আস্থা-অনাস্থার সঠিক রাস্তায় ব্যাংকিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাদের অনেকেরই হয়তো মনে আছে গ্রামের সেই লোকটির কথা, যিনি কয়েক দিন পর পর ব্যাংকে এসে দেখতে চাইতেন, তাঁর জমা রাখা টাকাটা ঠিকঠাক আছে কি না। ব্যাংকের ক্যাশিয়ারও ভল্ট থেকে টাকা বের করে দেখিয়ে তাঁকে আশ্বস্ত করতেন যে তাঁর আমানত ঠিকভাবে গচ্ছিত আছে। আবার অন্য এক লোকের কথা শুনেছি, যিনি তাঁর জমা দেওয়া টাকা থেকে আরেক গ্রাহককে পেমেন্ট দিতে দেখে বিচলিত হয়ে সব টাকা তুলে নিয়ে যেতে চেয়েছিলেন। এগুলোকে নিছক গল্প না ভেবে বরং ব্যাংকের ওপর মানুষের আস্থা-অনাস্থার একটা ইঙ্গিত হিসেবে গণ্য করা উচিত। কারণ, ব্যাংকিংয়ের মূল ভিত্তিটাই হচ্ছে বিশ্বাস, যার কারণে সাধারণ মানুষ কোনো ধরনের বাড়তি জামানত ছাড়াই ব্যাংকের কাছে সঞ্চয় গচ্ছিত রেখে নিশ্চিন্ত থাকতে পারে। অব্যাংকার পাঠকের জ্ঞাতার্থে জানানো সংগত যে ব্যাংকিং ব্যবসা পরিচালিত হয় এই পূর্বানুমান থেকে যে সব আমানতকারী একই সঙ্গে তাঁদের গচ্ছিত অর্থ তুলে নিতে আসবেন না। ফলে কিছু আমানতকারী প্রতিনিয়ত কিছু আমানত তুলে নিলেও আমানতের একটা অংশ সব সময়ই ব্যাংকের কাছে থেকে যায় এবং এই পড়ে থাকা অর্থ থেকেই ব্যাংক ঋণদান করতে পারে। কালের বিবর্তনে ব্যাংকগুলোতে আরও বহু ধরনের সেবা চালু হলেও ব্যাংকিংয়ের আদি ব্যবসা ছিল কেবলই ঋণদান। আমানত সংগ্রহ ও ঋণদান—এই উভয় কর্মকাণ্ডের মূল ভিত্তিই বিশ্বাস। যখন মানুষের আমানত গচ্ছিত রাখার বিশ্বাসযোগ্য মাধ্যম ছিল না, তখন মানুষ ঘরের সিন্দুকে কিংবা অন্য কোনো গোপনীয় নিরাপদ জায়গায় নগদ অর্থ রেখে দিত। কালক্রমে ব্যাংকিং প্রতিষ্ঠানের প্রসার এবং তার প্রতি মানুষের আস্থা বাড়ার ফলে মানুষ ব্যাংকের নিরাপত্তা সম্পর্কে নিশ্চিত হয় এবং গচ্ছিত রাখতে শুরু করে তাদের সঞ্চিত অর্থ। ব্যাংকের এই নিরাপত্তা এবং মানুষের নিশ্চিন্তির ভিতটা টলে গেলে মানুষ ব্যাংক থেকে সব আমানত তুলে নেয় এবং নতুনভাবে আর কোনো আমানতকারী ব্যাংকের দ্বারস্থ হয় না। অতীতে ভারত উপমহাদেশেই ব্যাংক পতনের বহু ঘটনা ঘটেছে। তখন অবশ্য ব্যাংক নিয়ন্ত্রণকারী কোনো আইন ছিল না, ছিল না কোনো নজরদারি কর্তৃপক্ষ। এ উপমহাদেশে প্রথম ব্যাংক জেনারেল ব্যাংক অব ইন্ডিয়া চালু হয় ১৭৮৬ সালে, তারপর ব্যাংক অব হিন্দুস্থান। প্রাচীনতম ব্যাংকটি আজ অবধি চালু রয়েছে, সেটি হচ্ছে স্টেট ব্যাংক অব ইন্ডিয়া; যার যাত্রা শুরু হয়েছিল ১৮০৬ সালে ব্যাংক অব ক্যালকাটা নামে। ভারতে সর্বপ্রথম ব্যাংক পতনের দৃষ্টান্ত পাওয়া যায় ১৮৩৯ সালে প্রতিষ্ঠিত ইউনিয়ন ব্যাংক, চালু হওয়ার মাত্র ১০ বছরের মাথায় এটি বন্ধ হয়ে গিয়েছিল। ১৯১৩ থেকে ১৯৩৬ সাল পর্যন্ত