আহা, তিলোত্তমা ঢাকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা একসময় সত্যি তিলোত্তমা ছিল। ফ্রান্সিস ব্রাডলি-বার্টের ১৯১২ সালে প্রকাশিত বই দ্য রোমানস অব অ্যান ইস্টার্ন ক্যাপিটাল পড়ে মনে হয় ঢাকা যেন এক আনন্দনগর। নদীবিধৌত এক সমতলভূমির সে দ্বাররক্ষী। ঘন সবুজ বিস্তীর্ণ শস্যক্ষেত্র, তাদের ঘিরে অগুনতি নদী ও জলাশয়। এক উর্বর আলিঙ্গনে মাখামাখি। এই সমতলভূমে রাজ্য দখলের প্রতিযোগিতা হয়েছে, রাজা এসেছে, রাজা গেছে। তারা এক নগর গড়েছে, অন্য নগর ভেঙেছে। তার পরও দুই হাজার বছর পর্যন্ত এই বাংলার প্রধান নগর নির্মিত হয়েছে আজকের ঢাকায় বা তার আশপাশে। কখনো বিক্রমপুর, কখনো সোনারগাঁ বাংলার রাজধানী নাম নিয়েছে বটে, কিন্তু তার সবই আজকের ঢাকার ২০ মাইলের ভেতর। অবশেষে ৪০০ বছর আগে শায়েস্তা খাঁর পৌরোহিত্যে যে ঢাকা নগর আনুষ্ঠানিকভাবে রাজধানীর সম্মান অর্জন করে, ব্রাডলি-বার্ট তাকে বলেছেন ‘প্রাচ্যের সকল বিস্ময়ের মধ্যে এক অনন্য আকর্ষণ (ইউনিক চার্ম)।’৪০০ বছর আগে বলা কথা না-হয় ছেড়ে দিলাম। ৭০-৮০ বছর আগের যে ঢাকার কথা বুদ্ধদেব বসু বলেছেন, আমাদের কাছে তা এখন স্বপ্নের মতো মনে হয়। রমনা নিয়ে তাঁর স্মৃতি রোমন্থনে ঢাকা বান্ধবপ্রিয়, নিসর্গের সযত্ন আলপনায় এক সুরম্য নগর। আরও পরে, ২০১১ সালে ইসাবেল কামাচো ডায়মন্ড তাঁর স্মৃতিকথা করাচি, ঢাকা অ্যান্ড ব্যাক-এ ঢাকার যে বর্ণনা দিয়েছেন তাকে অবশ্য ঠিক তিলোত্তমা মনে হয় না, কিন্তু বসবাসের অযোগ্য বলেও কখনো মনে হয় না।ব্রাডলি-বার্ট ঢাকার অনন্য আকর্ষণ বা ‘ইউনিক চার্ম’-এর কথা বলেছিলেন। এখন সে ‘চার্ম’ গেছে, কিন্তু তার পরও সে ‘ইউনিক’ একেবারে ১ নম্বর। তবে এমন অতুলনীয় হওয়ার সম্মান আমাদের কপালে না জুটলেই ভালো হতো। আজকের ঢাকার পরিচয়, সে বিশ্বের সবচেয়ে কম বসবাসযোগ্য শহর। যুক্তরাজ্যের ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট নামের একটি বেসরকারি সংস্থা একাধিক সূচকের ভিত্তিতে পৃথিবীর ১৪০টি শহরের তালিকা থেকে এ স্থান নির্ধারণ করেছে। এক বছর আগে ঢাকার স্থান ছিল নিচ থেকে ২ নম্বর। তারও আগে ২০০৮ সালে আমেরিকান সাময়িকী ফোর্বস ঢাকাকে বিশ্বের সবচেয়ে নোংরা শহরগুলোর তালিকায় ৩ নম্বরে রেখেছিল। অন্য কথায়, যত দিন গেছে, ঢাকার দুর্ভাগ্য তত ভূতলগামী হয়েছে।ঢাকার সম্মান এখন তলানিতে এসে ঠেকেছে, সেটা একটা ভালো খবর। সবচেয়ে খারাপ বলে সনদ পাওয়ার পর এর চেয়ে আর নিচে নামার সুযোগ নেই। অতএব, ঢাকাবাসী এখন স্বস্তিতে নিঃশ্বাস নিতে পারেন। তবে সাবধান, নিঃশ্বাস নেওয়ার সময় এই কথাটা মাথায় রাখবেন, ডিসেম্বর-মার্চ সময়কালে ঢাকার যে বাতাস আপনি গ্রহণ করবেন, বিশ্বে তা সবচেয়ে বিষাক্ত। প্রতিবছর কম করে হলেও ১৫ হাজার মানুষ এই দূষিত বাতাসের কারণেই মারা যায়। ফুসফুসের রোগে আক্রান্ত হয় এমন মানুষের সংখ্যা লাখ লাখ। অতএব, বিপদ এড়াতে হলে হয় ওই তিন মাস দেশের বাইরে কোথাও থাকুন, নয়তো নিঃশ্বাস