আসুন মেলায়, আয়কর দিয়ে উপহার নিয়ে যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর অফিসার্স ক্লাবে আয়োজিত আয়কর মেলায় করদাতাদের ভিড়। ছবিটি শুক্রবার তোলা। ছবি: ফোকাস বাংলা
রাজধানীর অফিসার্স ক্লাবে আয়োজিত আয়কর মেলায় করদাতাদের ভিড়। ছবিটি শুক্রবার তোলা। ছবি: ফোকাস বাংলা

ভাবলাম এনবিআর এত করে বলছে মেলায় গিয়ে আয়কর দিয়ে আসতে, যাই না এবার। নিজের আয়কর রিটার্ন জমা দিয়ে আসি, আর দেখেও আসি ব্যবস্থাটা কেমন। আজ সকালে সেখানে গিয়ে একেবারে অভিভূত!
এককথায় অভাবনীয়, চমৎকার ব্যবস্থা। আপনি শুধু বেইলি রোডে আয়কর মেলা প্রাঙ্গণে কোনোভাবে যেতে পারাই যথেষ্ট। আর কিছু করতে হবে না। প্রথমেই অভ্যর্থনা কেন্দ্রের কয়েকজন এগিয়ে এসে সাদর সম্ভাষণ জানালেন। কী লাগবে, জিজ্ঞেস করতেই বললাম, আমি শুধু রিটার্ন জমা দেব, আর কিছু না। কয়েকজন বলে উঠলেন, ওই যে নিচতলার হলরুমে। যদি দরকার হয় বলুন, আমাদের লোকজন আপনার রিটার্ন পূরণ করে দেবে, ওই যে ওখানে ব্যাংক বুথ, কর জমা দিতে পারবেন। ওখানে অনুসন্ধানকেন্দ্র, দরকার হলে সবকিছু জানতে পারবেন।
আমি বললাম, কিছু তো লাগবে না। তাঁরা বললেন, তাহলে এই যে, এই বইটা নিয়ে যান, আয়কর ফরম পূরণের নিয়মাবলি। আপনার আত্মীয়স্বজনের দরকার হলে দেবেন।
এক পাশে রিটার্ন জমা দেওয়ার ব্যবস্থা। অন্য পাশে শামিয়ানার নিচে অন্তত ৫০টা টেবিলে কর্মীরা বসে আছেন ফরম পূরণ করে দেওয়ার জন্য। পুরো এলাকাটা শীতাতপনিয়ন্ত্রিত! আপনার কোনো কষ্ট হবে না।

অনেক কাজে সরকারি অফিসে গিয়েছি। কিন্তু এমন জামাই আদর কোথাও পাইনি। রিটার্ন জমা দিতে আয়কর অফিসে আমি নিজে খুব কমই গিয়েছি। এবারও যেতাম না। অফিস সহকারীকে দিয়েই পাঠাতাম। তারপর হয়তো অপেক্ষা করতে হতো বেশ কিছু দিন। কারণ, অনেক সময় আয়কর কার্যালয়ের কর্মীরা কাজের চাপে সঙ্গে সঙ্গে জমার রসিদ ফেরত দিতে পারেন না। সেই রসিদের জন্য আবার যেতে হয়। কিন্তু এখানে একেবারে হাতে হাতে কাজ। প্রতিটি কর অঞ্চলের জন্য দু-তিনটি করে বুথ। প্রতি বুথে অন্তত তিনজন করে কর্মী। সঙ্গে সঙ্গে ফরম পরীক্ষা করে সিল-ছাপ্পর দিয়ে আমাকে ডেকে বুঝিয়ে দিলেন। মাঝের দু-চার মিনিট অপেক্ষার জন্য রয়েছে চেয়ার-টেবিল।
আরও বিস্ময় অপেক্ষা করছিল। আয়কর জমা দিয়ে আসার সময় একজন কর্মী হাসিমুখে আমার হাতে একটা ব্যাগ উপহার দিলেন। এতে রয়েছে কলম, বিস্কুট, চকলেট ও পানি। ব্যাগটা পরিবেশসম্মত, পাটের তৈরি।
যাঁরা এখনো মেলায় যাননি, আজই যান। অথবা কাল। মনে রাখবেন, কালই কিন্তু মেলা শেষ। এবার দেশের অন্যান্য বিভাগ, জেলা ও উপজেলায় মেলার ব্যবস্থা করা হয়েছে।
এনবিআর, অর্থ মন্ত্রণালয় ও বিশেষভাবে মাননীয় অর্থমন্ত্রীকে অভিনন্দন সহজে আয়কর দেওয়ার এমন উদ্ভাবনীময় ব্যবস্থা চালুর জন্য।
সবাই আসুন মেলায়। কর দিয়ে নিজে ভারমুক্ত হন। আর এনবিআরের উপহার নিয়ে অপার আনন্দ লাভ করুন।