আসুন, আমরা প্রীতিলতাদের পাশে দাঁড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জন্ম থেকেই প্রতিবন্ধী প্রীতিলতা। তার দুটি পা বাঁকানো। পায়ে ভর করে চলতে পারে না সে। কিন্তু তাই বলে তার পড়ালেখা থেমে থাকেনি। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মস্তবাপুর গ্রামের মস্তবাপুর মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে পড়ছে প্রীতিলতা | যেহেতু হাঁটতে পারে না, তাই নানা শান্তিসরণ তাঁর সাইকেলে করে প্রীতিলতাকে স্কুলে আনা-নেওয়া করেন। ৭২ বছর বয়সী এই বৃদ্ধ যখন অসুস্থ হয়ে পড়েন, তখন প্রীতিলতার আর স্কুলে যাওয়া হয় না।
২১ জুলাই প্রথম আলোয় ‘নানার সাইকেলের চাকা না ঘুরলে স্কুলে যাওয়া বন্ধ প্রীতিলতার’ শিরোনামের প্রতিবেদনে প্রীতিলতা ও শান্তিসরণের এই অদ্ভুত সংগ্রামের কাহিনি ছাপা হয়। তাঁদের এই কাহিনি পড়ে মুগ্ধ না হয়ে পারিনি। কতটা মনের জোর থাকলে ১১ বছরের একটি প্রতিবন্ধী মেয়ের পক্ষে এভাবে কষ্ট করে লেখাপড়া চালিয়ে যাওয়া সম্ভব। আর নানা শান্তিসরণ! এই অশক্ত শরীরে নাতনিকে সাইকেলে করে প্রতিদিন দুই কিলোমিটার রাস্তা অতিক্রম করে স্কুলে আনা-নেওয়া করা চাট্টিখানি কথা নয়। কিন্তু দুরূহ এই কাজ তিনি প্রতিদিন করে যাচ্ছেন। প্রতিবন্ধী বলে তিনি প্রীতিলতার পড়ালেখা বন্ধ করে দেননি। আমাদের সমাজে যেখানে সাধারণত প্রতিবন্ধীরা প্রতিনিয়ত অবহেলার শিকার হয়, প্রতিবন্ধীদের দিয়ে কিছুই হবে না—এই ভেবে তাদের বাতিলের খাতায় ফেলে রাখা হয়, তাদের বোঝা মনে করা হয়, সেখানে নানার সহযোগিতায় প্রীতির এই এগিয়ে যাওয়া সত্যিই বিস্ময়কর। শান্তিসরণ শুধু প্রীতিকে সাইকেলে করে স্কুলে পৌঁছে দেন না, তিনি তাঁর নাতনিকে শ্রেণিকক্ষে নিয়ে বসিয়েও দিয়ে আসেন। শাবাশ প্রীতিলতা! শাবাশ শান্তিসরণ!
চারদিকে যখন নেতিবাচক খবরের ছড়াছড়ি, তখন প্রীতিলতার খবর আমাদের মনে আশার আলো জাগায়। আমরা আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখি। প্রীতিলতারা আমাদের মনে আশার আলো জাগায়। প্রীতিলতারা আমাদের দেখিয়ে দেয়, যদি লক্ষ্য অটুট থাকে, তাহলে জীবনের সব বাধাই অতিক্রম করা যায়।
প্রতিবন্ধী হলেও পড়ালেখার প্রতি অদম্য আগ্রহ প্রীতিলতার। পঞ্চম শ্রেণিতে জিপিএ-৪.৪৬ পেয়েছে সে। প্রীতিলতা প্রথম আলোকে বলেছে, যেকোনো কিছুর বিনিময়ে পড়ালেখা তাকে শিখতেই হবে। পড়ালেখা করেই তাকে একটা কিছু করতে হবে। কারণ, সারা জীবন সে অন্যের বোঝা হয়ে থাকতে চায় না। কত দৃঢ়ই না প্রীতির মনোবল! এ রকম চিন্তা এই বয়সের কটা মেয়ে করতে পারে?
প্রথম আলোর প্রতিবেদন থেকে জানা যায়, ২০১৩ সালে বাবার মৃত্যুর পর মা সুজাতা প্রীতিলতা ও তার বড় বোন প্রিয়াঙ্কাকে নিয়ে নানা শান্তিসরণের বাড়িতে চলে আসেন। সেখানে বড় বোন প্রিয়াঙ্কার বিয়ে হয়। অভাবের সংসার। তাই মা সুজাতা ঢাকায় পোশাক কারখানায় কাজ নেন। প্রীতিলতা থেকে যায় নানাবাড়িতে। প্রীতিলতা বোঝে তার নানার কষ্ট। তাই তার খুব ইচ্ছা, একটি হুইলচেয়ার কেনার। হুইলচেয়ার পেলে নিজেই তা চালিয়ে স্কুলে যেতে পারত। নানাকে কয়েকবার বলেছেও। কিন্তু দরিদ্র শান্তিসরণের পক্ষে তা কিনে দেওয়া সম্ভব হয়নি।
আমাদের সমাজে আরও অনেক প্রীতিলতা আছে, যারা একটু সাহায্য-সহযোগিতা পেলে তাদের স্বপ্ন পূরণ করতে পারে। অনেক দূর এগিয়ে যেতে পারে। আসুন, আমরা সবাই মিলে তাদের খুঁজে বের করি। বাড়িয়ে দিই সহযোগিতার হাত। প্রীতিলতাদের সব ইচ্ছা পূরণ হোক।

রোকেয়া রহমান: সাংবাদিক