না নিয়ে কীভাবে বেঁচে থাকা যায় সে পদ্ধতি আবিষ্কার করুন। বলা যায় না, সে আবিষ্কারের স্বীকৃতি হিসেবে বাংলাদেশের জন্য আরও একটি নোবেল পুরস্কার হয়তো আপনি ছিনিয়ে আনতেও পারেন। তবে তা করেও আপনি নিস্তার পাবেন বলে মনে হয় না। ঢাকার আজকের হাল অবশ্য এক দিনে হয়নি। সবাই মানেন যে আসল দোষ অপরিকল্পিত সম্প্রসারণের। রাজধানী হিসেবে ঢাকার গুরুত্ব বেড়েছে, সঙ্গে সঙ্গে বেড়েছে মানুষ, বাড়িঘর, যানবাহন। কী বানানো যাবে, কী বানানো যাবে না তার জন্য পৌর আইন আছে বটে, কিন্তু আপনি চাইলে অনায়াসেই সে আইন ভাঙতে পারেন। এ নিয়ে প্রশ্ন উঠলে কিছু কাগজের নোট কর্তাব্যক্তিদের পকেটে গুঁজে দিলেই হলো। বছর তিরিশেক আগে বিখ্যাত স্থপতি মাজহারুল ইসলাম সাবধান করে বলেছিলেন, যে হারে মানুষ বাড়ছে, দালানকোঠা গজিয়ে উঠছে, তাতে একসময় এই শহর নিজের ভারে নিজেই একদিন টস করে মরে যাবে। ব্যাপারটা খোলাসা হয় যদি আমরা শহরকে গাধার সঙ্গে তুলনা করি। গাধার কাজ ভার বহন করা। সে গাধার পিঠে যদি আপনি একের পর এক মাল তুলতেই থাকেন, তো একসময় সে নুইয়ে পড়বেই।আমাদের একসময়ের তিলোত্তমা ঢাকা, আজকের ভারবাহী গাধা—এখন ধুঁকছে। হুড়মুড় করে যেকোনো সময় টলে পড়বে। ঢাকাকে এখনো বাঁচানো সম্ভব, মাজহারুল ইসলাম সে বিশ্বাস ব্যক্ত করেছিলেন মাত্র ৩০ বছর আগে। এর জন্য আইন চাই, আইনের বাস্তবায়ন চাই, আর চাই নগর প্রশাসনের সঙ্গে নাগরিক সংহতি। একসময় অসহনীয় শহরের কথা উঠলে লোকে হয় ব্রাজিলের রিও ডি জেনিরো অথবা মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটির কথা বলত। শহর দুটি এখনো সমস্যাসংকুল—অসংখ্য মানুষ, অগুনতি বস্তি, বিপজ্জনক গৃহনির্মাণ, দূষিত বায়ু। কিন্তু রিও বা মেক্সিকো সিটিকে এখন আর কেউ ভয়ের চোখে দেখে না। রিও তার বদনাম এতটা কাটিয়ে উঠেছে যে বিশ্বের প্রধান প্রধান শহরের সঙ্গে পাল্লা দিয়ে সে ২০১৬ সালের বিশ্ব অলিম্পিক অনুষ্ঠানের দুর্লভ সম্মান অর্জন করেছে। কিছুদিন আগে সিএনএন রিওর মেয়র এদোয়ার্দো পায়েসের একটি সাক্ষাৎকার প্রচার করেছে। রিওর পুনর্জাগরণের পেছনে আসল কৃতিত্ব পায়েস এবং তাঁর পূর্বসূরি দুই মেয়রের। পায়েসের কথা শুনে মনে হলো খানিকটা চেষ্টা করলে ঢাকাকে বোধ হয় এখনো বাঁচানো যায়।পায়েস চারটি মোদ্দা নীতির কথা বলেছেন, বড় শহরের জন্য যা একান্ত দরকার। এই নীতিগুলো হলো:১. শহরকে যথাসম্ভব পরিবেশবান্ধব হতে হবে। পৃথিবীর সব শহরই ইট-পাথরের জঙ্গল, তাকে বসবাসযোগ্য করতে হলে যা একান্ত দরকার তা হলো কিছুটা সবুজের ছোঁয়া, কিছুটা খোলা প্রান্তর, যেখানে শহরের মানুষজন এসে নিঃশ্বাস ফেলার সুযোগ পাবে। রিওতে খোলা জায়গা পাওয়া খুবই কঠিন, তার পরও সে শহরের সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকা মাদুরেইরাতে বেশ বড় আকারের একটি উদ্যান নির্মিত হচ্ছে। এর ফলে শহরের তাপমাত্রা দুই-তিন ডিগ্রি সেন্টিগ্রেড কমে আসবে।