আস্থার অভাব আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়াহিদউদ্দিন মাহমুদ
ওয়াহিদউদ্দিন মাহমুদ

বিদায়ী বছরের অর্থনীতির সম্ভবত উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল, বিনিয়োগের জন্য আর্থিক মূলধনের জোগান আছে, কিন্তু তা কাজে লাগানোর মতো বিনিয়োগের চাহিদা নেই। মূলধনি যন্ত্রপাতির আমদানি কমে যাওয়াতেই তা স্পষ্ট। বেসরকারি খাতের ঋণের চাহিদা বাড়ছে না বলে বাণিজ্যিক ব্যাংকগুলো অলস অর্থ নিয়ে সমস্যায় আছে। যেকোনো কারণেই হোক, ব্যবসায় পরিবেশে আস্থার অভাব আছে। দেশের শাসনব্যবস্থার নীতিমালার দীর্ঘমেয়াদি ধারাবাহিকতা নিয়ে সংশয় কাটছে না। সে কারণে বিদেশি বিনিয়োগও আসছে না এবং দেশ থেকে পুঁজি পাচার অব্যাহত আছে। বিনিয়োগের জন্য বিদ্যুৎ, জ্বালানি ও জমির স্বল্পতার সমস্যা বিষয়গুলো অবশ্যই জরুরি, তবে ব্যবসায় পরিবেশের আস্থা তৈরি করার বিষয়টি আরও ব্যাপক। শেষ বিচারে সমস্যাটিকে রাজনীতির গতি-প্রকৃতি থেকে আলাদা করে দেখার অবকাশ নেই। গণতান্ত্রিক সুশাসনের ক্ষেত্রে অগ্রগতি ছাড়া অর্থনৈতিক সংস্কারের কার্যক্রম কেবল একটা পর্যায় পর্যন্তই এগিয়ে নেওয়া যায়।
সবকিছু মিলে অর্থনৈতিক ব্যবস্থাপনায় নীতিনির্ধারকদের মধ্যে একধরনের সাময়িক স্বাচ্ছন্দ্যের ভাব বা নির্লিপ্ততা দেখা যাচ্ছে। এর পেছনে কিছু বিষয় কাজ করছে। যেমন, আপাতদৃষ্টিতে রাজনৈতিক পরিস্থিতি কিছুটা শান্ত হয়ে আসা, সামগ্রিক অর্থনীতির স্থিতিশীলতা, বৈদেশিক মুদ্রার বড় মজুত ও বিশ্ববাজারে জ্বালানি তেলের অস্বাভাবিক দরপতনের ফলে আমদানি ব্যয়ে বড় ধরনের সাশ্রয়, যার অনুকূল প্রভাব পড়েছে বৈদেশিক লেনদেনের ভারসাম্য ও বাজেটের অর্থ সংকুলানের ওপর। তবে এই স্বাচ্ছন্দ্যবোধের ফলেই হয়তো অর্থনৈতিক প্রবৃদ্ধিকে উচ্চতর পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য যে ধরনের শক্ত পদক্ষেপ দরকার, সেই তাগিদ দেখা যাচ্ছে না। এ ধরনের কিছু জরুরি বিষয় হলো আর্থিক খাতের জালিয়াতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, কর ফাঁকি ও বিদেশে অর্থ পাচার রোধ, রাষ্ট্রীয় ব্যাংকগুলোর অবস্থার উন্নতি করা এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে গতিশীলতা আনা। এসব ক্ষেত্রে ‘যেমন চলছে তেমন চলার’ নীতি অনুসরণ করতে দেখা যাচ্ছে। অথচ অর্থনৈতিক ব্যবস্থাপনার ক্ষেত্রে কিছু দৃশ্যমান সাফল্যের দৃষ্টান্ত স্থাপন করা গেলে তা বিরাজমান গণতন্ত্রের ঘাটতি কিছুটা হলে পুষিয়ে নেওয়া যেত। আগামী বছরের চ্যালেঞ্জ এটাই।
তবে সামগ্রিকভাবে দুর্বল বৈশ্বিক অর্থনীতি ও বছর শুরুর রাজনৈতিক অস্থিরতার বিচারে ২০১৫ সালে বাংলাদেশের অর্থনীতি ভালোই করেছে। তবে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার সূচনা বছর হিসাবে অর্থনীতির প্রবৃদ্ধিকে উচ্চতর পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট উদ্যোগ ও আয়োজন সম্ভব হয়নি।

অর্থনীতিবিদ সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা