তারুণ্যের জয়গাথা দেশে দেশে, যুগে যুগে মানুষকে আশার বাণী শুনিয়েছে, খুলে দিয়েছে স্বপ্ন আর সম্ভাবনার সোনালি দুয়ার। তারুণ্যের কাছে এটাই তো প্রত্যাশিত। কিন্তু সাম্প্রতিক সময়ে বিশ্বজুড়েই যেন তারুণ্যের সোনালি রথ কিছুটা ছন্নছাড়া ও বিবর্ণ। বিশ্বায়নের প্রভাব আজ সর্বত্র এবং স্বাভাবিকভাবে বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। যে বাংলাদেশে একসময় দামাল ছেলেরা শুধু বুকের সাহসকে সম্বল করে আর লক্ষ্যের প্রতি অবিচল থেকে অংশ নিয়েছে ভাষা আন্দোলন, স্বাধিকার আন্দোলন, মুক্তিযুদ্ধসহ ইতিহাসের যেকোনো গৌরবময় অধ্যায়ে, সেই বাংলাদেশের তরুণেরাই আজ যেন বিভ্রান্ত, উদ্বিগ্ন, হতাশার সাগরে নিমজ্জিত।
প্রথম আলোর উদ্যোগে ওআরজি-কোয়েস্ট গত মার্চ মাসে সারা বাংলাদেশে যে জরিপ পরিচালনা করেছে, তাতে দেখা গেছে, বাংলাদেশের ৮২ শতাংশ তরুণই উদ্বিগ্ন তাদের ভবিষ্যৎ নিয়ে। প্রবৃদ্ধি বাড়লেও কর্মসংস্থানের যথেষ্ট সুযোগ তৈরি না হওয়ায় এবং বিশ্বব্যাপী অর্থনীতির যে মন্দা, তাতে তারা নিজেদের নিয়ে খুব আশাবাদী হতে পারছে না। আজকের তরুণেরাই নেতৃত্ব দেবে আগামী বাংলাদেশের। উদ্বিগ্নতা যেকোনো পরিস্থিতির জন্যই ÿক্ষতিকর, আমরা সবাই জানি। তাই এত বিপুলসংখ্যক উদ্বিগ্ন তরুণসমাজ যেকোনো দেশের জন্যই অশনিসংকেত, সে কথা বলার অপেক্ষা রাখে না।
মানুষ স্বপ্ন নিয়েই বাঁচে। প্রত্যেক মানুষের জীবনেই রয়েছে পরিকল্পনা ও স্বপ্ন। তরুণেরা বয়সে নবীন। তাই স্বাভাবিকভাবেই তরুণদের রয়েছে নিজেদের জীবন নিয়ে নানা লক্ষ্য, রঙিন স্বপ্ন ও পরিকল্পনা। কিন্তু উদ্বেগের বিষয় হলো ওই জরিপে অংশ নেওয়া তরুণদের ৬৩ শতাংশই বলেছে, তারা জানে না তাদের জীবনের লক্ষ্য কী। এর কারণ হয়তো জীবনের স্বপ্ন আর বাস্তবতার মধ্যে বসবাসকারী দূরত্ব! বাস্তবতার কঠিন আঘাতে রঙিন স্বপ্নগুলো ধূসর হতে শুরু করে। প্রচলিত আছে, ‘লক্ষ্যহীন জীবন হালবিহীন তরণির ন্যায়’। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে মনে, যেখানে জীবনের লক্ষ্যপূরণের পথটি হাজারো পূর্বশর্তের চক্রে আবদ্ধ, সেখানে সুনির্দিষ্ট লক্ষ্য থাকা জীবনের জন্য সত্যিই ইতিবাচক নাকি নেতিবাচক!
