
ভোটের অধিকার তা সে বছরে বছরে হোক অথবা পাঁচ বছরে একবার হোক, তা যে কতটা উদ্দীপনা সৃষ্টি করতে পারে, বাঙালি হিসেবে তা আমরা ভালোই জানি। সেটা আমাদের ক্লাব বা সমিতির অরাজনৈতিক নির্বাচনই হোক কিংবা ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সংসদের জন্য রাজনৈতিক নির্বাচনই হোক। ভোটারদের এক দিনের ক্ষমতায়ন যে কতটা মধুর, কতটা উপভোগ্য, তা ভোটপ্রার্থীদের নানা রকম আবেদন-নিবেদন, প্রতিশ্রুতি, কৈফিয়ত ইত্যাদিতে বোঝা যায়। তবে আমার আজকের বিষয় এ ধরনের কোনো প্রতিষ্ঠানকে নিয়ে নয়, ভিনদেশের একটি রাজনৈতিক দলকে নিয়ে। তাও আবার এমন একটি দলের নেতৃত্ব নির্বাচন, যে দলটির সাধারণ নির্বাচনে ভরাডুবি ঘটেছে। এমন ভরাডুবি, যাকে রাজনৈতিক বিশ্লেষকেরা দলটির ইতিহাসে একটা বড় বিপর্যয় হিসেবে বর্ণনা করেছেন। আর সেই বিপর্যয় থেকে বেরিয়ে আসার লক্ষ্যে নতুন নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়ায় এমন নাটকীয়তার জন্ম হয়েছে, যা আগে কখনো দেখা যায়নি।
রাজনৈতিক দলের নেতৃত্ব নির্বাচন একান্তই তাদের নিজস্ব বিষয়, সন্দেহ নেই। কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থায় যেকোনো রাজনৈতিক দলের লক্ষ্য হচ্ছে জনগণের কাছাকাছি যাওয়া, তাদের সঙ্গে বন্ধনটাকে দৃঢ় এবং গভীরতর করা। সম্ভবত সে কারণেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী মনোনয়নকে কেন্দ্র করে বিতর্ক হয় জাতীয় পর্যায়ে। দলীয় সদস্যদের প্রতিনিধিরা প্রার্থী বাছাই করার আগে দেখে নেন সাধারণ মানুষের মধ্যে কে বেশি আলোড়ন তুলেছেন এবং সমর্থন পেতে পারেন।
এ ধরনের নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়া অন্য দেশে আগে খুব একটা দেখা যায়নি। সম্ভবত গত দশকে ব্রিটেনেও এই ধারাটি শুরু হয়েছে। সেখানে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টিতে আগে নেতৃত্ব নির্বাচনে প্রধান ভূমিকা রাখতেন মন্ত্রী নন এমন এমপি, যাঁরা ব্যাকবেঞ্চার তাঁদের কমিটি নাইন্টিন টোয়েন্টি টু কমিটি। কিন্তু মাইকেল হাওয়ার্ডের পর মি. ক্যামেরন যখন নেতা নির্বাচিত হলেন, সেবারই তাঁরা জাতীয় পর্যায়ে একাধিক বিতর্ক অনুষ্ঠান করেছিলেন।
লেবার পার্টিতে টনি ব্লেয়ারের পর গর্ডন ব্রাউনের নেতৃত্ব গ্রহণ ছিল পূর্বনির্ধারিত। তবে নাটক হয়েছিল মিলিব্যান্ড ভাইদের প্রতিদ্বন্দ্বিতায়। একদিকে ব্লেয়ারের ভাবশিষ্য ডেভিড মিলিব্যান্ড অন্যদিকে সমাজতন্ত্রী এড মিলিব্যান্ড। তবে এড নেতৃত্ব পেলেও দলকে গোছাতে পারেননি। ফলে নির্বাচনে তাঁর ভরাডুবি ঘটেছে। এখন তাঁর উত্তরসূরি নির্বাচনের পালা। তবে একটি পরাজিত দলের প্রথম সারির নেতাদের পারস্পরিক রেষারেষি ও দ্বন্দ্বে সবাই যখন বিরক্ত, তখন পেছনের সারির এক আদর্শবাদী নেতার আবির্ভাব দলটিতে আবারও প্রাণসঞ্চার করেছে।
একই সঙ্গে ব্রিটিশ জনগোষ্ঠী, বিশেষ করে তরুণেরা একটু নড়েচড়ে বসেছেন। এই লেখা যখন পাঠক পড়বেন, তখন লেবার পার্টির নতুন নেতা নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়ে যাবে। ভোটের ফল জানা যাবে আগামীকাল। তবে জনমত জরিপ বলছে, নতুন নেতা হবেন সেই আদর্শবাদী জেরেমি করবিন।
