আসুন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে রেহাই দিই
জটিল সমস্যার ব্যাপারে সহজ সিদ্ধান্তে আসা বা কোনো কিছুকে সাধারণ ছকে ফেলা দেওয়ার যে বিপদ, তার মধ্যে আটকা পড়েছে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো। হোলি আর্টিজান, শোলাকিয়া বা সবচেয়ে সাম্প্রতিক কল্যাণপুর-কাণ্ডের পর আমাদের অনেকের মনে এই ধারণা ভালোভাবে গেঁথে বসেছে যে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোই হচ্ছে জঙ্গি বানানের কারখানা। সব সমস্যার মূল এখানেই। ব্যাপারটা আসলেই কি তাই? ধর্মীয় র্যাডিক্যালাইজেশন ও সন্ত্রাসের যে সমস্যা দুনিয়াজুড়েই এক ভয়াবহ বিপদ হিসেবে হাজির হয়েছে, সেখানে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ওপর দায় চাপানোর অর্থ হচ্ছে মূল সমস্যাকেই এড়িয়ে যাওয়া।
বুঝে না বুঝে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে জঙ্গিবাদের জন্য দায়ী করায় অস্বস্তির মধ্যে পড়েছেন এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। অথচ প্রথম আলোর এক প্রতিবেদনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান বলেছেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর চেয়ে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর জঙ্গি সম্পৃক্ততা বেশি। গত কয়েক দিনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের চারজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলেছি তাঁদের প্রতিষ্ঠানগুলোর পরিবেশ-পরিস্থিতি নিয়ে। তাঁরা বলেছেন, এ ঘটনার পর তাঁদের ওপর মানসিক চাপ বেড়েছে। একজন খুবই দুঃখ করে বললেন, ‘কোথায় পড়ি, তা বলতে এখন কেমন জানি দ্বিধা লাগে। সবাই কেমন জানি আমাদের সন্দেহের চোখে দেখে। এমনকি বাসার লোকজনও।’ আমরা বুঝতে পারি, এই চাপ শুধু এই কয়েকজন শিক্ষার্থীদের ওপর নয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়েন, এমন সব শিক্ষার্থীর ওপরই কমবেশি পড়েছে।
যে চারজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলেছি, তাঁরা দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের। তাঁরা সবাই বলেছেন, তাঁদের বিশ্ববিদ্যালয়ে এমন কোনো আলাদা কিছু নেই যাতে কেউ জঙ্গিবাদে আকৃষ্ট হতে পারে। একজন বলেছেন, ‘আমরা অনেক পয়সা খরচ করে এখানে পড়তে আসি। আমরা চিন্তায় থাকি আমাদের পয়সা যেন নষ্ট না হয়। যে পড়াশোনা করতে আসে, তার তো দম ফেলার সুযোগ নেই।’ শিক্ষার মান নিয়ে এই দুটি বিশ্ববিদ্যালয়ে কোনো ‘কম্প্রোমাইজ’ করা হয় না বলে নিশ্চিত করেছেন শিক্ষার্থীরা।
এরপরও শিক্ষার্থীরা জঙ্গি হয়? একজন বললেন, ‘এটা আসলে ব্যক্তির মানসিকতার ব্যাপার। একেকজন শিক্ষার্থী একেক চিন্তা করে, একেক চিন্তাভাবনা দিয়ে প্রভাবিত হয়। এখানে প্রতিষ্ঠানের কী করার আছে।’ আরেকজনের মন্তব্য, ‘আসলে পরিবার এখানে খুবই গুরুত্বপূর্ণ। আমি দেখেছি, যারা এ ধরনের কিছুতে ঢুকেছে, তাদের পরিবারে কোনো না কোনো সমস্যা আছে। হয়তো কারও পরিবারের আর্থিক সামর্থ্য আছে, কিন্তু ছয় মাসের একটি কোর্স ঠিকভাবে পাস করল কি না সেটা অনেক পরিবারের পক্ষ থেকে কোনো দিন খোঁজ নেওয়া হয় না। অথচ বিশ্ববিদ্যালয়ের ফি বা খরচের টাকা কিন্তু পরিবার থেকেই দেওয়া হচ্ছে।’