ভারতে ছোট, মাঝারি, আঞ্চলিক মিলিয়ে চার শতাধিক ব্যাংক বন্ধ হয়ে গিয়েছিল। ধারণা করা যায়, পর্যাপ্ত ব্যাংকিং প্রবিধি এবং যথাযথ নজরদারির অভাবে এত বিশালসংখ্যক ব্যাংক বন্ধ হয়ে যায়। কিন্তু ১৯৪৯ সালের ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট প্রণীত হওয়ার পরও ব্যাংক-পতন বন্ধ হয়নি। তাই দেখা যায়, ১৯৪৭ সালের পর থেকে ১৯৫৫ সাল পর্যন্ত বছরে গড়ে ৪০টির মতো ব্যাংক লালবাতি জ্বেলেছিল। প্রথম বিশ্বযুদ্ধকালীন যে ব্যাংকগুলোর পতন ঘটেছিল, তার প্রায় সব কটির কারণ ছিল অপর্যাপ্ত মূলধন। এসব ব্যাংকের গড় মূলধন ছিল তিন লাখ রুপিরও কম, অথচ তখন প্রথম সারির ব্যাংকগুলোর মূলধন ছিল গড়ে ১২ লাখ রুপি। আবার মূলধন ঘাটতি না থাকলেও কিছু ব্যাংকের পতন ঘটেছিল ফাটকা বাজারে জড়িয়ে পড়ার কারণে। তেমনি একটি ব্রিটিশ মালিকানাধীন ব্যাংকের ৭৫ লাখ রুপির মূলধন থাকা সত্ত্বেও রুপার ফাটকা বাজারে জড়িয়ে পড়ে লালবাতি জ্বালে। তবে বেশির ভাগ ক্ষেত্রে দেখা গেছে, ব্যাংকগুলোর পতনের পেছনের মূল কারণ ছিল অদূরদর্শিতা ও বিচক্ষণতাহীন অব্যবস্থাপনা, পরিচালক ও কর্মকর্তাদের দুর্নীতি, পরিচালকদের নামে বিপুল অঙ্কের জামানতবিহীন ঋণ। ব্যাংকগুলোর অন্তর্গত সহজাত দুর্বলতা ছাড়াও যে আরও বিষয় ব্যাংক পতনের জন্য দায়ী ছিল, সেটি হচ্ছে নিয়ন্ত্রণহীনতা ও প্রয়োজনীয় নজরদারির অনুপস্থিতি। শুধু গুজবের কারণে মানুষ আতঙ্কিত হয়ে টাকা তুলে নেওয়ার কারণেও সে সময় বহু ব্যাংকের পতন ঘটে। এমনকি ২০০৩ সালেও ভারতে আইসিআইসিআই ব্যাংক এমন ঘটনায় বিরাট এক ধাক্কা সামলে নিতে পেরেছিল, অপেক্ষাকৃত ছোট বা দুর্বল ব্যাংক সে ধাক্কা সামাল দিতে পারত কি না যথেষ্ট সন্দেহ আছে। সে সময় আইসিআইসিআই ব্যাংকের আমানতের পরিমাণ ছিল ৪১ হাজার রুপি আর মোট সম্পদের পরিমাণ ছিল এক লাখ কোটি (এক ট্রিলিয়ন) রুপি। সে বছর ব্যাংকটির নিট মুনাফা ছিল ১১৫২ কোটি রুপি। নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত ব্যাংকটি নিঃসন্দেহে ভারতের অন্যতম শক্তিশালী একটা ব্যাংক। এ সময় গুজরাটের একটা ছোট শহর থেকে গুজব ছড়ায় যে পুঁজিবাজারে অতিরিক্ত বিনিয়োগের কারণে ব্যাংকটি বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে। দুই দিনের মধ্যেই সেই ছোট শহর থেকে গুজবের ঢেউ দিল্লি ও মুম্বাই পর্যন্ত পৌঁছে যায়। মনে রাখতে হবে, গুজরাটের ব্যবসামনস্ক মানুষ এর আগেও মাধবপুরা কো-অপারেটিভ ব্যাংকের কেলেঙ্কারি এবং ইউটিআই মিউচুয়াল ফান্ডের মূল্যধসের কারণে কোটি কোটি টাকা খুইয়েছে। তবে ব্যাংকটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ চরম ধৈর্য ও বিচক্ষণতার সঙ্গে পুরো পরিস্থিতি সামাল দিতে পেরেছিল। ছুটির