
নির্বাচন কমিশন রোডম্যাপ ঘোষণা করেছে। বাংলায় তরজমা করে বলা হচ্ছে পথনকশা। চমৎকার একটি শব্দ, মনকাড়া। এই শব্দের গূঢ় অর্থ আছে, আছে ব্যাপক ব্যঞ্জনা। এই পথ আমাদের নিয়ে যাবে নির্বাচনের দিকে। সময় আছে হয়তো দেড় বছর। পথে আছে অনেক খানাখন্দ। আমরা সবাই কায়মনোবাক্যে প্রার্থনা করি, পথটি যেন মসৃণ হয়, যেন আমরা হোঁচট না খাই। নির্বাচন কমিশন আপাতত সে চেষ্টাই করছে বলে আমাদের বিশ্বাস। তবে অতীতের স্মৃতি সুখকর নয়। সে জন্য মনে অনেক প্রশ্ন জাগে, আশঙ্কা হয়। আশা করি, কমিশন সব শঙ্কা দূর করে আমাদের স্বস্তিতে রাখবে।
নির্বাচন মানেই ভোট। এটা কারও জন্য দায়িত্ব, কারও কাছে উৎসব, কারও কাছে খেলা। এই খেলায় খেলোয়াড় অনেক। কেউ সারা মাঠ দাপিয়ে বেড়ান, কেউ রক্ষণভাগ কিংবা মধ্যমাঠ থেকে আগুয়ান স্ট্রাইকারকে বল জুগিয়ে দেন, আবার কেউ কেউ সাইডলাইনে বসে থাকেন সুযোগের অপেক্ষায়। রাজনীতির মাঠে খেলোয়াড় হলো রাজনৈতিক দলগুলো। গত কয়েক দশকে খেলাটা আমরা এমন পর্যায়ে নিয়ে এসেছি যে ভোটাররা এখন সবাই গ্যালারিতে দর্শকের ভূমিকায় চলে গেছেন। তাঁরা কখনো হাততালি দেন, কখনো ঢিল ছোড়েন।
যখন স্কুলে পড়তাম, তখন থেকেই মাঠে গিয়ে ফুটবল খেলা দেখার অভ্যাস। একটা ব্যক্তিগত স্মৃতি এবং অভিজ্ঞতার কথা না বলে পারছি না। ষাটের দশকের মাঝামাঝি ঢাকার মাঠে মোহামেডান স্পোর্টিং, ওয়ান্ডারার্স, ভিক্টোরিয়া ও ইপিআইডিসি দাপিয়ে বেড়াত। স্বাধীনতার পর মোহামেডান ও আবাহনী ফুটবলের পরাশক্তি হিসেবে জায়গা করে নিয়েছিল। আমি বরাবরই ছিলাম মোহামেডানের সমর্থক। আবাহনী এ দেশে দৃষ্টিনন্দন আধুনিক ফুটবল চালু করলেও আমি পছন্দের দল বদলাইনি।
যাঁরা মাঠে বসে খেলা দেখেন, তাঁরা জানেন, ক্লাব সমর্থকেরা গ্যালারি ভাগ করে রেখেছেন। একদিন আমি মোহামেডানের গ্যালারিতে বসে খেলা দেখছি। ওই ক্লাবের অনেকেই ছিলেন আমার প্রিয়, যেমন পিন্টু, প্রতাপ, টিপু, হাফিজ, এনায়েত, সালামসহ অনেকে। আবাহনীর কয়েকজনকেও খুব ভালো লাগত, যেমন সালাহউদ্দিন, চুন্নু, নান্নু। তো খেলা দেখতে দেখতে একদিন মোহামেডানের একজন খেলোয়াড়ের চমৎকার ড্রিবলিং দেখে হাততালি দিয়ে বলে উঠলাম, আহ্, ঠিক যেন চুন্নুর মতো খেলছে, আর যায় কোথায়। আশপাশে বসা মোহামেডানের সব সমর্থক ভুরু কুঁচকে, চোখ পাকিয়ে আমার দিকে এমনভাবে তেড়ে এলেন, মনে হলো আমাকে তুলে আছাড় দিয়ে ফেলে দেবেন। স্টেডিয়ামের গ্যালারিতে এ ধরনের কাণ্ড প্রায়ই ঘটত। আমি প্রতিপক্ষ দলের একজন খেলোয়াড়ের সুন্দর খেলার তারিফ করে মন্তব্য করেছি বলে উগ্র সমর্থকদের কোপানলে পড়লাম। অবস্থা বেগতিক দেখে আমি চুপচাপ উঠে গ্যালারির কয়েক ধাপ ওপরে উঠে একটা ফাঁকা জায়গায় বসলাম। য পলায়তি স জীবতি। এই ঘটনা থেকে আমি একটা মূল্যবান জ্ঞান অর্জন করেছিলাম—প্রতিপক্ষ বা ভিন্নমতের কারও ভালো কথা বা কাজের প্রশংসা করতে যাওয়া নিছক বোকামি। এ ক্ষেত্রে মনের কথা মনে চেপে রাখাই বুদ্ধিমানের কাজ। এ দেশে খেলা নিছক খেলা নয়, কারও কারও কাছে জীবন-মরণ।
