একাদশ জাতীয় সংসদ নির্বাচন দোরগোড়ায়। এরও আগে হবে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিটি করপোরেশন নির্বাচন। রোহিঙ্গা সংকট, চালসহ নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের মূল্যবৃদ্ধি খবরের কাগজের শিরোনাম বেশ কিছুদিন দখল করে থাকলেও শিগগিরই স্থান নেবে নির্বাচন। এর মধ্যে সরকারি দল ও তাদের সহযোগী ‘বিরোধী দল’ প্রচারাভিযানও শুরু করেছে। তবে তা তেমনভাবে করতে দেওয়া হচ্ছে না মাঠের বিরোধী দলগুলোকে। এর মধ্যে নবগঠিত নির্বাচন কমিশন বৈঠক করে চলেছে সুশীল সমাজ, গণমাধ্যমসহ সব রাজনৈতিক দলের সঙ্গে। রাজনৈতিক দলগুলোই যেহেতু নির্বাচনের মূল অংশীদার, তাই তাদের মতামত গুরুত্বপূর্ণ, সন্দেহ নেই। তবে সেই মতামতগুলো আসছে তাদের নির্বাচনী কৌশলের অনুকূলে। দু-একটি প্রস্তাবে বিস্মিতও হতে হয়। যেমন হলফনামার বিধান তুলে দিতে প্রস্তাব করেছে একটি দল। অথচ এই হলফনামার নিয়ম চালু করা হয় সর্বোচ্চ আদালতের আদেশে। তবে কিছু প্রস্তাব সংগত ও স্বাভাবিক। যা–ই হোক, সুশীল সমাজ ও গণমাধ্যম ব্যক্তিদেরও কারও কারও মতামত কোনো না কোনো রাজনৈতিক দলের কৌশলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে লক্ষ করা গেছে। অবশ্য তাঁদের অনেকে রেখেছেন মূল্যবান পরামর্শ। এ ধরনের মতামত দেওয়া ও নেওয়ার উদ্দেশ্য আগামী সংসদ নির্বাচন সফলভাবে সম্পন্ন করা।
যত ধরনের মতামত এসেছে, তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে নির্বাচনের যথেষ্ট আগে কমিশনের সক্ষমতা সবার সামনে তুলে ধরা। তবে প্রকৃতপক্ষে এর প্রমাণ মিলবে সংসদ নির্বাচনের ভোট গ্রহণ ও ফলাফল প্রকাশের মাধ্যমে। সিটি করপোরেশনগুলোর নির্বাচনেও কিছু ইঙ্গিত পাওয়া যাবে। তবে সরকার কর্তৃক কিছু রাজনৈতিক দলের আইনানুগ কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি করলে তফসিল ঘোষণার আগে কমিশন কিছু করতে না পারার যুক্তি আইনের একেবারে সরল ব্যাখ্যা দ্বারা সমর্থিত হলেও নৈতিক দিক থেকে প্রশ্নবিদ্ধ। যেসব দল কমিশনের কাছে রেজিস্ট্রিকৃত, তাদের কিছু নিয়মকানুন মেনে চলার দায়বদ্ধতা আছে। এগুলো করতে গেলে রাজনৈতিক তৎপরতা, সভা–সমাবেশ করতে হয়। এতে বাধা সৃষ্টি গণপ্রতিনিধিত্ব আদেশে বর্ণিত সেই রাজনৈতিক দলের করণীয় কাজে বাধা দেওয়ার নামান্তর। এই যুক্তিতে বিষয়টিতে কমিশন নাক গলাতে পারে। তা করতে অস্বীকৃতি আস্থার পরিবেশ গড়ে তোলার অনুকূল নয়। বর্তমান কমিশন নতুন যে গণপ্রতিনিধিত্ব আইনের খসড়া করছে, এতে তাদের এই ক্ষমতা রাখার জোরালো প্রস্তাব রাখলে কমিশনের সদিচ্ছার পরিচায়ক হবে।
