চারটি দেশ নিয়ে গঠিত যুক্তরাজ্য এর আগে কখনো এতটা ঝুঁকির মুখে পড়েনি। ইংল্যান্ডের রাজনৈতিক ও গণমাধ্যমের মানুষ এটা বুঝতে পারেননি যে, স্কটল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ড যদি যুক্তরাজ্য ছেড়ে বেরিয়ে যায়, তাহলে কী হবে। স্কটল্যান্ড তো অনেকাংশে নিশ্চিত, তবে উত্তর আয়ারল্যান্ডের ব্যাপারে অতটা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
সে ক্ষেত্রে যুক্তরাজ্যের প্রভাবশালী শক্তি ইংল্যান্ডেরঅবসান ঘটবে। তখন সত্যিকার অর্থেই ‘লিটল ইংল্যান্ড’ স্বাধীন হয়ে যাবে। প্রায় আড়াই বছর আগে স্কটিশ ভোটাররা যুক্তরাজ্য ছেড়ে যাওয়ার বিপক্ষে ভোট দেন। ইউনিয়নবাদী প্রচারকেরা তখন স্কটিশ ভোটারদের বলেছিলেন, তাঁরা যদি ব্রিটেন ছেড়ে যান, তাহলে ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ হারাতে হবে।
সম্ভবত ওই সময় এটা সঠিকই ছিল। স্কটল্যান্ডকে তখন ইউরোপীয় ইউনিয়নে ঢুকতে দিলে ইউরোপীয় সিদ্ধান্তপ্রণেতাদের লাভ হতো না। সুনির্দিষ্টভাবে এ কারণে নয় যে এতে স্পেনের কাতালানিয়ার স্বাধীনতার আন্দোলন জোরদার হবে। ফলে স্পেন তো বটেই, তার সঙ্গে বেলজিয়ামও স্কটল্যান্ডের ইইউ সদস্যপদ প্রাপ্তিতে ভেটো দিত। পরিস্থিতি বদলে গেছে। ব্রিটেন ব্রেক্সিটের পক্ষে ভোট দিয়েছে, কিন্তু স্কটল্যান্ড দেয়নি। ব্রেক্সিট গণভোটে ব্রিটেনের মাত্র ৩৮ শতাংশ মানুষ ইউনিয়ন ত্যাগের পক্ষে ভোট দিয়েছে। এর বিপরীতে ইংল্যান্ডের ৫৩ শতাংশ মানুষ ইউনিয়ন ত্যাগের পক্ষে ভোট দিয়েছে।
এদিকে ব্রাসেলস এখন ব্রেক্সিটের ফলাফলের হিসাব-নিকাশ করছে, ফলে ইউরোপীয় প্রকল্প আগের যেকোনো সময়ের চেয়ে বেশি নড়বড়ে মনে হচ্ছে। এখন ইউরোপীয় নেতারা ভাবমূর্তি উজ্জ্বলতর করার জন্য এ কথা বলতে পারেন: ‘ভালো কথা, ইংল্যান্ড, আপনারা ইউনিয়ন ছেড়ে যেতে চেয়েছিলেন, শুভকামনা। স্কটল্যান্ড, আপনাকে আমাদের দলে স্বাগত।’
সর্বত্রই এখন স্কটিশ স্বাধীনতা নিয়ে দ্বিতীয় দফা গণভোটের কথা আলোচিত হচ্ছে। ইংরেজ মন্ত্রী ও কর্মকর্তারা এখন নীরবে গণমাধ্যমকে বলছেন, স্কটিশ স্বাধীনতার ওপর গণভোট ‘অনিবার্য’ হয়ে উঠেছে। লেবার পার্টির নেতা জেরেমি করবিন বলেছেন, যদি সে রকম কিছু একটা হয়, তাহলে ব্যাপারটা ‘খুবই ঠিক’ হবে।
অন্যদিকে স্কটিশ ন্যাশনালিস্ট পার্টির নেতা ও ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারজেন ইতিমধ্যে বলেছেন, গণভোট হওয়ার ‘সম্ভাবনা খুবই প্রবল’। তারপরও কি স্বাধীনতা আন্দোলন জয়ী হবে? ইংল্যান্ডের সচেতন মহলের উত্তর হচ্ছে, না। কিন্তু তারা ভুল করছে। এই সচেতন মহল মূলত তেলের দাম পড়ে যাওয়ার যুক্তিতে এ কথা বলে থাকে। কারণ, এই শিল্পের ওপরই স্কটিশদের স্বাধীনতা নির্ভর করছিল। স্কটদের মধ্যকার ব্রেক্সিটপন্থীরা মূলত ভেবেছিলেন, দ্বিতীয়বার গণভোটের সময় তাঁরা ইউনিয়নের পক্ষে ভোট দেবেন। কিন্তু আলোচনা যতই শেষের দিকে যাচ্ছে, ততই স্বাধীনতার প্রতি সমর্থন বাড়তে শুরু করেছে।
হ্যাঁ, তেলের দাম তো কমেছেই। এর মানে হলো, স্বাধীন স্কটল্যান্ডের জন্য যে পরিকল্পনা দেওয়া হয়েছিল, তা অবশ্যই তেলের পড়তি দামের পৃথিবীতে অতটা যুক্তিগ্রাহ্য নয়। কিন্তু স্বাধীন স্কটল্যান্ডের সঙ্গে যদি কাস্টমস ইউনিয়নের যোগাযোগ থাকে, তাহলে এই যুক্তি সহজেই বাতিল হয়ে যায়। ইংল্যান্ডের সঙ্গে কাস্টমস ইউনিয়নের যোগাযোগ নেই। ইংরেজ উৎপাদনকারীদের পাউন্ডের পড়তি দামের জন্য যতটা লাভবান হওয়ার কথা ছিল, তাঁরা ঠিক ততটা লাভবান হননি। ইউরোপের একক বাজারে ঢোকার প্রয়োজনীয়তা তাঁদের আছে। সে ক্ষেত্রে স্বাধীন স্কটল্যান্ড তাঁদের জন্য সহজ পছন্দ হতে পারে।