এ তো গেল লক্ষ্যপূরণের ব্যর্থতা থেকে সৃষ্ট হতাশার কথা। এ ছাড়া আজ বাংলাদেশের তরুণসমাজ আরও অনেক বিষয় নিয়ে উদ্বিগ্ন ও বিষাদগ্রস্ত। ৫৬ শতাংশ তরুণ উদ্বিগ্ন তাদের নিজেদের নিরাপত্তা নিয়ে। দেশের রাজনীতি নিয়ে অধিকাংশ তরুণের নেই কোনো আগ্রহ। সামনে নেই কোনো রোল মডেল। যেখানে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বিশ্বের অনেক দেশের তুলনায় ঈর্ষণীয় এবং শিক্ষায়, তথ্যপ্রযুক্তিতে বাংলাদেশ এখন অনেক দূর এগিয়েছে ঠিক, তখনই তরুণসমাজের এই রকম হতাশার চিত্র ভাবিয়ে তোলে আমাদের। তাহলে কি আমরা আমাদের তরুণসমাজকে সঠিক পথে পরিচালিত করতে পারিনি, নাকি তারা বাংলাদেশের জটিল আর্থসামাজিক অবস্থার শিকার! কারণ যা-ই হোক না কেন ব্যক্তি, পরিবার, সমাজ কিংবা রাষ্ট্র—কেউই এর দায়ভার অস্বীকার করতে পারে না।
অন্যদিকে সেন্টার ফর ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যামপ্লয়মেন্ট রিসার্চ (সিডার) ‘কর্মসংস্থান ও শ্রমবাজার পর্যালোচনা ২০১৭’ শিরোনামে যে সমীক্ষা প্রতিবেদন প্রকাশ করে, তাতে বেরিয়ে আসে, যার শিক্ষাগত যোগ্যতা যত বেশি, তার চাকরি পাওয়ার সম্ভাবনা তত কম। এই প্রতিবেদন যারা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চায়, তাদের জন্য এক হতাশাজনক ভবিষ্যতের ইঙ্গিত দেয়। বিশ্বের অনেক উন্নত দেশেই প্রাথমিক কিংবা মাধ্যমিক স্তরের শিক্ষালাভের পরপরই তরুণদের যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের সুযোগ আছে। সবাই উচ্চশিক্ষায় শিক্ষিত হবে এমন মানসিকতাও সবাই লালন করে না। কিন্তু আমাদের দেশে সিংহভাগ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি লাভের স্বপ্ন দেখে, স্বপ্ন দেখে ছিমছাম সাজানো পরিবেশে ভালো একটি চাকরির। এর ব্যতিক্রম হলেই বাড়তে থাকে হতাশা।
এ অবস্থার উত্তরণে রাষ্ট্রকে শিক্ষার বিভিন্ন স্তর সমাপ্তকারী শিক্ষার্থীদের কথা মাথায় রেখে বিভিন্ন ধরনের কাজের ক্ষেত্র রচনা করতে হবে। দক্ষ জনশক্তি তৈরির চাহিদা মাথায় রেখে জীবন-দক্ষতামূলক শিক্ষার ওপর গুরুত্ব আরোপ করতে হবে। জাতীয় শিক্ষানীতি বিভিন্ন নীতিমালা ও কর্মপরিকল্পনার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচিত হচ্ছে এবং সরকার এ ক্ষেত্রে নানা ধরনের উদ্যোগও গ্রহণ করছে। তবে প্রয়োজন বিষয়টিকে আরও গতিশীল করা এবং এ ক্ষেত্রে সমন্বয়হীনতা দূর করা। শিক্ষা মানেই কিন্তু বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি অর্জন করা নয়, বরং শিক্ষা মানে মনোজগতের ইতিবাচক পরিবর্তন, মূল্যবোধসম্পন্ন কর্মক্ষম মানুষ হিসেবে গড়ে ওঠা। বাংলাদেশের এই প্রজন্মের তরুণেরা যুগসন্ধিক্ষণের প্রতিনিধি। তাই তাদের পথ হয়তো আশা-নিরাশার গোলকধাঁধায় কিছুটা ধোঁয়াশা ও বিভ্রান্তিময়। তবে এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, তরুণদের দোষারোপ করেও কোনো লাভ নেই। বরং প্রয়োজন সঠিক দিকনির্দেশনা ও শ্রমের মর্যাদা প্রতিষ্ঠা করা।
