আসুন, সময়কে কাজে লাগাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সন্তানকে স্কুলে দিয়ে বাইরে মায়েদের এই অপেক্ষার চিত্র প্রতিদিনের। প্রথম আলো ফাইল
সন্তানকে স্কুলে দিয়ে বাইরে মায়েদের এই অপেক্ষার চিত্র প্রতিদিনের। প্রথম আলো ফাইল

ঢাকার আজিমপুরে অগ্রণী স্কুলের বিপরীতে সরকারি বাসায় থাকতাম একসময়। জানালা দিয়ে দেখা যেত মায়েরা বা অভিভাবক নারীরা শিক্ষার্থীদের স্কুলের ভেতরে ঢুকিয়ে দিয়ে গাছের নিচে মাদুর বা চাদর বিছিয়ে বসে পড়তেন। তারপর শুরু হতো একে অন্যের সঙ্গে আলাপচারিতা। তরুণীরা একসঙ্গে বসতেন। বয়স্ক নানি-দাদিরা একটু দূরে নিজেদের জায়গা করে নিতেন। তরুণী মায়েদের গল্প সাধারণত নিম্নরূপ:

‘আমার সাহেবের তো আমার রান্না মাংস ছাড়া অন্য কারোরটা মুখে রোচে না। আর বলেন না ভাবি, কাল আমার শাশুড়ি রান্না করেছিলেন। ও না খেয়ে উঠে গেলে শাশুড়ি কাপড়চোপড় গুছিয়ে গ্রামে চলে যেতে ধরলেন। বললেন, আমি নাকি ওনার ছেলেকে জাদু করেছি।’
‘আর আমার ছোট ননদের কাণ্ড দেখেন আপা, বাবুর আব্বা ইন্ডিয়ায় অফিশিয়াল ট্যুর শেষে আমার আর ননদের জন্য দুটো সাউথ কাতান নিয়ে এলেন। আমি কেন তাকে না দেখিয়েই আমার পছন্দেরটা আগে বেছে নিলাম, সে জন্য তার সে কী কান্নাকাটি! আপনিই ভালো আছেন ভাই, শাশুড়ি-ননদের ঝামেলা নেই।’

ওদিকে অনতিদূরে নাতি-পুতিদের স্কুলে ঢুকিয়ে বয়স্ক নারীরা আলাদাভাবে বসেন। তাঁদেরও অভিযোগের শেষ নেই—
‘একদম ছোটলোকের বাচ্চা, বুঝলেন আপা, বউটা একটা ছোটলোকের বাচ্চা। তা না হলে কেউ ঘি লুকিয়ে রাখে? আমার আবার সপ্তাহে দুই দিন নাশতায় পরোটা না হলে চলে না। তুই লুকাচ্ছিসটা কার? আমার ছেলের কামাই খেয়ে খেয়ে জিব লম্বা হয়েছে কত!’

স্কুলের বাইরে বেশির ভাগ অভিভাবকই এ ধরনের খোশগল্পে মেতে ওঠেন। অল্প কয়েকজনের হাতে অবশ্য বই বা পত্রিকা দেখা যায়। দু-একজন সেলাই-ফোঁড়াইয়ের কাজও যে করেন না, তা নয়। ইদানীং অনেকের হাতেই মুঠোফোন। তবে ফেসবুক ঘাঁটাঘাঁটি পরচর্চায় কোনো ব্যাঘাত ঘটাতে পারে না। কোনো কোনো দিন প্রশংসার প্রতিযোগিতাও শুরু হয়। অমুকে বলেন—
‘আমার শাশুড়ির মতো শাশুড়ি লাখে একটা। বাসায় গিয়ে দেখব রান্নাবাড়া কমপ্লিট। আমাকে কুটোটিও নাড়াতে হয় না।’
ওদিকে শাশুড়ি বলেন, ‘আমার বউমার মতো মেয়ে আজকালকার সংসারে দুর্লভ। সাত চড়ে রা করে না।’

তো কেন কেবল সময়ের এই অপচয়? আগে মা-চাচিদের দেখতাম, কোঁচড়ে উলের বল নিয়ে দুই হাতে বনবন করে সোয়েটার বুনতেন আর সুখ-দুঃখের গল্প করতেন। কেউ একে অন্যের কাছে আচার-মোরব্বা-পিঠা বানানো শিখতেন। তাঁরা সময়কে ব্যবহার করতেন। হয়তো কেউ বলবেন এখনকার মায়েরা স্কুলের সামনে যেটুকু সময় কাটান, সেটুকুই বিশ্রাম। যাঁরা ক্লান্তিতে দেয়ালে ঠেস দিয়ে ঘুমিয়ে পড়েন, তাঁদের সত্যিই বিশ্রামের প্রয়োজন। জানি, পরনিন্দা একধরনের বিনোদন। কিন্তু তাই বলে প্রতিদিন?