কয়েক বছর আগের আরেকটি ঘটনার কথা মনে পড়ছে। মিয়ানমারের সঙ্গে সরকারের ‘সমুদ্র বিজয়ের’ পর বিএনপি থেকে ধন্যবাদ জানানো হয়েছিল। পরে তারা ভেবে দেখল, শত্রুপক্ষের প্রশংসা করাটা অর্বাচীনসুলভ কাজ হয়েছে। বিএনপি বিবৃতি দিয়ে ধন্যবাদ ফিরিয়ে নিয়েছিল। এটা ছিল ওই সময়ের একটা সেরা মশকরা। রাজনীতিতে এসব নিতান্তই ডালভাত হয়ে গেছে। ১৯৯৪-৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ যেসব যুক্তি দিত, এখন সেসব বিএনপির নেতাদের মুখে শোনা যাচ্ছে। ওই সময় তত্ত্বাবধায়ক সরকারের দাবির বিরুদ্ধে বিএনপি যে কথাগুলো বলত, এখন সে কথাগুলোই আওয়ামী লীগের নেতারা সকাল-বিকেল উগরে দিচ্ছেন। শত্রুর কৌশল গ্রহণ বা ছিনতাই করার জন্য খুব বেশি যুক্তি দেওয়ার দরকার পড়ে না। যখন যেটা সুবিধার, সেটাই বলতে হয়।
এ দেশে সাধারণ নির্বাচন হয়ে আসছে ১৯৩৭ সাল থেকে। এখন পর্যন্ত আমরা একটা টেকসই নির্বাচনপদ্ধতি আবিষ্কার করতে পারলাম না। একটা নির্বাচন শেষ হতে না হতেই ঝগড়াঝাঁটি শুরু হয়ে যায় এবং পরবর্তী নির্বাচন নিয়ে বছরের পর বছর তর্কযুদ্ধ চলে। নির্বাচনের ফসল যাদের ঘরে যায়, তারা তৃপ্তির ঢেকুর তোলে। যাদের গোলায় ফসল ওঠে না বা গোলা ভরে না, তারা সর্বনাশের ছবি আঁকে। পুরোনো আমলের পত্রিকার শিরোনাম অনুকরণ করে বলা যায়, ‘সেই ট্র্যাডিশন সমানে চলিতেছে’।
কথা শুরু করেছিলাম রোডম্যাপ নিয়ে। নির্বাচন কমিশনের প্রস্তাব মুখ থেকে বের হয়ে মাটিতে পড়ার আগেই হইচই শুরু হয়ে গেছে। কেউ বলছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য এটি একটি চমৎকার বন্দোবস্ত। কেউ বলছেন, রোডই নাই, তার আবার ম্যাপ। গণতন্ত্রের কথা আমরা বলি বটে। তবে কথাবার্তায় আমরা সবাই চরমপন্থী। আর কিছুদিন বাদে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ‘সংলাপ’ শুরুর ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। মনে হচ্ছে, এই সংলাপপর্ব চলবে অনেক দিন। কেননা, রাজনৈতিক দল অগুনতি। সবার কথা বলার এবং সবার কথা শোনার সুযোগ ও ব্যবস্থা থাকতে হবে। তা না হলে বহুল উচ্চারিত লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হবে না।
বাংলাদেশে রাজনৈতিক দলের সংখ্যা কত, তা কেউ জানেন না। শতাধিক তো হবেই। নির্বাচনের আগে আরও নতুন নতুন দল গজিয়ে উঠবে, এমনটাই আশা করছি। কিছুদিন আগে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বড় একটি জোট তৈরির ঘোষণা দিয়েছিলেন। তৈরিও হয়েছিল। জোটের সদস্যসংখ্যা বোধ হয় পঞ্চাশের বেশি। আরও অনেকেই নাকি আসছেন এই জোটে। ১৯৮৮ সালের নির্বাচনের আগে জাসদের নেতা আ স ম আবদুর রবের নেতৃত্বে বিশ্বের বৃহত্তম জোট তৈরি হয়েছিল। এরশাদের নতুন জোট বুঝি রব সাহেবের এত দিনের রেকর্ড ভেঙে ফেলবে। আমার ভাবনা অন্য জায়গায়। রাজনৈতিক দলের সংজ্ঞা কী—এ নিয়ে রাষ্ট্রবিজ্ঞানীদের ভাবা দরকার। প্রাইমারি স্কুলে পড়ার সময় জেনেছি—কয়েকটি ঘর লইয়া একটি বাড়ি হয়, কয়েকটি বাড়ি লইয়া একটি পাড়া হয়, কয়েকটি পাড়া লইয়া একটি গ্রাম হয় ইত্যাদি। এখন মনে হয়, কয়েকটি লোক লইয়া একটি দল হয়। আর কিছু লাগে না।
