেছে। এমনকি তারা শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছিল।
১৯৯২ সালে বাবরি মসজিদ ধ্বংসের আগে আরও একজন মুখ্যমন্ত্রী এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন। সবাই জানেন, মসজিদ ধ্বংসের পরিণতিতে ভারতে মারাত্মক সহিংসতা হয়েছিল। সেদিন ডেরার হাজার হাজার অনুসারী খাবারদাবার ও নানা উপকরণ নিয়ে হাজির হচ্ছিলেন। এটা দেখেও রাজ্য সরকার সতর্ক হয়নি, তারা বোঝেনি বড় রকম অঘটন ঘটে যেতে পারে। উচ্চ আদালত বরং শঙ্কিত ছিলেন, আর রাজ্য সরকার তাদের বারবার আশ্বস্ত করছিল যে সবকিছু ঠিক আছে।
এটা কিন্তু ভারতের সামগ্রিক পরিস্থিতির প্রতিফলন। রাষ্ট্র তো কদাচিৎ স্বাভাবিকভাবে কাজ করে, ফলে বিশেষ উপলক্ষে তার পক্ষে কাজ করা অসম্ভব। আর একটা ধর্ষণ মামলার ব্যাপারে সিদ্ধান্ত নিতে দীর্ঘ ১৫ বছর লাগল? এতে বোঝা যায়, রাষ্ট্রীয় ব্যবস্থা কতটা অকার্যকর, যার সঙ্গে আছে অকার্যকর বিচারব্যবস্থা।
২০১৬ সালে ভারতের আইন মন্ত্রণালয় বলেছিল, যে দেশে ১০ লাখের মানুষের জন্য মাত্র ১৮ জন বিচারক থাকেন, সেখানে এসবই ঘটবে। যদিও ১৯৮৭ সালের আইন কমিশন ১০ লাখে অন্তত ৫০ জন বিচারকের সুপারিশ করেছিল। ফলে মানুষ যে বিচারের লেশমাত্র পাওয়ার জন্য ডেরা, বাবা বা পঞ্চায়েতের কাছে যায়, তাতে বিস্ময়ের কী আছে। কারণ, রাষ্ট্র এসব সেবা ব্যবস্থার উন্নতি ঘটাতে অনিচ্ছুক।
বিচারব্যবস্থা ও পুলিশ ভারাক্রান্ত, তারা রাজনৈতিক বিবেচনায় পরিচালিত, রাষ্ট্রের কর্তৃত্ব নিয়মিতভাবে ও ন্যায্যতার সঙ্গে প্রয়োগ করার সক্ষমতাই তাদের নেই। ফলে ব্যাপারটা আরও খারাপ হয়। এখন এই আবেগে ঘা লাগা মানুষের সহিংসতার বিরুদ্ধে পুলিশকে রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রয়োগের কথা বলা মানে তাদের সক্ষমতার অতিরিক্ত কিছু করতে বলার শামিল।
ভারতীয় পত্রিকা ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে নেওয়া, অনুবাদ: প্রতীক বর্ধন।
এম রাজীবলোচন: পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের সমসাময়িক ইতিহাসের অধ্যাপক।