দিনে ব্যাংক খোলা রেখে, টাকা তুলে নিতে আসা উৎকণ্ঠিত জনতার ভিড়কে যথাযথ আপ্যায়ন করে, দ্রুত খালি হয়ে যাওয়া এটিএমগুলোতে নিরবচ্ছিন্নভাবে নগদ টাকার জোগান দিয়ে ব্যাংকটি জনগণের আস্থা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছিল। ভারতীয় কেন্দ্রীয় ব্যাংকও বিশাল মহিরুহের মতো ব্যাংকটিকে ছায়া দিয়ে রেখেছিল সংকটকালে। তাৎক্ষণিকভাবে নগদ টাকার চাহিদা মেটানোর জন্য রিজার্ভ ব্যাংকে ২০০০ কোটি রুপির ব্যবস্থা করে রাখা হয়েছিল। ব্যাংকটি এমনকি গণমাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে নিজেদের সাফাই গাওয়ার চেষ্টাও করেনি। ব্যাংকটির বিশালায়তন, মূলধনের পরিমাণ ও দৃঢ় ভিত্তি এবং আর্থিক সুস্বাস্থ্যের কারণেই সাময়িকভাবে টলে যাওয়া আস্থা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছিল কর্তৃপক্ষ। কিছুটা অপ্রাসঙ্গিক মনে হলেও আইসিআইসিআই ব্যাংকের উদাহরণটি দেওয়া হলো দুটি কারণে। প্রথমত, ঝুঁকি সামাল দিতে ব্যাংকের মজবুত মূলধন ভিত্তি এবং দক্ষ ব্যবস্থাপনার ভূমিকা প্রমাণ এবং আমানতকারীদের আস্থার গুরুত্ব অনুধাবন, যা আবার নির্ভর করে ব্যাংকের সুস্বাস্থ্যের ওপর। ব্যাংকের ওপর মানুষের আস্থা টলে গেলে সেটি পুনরুদ্ধার করা স্বল্প মেয়াদে কঠিন হয়ে পড়ে, যদি-না ব্যাংকের আর্থিক স্বাস্থ্য, ব্যবস্থাপনার মান এবং মূলধন-ভিত্তি উন্নত না হয়। বিশ্বের বৃহত্তম অর্থনীতি বলে খ্যাত খোদ আমেরিকায় ২০০৭-এর সাব-প্রাইম সংকটের জের ধরে যে অর্থনৈতিক মন্দা ও দুর্গতি শুরু হয়েছিল, তার ফলে সে দেশে একের পর এক ছোট ও মাঝারি আয়তনের ব্যাংক ধসে গেছে। ২০০৯ সালে এ রকম মোট ১৩৩টি ব্যাংকের পতন ঘটে, দুই দশকের মধ্যে এই হার সর্বোচ্চ। অথচ ২০০৮ সালে এই সংখ্যা ছিল মাত্র ২৫টি। এই সাব-প্রাইম সংকট থেকে শুরু হওয়া ঢেউ ইউরোপের অর্থনীতিতেও আছড়ে পড়ার পর সেখানে উদ্ভূত মন্দা পরিস্থিতির আর উন্নতি ঘটেনি। মন্দাক্রান্ত অর্থনীতি ও বাণিজ্যে বেকারত্ব এবং নিম্ন আয়ের মতো দুর্যোগের ওপর মড়ার ওপর খাঁড়ার ঘায়ের মতো নেমে আসে ব্যাংক কেলেঙ্কারির নানা ঘটনা। এক জরিপে দেখা যায়, তিন-চতুর্থাংশ ব্রিটিশ জনগণ মনে করেন যে ব্যাংকগুলো এই সংকট থেকে কোনো শিক্ষা গ্রহণ করেনি। ফলে অর্থনৈতিক সংকট শুরু হওয়ার পর পাঁচ বছর কেটে গেলেও ব্যাংকিং খাতের ওপর মানুষের আস্থা ফিরে আসেনি, বরং বিশ্লেষকদের মতে এই আস্থা এখন সর্বনিম্ন পর্যায়ে। এর মূল কারণ অব্যবস্থাপনা এবং দুর্নীতির মাধ্যমে বিভিন্ন আর্থিক কেলেঙ্কারি। ফলে ব্যাংকগুলোকে পতনের হাত থেকে রক্ষা করতে যে কেবল উদ্ধারকারী ব্যবস্থা (বেইল আউট) নিতে হয়েছে তা-ই নয়, ব্যাংকের মূলধন ঘাটতি মেটাতে এগুলোর শেয়ারহোল্ডারদের কাছ থেকে শত শত কোটি পাউন্ড মূলধনও সংগ্রহ করতে হয়েছে। আমেরিকা ও ইউরোপের এই উদাহরণ থেকে উপলব্ধি করা যায় যে, অর্থনৈতিক সংকটের ফলে উদ্ভূত পরিস্থিতিতে ব্যাংকগুলো যে নাজুক পরিস্থিতির মুখোমুখি হয়, তার প্রভাব হয় সুদূরপ্রসারী।