প্রায় ৩২ বছর ধরে লেবার পার্টির সদস্য হিসেবে এমপি থাকলেও জেরেমি করবিন এর আগে কখনো ছায়া মন্ত্রিসভায় ছিলেন না। কট্টর বামপন্থী এই নেতা যুদ্ধবিরোধী জোট স্টপ দ্য ওয়ার কোয়ালিশন, পরমাণু অস্ত্রবিরোধী আন্দোলন কোয়ালিশন ফর নিউক্লিয়ার ডিসআর্মামেন্ট (সিএন ডি), অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, ইউনাইট অ্যাগেইনস্ট ফ্যাসিজম ও প্যালেস্টিনিয়ান সলিডারিটি ক্যাম্পেইন-এর মতো সংগঠনগুলোতে বরাবরই অগ্রণী ভূমিকায় ছিলেন।
২০০১ সালে আফগান যুদ্ধ শুরুর সময়ে তিনি ছিলেন যুদ্ধবিরোধী জোটের যুক্তরাজ্য শাখার সভাপতি এবং তিনি ওই যুদ্ধের বিরোধিতা করেছিলেন। ইরাক যুদ্ধের বিরুদ্ধে ১০ লাখ লোকের যে মিছিল লন্ডনে অনুষ্ঠিত হয়েছিল, সেই মিছিলেও তিনি ছিলেন সামনের সারিতে। তাঁর রাজনৈতিক জীবনের অধিকাংশটাই তিনি ব্যয় করেছেন মানবাধিকার ও শান্তির পক্ষে। এমনকি তিনি আল-কায়েদাপ্রধান ওসামা বিন লাদেনকে হত্যার সমালোচনা করে বলেছিলেন যে তাঁকে বিচারের মুখোমুখি করা উচিত ছিল। ব্রিটিশ অর্থমন্ত্রী জর্জ অসবর্ন তাই তাঁকে প্রকাশ্যেই জাতীয় নিরাপত্তার প্রতি হুমকি হিসেবে বর্ণনা করেছেন (দ্য গার্ডিয়ান, ৩১ আগস্ট)।
অর্থনৈতিক নীতির ক্ষেত্রে তিনি বাজার অর্থনীতির লাগামহীন প্রতিযোগিতার বিরুদ্ধে, শুধু এটুকু বললেও কম বলা হবে। তিনি রেল, জ্বালানি এবং বিভিন্ন পরিষেবা জাতীয়করণের পক্ষে এবং এসব খাতে বেসরকারি বিনিয়োগ গ্রহণের বিরুদ্ধে। ক্ষমতাসীন টোরি পার্টির কৃচ্ছ্রসাধন কর্মসূচির বিপক্ষে তিনি খুবই সোচ্চার। লেবার পার্টির মধ্যপন্থী বা ডানঘেঁষা ব্লেয়ারপন্থীদের উদার বাজারমুখী নীতির বিরুদ্ধাচরণের জন্যও জর্জ অসবর্নের ভাষায় তিনি লেবার পার্টির এক প্রজন্মের অর্জনকে নস্যাৎ করে দেবেন (দ্য গার্ডিয়ান, ১০ সেপ্টেম্বর)।
লেবার পার্টির নেতা নির্বাচনের জন্য যখন ভোটের সূচি ঘোষিত হয়, তখন করবিনের প্রার্থী হওয়া মোটেও নিশ্চিত ছিল না। দলটির কট্টর বামপন্থীরা ভাবলেন যে দলের আদর্শ এবং রাজনৈতিক দিশা ঠিক করার বিতর্কের পরিধি বাড়ানো প্রয়োজন। সুতরাং তাঁকে প্রার্থী করা হলে ভালোই হয়। কয়েকজন এমপি শুধু সেই আগ্রহের কারণে তাঁর মনোনয়নপত্রে স্বাক্ষর করেন। বাস্তবে ২৩২ জন এমপির মধ্যে মাত্র ২০ জন তাঁকে সমর্থন করেন। অথচ সেই আদর্শবাদী নেতাই কয়েক সপ্তাহ ধরে ব্রিটেনে আলোড়ন তুলেছেন। তাঁর প্রচারসভাগুলোর প্রতিটিতেই ছিল উপচে পড়া ভিড়। তাঁর প্রার্থিতার পর দলে নতুন সদস্য হয়েছেন সাড়ে পাঁচ লাখ, যেটি দলটির জন্য একটি ইতিহাস। এমনকি টনি ব্লেয়ার যখন নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিলেন, সে সময়েও দলের সদস্যসংখ্যা তিন লাখের ঘরে আটকে ছিল।
দলের প্রতিষ্ঠিত নেতারা এই নতুন নেতার উত্থানের আশঙ্কায় নানা ধরনের হিসাব-নিকাশ করেছেন। বাকি তিনজন প্রার্থীর মধ্যে দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা দুজনের ওপর অনেকে প্রকাশ্যেই আহ্বান জানিয়েছেন যে তাঁরা যেন প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ান। তাহলে তাঁদের সমর্থকদের সম্মিলিত ভোটে জনমত জরিপে দ্বিতীয় স্থানে থাকা এন্ডি বার্নহাম বিজয়ী হতে পারেন। কিন্তু ইভেট কুপার বা লিজ কেন্ডেল কেউই সরে দাঁড়াতে রাজি হননি। এমনকি এমন কথাও উঠেছিল যে অন্যরা সবাই সরে দাঁড়ালে করবিনের কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা ভোটের নেতা প্রশ্নবিদ্ধ হয়ে থাকবেন। ফলে দ্রুতই দলে নেতৃত্বের জন্য আবার নির্বাচন হবে।