আর উত্তর আয়ারল্যান্ডের অবস্থাটা কী? তাদের স্বাধীনতা বা আয়ারল্যান্ডে যোগ দেওয়ার (রিপাবলিকানিজম) ব্যাপারটা মানুষ এখন পরিষ্কারভাবেই অনুভব করছে। সেখানে হঠাৎ করেই যে সিন ফেনের দৃষ্টিগ্রাহ্য উত্থান ঘটল, সেটা তারই সাক্ষ্য দেয়। এই প্রথমবারের মতো উত্তর আয়ারল্যান্ডে এমন হলো যে সেখানকার যাঁরা যুক্তরাজ্যের সঙ্গে থাকতে চান, তাঁরা সংসদে সংখ্যাগরিষ্ঠ নন। কিন্তু ঐতিহাসিক উত্তেজনার কারণে যদি উত্তর আয়ারল্যান্ড পূর্ণাঙ্গ স্বাধীনতা না পায়, তাহলে সেই একই কারণে উত্তর আয়ারল্যান্ড ইউনিয়নের মধ্যে বড় দান মেরে দিতে পারে। এটা কাস্টম স্পট চেকের মতো হতে পারে, যার সঙ্গে নরওয়ে ও সুইডেনের মধ্যকার বন্দোবস্তের মিল আছে। অথবা এমনও হতে পারে যে উত্তর আয়ারল্যান্ডকে কাস্টমস ইউনিয়নে বিশেষ প্রবেশাধিকার দেওয়া হবে, যেটা ইংল্যান্ড উপভোগ করে না।
আরেকটি ব্যাপার ঘটতে পারে, এটার সম্ভাবনা খুব একটা না থাকলেও তা অসম্ভব নয়। ব্যাপারটা হলো, ব্রেক্সিটের কারণে উত্তর আয়ারল্যান্ড যুক্তরাজ্য থেকে পুরোপুরি বেরিয়ে যেতে পারে। যদি তা–ই হয়, এতে কোনো সন্দেহই নেই যে, সেই একই উৎপাদকেরা স্কটল্যান্ডে চলে যাওয়ার চিন্তা করবেন। আর্থিক ফার্মগুলোর কথা আর না-ই বললাম। এরা আইরিশ সাগর পাড়ি দেওয়ার কথা ভাবতে পারে। ইতিমধ্যে বলা হচ্ছে, ১০০-র বেশি আর্থিক ফার্ম আইরিশ নিয়ন্ত্রকদের দ্বারস্থ হয়েছে। তারা জানতে চাচ্ছে, কীভাবে এটা করা যায়। যেভাবেই হোক, যুক্তরাজ্যের সর্বত্রই আলোচনা হচ্ছে, উত্তর আয়ারল্যান্ড বিশ্বের সর্ববৃহৎ মুক্তবাণিজ্য ব্লকের সঙ্গে যুক্ত হবে।
এই সবকিছুর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, লন্ডনভিত্তিক গণমাধ্যমগুলো যুক্তরাজ্যের আসন্ন ভাঙনের ব্যাপারে কতটা কম গুরুত্ব দিচ্ছে। অন্যদিকে ইংল্যান্ড যে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়েছে, সে কথা আর না-ই বললাম। ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মেও ক্রমেই কর্তৃত্বপরায়ণ হয়ে উঠছেন। মনে হচ্ছে, তিনি এ ব্যাপারে অচেতন। মার্চের শুরুর দিকে নিজ দলের সম্মেলনের জন্য স্কটল্যান্ড সফরে গিয়ে তিনি বিদ্রূপ করেছিলেন, ‘রাজনীতি খেলা নয়।’ ব্যাপারটা যেন এমন, যে দেশের মানুষ ব্রিটেনে সর্বজনীন ভোটাধিকার প্রতিষ্ঠিত হওয়ার পর সবচেয়ে বেশি সংখ্যায় ভোট দিয়েছে, তাদের এটা মনে করিয়ে দিতে হবে।
ওদিকে লেবার পার্টিও লন্ডনের মেয়রকে উত্তর পাঠিয়ে স্কটদের স্বাধীনতা আন্দোলনকে দুষেছে, এরা ডোনাল্ড ট্রাম্পের মতো বিভাজনের রাজনীতি করছে। ফলে তারাও বিপাকে পড়েছে। কারণ, স্কটিশদের স্বাধীনতা আন্দোলন অভিবাসনপন্থী। এই বিচ্ছিন্নতা মারাত্মক, কিন্তু লিটল ইংল্যান্ড যেভাবে ক্রমেই নিজের মধ্যে গুটিয়ে যাচ্ছে, তাতে ব্যাপারটা বোধগম্য; এমনকি এতে যুক্তরাজ্যের অন্যান্য রাজনৈতিক দল ক্ষতিগ্রস্ত হলেও। এই অভব্যতার পরিণাম ভালো হবে না। ফলে লিটল ইংল্যান্ড ব্রেক্সিটের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে।
অনুবাদ: প্রতীক বর্ধন, আল-জাজিরা থেকে নেওয়া।
অ্যালিস্টার স্লোন: ব্রিটিশ সাংবাদিক।