বাংলাদেশের ব্যাংকিং ইতিহাসের বৃহত্তম ঘটনা হল-মার্ক কেলেঙ্কারির প্রভাব বিশ্লেষণ করতে গিয়ে এত সব প্রসঙ্গের অবতারণা। অপ্রিয় হলেও সত্য, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর স্বীকৃত বিলের বিপরীতে অর্থায়ন করতে অন্য ব্যাংকগুলো বরাবরই সতর্ক ছিল, কিন্তু এ ঘটনা ঘটার পর সরকারি ব্যাংকগুলোর ভাবমূর্তির আরও অধোগতি হয়েছে। হল-মার্ক কেলেঙ্কারি উদ্ঘাটিত হওয়ার পর রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বিল ক্রয়ে ব্যাংকগুলো প্রচ্ছন্ন অনিচ্ছা প্রকাশ করলে ব্যবসায়ী সংগঠনসহ বিভিন্ন মহল থেকে এ বিষয়ে প্রতিকার দাবি করা হলেও যথাযথ প্রতিকার হয়নি। কারণ, প্রতিকার হওয়ার পূর্বশর্ত—আগের মেয়াদোত্তীর্ণ স্বীকৃত বিলগুলোর পাওনা পরিশোধ করা হয়নি। এ ব্যাপারে কার্যকর আইনানুগ ব্যবস্থাও নেওয়া হয়নি। স্বীকৃত বিল পরিশোধে কেবল যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ব্যর্থতা আছে তা নয়, বেসরকারি খাতের কয়েকটি নির্দিষ্ট ব্যাংকও এই ব্যর্থতার দায় থেকে মুক্ত নয়। এই ব্যাংকগুলোর স্বীকৃত বিল গ্রহণ করতেও অন্যান্য ব্যাংকের সংশয় আছে। সর্বশেষ প্রাপ্ত হিসাব মতে, বর্তমানে ব্যাংকিং খাতে বকেয়া স্বীকৃত বিলের পরিমাণ প্রায় সাড়ে চার হাজার কোটি টাকা, তিন মাস আগেও যার পরিমাণ ছিল তিন হাজার কোটি টাকা।আইন অনুযায়ী, কোনো ব্যাংকের স্বীকৃত বিল সেই ব্যাংকের নিরঙ্কুশ নিশ্চয়তা বলে গণ্য করা হলেও আমাদের দেশের কিছু কিছু ব্যাংক বিভিন্ন অজুহাতে নির্দিষ্ট তারিখে বিল পরিশোধ করে না, এটিকেও ব্যাংকের বিশ্বাসভঙ্গের একটা দৃষ্টান্ত হিসেবে তুলে ধরা যায়। এই বিশ্বাসভঙ্গের ঘটনা যদি সহযোগী ব্যাংকের সঙ্গেই ঘটে থাকে, তাহলে সাধারণ মানুষের কাছে তা আরও বড় আস্থার সংকট বলে প্রতিভাত হবে। অতএব ব্যাংকের ওপর মানুষের আস্থা ধরে রাখার জন্য নজর দিতে হবে নিজ অঙ্গীকার রক্ষা করা, সুস্বাস্থ্যের প্রধানতম উপাদান—মূলধন-ভিত্তি দৃঢ় করা, সম্পদের গুণগত মান বৃদ্ধির প্রতি যত্নবান হওয়া এবং যথাযথ নিয়ন্ত্রণ ও নজরদারি জোরদার করা। তার সঙ্গে নিশ্চিত করতে হবে যাতে ব্যাংকগুলো মূল ব্যাংকিং-বহির্ভূত অন্যান্য কর্মকাণ্ডের সঙ্গে অতিরিক্ত সম্পৃক্ততা থেকে বিরত থাকে। ২০১০ সাল-পূর্ব সময়ে পুঁজিবাজারের সঙ্গে কিছু ব্যাংকের অতিসম্পৃক্ততার ফলাফল এখনো বিস্মৃত হওয়ার সময় আসেনি। ফারুক মঈনউদ্দীন: ব্যাংকবিষয়ক বিশ্লেষক।[email protected]