প্রথম আলোর উদ্যোগে ওআরজি-কোয়েস্টের জরিপে আরও বেরিয়ে এসেছে যে বাংলাদেশের প্রায় ৭৩ শতাংশ তরুণ পরিবার থেকে তাদের নিজেদের বিচ্ছিন্ন মনে করছে। এই যে বিচ্ছিন্নতা ও পারিবারিক বন্ধনের দৈন্য, এর দায়ভার কিন্তু তরুণদের একার নয়। মা-বাবাসহ পরিবারের বড়রা কোনোভাবেই এর দায়ভার এড়াতে পারেন না। তাই পারিবারিক পর্যায়ে প্রচুর সময় দিতে হবে সন্তানদের। পরিবারের চিন্তাভাবনা, যত্ন ও মনোযোগের বাহ্যিক প্রকাশও জরুরি। জীবনে সুনির্দিষ্ট লক্ষ্য থাকা ভালো, তবে বিকল্প কিছু পথও ভেবে রাখতে হবে। বর্তমান তরুণ প্রজন্ম তথ্যপ্রযুক্তিনির্ভর। সামাজিক নানা যোগাযোগমাধ্যমে দৃপ্ত তাদের পদচারণ। তাই অতিরিক্ত প্রযুক্তিনির্ভরতা এবং সামাজিক যোগাযোগমাধ্যমের প্রতি আসক্তির নেতিবাচক কয়েকটি দিক নিয়ন্ত্রণ করা গেলে এই তরুণেরাই হয়ে উঠবে দেশের উন্নয়নের পরশপাথর। তাই সময় হয়েছে দেশের ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে নতুনভাবে ভাবার।
ব্যক্তি, পারিবারিক ও সামাজিক পর্যায়ে তো বটেই, রাষ্ট্রকেও অভিনব ও সময়োপযোগী সিদ্ধান্ত নিতে হবে। কীভাবে তাদের সৃজনশীল কাজে এবং স্বেচ্ছাসেবার মতো উদ্যোগগুলোতে সম্পৃক্ত করা যেতে পারে, তা নিয়ে ভাবতে হবে। তথ্যপ্রযুক্তিনির্ভর বিনোদনের সঙ্গে আবহমানকাল ধরে চলে আসা বিনোদনের সুন্দর মেলবন্ধন ঘটাতে হবে, তাদের উৎসাহিত করতে হবে খেলাধুলা, বইপড়া ও সাংস্কৃতিক চর্চার প্রতি। নতুবা জঙ্গিবাদ, সাইবার ক্রাইম, মূল্যবোধের অবক্ষয়সহ নানা ধরনের অপরাধের সঙ্গে তরুণ প্রজন্মের সম্পৃক্ত হওয়ার আশঙ্কা প্রকট হয়ে উঠতে পারে। অতিরিক্ত প্রত্যাশার ভারে সন্তানের জীবন যেন দুর্বিষহ না হয়ে ওঠে, সে ব্যাপারে পরিবারকে যত্নশীল হতে হবে। উদ্বিগ্নতা যেমন একনিমেষে কেড়ে নিতে পারে মানুষের জীবনীশক্তি, অনুরূপভাবে উদ্বিগ্ন ও হতাশাগ্রস্ত তরুণসমাজ ধ্বংস করে দিতে পারে একটি দেশের উন্নয়নের সোপান। আমরা চাই প্রাণচঞ্চল, উদ্দীপনায় পরিপূর্ণ তাজা তরুণ প্রাণ। একমাত্র তারাই পারে তিমির রাতের অবসান ঘটিয়ে রাঙা প্রভাতের সূচনা করতে।
নিশাত সুলতানা: শিক্ষা গবেষক, একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার কর্মসূচি সমন্বয়কারী।