লেবার পার্টির এই নির্বাচন নিয়ে বিতর্কের যেন কোনো শেষ নেই। একদল লোক বলেছেন যে করবিন নেতা হলে দলটির ভবিষ্যতে নির্বাচিত হওয়ার সম্ভাবনা শেষ হয়ে যাবে। তিনি প্রধানমন্ত্রী ক্যামেরনের প্রতিপক্ষ হিসেবে দাঁড়াতেই পারবেন না। ফলে দুর্বল নেতা নির্বাচনের জন্য লেবার পার্টিতে কনজারভেটিভদের অনেকে অনুপ্রবেশ করে করবিন-ম্যানিয়া সৃষ্টির চেষ্টা করেছে। এমন কিছু ঘটনার নজিরও উদ্ঘাটিত হয়েছে।
লর্ডসভার সদস্য টোরি সরকারের পেনশনমন্ত্রী রস অল্টম্যান লেবার পার্টির সদস্য হিসেবে ভোট দিয়েছেন বলে খবর বেরোনোর পর দ্রুত দলটি তাঁর সদস্যপদ বাতিল করেছে। লেবার পার্টির কর্তারা এ ধরনের অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে ভোটারদের পরিচয় যাচাইয়ে বিশেষ উদ্যোগ নিয়েছেন। ফলে যে জটিলতা তৈরি হয়েছে, তাতে অনেক পার্টি সদস্যও ভোট দিতে পারেননি। তাঁদের কেউ কেউ ভোট দিতে না পারার জন্য আদালতে যেতে পারেন বলেও খবর বেরিয়েছে।
তবে এত কিছুর পরও জেরেমি করবিনের জয়ের দিকেই পাল্লাটা ঝুঁকে আছে বলে রাজনৈতিক পণ্ডিতদের ধারণা। কনজারভেটিভ পার্টির একজন নেপথ্যের গুরু লর্ড অ্যাশক্রফট লেবার পার্টির নির্বাচনের ভোটারদের মধ্যে সর্বসম্প্রতি যে জরিপ চালিয়েছেন, তাতেও দেখা যাচ্ছে করবিন জিতবেন। কেননা, অ্যাশক্রফটের জরিপ বলছে, লেবার সমর্থকেরা জাতীয় নির্বাচনে জয়ের চেয়েও আদর্শকে সংহত করা বড় হিসেবে বিবেচনা করছেন। বলে রাখা দরকার, গত এক দশকেরও বেশি সময় ধরে লর্ড অ্যাশক্রফটের জনমত জরিপগুলোর প্রায় সবই অক্ষরে অক্ষরে ফলে গেছে।
এত নাটকীয়তার পরও করবিন হয়তো না-ও জিততে পারেন। কারণ, প্রথম দফায় তিনি যদি ৫০ শতাংশের বেশি ভোট না পান, তাহলে চতুর্থ হবেন যিনি তাঁর দ্বিতীয় পছন্দের ভোট তখন বাকি তিনজনের মধ্যে ভাগ হবে। তখনো কেউ ৫০ শতাংশ ভোট না পেলে তৃতীয় দফায় তৃতীয়জনের দ্বিতীয় পছন্দের ভোট গণনার মাধ্যমে বিজয়ী নির্ধারণ হবে। আর যেহেতু বাকি তিনজনই মধ্যপন্থী, সেহেতু তাঁদের ভোটগুলো এক জায়গায় হলে হিসাব উল্টেও যেতে পারে।
তবে করবিনের প্রার্থিতা ব্রিটেনের রাজনীতিতে বামপন্থার যে পুনরুজ্জীবন ঘটিয়েছে, তা বিস্ময়কর। এর প্রভাব লেবার পার্টি ও ব্রিটিশ রাজনীতিকে যে আগামী কয়েক বছর ধরে আলোড়িত করবে, সন্দেহ নেই। কট্টর ডানপন্থী মিডিয়া সাম্রাজ্যের প্রধান রুপার্ট মারডকও বলছেন, করবিন জিতবেন; কেননা, তাঁর একটা আদর্শ আছে। ইউরোপে স্পেন ও গ্রিসে বামপন্থীদের উত্থানের পর সেই ঢেউ এখন সম্ভবত ব্রিটেনের তীরে এসে পৌঁছেছে।
লেবার পার্টির এই নির্বাচন গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক বিতর্ককে যখন নতুন উচ্চতায় নিয়ে গেছে, তখনই কিন্তু দেশটির রানি দ্বিতীয় এলিজাবেথ ব্রিটেনের সিংহাসনে দীর্ঘতম সময় রাজত্ব করার রেকর্ড গড়েছেন। সুতরাং ব্রিটিশ নাগরিকেরা তাই বলতেই পারেন—আহা রাজতন্ত্র! আহা গণতন্ত্র!
কামাল আহমেদ: প্রথম আলোর পরামর্শক সম্পাদক।