নির্বাচনকালীন সরকারব্যবস্থা নিয়েও ভাবনা আছে। বিভিন্ন মহল নানা কথা বলছে। জাতীয় পার্টির পক্ষে সাবেক রাষ্ট্রপতি এরশাদ বলেছেন, সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলোকে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হোক। সেই সরকার তো এখনই আছে। আর দশম জাতীয় সংসদ নির্বাচনে আইনগত বড় কোনো বিচ্যুতি না থাকলেও জনগণের অংশগ্রহণ তেমন ছিল না। তাই প্রশ্নবিদ্ধ হয়েছে রাজনৈতিকভাবে। শাসক দল বলছে, সরকার ক্ষমতায় থেকেই নির্বাচন করবে। বহাল থাকবে জাতীয় সংসদও। সংবিধানও তা-ই বলে। আর দশম সংসদ নির্বাচনও হয়েছিল এ রকম অবস্থায়। তবে সংসদ আগে ভেঙে দেওয়া যাবে না, এরূপ কোনো বিধান নেই। সংসদ বহাল থাকলে এমপিদের প্রভাব অপ্রতিরোধ্য হয়ে পড়ে, এটা সবাই বোঝেন।
উল্লেখ্য, দশম সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক না হওয়ায় গণতান্ত্রিক প্রক্রিয়া দুর্বল হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। আর এমনটা হওয়ার জন্য সব পক্ষের দায় আছে। প্রধান বিরোধী দলটিকে নির্বাচনে আনার কোনো আন্তরিক প্রচেষ্টা সরকারের মধ্যে লক্ষণীয় হয়নি। ঠিক তেমনি সেই দলও বাইরে ও ভেতরের ফাঁদে পা দিয়ে নির্বাচন বর্জন করে নিজেদের ও গণতান্ত্রিক ব্যবস্থার ক্ষতি করেছে। মাঠের আন্দোলনে তাদের অতিরিক্ত জামায়াত-নির্ভরতা সংগঠনের ভিতকে করেছে ক্ষতিগ্রস্ত। তবে এবারের নির্বাচনে দলটি যোগ দেবে, এটা একরূপ স্পষ্ট।
এ ক্ষেত্রে নির্বাচন কমিশনের জন্য নতুন চ্যালেঞ্জ এল, এটা তারা বুঝতে পারার কথা। এটা পরিচালনার জন্য গড়ে তুলতে হবে সাংগঠনিক ব্যবস্থা। এর সঙ্গে কমিশনসহ আমাদের মাঠপর্যায়ের কর্মকর্তারা সুপরিচিত। ব্যবস্থা নিতে হবে নিরাপত্তার। সেগুলোও সম্ভব। তবে নির্বাচন কমিশন ভালোভাবে জানে, দেশের শাসনব্যবস্থার সর্বস্তরে দলীয়করণ এই নির্বাচন পরিচালনব্যবস্থার জন্য একটি চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। বিশেষ করে জেলা ও উপজেলা প্রশাসন এবং পুলিশ নির্বাচন পরিচালনব্যবস্থায় অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। কেউ কেউ নির্বাচন কমিশন কর্মকর্তাদের রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার করলেই নির্বাচন সফল হবে বলে ধারণা দিতে সক্রিয়। দৃষ্টান্ত হিসেবে দেখানো হয় কয়েকটি সিটি করপোরেশন নির্বাচনকে। পাল্টা দৃষ্টান্ত হিসেবে ঢাকার দুটি সিটি করপোরেশন নির্বাচনের চিত্রটা দেখুন। দেখুন দশম সংসদ নির্বাচনে যেখানে কমিশন কর্মকর্তারা রিটার্নিং অফিসার ছিলেন, সেখানকার অবস্থা। ভোটার নেই শয়ের হিসাবে। অথচ বিজয়ী প্রার্থীর পক্ষে ভোট লাখের হিসাবে। অবশ্য অর্ধেকের বেশি আসনে তো প্রার্থীই ছিলেন একজন করে। আসল কথা, কমিশন যখন বিতর্কিত ভূমিকায় থাকে, তখন এর অধীন কর্মকর্তারা কীভাবে আস্থার ভাব সৃষ্টি করবেন? দলীয়করণ মাত্রার হেরফেরে দীর্ঘদিন ধরেই চলছে। তা সত্ত্বেও ১৯৯১, ১৯৯৬-এর জুন, ২০০১ এবং ২০০৮-এর নির্বাচন প্রজাতন্ত্রের এই কর্মকর্তারাই করেছেন। ছিল এই নিরাপত্তা সংস্থাগুলোই। উপযুক্ত পরিবেশ পেলে তারা সাফল্যের পরিচয় দিতে পারে, এটা প্রমাণিত হয়েছে বারবার।
