১৭ ডিসেম্বর নয়াদিল্লির গণধর্ষণের ঘটনাটি বিশ্বজুড়ে সংবাদমাধ্যমে প্রচার হচ্ছে। নিহত নির্যাতিত চিকিৎসাবিজ্ঞানের ছাত্রীটির মৃত্যুর খবরে (২৯.১২.১২) নয়াদিল্লিসহ ভারতের সর্বত্র নীরব-থমথমে-বিক্ষোভের খবর দেখলাম ও শুনলাম। শিশু-কিশোর থেকে সব বয়সের নারী-পুরুষদের নিয়ে বয়োবৃদ্ধদের সমাগম ঘটেছিল দিল্লির যন্তর-মন্তরে। সবার হাতে মোমবাতি জ্বলছিল।হঠাৎ শুনলাম আহ্বান জানানো হচ্ছে: যাঁরা দর্শক-শ্রোতা, যাঁরা ছড়িয়ে আছেন বাড়িতে, কর্মস্থলে, পথেঘাটে, বাসে-ট্রেনে, প্রত্যেকে নিহত ছাত্রীর লড়াইয়ে শরিক হোন একটি মোমবাতি জ্বালিয়ে, এক মিনিট নীরবতা পালন করুন তার সংগ্রামে শরিক হওয়ার জন্য। মন্ত্রমুগ্ধের মতো চেয়ার ঠেলে দাঁড়িয়ে গেলাম, মোমবাতি জ্বালালাম।শুধু দিল্লির লড়াকু মেয়েটির স্মরণে নয়, বাংলাদেশের, পৃথিবীর সব দেশের সব নির্যাতিত, ধর্ষিত মেয়ের প্রতি শ্রদ্ধা জানাতে জ্বলন্ত মোমবাতি হাতে দাঁড়ালাম। ফোঁটায় ফোঁটায় পানি ঝরতে থাকল চোখ থেকে। কেন এই কান্না? ব্যর্থতার অপরাধে। আমরা যারা বেঁচে আছি, তাদের সবার ব্যর্থতার লজ্জা, কষ্ট, অপরাধ কখনো আগুন হয়ে বুকের ভেতর জ্বলছে, কখনো অশ্রু হয়ে ঝরছে। জন্ম নিচ্ছে প্রতিরোধ, প্রতিবাদ।আমরা নারী আন্দোলন-সংগঠন থেকে ২৫ নভেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবসে নানা অনুষ্ঠান করি, প্রতিবাদে সোচ্চার হই। বছরজুড়ে ঘটেই চলেছে ঘরের ভেতরে নিকটতম বিবাহসূত্রে সম্পর্কিত ব্যক্তিদের দ্বারা নিষ্ঠুর, বর্বরতম নারী নির্যাতন; পথেঘাটে, কাজের জায়গায়, বাসে-ট্রেনে-নৌকায়-লঞ্চে-শিক্ষাকেন্দ্রে ঘটেই চলেছে ধর্ষণ, উত্ত্যক্তকরণ। আমরা আন্দোলনকারীরা পুরুষের বিরুদ্ধে লড়াইয়ের কথা বলি না। জানাতে চাই না নির্যাতকের ‘পুরুষ’ লিঙ্গীয় পরিচয়। আমরা চাই ‘পুরুষ’কে নির্যাতনবিরোধী আন্দোলনে সহযোদ্ধা করতে। দীর্ঘ ৪২ বছরের অভিজ্ঞতা থেকে বলতে বাধ্য হচ্ছি, এই পথেও অর্জন খুব বেশি নয়। একেকটা নির্যাতনের ঘটনায় শিশু থেকে বয়স্ক পর্যন্ত নারীদের জন্য পারিবারিক অবরোধের ‘বৃত্ত’ টানা হয়, রাষ্ট্রীয়ভাবে রক্ষণশীল আইনের খসড়া হয়, বজ্র আঁটুনি ফসকা গেরোয় বাঁধা আইনগুলো ধর্ষণ ও নির্যাতনকারীদের (এবং বলাই বাহুল্য, এরা লিঙ্গীয় পরিচয়ে প্রায় শতকরা ৯০ জনই পুরুষ) বাঁচানোর জন্যই তৈরি হয়। এভাবেই ‘রাষ্ট্র’ সামাজিক ও যৌন অপরাধের রক্ষক হয়ে সব বিচারালয়ে অবিচারের পাল্লা ভারী করে তুলছে। সামাজিক অসাম্য-বৈষম্য-নির্যাতনের মূল সূচকগুলো ঘাতকের মতো আইনি সুরক্ষায় ‘ধর্মীয় আবরণে’র দোহাই দিয়ে রক্তক্ষরণ ঘটিয়েই চলেছে বয়স-নির্বিশেষে মেয়েদের শরীরে, মনে, এমনকি জন্মের আগেই মাতৃজঠরে।ঘাতকের লিঙ্গীয় পরিচয় উচ্চারিত না হলেও নির্যাতিতরা যাদের কথা বলেন, তারা তো পোশাকে, মননে, ক্রুদ্ধতায়, ক্ষমতায়, শরীরী পরিচয়ে ‘পুরুষ’ই! রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রীয় উচ্চক্ষমতায় আসীন মন্ত্রী, প্রশাসনের সচিব, আইনপ্রণেতা, সাংসদ লিঙ্গীয় পরিচয়ে অনেকে নারী হলেও যখন তাঁরা রাষ্ট্রীয় পর্যায়ে নারী-বৈষম্য-নির্যাতনের ধারক-বাহক হয়ে পড়েন, তখন তাঁরা ‘ক্ষমতাধর’ পরিচয়ে পুরুষালি নিন্দায় ধিক্কৃত হন। ‘নারী’ বা ‘পুরুষ’ তখন একাকার হয়ে যায়। নির্যাতকেরা যেমন লিঙ্গীয় পরিচয়ের মধ্যেই জাতি-ধর্ম-শ্রেণীর তোষক ও প্রতাপধর, তেমনি নির্যাতিতরা লিঙ্গ-শ্রেণী-বয়স-বিত্ত-জাতি-ধর্মের বৃত্তে বন্দী হয়ে যায়। ‘পুরুষ’ প্রতাপের দণ্ডে ভঙ্গুর হতে বাধ্য হয়। নির্যাতক ও নির্যাতিত উভয়েই ভৌগোলিক পরিচয়ের গণ্ডিতেও আর আবদ্ধ থাকছে না। দিল্লির প্রতিবাদী মানবকণ্ঠ ভৌগোলিক সীমা পেরিয়ে আমাদেরও প্রতিবাদী করছে।ভারতের রাষ্ট্রপতির ছেলে অভিজিৎ মুখার্জির যখন সন্দেহ হয়, লিপস্টিক লাগানো আন্দোলনকারীরা আদৌ আন্দোলনকারী কি না এবং রাষ্ট্রীয় উঁচু পর্যায়ের শাসকেরা যখন বলেন, মেয়েটি রাতে বাসে ওঠার আগে সতর্ক হয়নি কেন—তখন বুঝতে অসুবিধা হয় না যে শাসক পুরুষেরা ও পুরুষালি নারীরা অপরাধী পুরুষদের রক্ষাকবচ হয়ে ওঠেন কীভাবে। বাংলাদেশের ভৌগোলিক সীমানায় ১৯৪৭-এর আগে-পরে ধর্ষণ, নির্যাতন ঘটেই চলেছে। পথে-ঘাটে, গ্রামে-শহরে, বাঙালি ও আদিবাসী, মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান সব বয়সী নারীরা, আপনজন এবং অপরজন দ্বারা নির্যাতিত হচ্ছে। পুরুষের দ্বারা যৌন নির্যাতনের শিকার হলে এবং ‘ফতোয়া’র শিকার হলে সেই নির্যাতনের শাস্তি রাষ্ট্রীয় অপরাধ আইনে কেন বিচার্য হবে না, সেটা বোধগম্য নয়। বাংলাদেশের অপরাধ আইনে ‘নারী নির্যাতন’ অপরাধ নয় বলেই আন্দোলন করে নারী নির্যাতনবিরোধী আইন করতে হচ্ছে। দিল্লিতে নির্যাতিত ছাত্রী নিহত হওয়ার পর ‘হত্যা মামলা’ দেওয়া হয়েছে। ধর্ষণবিরোধী কঠোর আইনের লক্ষ্যে বিশেষ সংসদীয় সভা ডাকা হয়েছে। বাংলাদেশের এই ভূখণ্ডে ইলা মিত্রকে জেলের ভেতরে পুলিশের ধর্ষণ ও যৌনাঙ্গ নির্যাতনের