গুলশানের ঘটনায় নিহত এক জঙ্গিকে ক্যাম্পাসে তার বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী হিসেবে দেখেছেন এমন একজন বললেন, ‘তাঁকে আমি স্বাভাবিক একজন মানুষ হিসেবেই ক্যাম্পাসে দেখেছি। কখনো ভিন্ন কিছু মনে হয়নি। তার মনোজগতের খবর কে কীভাবে রাখবে? একমাত্র পরিবার কিছুটা হলেও পারত, যদি প্রতি সেশনে যে টাকা ফি হিসেবে বিশ্ববিদ্যালয়ে তারা দিচ্ছে, তা ফল কী হচ্ছে, তার খোঁজখবর যদি তারা রাখত।’
আচার-আচরণে যে আর দশটি স্বাভাবিক শিক্ষার্থীর মতো সে যদি ভেতরে-ভেতরে রেডিক্যালাইজড হয়ে যায়, তবে তাকে কীভাবে সামাল দেওয়া যাবে! বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো ধরনের নজরদারিও তো এখানে ব্যর্থ হবে। এক শিক্ষার্থী বললেন, ‘আমাদের সেশনে এখন যে ছেলেটি পড়াশোনায় সবচেয়ে ভালো করছে, তার বাহ্যিক বেশভূষা বা আচরণে আমরা টের পাই যে সে খুবই ধার্মিক। এখন আমরা কী তাঁকে এটা দিয়ে বিচার করব?’ খুবই যৌক্তিক প্রশ্ন, কিন্তু এর কোনো সহজ বা সরল জবাব নেই। বোঝা যায়, ধর্মীয় র্যাডিক্যালাইজেশনের এই জটিল সমস্যা সামাল দেওয়ার সহজ পথও নেই।
মাস খানেক ধরে তরুণদের র্যাডিক্যালাইজড বা জঙ্গি হওয়া নিয়ে নানা আলোচনা ও বিশ্লেষণ আমরা বিভিন্ন মাধ্যমে শুনেছি। পরিবারের দায়-দায়িত্বের কথা বলেছেন অনেকে, কেউ বলেছেন সন্তানকে সময় দিতে, সমাজের দায়-দায়িত্ব ও ভূমিকার কথা শুনেছি। বিজ্ঞানশিক্ষা বা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মানবিক শিক্ষার গুরুত্বের অভাবকে দায়ী করেছেন অনেকে, কেউ বলেছেন সংস্কৃতিচর্চা কমে যাওয়ার কারণেই এই পরিস্থিতি। গণতন্ত্রহীনতার কথা শুনেছি, কেউ দায়ী করেছেন প্রতিদ্বন্দ্বীহীন নির্বাচনকে। আসলে এককভাবে এসব কোনো কিছু দিয়েই পরিস্থিতি ব্যাখ্যা দেওয়া যাচ্ছে না। আর্থিক সমস্যা, দারিদ্র্য বা মাদ্রাসাশিক্ষা নিয়ে এত দিন আমরা যেসব বলে গেছি, এখন দেখা যাচ্ছে সেসব তত্ত্বও খাটছে না।
আসলে সবকিছু মিলেমিশে একাকার হয়ে গেছে। জঙ্গি হওয়ার ক্ষেত্রে এখন আর ধনী-দরিদ্রে ভেদাভেদ নেই। মাদ্রাসার ছাত্ররা জঙ্গি হচ্ছে, ইংরেজি মাধ্যমের ছাত্ররাও হচ্ছে, সরকারি বা বেসরকারি কোনো বিশ্ববিদ্যালয়কেই আর আলাদা করে দেখা যাচ্ছে না। গান গাওয়া ছেলে জঙ্গি হয়েছেন। স্ত্রী-সন্তানসহ পুরো পরিবার নিয়ে যারা আইএসে যোগ দিয়েছে, সেই পরিবারে কাছ থেকে আমরা কী দায়িত্ব আশা করব! ভিন্ন ধর্ম থেকে ধর্মান্তরিত হয়েও জঙ্গি হচ্ছে, সাদা চামড়ার খাঁটি ইউরোপীয় জঙ্গিও আমরা দেখেছি।
এই যখন পরিস্থিতি, তখন আমরা মনে হয় বিষয়টিকে খুবই সরলভাবে দেখছি ও সরল সমাধানের পথ ধরেছি। গুলশানে রেস্তোরাঁয় হামলা হয়েছে তো সেখান থেকে রেস্তোরাঁ সরাও। অথবা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র জঙ্গি তৎপরতায় জড়িয়েছে তো সব বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে টাইট দাও। দরকার হলে সেখানে ছাত্রলীগের কমিটি বানাও, সরকারি পর্যবেক্ষক ঢোকাও। জঙ্গিরা যেহেতু ধর্ম নিয়ে লেখালেখি করে, এমন ব্লগারদের মেরেছে, অতএব এসব নিয়ে লেখালেখি বন্ধ করো—এই জাতীয় টোটকা উদ্যোগ চোখে পড়ছে। মনে হয়, সমস্যার গভীরতা ও জটিলতার বিষয়টি আমরা এখনো টের পাইনি।
আসুন, আমরা জঙ্গি সমস্যা নিয়ে এ ধরনের সাধারণ কোনো সিদ্ধান্তে আসা থেকে বিরত থাকি, সরল সমাধানের কোনো পথ না ধরি। সামগ্রিকভাবে বিষয়টি নিয়ে চিন্তাভাবনার পরিবেশ-পরিস্থিতি সৃষ্টি করি, সে অনুযায়ী এগোই। এর প্রাথমিক উদ্যোগ হিসেবে আপাতত বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে রেহাই দিই, রেস্তোরাঁ উচ্ছেদের পথ থেকে সরে আসি!