২. মানুষের যাতায়াতের সুব্যবস্থার ওপর নজর দিতে হবে। মোটরগাড়ির বদলে আধুনিক গণপরিবহনের ব্যবস্থা করতে হবে। রিওর মোট জনসংখ্যা এক কোটির ওপর। তাদের এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতের জন্য এ শহরে ‘বাস র‌্যাপিড ট্রানজিট’ সেবার ব্যবস্থা করা হয়েছে। এই ব্যবস্থা অনেকটা পাতালরেলের মতো, প্রতিটি বাসের নির্দিষ্ট যাতায়াতের রুট রয়েছে, রয়েছে নির্দিষ্ট স্টেশন। অথচ পাতালরেলের চেয়ে এর নির্মাণ খরচ অনেক কম।৩. নগরবাসীকে সামাজিকভাবে সমন্বিত করতে হবে। যে লাখ লাখ বস্তিবাসী এ নগরের বাসিন্দা, তাদের কাছে নগরের সব সুযোগ নিয়ে আসতে হবে। পানি ও বিদ্যুৎ তো বটেই, খোলা পার্কের ব্যবস্থাও থাকতে হবে। যারা নিজেরা নোংরা পরিবেশে থাকে, নগরের সৌন্দর্যের ব্যাপারে তাদের কোনো মাথাব্যথা থাকার কথা নয়।৪. আধুনিক প্রযুক্তির সম্ভাব্য সব ব্যবহার নিশ্চিত করতে হবে। রিও শহরের মেয়র তাঁর দপ্তরে বসেই শহরের প্রতিটি বাস বা ট্রেনের গতিবিধির ওপর নজর রাখতে পারেন। যানজট থেকে বর্জ্য নিষ্কাশনের ওপর খবরদারি করতে পারেন। তাঁর পক্ষে দিন ও রাতের যেকোনো সময় যেকোনো জরুরি অবস্থা মোকাবিলার জন্য ত্বরিত ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়েছে আধুনিক প্রযুক্তির সাহায্যে।পায়েসের কথা থেকে আমি যা বুঝেছি তা হলো, শহরের সমস্যা মানে সে শহরের মানুষের সমস্যা। অতএব, সে সমস্যা সমাধানের জন্য সে শহরের মানুষকেও সংযুক্ত করতে হবে। শহর নোংরা হয়, যানজটের সমস্যা বেড়ে ওঠে, বাতাস বিষাক্ত হয়ে ওঠে—এর সবকিছুই ঘটে সে নগরের নাগরিকদের ব্যবহারের কারণে। নগরবাসীকে যদি সে কথা বোঝানো যায় এবং তাদের নিয়ে সে সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হয়, তা হলে অবস্থা বদলাতে বাধ্য। রিওর মতো আরেক জনবহুল নগর হলো মেক্সিকো সিটি। ওই শহরের পক্ষে নগরায়ণের অধিকাংশ সমস্যা কাটানো সম্ভব হয়েছে নগর প্রশাসন, সুশীল সমাজ এবং সাধারণ নাগরিকদের সম্মিলিত উদ্যোগের ফলে। আমরা যদি নগরবাসীকে সমস্যা মোকাবিলায় সম্পৃক্ত করতে চাই, তবে তাদেরও কিছুটা ক্ষমতা দিতে হবে, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাদের অন্তর্ভুক্ত করতে হবে। আমেরিকায় দেখেছি, ছোট-বড় যেকোনো সিদ্ধান্তের আগে নাগরিক শুনানির নিয়ম রয়েছে। নগর কর্তৃপক্ষ মুখোমুখি হয় সাধারণ নাগরিকদের, তাদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে ঠিক হয় রাস্তার গতিপথ কীভাবে বদলাবে, নতুন ভবনের দৈর্ঘ্য কী হবে, এমনকি কোথায় গাছ কাটা হবে বা নতুন গাছ লাগানো হবে। নাগরিকেরা নিজেরাই যখন সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার সঙ্গে জড়িত, সে সিদ্ধান্ত পালনের ক্ষেত্রেও তাদের কমবেশি আগ্রহ থাকবে।পরিতোষ সেন তাঁর শৈশবের ঢাকার স্মৃতি নিয়ে একটি বই লিখেছিলেন, তার নাম জিন্দাবাহার। অর্থাৎ তাজা বসন্ত। আহা, কবে আবার তাজা বসন্ত হয়ে উঠবে ঢাকা। কবে হবে সে তিলোত্তমা!নিউইয়র্কহাসান ফেরদৌস: প্রাবন্ধিক ও কলাম লেখক।