বিরুদ্ধে তীব্র জনরোষ-আন্দোলন হয়েছিল। ইলা মিত্রকে জেলমুক্ত করার দিকেই গুরুত্ব দেওয়া হয়েছিল। লীগশাহি সরকারের আমলে মামলা করা হয়নি পুলিশের বিরুদ্ধে। পরবর্তী সময়ে নারী ধর্ষণের হাজার হাজার ঘটনার বিচার ঝুলে আছে। নির্যাতক-অপরাধীরা মুক্ত হয়ে যাচ্ছে। নির্যাতিত ব্যক্তিরাই অপরাধীর মতো জীবন কাটাচ্ছে। তিন বছরের তানিয়া, কিশোরী শবমেহের, কিশোরী ইয়াসমীনদের মতো নির্যাতিত, ধর্ষিত মেয়েদের মানবাধিকার হরণ আমাদের মনে কাঁটা হয়ে বিঁধছে। ধুঁকে মরছে খাগড়াছড়ি, টাঙ্গাইল, খুলনা, ঢাকাসহ প্রায় সব জেলার, গ্রামের নির্যাতিত মেয়েরা। বিচার হচ্ছে না। নির্যাতক-ধর্ষকেরা ছাড়া পেয়ে যাচ্ছে। ধর্ষিতরা আত্মহত্যা করছে; সংসদীয় কোনো বিশেষ অধিবেশন করার বিষয়ে এ দেশের রাষ্ট্রপ্রধানরা ভাবেননি।পরিবারের ভেতরে সতর্কতা বাড়ছে। একা যেয়ো না, সন্ধ্যার মধ্যে ফিরে আসো, পোশাক যেন ঢাকা পর্দাসম্মত হয়, উত্ত্যক্তকারীদের উত্ত্যক্ত করার মতো সাজপোশাক যেন না হয়, বিনীত আচরণ করবে, তর্ক করবে না—এমনই সব উপদেশ-আদেশ মেয়েদের ওপর বর্ষণ করা হচ্ছে। সেই পরিবারেই যে ছেলেরা বাস করে, তাদের সতর্ক করা হয় না যে নারীর প্রতি আচরণ যেন যৌন নির্যাতন বা উত্ত্যক্তপূর্ণ না হয়। সে শিক্ষা ছেলেদের দেওয়া হয় না।এ বিষয়টি গুরুত্বপূর্ণ যে, প্রতিটি পরিবারেই ‘পুরুষ’ পদবাচ্য ব্যক্তিদের নারীর প্রতি আচরণ বিষয়ে সতর্ক শিক্ষা দিতে হবে শিশু বয়স থেকে অব্যাহতভাবে।দিল্লির বেসরকারি টেলিভিশন চ্যানেল এনডিটিভিতে বলে চলেছে, ‘মেয়েটির মৃত্যু হয়েছে। শান্তিতে চলে গেছে পরপারে’। ‘মৃত্যুর কাছে হেরে গেলেন লড়াকু মেয়েটি’— সংবাদমাধ্যমে এসব কথা যাঁরা বলেন ও লেখেন, তাঁরা সেই গৎবাঁধা বিশ্বাসে আটকে আছেন যে মৃত্যুর মধ্যেই শান্তি, মৃত্যুর কাছে হেরে যায় মানুষ। দিল্লির হবু চিকিৎসক ধর্ষণঘটিত হত্যাকাণ্ডের নির্মম শিকার হয়ে কীভাবে শান্তিতে ঘুমাবেন? মুনীর চৌধুরীর কবর নাটকের কথা ভাবুন। নিহত ভাষাসৈনিকদের কবর থেকে জেগে ওঠা মুষ্টিবদ্ধ হাতের কথা মনে করুন। দিল্লির লড়াকু এই মেয়েটির মুষ্টিবদ্ধ হাত বিক্ষুব্ধ লড়াকু শিশু, কিশোর, তরুণ, বৃদ্ধ, নারী, পুরুষদের মুষ্টিবদ্ধ হাতের সঙ্গে মিশে আছে, মৃত্যুর কাছে তার হেরে যাওয়ার কথা যাঁরা বলেন ও লেখেন তাঁরাই হচ্ছেন গৎবাঁধা চিরকালীন সমাজের সেই সব প্রতিনিধি, যাঁরা ‘অচলায়তন’ ভাঙতে চান না।