এক-এগারোর সরকারের সময় যখন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিল, তখন কোনো কোনো দলের ঠিকুজি খুঁজে পাওয়া যায়নি। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী দলের ঠিকানা, জেলা-উপজেলা পর্যায়ে দলের অফিস ও কমিটির নামধাম জানানোর শর্ত ছিল। নতুন দলের নিবন্ধনের জন্য এই বিধি জারি করা হয়েছিল। কমিশনের কর্মকর্তারা মাঠপর্যায়ে খোঁজ নিয়ে দেখলেন, কোনো একটি দলের দেওয়া অফিসের ঠিকানায় আছে চুল কাটার সেলুন, কিংবা চায়ের স্টল। ওই দলের মালিকেরা হয়তো কল্পনাও করেননি যে কমিশন এতটা করিতকর্মা হয়ে তাঁদের নাড়িনক্ষত্র খুঁজে বের করবে। তবে নামসর্বস্ব দলগুলো নিবন্ধন চাইবে না। তারা কোনো গ্রহের সন্ধানে থেকে তার উপগ্রহ হয়ে ঘোরাঘুরি করবে, বড় কোনো দলের সঙ্গে জোট বেঁধে কিছু সুবিধা আদায়ের চেষ্টা করবে। বড় দলগুলো মনে করছে, জোটের সদস্যসংখ্যা ফুলিয়ে-ফাঁপিয়ে বেশি দেখাতে পারাটা বুঝি মস্ত বড় বাহাদুরি, আমজনতাকে নির্বোধ ভাবা আর নিজেদের চালাক মনে করার এই প্রবণতা বেশ পুরোনো।
সে যা-ই হোক, রাজনৈতিক দলগুলো এখন নির্বাচন কমিশনের দাওয়াতের অপেক্ষায়। দলগুলো একক অথবা জোটবদ্ধভাবে কমিশনে আসা-যাওয়া করবে। কমিশনের সিঁড়ির কাছে টিভি চ্যানেলের কর্মীরা ক্যামেরা নিয়ে অপেক্ষা করবেন, কথা বলবেন, ছবি তুলবেন। সেই ছবি টিভি চ্যানেলের কল্যাণে সারা দেশের মানুষ দেখবে। এটাও তো পরম পাওয়া।
আমি কল্পনায় দেখছি। নানান রঙের, নানান কিসিমের দলের কর্তারা কমিশনের সঙ্গে দেখা করছেন, কুশল বিনিময় হচ্ছে। কমিশন তো নির্দলীয় এবং নিরপেক্ষ। সুতরাং, তারা সবার সঙ্গেই কথা বলবে। বলতে হবে। তা না হলে তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে। দলের বাইরে যে বিশাল জনসমাজ, তার সঙ্গেও সংলাপের ব্যবস্থা হয়েছে। কমিশন ‘সুশীল সমাজের’ প্রতিনিধিদের সঙ্গেও কথা বলবে। এই প্রতিনিধিত্ব কীভাবে নির্ধারণ করা হবে, তার কোনো আইনি ব্যাখ্যা নেই। আমরা এটা কমিশনের ওপরই ছেড়ে দেব।
সংলাপে যাঁরা অংশ নেবেন, টেলিভিশনের পর্দায় তাঁদের বডি ল্যাঙ্গুয়েজ দেখেই আমরা বুঝে নেব তাঁরা খুশি না বেজার। তাঁরা অনেকেই কমিশনকে সুপরামর্শ দেবেন। আবার অনেকেই হয়তো সময় নষ্ট করবেন। যা হোক, অগুনতি রাজনীতিবিদ ও সুশীল সমাজের লোকজনের পদধূলি পড়বে কমিশনের মেঝেতে। নিশ্চয়ই এ থেকে ভালো কিছু বেরিয়ে আসবে। রবীন্দ্রনাথের ‘পুরস্কার’ কবিতার কয়েকটি লাইন এ প্রসঙ্গে মনে পড়ে গেল।
আসে গুটি গুটি বৈয়াকরণ
ধূলিভরা দুটি লইয়া চরণ
চিহ্নিত করি রাজাস্তরণ
পবিত্র পদপঙ্কে
সংলাপে অংশগ্রহণকারী নমস্য ব্যক্তিদের পায়ের ধুলোয় আমাদের নির্বাচন কমিশন আরও সমৃদ্ধ হোক, আমাদের নির্বাচনব্যবস্থা আরও ভালো হোক, এই প্রার্থনা করি।
মহিউদ্দিন আহমদ: লেখক ও গবেষক।