মনে আছে, মুক্তিযুদ্ধের সময় স্কুল-কলেজ সব বন্ধ। গ্রামের বাড়িতে চাচাতো-ফুপাতো এক দঙ্গল ভাইবোন পড়াশোনা বাদ দিয়ে সারাক্ষণ সমবয়সীদের সঙ্গে গল্প-আড্ডায় সময় পার করতাম। এসব দেখে আমার অসন্তুষ্ট আব্বা আমাদের সবাইকে ডেকে একদিন কাগজ-কলম নিয়ে ‘সবচেয়ে খারাপ কাজ কী?’ এ প্রশ্নের উত্তর অল্পকথায় যে যার মতো লিখতে বললেন। কেউ লিখল চুরি করা, কেউ লিখল মিথ্যা কথা বলা, কেউ নামাজ না পড়া, কেউ–বা পিতা–মাতার সঙ্গে খারাপ ব্যবহার করা, কেউ আবার ক্লাসে ফার্স্ট না হওয়া। আমি অতটুকুন বয়সে দার্শনিকের মতো লিখলাম—জন্মানো। আব্বা আমাদের সবার জবাবেই খুশি হলেন। কিন্তু তাঁর উত্তর ছিল সবচেয়ে খারাপ কাজ—বসে থাকা।

সন্তানদের পরিচর্যায় মা-বাবা-অভিভাবক-শিক্ষকদের বিকল্প নেই। তবে মায়ের ভূমিকা সবচেয়ে বেশি। প্রতিদিন যৌন হয়রানি, ধর্ষণ, হত্যার খবরে সবাই ভীতসন্ত্রস্ত। শিশুধর্ষণ ভয়াবহ আকারে বেড়েছে। এই তো সেদিনের ঘটনা, সাত বছরের এক মেয়েশিশুকে ধর্ষণের পর হত্যা করেছে এক কিশোর। পরিবারে জেন্ডার সচেতনতার অভাবে মেয়েশিশুরা অধস্তন হয়ে বেড়ে উঠছে। নারী নিজেও অনেক বৈষম্যের শিকার হচ্ছেন। পরচর্চায় ব্যাপৃত মায়েদের মানসিক উন্নয়নের বদলে মানসিক স্থবিরতা বিরাজ করে বা ক্রমেই নিম্নগামী হতে থাকে। সমাজ উন্নয়নমূলক বিভিন্ন সংস্থা বা সংগঠন থেকে যদি শিশুদের যৌন নির্যাতন রোধে মায়েদের ভূমিকার ওপর প্রশিক্ষণ দেওয়া যায়, তাহলে ঘর থেকেই শুরু হতে পারে প্রতিরোধ। এসব সংগঠনের প্রশিক্ষণ মডিউলে বিষয়টি অন্তর্ভুক্ত করার ব্যবস্থা করতে হবে। পরিচিত-অপরিচিত ব্যক্তি কর্তৃক শিশুদের ‘ভালো স্পর্শ’, ‘মন্দ স্পর্শ’-এর ধারণা দিতে মায়েদের সচেতন করতে হবে। কোনো প্রলোভনের বশবর্তী হয়ে শিশু যেন দুর্বৃত্তের খপ্পরে না পড়ে অথবা আপন ভেবে কারও কোলে বা জিম্মায় শিশুকে ছেড়ে দিয়ে নিশ্চিত না হওয়ার প্রশিক্ষণ দিতে হবে মায়েদের। প্রশিক্ষণে পরিবারে নারী-পুরুষের অধিকারের সমতার বিষয়টিও থাকা উচিত। অনেক মা-অভিভাবক বাসযোগে শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠানে আনা-নেওয়া করে থাকেন। বাসের চালক-সহায়তাকারী-যাত্রীর আচরণ আপত্তিকর হলে তার প্রতিবাদের ভাষা শেখানোর ব্যবস্থাও থাকতে পারে এ প্রশিক্ষণে।

স্কুলের সামনে অপেক্ষমাণ অনেক মা-বোন প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের অভাবে আয়বৃদ্ধিমূলক আত্মকর্মসংস্থানের সুযোগ পান না। সরকারি-বেসরকারি প্রশিক্ষণ সংস্থাসমূহ ভ্রাম্যমাণ প্রশিক্ষণের মাধ্যমে বয়স ও শিক্ষা অনুযায়ী বিভিন্ন বিষয়, যেমন পোশাক তৈরি, ব্লক-বাটিক, এমব্রয়ডারি, খাদ্য সংরক্ষণ, রান্না, ইকেবানা, কুটিরশিল্প ইত্যাদি এমনকি কম্পিউটার শেখানোর ব্যবস্থাও করতে
পারে। গান, আবৃত্তি ও চিত্রাঙ্কনের প্রশিক্ষণ পেলেই–বা মন্দ কী? নিদেনপক্ষে ‘আলোকিত মানুষ চাই’-এর ভ্রাম্যমাণ লাইব্রেরিও তো পরচর্চার বদলে পাঠ পরিচর্যায় আমাদের
সুপ্ত সম্ভাবনার নারীদের আলোকিত করে
যেতে পারে?

উম্মে মুসলিমা: কথাসাহিত্যিক।
[email protected]