১৯৭১ সালে পাকিস্তানি সেনা ও রাজাকারদের ধর্ষণ, গণধর্ষণের শিকার মেয়েদের কথা আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসে ‘বীরাঙ্গনা’ নামে শোভিত করার বিষয়টিও তো এই চিরশান্তির প্রলেপ দেওয়ার প্রয়াস ছাড়া আর কিছুই নয়। ১৯৮৫ সালে কিশোরী শবমেহেরকে নারায়ণগঞ্জের টানবাজারের দেহব্যবসা কেন্দ্রের মালিক কিনেছিল, বাধ্য করতে পারেনি দেহব্যবসায়ে, নির্মমভাবে দৈহিক নির্যাতনে হত্যা করেছিল। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যাওয়ার পর (১০ এপ্রিল, ১৯৮৫ দৈনিক ইত্তেফাক) লেখা হলো, ‘শবমেহের হেরে গেছে, চিরশান্তির কোলে ঘুমিয়ে আছে’, ‘পোস্টমর্টেমের মেঝেতে শায়িত তার মুখাবয়ব নিষ্পাপ দ্যুতিময়’। এই চিরায়ত বিশ্বাস ভাঙতে হবে। জাগতে হবে। প্রতিটি অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে সম্মিলিতভাবে। বাড়ির মেয়েদের অবরুদ্ধ করে অপরাধীদের ছাড় দিলে মুক্তি হবে না পুরুষদেরও।আমাদের সামনে এসে দাঁড়িয়েছে হাজার-লাখো দেশি-বিদেশি নির্যাতিত-ধর্ষিত মেয়ে। ওরা কাঁদছে না, চোখের আগুন, মনের আগুন, শরীরের আগুন ঢেলে দিচ্ছে মানবসভ্যতার তৈরি পুরুষের যৌন ক্ষমতার উল্লাসে পূর্ণ ফানুসের ওপর। আমরা কি সম্মিলিতভাবে নতুন বছরের শুরুতে একটি দিন রাজপথে নেমে এসে শরিক হতে পারি না লাখো নির্যাতিত নারীর ডাকে সাড়া দিতে? আমরা সব নারী নিজেদের নির্যাতিত ভাবার মতো দুঃসময়ের মুখোমুখি হইনি কি? সামাজিক-নাগরিক উদ্যোগে চলুন, প্রতিবাদে মুখর হই অব্যাহতভাবে। চলুন, আমরা রাষ্ট্রকে বাধ্য করি ধর্ষণ, নির্যাতনবিরোধী সঠিক আইন ও বিচার করতে। চলুন, আমরা আমাদের কূপমণ্ডূকতা, রক্ষণশীলতার বিরুদ্ধে লড়াই করি।চলুন, আমরা দিল্লির ধর্ষকদের মা-বাবার মতো সোচ্চার হয়ে আমাদের অপরাধী সন্তানদের অপরাধের জন্য কঠোর সাজা চাই। চলুন, আমরা আমাদের পরিবার-দেশ-সমাজে অপরাধী-নির্যাতনকারীদের জন্ম থেকেই বিনাশ ঘটানোর উদ্যোগ নিই। আসুন, আমরা আগামী নির্বাচনের সব প্রার্থীকে একটি শপথ নিতে বাধ্য করি যে ধর্ষণ-নির্যাতন চিরতরে বন্ধে তাঁরা কী পদক্ষেপ নেবেন, তা জনসমক্ষে বলবেন এবং সেই শপথ ভাঙলে পদত্যাগ করবেন।দিল্লির নিহত অথচ জাগ্রত দামিনীর জয় হোক। আমরা তার ডাকে অব্যাহতভাবে আন্দোলন করে সারা দেশে, পৃথিবীজুড়ে চিরতরে ধর্ষণ নির্মূল করব, সেটাই আমাদের শপথ হোক।মালেকা বেগম: নারী অধিকার কর্মী। অধ্যাপক, সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি। লেখক ও গবেষক।