কমিশন সংবিধানের আওতায় গঠিত। সংবিধান ও আইন অনুসারে কাজ করবে, এতে কোনো সন্দেহ নেই। তারা এখন থেকেই যদি প্রস্তাব রাখে যে তফসিল ঘোষণার আগে সংসদ ভেঙে দিতে হবে, তা কি অসাংবিধানিক হবে? এ ধরনের একটি প্রস্তাব কমিশনের মর্যাদা ও গ্রহণযোগ্যতা বাড়াবে। আর সরকারেরও বিষয়টি উদারভাবে নেওয়া সংগত। নির্বাচনকালীন সরকারব্যবস্থা নিয়ে আলোচনাটা বস্তুত রাজনৈতিক। এ দায়িত্বটা রাজনৈতিক দলগুলোকে নিতে হবে। তবে কমিশন তফসিল ঘোষণার সময়সূচি এগিয়ে আনতে পারে নিজ দায়িত্বে। যদি ৯০ দিন আগে তফসিল ঘোষণা করা হয়, পুলিশসহ মাঠ প্রশাসন চলে আসবে তাদের নিয়ন্ত্রণে।
ঠিক তেমনিভাবে নতুন জনপ্রতিনিধিত্ব আইনের খসড়ায় নির্বাচনকালে জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এবং স্থানীয় সরকার বিভাগ কমিশনের নিয়ন্ত্রণে নেওয়ার বিধান করা যেতে পারে। মাঠ প্রশাসন, পুলিশসহ এসব অবস্থানে রাজনীতিকীকরণ হয়েছে ব্যাপক। এতে তাৎপর্যপূর্ণ রদবদল ইতিবাচক ফল দেবে। তেমনি তাদের ওপর আস্থার ভাবও বাড়বে। কথা হতে পারে, কমিশনের কাজ তো শুধু বিরোধী দলকে খুশি করা নয়, সরকারকেও আস্থায় রাখতে হবে। এ ক্ষেত্রে বিবেচনায় নেওয়া সংগত, গোটা প্রশাসনব্যবস্থা সরকারের সাজানো। সেখানে যাঁরা অতিরিক্ত পরিমাণ দলবাজিতে লিপ্ত, তাঁদের রদবদল যেকোনো যুক্তিতে অপরিহার্য। বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তাদের একটি সতর্কবার্তাও দেবে।
স্বীকার করতে হবে, আমাদের মতো দেশে নির্বাচন পরিচালনব্যবস্থা খুবই জটিল। কিন্তু এমন তো ছিল না। জয়ী হতে চেষ্টা চালায় সব রাজনৈতিক দল, সব দেশে আর সব সময়ে। আমাদের এখানেও তা হবে, সেটাই স্বাভাবিক। ১৯৫৪ সালে দেশে কোনো নির্বাচন কমিশন ছিল না। ছিল না কোনো তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা। পূর্ববঙ্গ সরকারের স্বরাষ্ট্র বিভাগ পরিচালনা করে সেই ঐতিহাসিক নির্বাচন। হেরে যান তখনকার মুখ্যমন্ত্রী এবং তাঁর দলের প্রায় সব প্রার্থী। তেমনটি ঘটে ভারতের প্রায় রাজ্য ও কেন্দ্রে। ১৯৭৭ সালে সেখানে সংসদ নির্বাচনে রায়বেরিলি নির্বাচনী এলাকায় হেরে যান ক্ষমতাসীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। স্বনামধন্য সাংবাদিক কুলদীপ নায়ারের দ্য জাজমেন্ট নামক বইয়ে উল্লেখ রয়েছে, ভোট গণনা চলাকালে প্রচণ্ড চাপ ছিল জেলা ম্যাজিস্ট্রেটের (যিনি রিটার্নিং অফিসারও) ওপর। চাপ ছিল নির্বাচনটি বাতিল করে দিতে। সেই কর্মকর্তা দৃঢ়ভাবে এই চাপের মুখে অনমনীয় থেকে ফলাফল ঘোষণা করে দেন। আমাদের প্রতিষ্ঠানগুলোকে সেভাবে কাজ করতে সুযোগ দেওয়া যায়। সবাই হাত গুটিয়ে বসে থাকলে তো হবে না।
সংবিধান ও বিভিন্ন আইন নির্বাচন কমিশনকে প্রভূত ক্ষমতা দিয়েছে। তারা দৃঢ়তার সঙ্গে এগুলো প্রয়োগ করলে সফল নির্বাচন অনুষ্ঠান একেবারে অসম্ভব নয়। আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা দুর্ভাগ্যবশত কিছুটা লাইনচ্যুত হয়েছে। এটাকে আবার লাইনে টেনে তুলতে কমিশনকে সক্রিয় হতে হবে। আর এর সূচনা শিগগিরই দেখতে আগ্রহী সবাই। একটি আস্থার পরিবেশ সৃষ্টি করতে পারলে অনেক কিছুই সহজ হয়ে যাবে।
আলী ইমাম মজুমদার: সাবেক মন্ত্রিপরিষদ সচিব।